× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের সামনেই চলে মাদক সেবন

সৌর‌ভ হোসেন

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ০৯:০২ এএম

আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই প্রকাশ্যে মাদক সেবন। ছবি: এআই দিয়ে তৈরি

আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই প্রকাশ্যে মাদক সেবন। ছবি: এআই দিয়ে তৈরি

রাজধানীর ফুটপাত, রেলস্টেশন, বাস টার্মিনাল, বস্তি, ফ্লাইওভারের নিচ থেকে শুরু করে জনবহুল এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের দৃশ্য ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। এসব ভাসমান মাদকসেবীর বড় অংশই ছিন্নমূল ও পরিবারবিচ্ছিন্ন শিশু-কিশোর। দিনের বেলা এরা ভাঙারি কুড়ানো, ভিক্ষা বা ছোটখাটো কাজ করলেও রাত নামলেই জড়িয়ে পড়ছে মাদক সেবন, বহন ও বিক্রিতে। সহজলভ্য হওয়ায় ‘ড্যান্ডি’ (আঠাজাতীয় পদার্থ), গাঁজা, ইনজেকশন ও ইয়াবায় বেশি আসক্ত তারা। আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই তারা প্রকাশ্যে মাদক সেবন করছে। নেশার টাকা জোগাড় করতে তারা চুরি-ছিনতাইয়ের মতো অপরাধেও জড়াচ্ছে।

সম্প্রতি বিজয়নগর মোড়ে বাসের জন্য অপেক্ষমাণ জালালের কাছে এক কিশোর ভিক্ষা চেয়ে ১০ টাকা নেয়। এরপর সুযোগ বুঝে তার পকেট থেকে ছোঁ মেরে মোবাইল ফোন নিয়ে যায় সে। প্রতিদিনের বাংলাদেশ-এর কাছে এমন অভিজ্ঞতার কথা জানান জালাল। ঢাকার বাইরে থেকে আসা লোকজন এসব চোর ও ছিনতাইকারীর প্রধান লক্ষ্যবস্তু। 

ডিএমপির উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘রাস্তাঘাট, ফুটপাত কিংবা স্কুল-কলেজের সামনে জনসমক্ষে মাদক সেবনরত অবস্থায় কাউকে পাওয়া গেলে তার বয়স যা-ই হোক না কেন, তাকে আটক করে নিয়ে আসা হয়। পরে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।’ তিনি আরও বলেন, ‘বিশেষ করে কিশোরদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে আইন প্রয়োগের পাশাপাশি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

পল্টন, শান্তিনগর, গুলিস্তান, কারওয়ান বাজার, মগবাজার, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, বসিলা, নতুনবাজার-বাড্ডা, রাজারবাগ, ফার্মগেট, শাহবাগ, চানখাঁরপুলসহ বিভিন্ন এলাকা এখন ভাসমান অপরাধীদের আখড়ায় পরিণত হয়েছে। গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের কাছেই প্রকাশ্যে মাদক সেবন চললেও পুলিশকে বাধা দিতে দেখা যায় না। শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও এই উৎপাত রয়েছে। মঙ্গলবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে প্রকাশ্যে মাদক সেবনের সময় অভিভাবকদের ধমকের তোপে তারা পালিয়ে যায়।

শ্যামলীর খিলজী রোডের শ্যামলী পার্কেও একই চিত্র। একপাশে শিশুরা খেললেও অন্যপাশে প্রকাশ্যে মাদক সেবন করে কিছু কিশোর-তরুণ। পার্কের পাশের এক চা- দোকানি নাম প্রকাশ না করার শর্তে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কিছু ছেলে সব সময় আশপাশের এলাকায় ঘোরাফেরা ও পার্কের ভেতরে গাঁজা সেবন করে। এদের দেখলে একটা আতঙ্কও কাজ করে, যদি চাকু ঠেকিয়ে বলে যা আছে দে, তাহলে সব দিয়ে আসতে হবে।’ প্রতিবাদ করলে জীবনের হুমকি থাকায় সাধারণ মানুষও নীরব।

মাদক কারবারিরা দারিদ্র্যের সুযোগ নিয়ে শিশুদের শুধু মাদকসেবী নয়, বাহক ও বিক্রেতা হিসেবেও ব্যবহার করছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে, দেশে মাদক পাচার, পরিবহন ও বিক্রির সঙ্গে প্রায় ২৫ শতাংশ শিশু জড়িত, যাদের অধিকাংশের বয়স ১৬ বছরের নিচে। গত ৪ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও বিআরটিএ এলাকায় অভিযান চালিয়ে ৮২ জনকে আটক করে পুলিশ। এর মধ্যে ৫৮ জনই ছিল মাদকাসক্ত পথশিশু ও বাকি ২৪ জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ ছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা