ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
“সুপেয় পানির ব্যবস্থা নেই, বর্জ্য ও পয়নিস্কাশন ব্যবস্থা নেই বললেই চলে। ড্রেনেজ ব্যবস্থাপনাও অপর্যাপ্ত। সড়কগুলোর অবস্থাও বেহাল। তবুও বছর ঘুরলেই কর বাড়ে তিন থেকে চারগুণ। এ যেন ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’।”- ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভার নাগরিকসেবা নিয়ে এমন মন্তব্য করেন ব্যবসায়ী আমির হোসেন।
আর ইজিবাইক চালক মতিয়ার রহমানের ভাষ্য, “পৌর এলাকার অধিকাংশ সড়ক বেহাল। চলাচলে দুর্ভোগের শেষ নেই। সন্ধ্যার পর বাইরে বের হওয়া দায়। নেই সড়কবাতির ব্যবস্থা। সন্ধ্যা নামলেই চারিদিকে বিদঘুটে অন্ধকার। রয়েছে চোরের উৎপাতও।”
নাগরিকদের অভিযোগ, সুবিধা না থাকলেও নানা অজুহাতে বাড়ছে করের বোঝা। বাড়িঘর নির্মাণ কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতে সময়ে সময়ে দিতে হচ্ছে অতিরিক্ত অর্থ।
২০০২ সালের ২৫ অক্টোবর ‘গ’ শ্রেণির পৌরসভা হিসেবে হরিণাকুণ্ডু পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ২০২২ সালের ডিসেম্বর মাসে এটি ‘খ’ শ্রেণিতে উন্নীত হয়। বর্তমানে এর আয়তন ১২ দশমিক ৫০ বর্গকিলোমিটার। ৩০ হাজার ৩৭৬ জনসংখ্যার এই পৌরসভায় ১৫ হাজার ১৬০ জন পুরুষ ও ১৫ হাজার ২১৬ জন নারী বসবাস করেন। সবশেষ নির্বাচনের তথ্য অনুযায়ী ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভার বর্তমান ভোটার ২৭ হাজার ৪৯৩ জন।
পৌর কর্তৃপক্ষের তথ্যমতে, হরিনাকুণ্ডু পৌরসভায় ৭০ কিলোমিটার রাস্তা রয়েছে। এর মধ্যে পাকা ৩০ কিলোমিটার ও ৪০ কিলোমিটার কাঁচা রাস্তা। ৩ কিলোমিটার পাকা ও ১০ কিলোমিটার কাঁচা ড্রেন আছে পৌরসভাটিতে। ২০ জন কর্মকর্তা-কর্মচারী নাগরিকদের সেবা দিচ্ছেন।
৬ নম্বর ওয়ার্ডের কারিগরপাড়ার বাসিন্দা জামিরুল ইসলাম বলেন, “নামেই এটি পৌরসভা। এখানে রাস্তাঘাটের কোনও উন্নয়ন নেই। খাওয়ার পানির কোনও ব্যবস্থা আজও করা হয়নি। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষার সময় বিভিন্ন এলাকা জলাবদ্ধ থাকে। পৌরসভার অধিকাংশ নাগরিক তেমন কোনো সেবা পান না।”
তিনি দাবি করেন, শহর সংলগ্ন এই এলাকার সড়কগুলো বর্ষাকালে জলাবদ্ধ হয়ে থাকে। মানুষের ভোগান্তিও বাড়ে। পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কাজ হয়নি। এবার তারা নিজেরাই সড়ক কেটে সেখানে পাইপ বসিয়ে জমে থাকা পানি বের করার কথা ভাবছেন।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টাওয়ারপাড়া এলাকার বাসিন্দা আশিকুর রহমান বলেন, “শুরু থেকেই সুপেও পানির ব্যবস্থা নেই। সড়কবাতিও নেই। ড্রেনেজ ব্যবস্থাও ভালো না। সামান্য বৃষ্টিতেই অনেক এলাকা তলিয়ে যায়। বাসাবাড়ি ও রাস্তাঘাট পানিতে জলাবদ্ধ হয়ে পড়ে। তবুও বছর ঘুরলেই কর বাড়ছে কয়েকগুণ। গতবছর তার হোল্ডিং ট্যাক্স ছিল ২৫০ টাকা। এ বছর করা হয়েছে ৯০০ টাকা।”
৪ নম্বর ওয়ার্ডের চিথলিয়াপাড়া এলাকার বাসিন্দা বেলিনা খাতুন জানান, গত বছর তার বাড়ির হোল্ডিং ট্যাক্স ছিল ৩৬০ টাকা। এ বছর সেটি বাড়িয়ে ৩৮৫০ টাকা করা হয়। পরে সেটি পুনঃনির্ধারণের জন্য আবেদন করলে শুনানির পর ৭৬০ টাকা করা হয়েছে।
এই নারীর মতো অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স নির্ধারণের অভিযোগ অনেকের।
হরিণাকুণ্ডু পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব আক্তারুজ্জামান বলেন, “প্রতিবছর চার কিস্তিতে এডিবি থেকে ৬০ থেকে ৬৫ লাখ টাকা বরাদ্দ আসে। সেটি দিয়ে কিছু রাস্তাঘাট সংস্কার করা হয়। এছাড়া নতুন আরও দুটো প্রকল্প এসেছে। সেসব প্রকল্পের মাধ্যমে নতুন রাস্তাসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ করছি। পৌরবাসী আগের চেয়ে ভালো সেবা পাচ্ছে।”
পৌর কর্তৃপক্ষের তথ্যমতে, চলতি বছর ২৬ লাখ টাকা বেসরকারি কর ধার্য্য করা হয়। আর সরকারি কর ধার্য্য ছিল ৩৬ লাখ টাকা। বেসরকারি কর আদায়ে কিছুটা সমস্যা হলেও সরকারি কর পুরোপুরি আদায় হয়।
করের এসব অর্থ এবং হাটবাজার ইজারাসহ পৌরসভার নিজস্ব তহবিল থেকে প্রতিবছরে প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হয় বলে জানান ভারপ্রাপ্ত সচিব কামরুজ্জামান।
পৌরসভার কর বিভাগের তথ্য অনুযায়ী, হরিণাকুণ্ডু পৌরসভায় হোল্ডিং করের আওতায় রয়েছে ৫৪৮৫টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান। চলতি বছর কর নির্ধারণের পর অন্তত ২ হাজার নাগরিক অতিরিক্ত করের অভিযোগ তুলে সেটি পুনঃনির্ধারণের দাবিতে আবেদন করেন। পরে শুনানি শেষে ওইসব নাগরিকদের কর পুনঃনির্ধারণ করা হয়।
জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি ড. আনোয়ারুজ্জামান আজাদ বলেন, উন্নয়নের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কোথায় কোন প্রকল্পে যুক্ত হতে পারলে কোন সেবা খাতে বরাদ্দ পাওয়া যাবে সেটি আগে জানা দরকার। আর মানুষ বছরের পর বছর ট্যাক্স দিবে অথচ সেবা পাবেনা এটি হতে পারেনা। সেবা পাওয়া মানুষের অধিকার। তবে নির্বাচিত পরিষদের ওপরই নাগরিকসেবা নিশ্চিতের দায় বর্তায়।
এ ব্যাপারে হরিণাকুণ্ডু পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দিপন বলেন, “এর জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। আমি একটি সভায় সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়কে জানিয়েছি। এছাড়া রাস্তা, সড়কবাতি, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য পরিকল্পনাও রয়েছে। আজকালের মধ্যে অপরাধ নিয়ন্ত্রণে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে কয়েকটি এলাকার রাস্তার উন্নয়নের কাজ চলছে।”