মো. সাইদুজ্জামান সাঈদ, রামু (কক্সবাজার)
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১০:১৫ এএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৬ ২১:৪৭ পিএম
রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি গ্রামের শতবর্ষী কাঠের বাড়ি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাড়ি নয়, যেন জীবন্ত ইতিহাস। সকালের কোমল আলো পড়তেই বার্মাটিক কাঠের খোদাই করা বারান্দাজুড়ে ছড়িয়ে পড়ে এক অন্যরকম আবহ। বার্মাটিক কাঠের প্রতিটি খোদাই, স্তম্ভ আর দরজার কারুকাজে লুকিয়ে আছে রামুর রাখাইন সম্প্রদায়ের শত বছরের জীবন, সংস্কৃতি ও ঐতিহ্যের গল্প। সময় যেন থমকে দাঁড়িয়েছে শতবর্ষী সেই কাঠের বাড়ির সামনে।
নকশা, নান্দনিক নির্মাণশৈলী আর পূর্বপুরুষদের স্মৃতি ধারণ করে টিকে থাকা এসব ঘর এখন ইতিহাস ও ঐতিহ্যের নীরব সাক্ষী। আধুনিক পাকা ভবনের ভিড়ে সময়ের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে থাকা এসব কাঠের বাড়ি কেবল বসবাসের স্থান নয়, একটি জাতিগোষ্ঠীর শেকড় ও পরিচয়ের স্মারক। তবে সংরক্ষণের উদ্যোগের অভাবে হারিয়ে যেতে বসেছে এই অনন্য স্থাপত্য ঐতিহ্য।
সাগর, সবুজ পাহাড় আর প্রাচীন বৌদ্ধবিহারের জন্য পরিচিত কক্সবাজারের পার্শ্ববর্তী উপজেলা রামু। উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি গ্রামের শতবর্ষী একটি কাঠের বাড়ি স্থানীয়দের কাছে পরিচিত ‘দারোগাবাড়ি’ নামে। পুরনো এই বাড়িটিতে এখনও এক বৃদ্ধা বসবাস করছেন। ছেলে-মেয়েরা দেশের বাইরে থাকলেও তিনি ছাড়তে পারেননি পূর্বপুরুষদের স্মৃতি জড়িয়ে থাকা এই বাড়ি।
স্থানীয়দের মতে, একসময় রামুর বিভিন্ন এলাকায় অসংখ্য রাখাইন কাঠের বাড়ি ছিল। কিন্তু সময়ের পরিবর্তন, আধুনিক নির্মাণশৈলী এবং কাঠের সংকটের কারণে একের পর এক হারিয়ে গেছে এসব স্থাপনা। বর্তমানে টিকে আছে হাতে গোনা কয়েকটি। এসব ঘর শুধু বসবাসের স্থান নয়; এগুলো একটি জাতিগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তাই এগুলো সংরক্ষণ করা মানে একটি ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখা।
স্থানীয় জনপ্রতিনিধি থেকে ইতিহাসবিদÑ সবারই ভাষ্য, ইতিহাসের স্মারক, নান্দনিক কারুকাজ আর শত বছরের ঐতিহ্যের ধারক এই বার্মাটিক কাঠের বাড়িগুলো দ্রুত সংরক্ষণের উদ্যোগ না নিলে অচিরেই হারিয়ে যাবে রাখাইন সম্প্রদায়ের অনন্য স্থাপত্য ঐতিহ্য। তখন হয়তো ইতিহাসের পাতায় শুধু নামটুকুই থাকবে, কিন্তু থাকবে না সেই কাঠের দেয়ালে খোদাই করা শত বছরের গল্প।
স্থানীয় ইতিহাসবিদ অ্যাডভোকেট শিরুপন বড়ুয়া বলেন, এগুলো কেবল বাড়ি নয়, ইতিহাসের জীবন্ত দলিল। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, রাখাইনরা কক্সবাজারের আদি অধিবাসী। তাদের ঐতিহ্যবাহী কাঠের ঘরগুলো পর্যটকদের জন্যও অন্যতম আকর্ষণ। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরতে প্রশাসনের পক্ষ থেকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।