× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমারে পাচারের সারে তৈরি হচ্ছে যুদ্ধের বোমা

তোফাজ্জল হোসেন কামাল, ঢাকা ও তাহজীবুল আনাম, কক্সবাজার

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ০৯:৪৯ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার আঞ্জুমানপাড়া ফাসিয়াখালী এলাকা সংলগ্ন সাম্পানঘাটা চৌধুরীইজ্যা বাড়ির কাছের ছড়া দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে সার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের উখিয়া উপজেলার আঞ্জুমানপাড়া ফাসিয়াখালী এলাকা সংলগ্ন সাম্পানঘাটা চৌধুরীইজ্যা বাড়ির কাছের ছড়া দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে সার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সারের জন্য ডিলারের কাছে বারবার ধরনা দিয়েও ব্যর্থ হয়ে ফিরে আসতে হচ্ছে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যাং ইউনিয়নের কৃষক কাজল উদ্দিনকে। ফিরে আসছেন টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার কৃষক রমিজ উদ্দিন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও আমন ধানের ক্ষেতে দেওয়ার জন্য সার পাচ্ছেন না উখিয়ার পালংখালীর কৃষক মো. সেলিম। ভর্তুকি দিয়ে বরাদ্দ করা সার কোনওখানে পাচ্ছেন না তারা। অথচ প্রতিদিনই এলাকা দিয়ে তা পাচার হচ্ছে মিয়ানমারে। মিয়ানমারে রাখাইনসহ বিভিন্ন জনপদ তো জনশূন্য। চাষাবাদও বন্ধ প্রায়। তাহলে সার কেন যাচ্ছে সেখানে? প্রতিদিনের বাংলাদেশ অনুসন্ধান চালিয়ে জানতে পেরেছে, কৃষকদের জন্য ভর্তুকিতে দেওয়া এসব সার সেখানে যাচ্ছে যুদ্ধক্ষেত্রের বোমা তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হতে!

সার যাচ্ছে সশস্ত্র গোষ্ঠীর হাতে

পাচার হয়ে যাওয়া ইউরিয়া সার, ব্যাটারির অ্যাসিড, খাদ্যপণ্য ও বিভিন্ন নির্মাণসামগ্রী যাচ্ছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর হাতে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও রোহিঙ্গা ক্যাম্প-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিয়ানমারের কয়েকটি সশস্ত্র গোষ্ঠী উচ্চমূল্যে ইউরিয়া সার, রড, সিমেন্ট ও অ্যাসিড কিনে নিচ্ছে। এসব পণ্য সীমান্তপথে পাচারে উখিয়া-টেকনাফ, কক্সবাজার ও চট্টগ্রামকেন্দ্রিক অন্তত ১৫ থেকে ২০টি চক্র জড়িত। এসব চক্রের সদস্য মূলত রোহিঙ্গারা। ক্যাম্পের অসমর্থিত সূত্রগুলোর দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ), মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ), কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) এবং আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)সহ মিয়ানমারের কয়েকটি সশস্ত্র গোষ্ঠী বাংলাদেশ থেকে পাচার হওয়া এসব পণ্য সরাসরি পাচারকারী চক্রের কাছ থেকে কিনে থাকে। এসব পণ্য পাচার এবং ক্রয়-বিক্রয়ের পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে রোহিঙ্গাদের একটি অংশ কাজ করছে।

ইউরিয়ায় বোমা তৈরির উপাদান

সার পাচারের সঙ্গে বোমা তৈরির সম্পর্কের ব্যাপারে উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ থেকে মিয়ানমারে যাওয়া ইউরিয়া সারের উপাদান দিয়ে বোমা বানানো হয়। ইউরিয়াভিত্তিক কিছু উপাদান বিস্ফোরক তৈরির কাজে ব্যবহার করা সম্ভব।’

কক্সবাজার সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক সহকারী রসায়নবিদ মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ‘ইউরিয়া সারে নাইট্রোজেন থাকে। নির্দিষ্ট রাসায়নিক প্রক্রিয়ায় নাইট্রোজেনযুক্ত কিছু উপাদান বিস্ফোরক তৈরির কাজে ব্যবহারের সুযোগ রয়েছে। একইভাবে কিছু অ্যাসিডও বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় বিপজ্জনক কাজে অপব্যবহার করা যেতে পারে।’

এ ব্যাপারে মিয়ানমারে বাংলাদেশের সাবেক কনস্যুলেট প্রধান অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বলেন, ‘ইউরিয়া সার থেকে বিস্ফোরক তৈরি করা সম্ভব।’ তবে বাংলাদেশ থেকে পাচার হওয়া ইউরিয়া ব্যবহার করে মিয়ানমারের কোনো সশস্ত্র গোষ্ঠী বোমা তৈরি বা ব্যবহার করছে কি না, সে ব্যাপারে তার কাছে সুনির্দিষ্ট কোনও তথ্য নেই। 

প্রসঙ্গত, কৃষিতে ব্যবহৃত ইউরিয়ায় সাধারণত প্রায় ৪৬ শতাংশ নাইট্রোজেন থাকে। সাধারণ অবস্থায় ইউরিয়া সার নিজে থেকে বিস্ফোরক নয় এবং এটি নিরাপদ। তবে নির্দিষ্ট পরিস্থিতিতে বিস্ফোরক তৈরির পূর্বধাপের উপাদান হিসেবে ব্যবহারের সুযোগ আছে। যুক্তরাষ্ট্রের সিআইএসএর কাউন্টার-আইইডি নির্দেশিকায় ইউরিয়াকে সম্ভাব্য বিস্ফোরক পূর্বধাপের রাসায়নিকের তালিকায় রাখা হয়েছে। আবার নাইট্রোজেনভিত্তিক সারের মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেট সরাসরি বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হতে পারে।

সারের বিনিময়ে আসছে মাদক ও অস্ত্র

পথে পথে নজরদারির পরও উখিয়া ও টেকনাফের বিভিন্ন পথ ধরে নাফ নদ দিয়ে সার পাচার হচ্ছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা। পাচারের কাজে অর্থের পরিবর্তে অনুসরণ করা হচ্ছে ‘পণ্য বিনিময় মডেল’। নিরাপত্তা বিশ্লেষক ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য, পাচার করা সারের ‘বিনিময় পণ্য’ হচ্ছে মাদক ও অস্ত্র। সীমান্তে ৫০০ মিটার পরপর নিরাপত্তা বাহিনীর পর্যবেক্ষণ চৌকি থাকার পরও চলছে পাচারের এ খেলা। বিজিবি-কোস্ট গার্ডও প্রচুর সার জব্দ করে থানায় মামলা দিয়ে হস্তান্তর করছে। মামলার নথি থেকে জানা গেছে, জব্দ করা সার পাচারের উদ্দেশ্যে আনা হয়। 

সীমান্তসংশ্লিষ্টদের মতে, একদিকে সার পাচারের কারণে স্থানীয় বাজারে সংকট তৈরি হচ্ছে, অন্যদিকে পাচার হওয়া এসব পণ্যের বিনিময়ে মাদক ও অস্ত্র দেশে প্রবেশের ঝুঁকি বাড়ছে। দামের বড় ব্যবধান এ পাচারকে করে তুলেছে লাভজনক। মিয়ানমারে ৫০ কেজির এক বস্তা ইউরিয়ার দাম প্রায় আড়াই লাখ কিয়াত। এক টাকা ৩২ কিয়াত হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৭ হাজার ৮১২ টাকা। বাংলাদেশে কৃষক পর্যায়ে সরকার নির্ধারিত দাম ১ হাজার ৩৫০ টাকা। অর্থাৎ পাচার করতে পারলে বস্তাপ্রতি বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় ৬ হাজার ৪৬২ টাকা।

এ প্রসঙ্গে নিরাপত্তা বিশ্লেষক এমদাদুল ইসলাম জানান, মিয়ানমারের বিভিন্ন পক্ষ বাংলাদেশি সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র বিক্রি করে। সেই অস্ত্র বিক্রির অর্থ ব্যবহার করেই বাংলাদেশ থেকে সার কেনা হচ্ছে বলে তিনি মনে করেন।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ থেকে ভর্তুকির সার মিয়ানমারে যাওয়ার বিনিময়ে ইয়াবা দেশে আসে।’ তিনি বলেন, ‘সীমান্তে সার নিয়ে যাওয়া এবং মাদক নিয়ে ফিরে আসা, দুই ধরনের অপরাধকে যদি একই নেটওয়ার্ক পরিচালনা করে, তাহলে সার পাচারের অর্থনৈতিক লাভের সঙ্গে মাদক ব্যবসার লাভও যুক্ত হয়।’

পাচার করছে কারা

টেকনাফ থানায় সার পাচারের বিভিন্ন মামলার নথিতে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দাদের নাম এসেছে। কাঁঠালতলা খাল এলাকা থেকে জব্দ করা সারের মামলায় পাঁচ আসামির মধ্যে তিনজনই রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত বাসিন্দা। মামলার অভিযোগ অনুযায়ী, স্থানীয় বাংলাদেশি পাচারকারীদের সঙ্গে রোহিঙ্গারা বাহক হিসেবে কাজ করছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষক বলছেন, এক বস্তা সার সীমান্তে পৌঁছে দেওয়ার জন্য রোহিঙ্গা শ্রমিকদের প্রায় এক হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়। আর নৌকার মাঝি এক বস্তার জন্য প্রায় ৩০০ টাকা পান।

স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে, গেল কয়েক বছরে পাচারের হার বেড়ে দ্বিগুণ হয়েছে। বিশেষ করে উখিয়া-টেকনাফ সীমান্তের অন্তত ১৫টি পয়েন্ট দিয়ে সার ও বিভিন্ন পণ্য পাচারের অভিযোগ রয়েছে। এর মধ্যে উখিয়ার পালংখালীর আনজুমানপাড়া এবং টেকনাফের উলুবনিয়া, হারাইঙ্গাঘোনা, ঝিমংখালী, কানজরপাড়া, তুলাতলি, কোনারপাড়া, আমতলী, লেদা, দমদমিয়া খাল, হ্নীলা বাজার, স্টেশন ও রঙ্গিখালী উল্লেখযোগ্য।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘অভিযানে আটক ব্যক্তিদের অধিকাংশই শ্রমিক বা বাহক। তাদের জিজ্ঞাসাবাদ করে মূল হোতাদের শনাক্তের চেষ্টা করা হয়।’

টেকনাফ ২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, ‘হাতেনাতে আটকের পাশাপাশি গোয়েন্দা তথ্য ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেও সংশ্লিষ্টদের আসামি করা হয়েছে।’

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের সীমিত জনবলের মধ্যে চেষ্টা করে যাচ্ছি। তবে আগের চেয়ে পাচার অনেক কমেছে। রাতের বেলা পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হলে পাচার শূন্যের কোটায় নামিয়ে আনার সম্ভাবনা আছে।

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাস থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে তিন মাসে সীমান্ত ও উপকূলীয় এলাকা থেকে ২ লাখ ৩৫ হাজার ৯০৮ কেজি সার জব্দ করা হয়েছে। এসব ঘটনায় আটক করা হয়েছে ১১৭ জনকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা