× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলপিজি

শুধু দাম বাড়িয়েই দায় সারছে কর্তৃপক্ষ

দীপক দেব

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ০৮:৫৪ এএম

দাম বাড়িয়েও নৈরাজ্য বন্ধ করা যাচ্ছে না তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজারের। ছবি: সংগৃহীত

দাম বাড়িয়েও নৈরাজ্য বন্ধ করা যাচ্ছে না তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজারের। ছবি: সংগৃহীত

দাম বাড়িয়েও নৈরাজ্য বন্ধ করা যাচ্ছে না তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজারের। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপিজির দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে দিলেও এই দামে মিলছে না সিলিন্ডার। এখনও ঢাকার বিভিন্ন জায়গায় ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায়। দাম বাড়ানোর পর ভোক্তা অধিকারের মাধ্যমে অভিযান চালানো হলেও তা অব্যাহত না রাখায় বাজার নিয়ন্ত্রণে আসছে না। এই অবস্থায় কঠোর পদক্ষেপের পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা।

এলপিজি খাতসংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে এলপিজির বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দাম নেওয়া শুরু হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার টন এলপিজি এসেছে। গত সেপ্টেম্বর মাসেও আমদানির পরিমাণ ছিল প্রায় ১ লাখ ৫৮ হাজার টন। আমদানি না কমলেও এলপিজির সংকট দেখা দেওয়ায় গোয়েন্দা তথ্যে পাঁচটি কোম্পানির বিরুদ্ধে সিন্ডিকেট করার অভিযোগ উঠে আসে। 

এ সময় আমদানিকারকদের সঙ্গে বৈঠকে বসলে দাম বাড়ানোর প্রস্তাব করেন তারা। তাদের দাবির মুখে গত ৪ অক্টোবর সন্ধ্যা থেকে বেসরকারি খাতের ১২ কেজি এলপিজির দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। গাড়িতে ব্যবহৃত এলপিজি বা অটোগ্যাসের দামও প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা করা হয়েছে। দাম নির্ধারণ করার পরও ঢাকার বিভিন্ন জায়গায় ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায়। 

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশে বছরে প্রায় ১৭ থেকে ১৮ লাখ টন এলপিজির চাহিদা রয়েছে। দেশের প্রায় ১ কোটি গ্রাহক এই জ্বালানির ওপর নির্ভরশীল। মোট ব্যবহারের প্রায় ৮০ শতাংশই ব্যয় হয় বাসাবাড়ির রান্নার কাজে। এ ছাড়া শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানে ১২ শতাংশ, যানবাহনে ৫ শতাংশ ও অন্যান্য খাতে ৩ শতাংশ এলপিজি লাগে। অন্যদিকে এর চাহিদার প্রায় ৯৯ শতাংশই সরবরাহ করে বেসরকারি খাত এবং সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে মাত্র ১ শতাংশ। হাতে গোনা ১০ থেকে ১২টি প্রতিষ্ঠানের হাতে এলপিজি আমদানির নিয়ন্ত্রণ থাকায় বাজারকে তারা সুবিধা অনুযায়ী নিয়ন্ত্রণ করছে।

এলপিজি সংকট দেখা দিলে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ব্যবসায়ীদের পাশাপাশি জেলা প্রশাসকদের সঙ্গেও জুম মিটিং করেছেন। কিন্তু বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া এখনও সম্ভব হয়নি। ভোক্তা অধিকারের মাধ্যমে অভিযান পরিচালনা করা হলেও সমস্যার তুলনায় তা বেশ অপ্রতুল। ফলে এলপিজি বাজারের নৈরাজ্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, কৌশলগত কারণে সরকারও চাইছে না বেশি চাপ দিতে। জ্বালানির মতো সংবেদনশীল পণ্য নিয়ে বলপ্রয়োগ করা হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে। 

এ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘পর্যাপ্ত জনবল ও নির্বাহী ক্ষমতা না থাকায় আমাদের পক্ষে সরাসরি মাঠপর্যায়ে কঠোর ব্যবস্থা নেওয়া বেশ জটিল ও সংবেদনশীল। তবে আমদানিকৃত গ্যাসের দৈনিক হিসাব সংগ্রহ এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে বাজার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। অতিরিক্ত কড়াকড়ি করলে খুচরা বিক্রেতারা দোকান বন্ধ করে দিতে পারেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।’ 

অভিযোগের তীর ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে

সূত্র জানাচ্ছে, আমদানিকৃত এলপিজি মজুদ করে তা বাজারে সরবরাহের ক্ষেত্রে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে শীর্ষস্থানীয় পাঁচ কোম্পানির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সরকারকে সতর্ক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসা এসব প্রতিষ্ঠান হলোÑ আই গ্যাস, ওমেরা, পেট্রোম্যাক্স, বিএম এনার্জি ও যমুনা। প্রতিবেদনে অভিযোগ করা হয়, ২২ সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময় থেকে প্রতিষ্ঠানগুলো আমদানি করা এলপিজির সরবরাহ আটকে রেখেছিল।

গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ

রাজধানীর বিভিন্ন এলাকাতে গ্যাস সংকটের সুযোগ নিয়ে সিলিন্ডারের অতিরিক্ত দাম নেওয়া হচ্ছেÑ এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। খিলগাঁও তিলপাপাড়ার স্কুলশিক্ষিকা শিউলী ইকবাল জানান, আগে কল দিলে সিলিন্ডার দিয়ে যেত। গত সোমবার কল দিলে জানাল সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। দামও বেশি। ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯৫০ টাকা। নিরুপায় হয়ে তাই নিতে হয়েছে। গতকাল বুধবার খিলগাঁও জোরপুকুর এলাকায় একজন খুচরা বিক্রেতার দোকানে কথা হয় এলপিজির দাম নিয়ে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘এলপিজির সরবরাহ বাড়েনি। দিনে ৪০টি সিলিন্ডার চাইলেও পাওয়া যাচ্ছে ২০টি। আগের মতোই দামও বেশি নেওয়া হচ্ছে।’ ১২ কেজির প্রতিটি সিলিন্ডার তারা বিক্রি করছেন ২ হাজার ৪০০ টাকায়।

অতিরিক্ত দাম নেওয়ার বিষয়টি অস্বীকার না করে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব (অপারেশন বিভাগ) মনির হোসেন চৌধুরী গতকাল বুধবার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘হঠাৎ করেই পরিস্থিতি ঠিক হয়ে যাবেÑ এমনটা আমরাও মনে করি না। তবে সরকারের পক্ষ থেকে নানাভাবে চেষ্টা করা হচ্ছে। জেলা প্রশাসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। বাজার মনিটরিংয়ের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।’ দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।

দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের : তদন্ত করে মজুদদারির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম। তিনি বলেন, ‘এখন তো রাতারাতি আমদানি হবে না। আগেই পর্যাপ্ত আমদানি হয়েছে। এখন সরবরাহ বেড়ে যাবে। তার মানে হলো, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দাম বাড়ানো হলো। কারা মজুদ করেছে, তা তদন্ত করে দায়ী কোম্পানির লাইসেন্স বাতিল করা উচিত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা