× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে সড়ক ও ড্রেনেজ উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প

জোসনা জামান

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১১:৪০ এএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬ ১১:৪৩ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

শিল্প এবং বাণিজ্যের অন্যতম কেন্দ্র গাজীপুরের সড়ক ও ড্রেনেজ অবকাঠামো উন্নয়নে আবারও বড় বিনিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এবার গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনের রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫৯৭ কোটি ২২ লাখ টাকা। প্রকল্পের আওতায় ১৪৯ কিলোমিটার রাস্তা, ৩৯ দশমিক ৭৫ কিলোমিটার ড্রেন ও ফুটপাত এবং ২৬টি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর সঙ্গে ৯ দশমিক ৮০ কিলোমিটার রিটেইনিং ওয়ালসহ রাস্তা ও ৮০ হাজার ৮০টি গাছ লাগানোর প্রস্তাব করা হয়েছে। 

সরকারি এডিপির তথ্য অনুযায়ী, প্রকল্পটির বাস্তবায়নকাল ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ প্রায় সাড়ে তিন বছরে গাজীপুরের আটটি জোনের নগর অবকাঠামোতে এ বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে।

শিল্পাঞ্চলের ওপর বাড়ছে অবকাঠামোর চাপ

২০১৩ সালে গঠিত গাজীপুর সিটি করপোরেশনের আয়তন ৩২৯ দশমিক ৫৩ বর্গকিলোমিটার। ঢাকার কাছাকাছি অবস্থানের কারণে গত এক দশকে এ এলাকায় তৈরি পোশাক, ওষুধ, ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য, প্লাস্টিক ও প্রসাধন শিল্পসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। শিল্প কারখানার কাঁচামাল ও পণ্য পরিবহনে প্রতিদিন বিপুলসংখ্যক ভারী যানবাহন চলাচল করে। একই সঙ্গে ঢাকা থেকে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের যোগাযোগেও গাজীপুরের সড়কের ওপর চাপ রয়েছে। প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, সিটি করপোরেশনের অনেক সড়ক আগে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে নির্মিত হয়েছিল। এসব সড়কের কিছু সরু, আঁকাবাঁকা এবং দুর্বল ভিত্তির। অনেক সড়কে পর্যাপ্ত পাশের নর্দমাও নেই। ভারী যানবাহনের চাপের কারণে এসব সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জলাবদ্ধতাও বড় সমস্যা

গাজীপুরের নগরায়ণ দ্রুত বাড়লেও পানি নিষ্কাশনের অবকাঠামো সেই গতিতে গড়ে ওঠেনি। প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, অপরিকল্পিত বাড়িঘর ও শিল্প কারখানা স্থাপনের কারণে পানি নিষ্কাশনের পথ সংকুচিত হয়েছে। ফলে ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। নতুন প্রকল্পে পরিকল্পিত ড্রেনেজ নেটওয়ার্ক তৈরির মাধ্যমে এ সমস্যা কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে। তবে প্রকল্প শেষ হলে জলাবদ্ধতা কত শতাংশ কমবে, তার কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা প্রকাশিত তথ্যে নেই।

আগেও হয়েছে হাজার কোটি টাকার প্রকল্প

নতুন প্রকল্পের সবচেয়ে বড় প্রশ্ন এখানেই। গাজীপুরে রাস্তা, নর্দমা ও ফুটপাত উন্নয়নে এর আগেও বড় অঙ্কের অর্থ বরাদ্দ হয়েছে। সরকারি এডিপি অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৫ নম্বর জোনের অভ্যন্তরীণ রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধিত ব্যয় ছিল প্রায় ১ হাজার ৫৯৯ কোটি ৩ লাখ টাকা। প্রকল্পটির বাস্তবায়নকাল ছিল ২০১৮ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত। এর বাইরে বিভিন্ন জোনের প্রধান সংযোগ সড়ক প্রশস্তকরণসহ নর্দমা ও ফুটপাত নির্মাণে আরেকটি প্রকল্প নেওয়া হয়। এ প্রকল্পের সংশোধিত ব্যয় প্রায় ৩ হাজার ৮৫৩ কোটি ২০ লাখ টাকা। এর বাস্তবায়নকাল ছিল ২০১৯ সালের জুলাই থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত।

অর্থাৎ আগের দুটি বড় প্রকল্পেই কয়েক হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা ছিল। এরপরও এবার ১ থেকে ৮ নম্বর জোনের জন্য নতুন করে ২ হাজার ৫৯৭ কোটি ২২ লাখ টাকার প্রকল্প নেওয়া হচ্ছে। পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) নেয়ামত উল্যা ভূঁইয়া প্রকল্পটি বাস্তবায়িত হলে সড়ক যোগাযোগ উন্নয়ন, যানজট ও জলাবদ্ধতা কমানো এবং বনায়নের মাধ্যমে পরিবেশ সুরক্ষার সুযোগ তৈরি হবে বলে মত দিয়েছেন।

নতুন প্রকল্পে ১৪৯ কিলোমিটার রাস্তা নির্মাণের কথা বলা হলেও এর কত অংশ নতুন রাস্তা এবং কত অংশ পুরনো রাস্তা প্রশস্তকরণÑ প্রকাশিত তথ্যে তা আলাদা করে উল্লেখ নেই। একইভাবে জলাবদ্ধতা কমানোর নির্দিষ্ট পরিমাণও নির্ধারণ করা হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা