× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ব্যাংক

স্বায়ত্তশাসনসহ পাঁচ বছরের সংস্কার পরিকল্পনা

আহমেদ তোফায়েল

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ০৯:৩৫ এএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬ ০৯:৩৮ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশের ব্যাংক খাতের সংকট কাটাতে পাঁচ বছর মেয়াদি সংস্কার পরিকল্পনা নিয়েছে সরকার। এতে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, দুর্বল ব্যাংক পুনর্গঠন, প্রভিশন ঘাটতি কমানো, ব্যাংক তদারকি জোরদার ও আমানতকারীর সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের পরিচালনগত স্বায়ত্তশাসন বাড়বে। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩১ পর্যন্ত এ সংস্কার কাঠামো বাস্তবায়ন হবে।

সরকারের ‘ফাইভ-ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’-এ ব্যাংক খাতের সংস্কারকে ভাগ করা হয়েছে তিন ধাপে। প্রথম বছরে পুনরুদ্ধার, প্রথম থেকে তৃতীয় বছরে পুনঃস্থাপন ও তৃতীয় থেকে পঞ্চম বছরে পুনর্গঠন পর্যায়ের কাজ। তাৎক্ষণিক ঝুঁকি সামাল দেওয়ার পর ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ফিরিয়ে এনে কাঠামোগত সংস্কারেরও লক্ষ্য নেওয়া হয়েছে।

সংকটের চিত্র

সংস্কারের প্রয়োজনীয়তা বোঝা যায় ব্যাংক খাতের বর্তমান আর্থিক চিত্রে। বাংলাদেশ ব্যাংকের জুন ২০২৬-এর তথ্য অনুযায়ী, ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংই খেলাপি। মার্চ শেষে খেলাপি ঋণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা।

খেলাপি ঋণের পাশাপাশি ব্যাংকগুলোর প্রভিশন সংরক্ষণেও রয়েছে বড় ঘাটতি। জুন শেষে ১৫টি ব্যাংকের সম্মিলিত প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার ১৪৬ কোটি টাকা। ফলে খেলাপি ও ঝুঁকিপূর্ণ ঋণের বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি রাখার সক্ষমতা নিয়েও চাপ রয়েছে ব্যাংক খাতে। এই পরিস্থিতিতে সংস্কার পরিকল্পনায় শুধু নতুন ঋণ দেওয়ার সক্ষমতা নয়, পুরনো ঋণের মান নির্ধারণ, খেলাপি ঋণ আদায়, প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ ও ব্যাংকের প্রকৃত আর্থিক অবস্থা মূল্যায়নে দেওয়া হয়েছে জোর।

তিনটি ধাপ

প্রথম পর্যায়ে ব্যাংক খাতের তাৎক্ষণিক ঝুঁকি সামাল দেওয়া, এরপর ব্যাংকের আর্থিক সক্ষমতা পুনঃস্থাপন ও তৃতীয় পর্যায়ে কাঠামোগত পুনর্গঠনে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এতে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, দুর্বল ব্যাংক চিহ্নিত করা, মূলধন ও প্রভিশন ঘাটতি কমানো, সুশাসন জোরদার, মালিকানা ও পরিচালনা কাঠামোতে শৃঙ্খলা এবং ঝুঁকিভিত্তিক তদারকি হবে জোরদার।

ফ্রেমওয়ার্কটি তৈরিতে দায়িত্বপ্রাপ্ত সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মঞ্জুর হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দেশের ব্যাংকিং খাত নতুন ও উদীয়মান তারল্য সংকটসহ একাধিক আন্তঃসম্পর্কিত কাঠামোগত সমস্যার মুখোমুখি। শুধু সাময়িক তারল্য সহায়তা বা কিছু নীতিগত পরিবর্তনের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। আগামী পাঁচ বছরে নেওয়া সংস্কার পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে ব্যাংক খাতের বিদ্যমান অনেক সমস্যা মোকাবিলা করা সম্ভব হবে।

বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন

সংস্কার পরিকল্পনার অন্যতম বিষয় বাংলাদেশ ব্যাংকের পরিচালনগত স্বায়ত্তশাসন বাড়ানো। এর লক্ষ্য কেন্দ্রীয় ব্যাংককে ব্যাংক তদারকি ও নিয়ন্ত্রক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও কার্যকর প্রাতিষ্ঠানিক সক্ষমতা দেওয়া। স্বায়ত্তশাসন মানে কেন্দ্রীয় ব্যাংককে সরকারের বাইরে নিয়ে যাওয়া নয়। বরং আইন ও রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে মুদ্রানীতি, ব্যাংক তদারকি ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়ানো।

অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনের মতে, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা শুধু সরকারের প্রভাবমুক্ত থাকার বিষয় নয়; আমলাতান্ত্রিক প্রভাব ও ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব থেকেও কেন্দ্রীয় ব্যাংককে কার্যকরভাবে সুরক্ষিত করা প্রয়োজন।

তার মতে, স্বায়ত্তশাসনের পাশাপাশি জবাবদিহিও নিশ্চিত করতে হবে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যেন নিয়ন্ত্রক সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারে, আবার সেই সিদ্ধান্তের জন্য যথাযথ প্রাতিষ্ঠানিক জবাবদিহির ব্যবস্থাও থাকে।

স্বায়ত্তশাসনের সঙ্গে জবাবদিহি

বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর ৩৮এ অনুযায়ী, গভর্নরকে বছরে অন্তত একবার সংসদের অর্থবিষয়ক কমিটির সামনে মুদ্রানীতি ও বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যক্রম নিয়ে প্রতিবেদন দিতে এবং প্রশ্নের উত্তর দিতে হয়।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বার্ষিক হিসাব ও পরিচালনা-সংক্রান্ত প্রতিবেদন সরকারের কাছে দেওয়ার বিধান রয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা বাড়লেও এর কার্যক্রম আইনগত ও প্রাতিষ্ঠানিক নজরদারির বাইরে থাকবে না।

সংস্কারের ক্ষেত্রে তাই মূল প্রশ্ন হবেÑ কোন সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে নিতে পারবে এবং কোন বিষয়ে সরকারের সঙ্গে সমন্বয় করতে হবে। 

দুর্বল ব্যাংক নিয়ে নতুন কাঠামো

ব্যাংক খাত সংস্কারের আরেকটি বড় অংশ দুর্বল ব্যাংক ব্যবস্থাপনা। মূলধন, তারল্য, সুশাসন বা সম্পদের মানের সমস্যায় থাকা ব্যাংকগুলোকে চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী পুনর্গঠন বা রেজল্যুশনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সংস্কারে ব্যাংকের প্রকৃত আর্থিক অবস্থা যাচাই, ঋণের মান পরীক্ষা, প্রভিশন সংরক্ষণ ও প্রয়োজন হলে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। 

আমানতকারীর সুরক্ষায় পরিবর্তন

ব্যাংক সংস্কারের সঙ্গে আমানতকারীর স্বার্থ সুরক্ষার বিষয়টিও যুক্ত করা হয়েছে। আমানত সুরক্ষা আইন, ২০২৬ অনুযায়ী, একজন আমানতকারীর প্রতি সদস্য প্রতিষ্ঠানে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত আমানত সুরক্ষিত থাকবে। আগে এ সীমা ছিল ১ লাখ টাকা। ব্যাংক সংকটে পড়লে আমানতকারীর অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি রেজল্যুশনের আওতায় থাকা প্রতিষ্ঠানের পুনর্গঠনেও নির্দিষ্ট শর্তে আমানত সুরক্ষা তহবিল ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। 

খেলাপি ঋণ কমানোর পরিকল্পনা

খেলাপি ঋণ কমাতে ব্যাংক খাতে কয়েকটি সমন্বিত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ঝুঁকিভিত্তিক তদারকি ও ব্যাংকভিত্তিক সম্পদমান যাচাইকে (অ্যাসেট কোয়ালিটি রিভিউ) গুরুত্ব দেওয়া হবে বেশি। যেসব ব্যাংকে ঋণের মান, পরিচালনা বা ঋণ কেন্দ্রীভবনের ঝুঁকি বেশি, সেগুলোতে বিশেষ নজরদারি করা হবে।

বড় অঙ্কের খেলাপি ঋণ আদায়ে শক্তিশালী করা হবে ব্যাংকের নিজস্ব বিশেষায়িত পুনরুদ্ধার ইউনিট ও আইন বিভাগকে। অর্থঋণ আদালতের কার্যক্রম দ্রুত করা ও জামানত কার্যকরভাবে ব্যবহারের উদ্যোগও থাকবে। ইচ্ছাকৃত ঋণখেলাপিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ও নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে ব্যবসাপ্রতিষ্ঠানটি বাস্তবে টিকে থাকার সক্ষমতা রাখে কি না, তা যাচাই করা হবে।



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা