× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাম বাড়ার পরও স্বাভাবিক হয়নি এলপিজির বাজার

দীপক দেব

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১০:০২ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

২৫২ টাকা বাড়িয়ে বেসরকারি খাতের ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম কার্যকর করা হয়েছে। এরপরও বাজারে সিলিন্ডারের সংকট পুরোপুরি কাটেনি। অভিযানের মধ্যেও দেশের বিভিন্ন এলাকায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি। তবে দাম বৃদ্ধির পর বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করছেন আমদানিকারকরা।

সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে এলপিজির বাজারে নৈরাজ্য শুরু হয়। ২০ সেপ্টেম্বর থেকে এই সংকট প্রকট আকার ধারণ করে এবং সিন্ডিকেট করে সিলিন্ডারের দাম বৃদ্ধির অভিযোগ ওঠে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এই অবস্থায় আন্তর্জাতিক বাজারে দাম ‍‍বৃদ্ধির বিষয়টি তুলে ধরে ব্যবসায়ীরা দাম বাড়ানোর প্রস্তাব করেন। এরই পরিপ্রেক্ষিতে গত রবিবার নতুন দাম নির্ধারণ করে বিইআরসি। গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারিত ছিল ১ হাজার ৫৮৫ টাকা; অথচ বাজারে এটি বিক্রি হচ্ছিল ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়, ক্ষেত্রবিশেষে তার চেয়েও বেশি দামে। দাম বৃদ্ধির পরও সরবরাহ বৃদ্ধি না পাওয়া এবং নিজেদেরই অধিক দামে কিনতে হয়েছেÑ এমন অজুহাতে আগের মতোই ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত দাম নিচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। এলপিজির ৮০ শতাংশ ব্যবহৃত হয় বাসাবাড়ির রান্নার কাজে। ফলে রাজধানীসহ সারা দেশে প্রায় এক কোটি গ্রাহক চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।

দাম বৃদ্ধি নিয়ে যা বলছে বিইআরসি

বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি আরামকোর অক্টোবরের জন্য প্রোপেন ও বিউটেনের কনট্রাক্ট প্রাইস বা সৌদি সিপি অনুযায়ী নতুন দাম সমন্বয় করা হয়েছে। অক্টোবরে প্রোপেনের সৌদি সিপি প্রতি টন ৬৮০ ডলার এবং বিউটেনের ৭৩০ ডলার। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ ধরে গড় সৌদি সিপি প্রতি টন ৭১২ দশমিক ৫০ ডলার বিবেচনায় নেওয়া হয়েছে। সেপ্টেম্বরে এই গড় সিপি ছিল ৬৪৭ দশমিক ৭৫ ডলার। সে হিসাবে এক মাসে গড় সিপি প্রতি টনে ৬৪ দশমিক ৭৫ ডলার বেড়েছে। এ ছাড়া অক্টোবরের মূল্য সমন্বয়ে এলপিজি আমদানিতে জাহাজভাড়া ও ব্যবসায়ীর প্রিমিয়াম প্রতি টন ২৫০ ডলার বিবেচনায় নিয়েছে বিইআরসি, যা সেপ্টেম্বরে ছিল ১৬০ ডলার। অর্থাৎ এক মাসের ব্যবধানে এ খাতে প্রতি টনে ব্যয় বেড়েছে ৯০ ডলার।

এখনও বাড়তি দামে সিলিন্ডার বিক্রি

বিইআরসির নতুন দামেও সিলিন্ডার না মেলার খবর পাওয়া গেছে। ঢাকার বিভিন্ন এলাকার পাশাপাশি মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, বগুড়া, রাজশাহীসহ বিভিন্ন জায়গায় বেঁধে দেওয়া দামের চেয়ে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ আসছে। জানা গেছে, ময়মনসিংহে ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকা, কোথাও ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। কুমিল্লায় প্লাস্টিকের সিলিন্ডার ২ হাজার ১৫০ থেকে ২ হাজার ৩০০ টাকা এবং স্টিলের সিলিন্ডার প্রায় ১ হাজার ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। বরিশালেও খুচরা বিক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী সিলিন্ডার না পাওয়ায় পাইকারি পর্যায়ে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। ফলে সেখানেও তা বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকায়।

৩০ জেলায় ভোক্তার অভিযান

নতুন দাম ঘোষণার পরপরই সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত রবিবার ঢাকা মহানগরসহ ৩০ জেলায় পরিচালিত এ অভিযানে সিলিন্ডারের দাম বেশি নেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে ১০২টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিদপ্তরের ৪৪টি দল একযোগে এই অভিযান পরিচালনা করে। এর আগে মুন্সীগঞ্জে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার, গাইবান্ধায় তিনটি দোকানকে ৮ হাজার ৫০০ এবং বরিশালে দুটি দোকানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সাভারের আশুলিয়ায় ক্রয়-বিক্রয় চালানের অসঙ্গতির কারণে ১০ হাজার এবং বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরা ও সিলিন্ডারে পানি দেওয়ার মতো গুরুতর অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ

তদন্ত করে মজুদদারির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম। গত সোমবার তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এখন তো রাতারাতি আমদানি হবে না। আগেই পর্যাপ্ত আমদানি হয়েছে। এখন সরবরাহ বেড়ে যাবে। তার মানে হলো, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দাম বাড়ানো হলো। কারা মজুদ করেছে, তা তদন্ত করে দায়ী কোম্পানির লাইসেন্স বাতিল করা উচিত।’

সরবরাহ বৃদ্ধির প্রত্যাশা ব্যবসায়ীদের

দাম বৃদ্ধির পর বাজারে সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছেন আমদানিকারকরা। তাদের কেউ কেউ বলছেন, মধ্যপ্রাচ্য সংকটের কারণে জাহাজভাড়া বেড়ে গেছে। বিইআরসি এটি আমলে নেওয়ায় আগামী মাসের আমদানি ব্যাহত হবে না। ফলে যারা আমদানি নিয়ে শঙ্কায় ছিলেন, তারা এখন সরবরাহ বাড়াতে পারবেন। এলপিজি আমদানি ও সরবরাহের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের সংগঠন লোয়াবের সভাপতি আমিরুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমদানি কমেনি। কেউ যাতে বেশি দামে বিক্রি না করে, সেটি নিশ্চিত করতে আগেই নির্দেশ দিয়েছে লোয়াব। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা