জোসনা জামান
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ০৯:৪৬ এএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এত দিন দেশের অনেক মানুষ ও এলাকা ছিল সমান উন্নয়ন সুবিধাবঞ্চিত। এ বৈষম্য দূর করতে সারা দেশে প্রথমবারের মতো সাতটি হটস্পট চিহ্নিত করা হয়েছে। এসব হটস্পটের অধীনে ১১৬টি বিনিয়োগ কৌশল নির্ধারণ করেছে সরকার। আঞ্চলিক ও স্থানীয় চাহিদাকে অগ্রাধিকার দিয়েই নেওয়া হবে উন্নয়ন প্রকল্পসহ নানা উদ্যোগ। এর ফলে আগামী পাঁচ বছরে সরকারি অর্থায়নে বৈষম্য অনেক কমে আসবে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক’ শিরোনামে এই রূপরেখাটি তৈরি করেছে। চলতি বছর শুরু করে এটি বাস্তবায়ন করা হবে ২০৩১ সালের জুনের মধ্যে।
সূত্র জানায়, চিহ্নিত হটস্পটগুলোর মধ্যে দেশের উত্তর-মধ্যাঞ্চলে কৌশল রয়েছে ২৩টি, উত্তর-পশ্চিমাঞ্চল হটস্পটে ১১, উত্তর পূর্বাঞ্চলে ১০, বর্ধিত উপকূলীয় অঞ্চলে ২২, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ১৫, প্রধান নদী ও মোহনা অঞ্চলে ১৯ ও শহর অঞ্চল হটস্পটে রয়েছে ১৬টি কৌশল। এসব কৌশল বাস্তবায়নে রয়েছে নানা কর্মসূচি।
জিইডির সদস্য (সচিব) ড. মঞ্জুর হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, হটস্পট চিহ্নিত করা হয়েছে মূলত পাঁচটি। তবে এর সঙ্গে আরও দুটি স্পটকে গুরুত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে সাতটি বলা যায়। জলবায়ু পরিবর্তনজনিত কারণে যেসব ঝুঁকি রয়েছে সেগুলো চিহ্নিত করে কৌশলগুলো নির্ধারণ করা হয়েছে। কেননা একেক অঞ্চলের বৈশিষ্ট্য একেক রকম। তেমনি জলবায়ু পরিবর্তনের অভিঘাতও আলাদা আলাদা। সেসব বিবেচনা করেই নির্ধারণ করা হয়েছে হটস্পটগুলো। আশা করছি, আগামী পাঁচ বছরে বেশ কিছু কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
উত্তর-মধ্যাঞ্চল
এই হটস্পটে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, টেকসই ফসল উৎপাদন, জলজ চাষ ও খাদ্য পণ্য শৃঙ্খল উন্নয়ন। এ ছাড়া টেকসই ভূমি ব্যবহার ও স্থানিক পরিকল্পনা, টেকসই পানি ব্যবস্থাপনা, টেকসই নদী ও খাল পুনরুদ্ধার (২০ হাজার কিলোমিটার), জলাভূমি ও বন সুরক্ষায় টেকসই ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন। এ ক্ষেত্রে কৌশলগত পরিকল্পনাগুলো হলো বন্যাপ্রবণ এলাকা চিহ্নিতকরণ, জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার জন্য দুর্যোগ বীমা, বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের উন্নয়ন ও তথ্য ব্যবস্থাপনা এবং পুষ্টি ও নিরাপদ খাদ্য বৈচিত্র্যকরণ। আরও আছে, মহানগর এলাকার হ্রদে (লেক) মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প, নগর অঞ্চলে বিপণনকেন্দ্রসহ মৎস্য প্রক্রিয়াজকরণ প্লান্টের উন্নয়ন, চরাঞ্চলে খাদ্য নিরাপত্তার জন্য কৃষি উৎপাদনশীলতা বাড়ানো। দেশের বিভিন্ন খাতের জন্য পানি ব্যবহারের দক্ষতা মূল্যায়ন ও একটি টেকসই পর্যবেক্ষণ ব্যবস্থার উন্নয়ন করা হবে। এ ছাড়া দেশের খাল পুনরুজ্জীবন, মাঝারি নদীর টেকসই পুনরুদ্ধার, পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকার পুনঃসীমা নির্ধারণ, অভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনায় জলবায়ু সহনশীল বাঁধ নির্মাণের মাধ্যমে সমন্বিত বন্যা ঝুঁকি ব্যবস্থাপনা করা হবে।
ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে. মুজেরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পৃথিবীর যে কয়েকটি দেশ জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে রয়েছে এর মধ্যে বাংলাদেশ অন্যতম। এখানে শুধু উপকূলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা ও ওই অঞ্চলের মানুষের বাস্তুচ্যুতির বিষয়ই নয়। জলবায়ু পরিবর্তন প্রভাব ব্যাপক। কেননা এই পরিবর্তনে আবহাওয়ার আচরণ বদলে যাচ্ছে। কোথাও অতিবৃষ্টি হচ্ছে, কোথায় খরা, আবার কোথাও আকস্মিক বন্যা হচ্ছে। ফলে পুরো দেশটিই রয়েছে ঝুঁকিতে। এ অবস্থায় হটস্পট চিহ্নিত করে পরিকল্পিত বিনিয়োগ করা হলে সেটি অনেক ফলদায়ক হবে। তবে এসব পরিকল্পনা যেন শুধু ফ্রেমওয়ার্কের মধ্যেই সীমাবদ্ধ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
উত্তর-পশ্চিমাঞ্চল
ফ্রেমওয়ার্কে উত্তর-পশ্চিমাঞ্চলের হটস্পটের চিহ্নিত বিষয়গুলো এবং কৌশলগত কার্যক্রম হলো পরিবেশ ও বাস্তুতন্ত্র, জল ও কৃষি, টেকসই পানি ব্যবস্থাপনা, ভূগর্ভস্থ জলশাসন ও খরা অভিযোজন, সৌর সেচ ও খাল পুনর্বাসন, ভূউপরিস্থ পানির জলাধার অবকাঠামো এবং খরার আগাম সতর্কতা। এ ছাড়া টেকসই নদী ও খাল পুনরুদ্ধার-পরিচালনা ও রক্ষণাবেক্ষণ। কৌশলগত কার্যক্রম হলোÑ সরলীকৃত পরিবেশপ্রবাহ পদ্ধতি ব্যবহার করে আত্রাই অববাহিকা ও চলনবিল এলাকার নদী ও খালগুলোর পরিবেশগত প্রবাহের মূল্যায়ন করা হবে। এ ছাড়া প্রাকৃতিক আবাস স্থলের মূল্যায়ন-সংরক্ষণ-রক্ষণাবেক্ষণ ও টেকসই উন্নয়ন, বর্ষা-পরবর্তী সময়ে পুকুর-বিল-খাল ও অন্যান্য জলাভূমির জলধারণ ক্ষমতার মূল্যায়ন এবং উত্তর রাজশাহী সেচ প্রকল্পের অধীন অংশগ্রহণমূলক প্রকল্প ব্যবস্থাপনা মডেল উন্নয়ন করা হবে।
উত্তর-পূর্বাঞ্চল
দেশের উত্তর-পূর্বাঞ্চলের হটস্পটের জন্য চিহ্নিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি সেচের পানি ব্যবস্থাপনা অবকাঠামো, পরিবেশ ও ইকোসিস্টেম উন্নয়ন এবং কৃষি সেচ অবকাঠামো উন্নয়ন। এ ছাড়া খাদ্য ব্যবস্থাপনা ও ইঞ্জিনিয়ারিং, টেকসই নদী ও খাল পুনরুদ্ধার-অপারেশন ও রক্ষণাবেক্ষণ। এ ক্ষেত্রে কর্মপরিকল্পনাগুলো হলো দেশের উত্তর-পূর্বাঞ্চলে বহুমুখী আশ্রয়কেন্দ্রের নকশা তৈরি ও নির্মাণ, পরিচালনগম্যতা বৃদ্ধি, নিষ্কাশনব্যবস্থার প্রতিবন্ধকতা হ্রাস, নদীপ্রবাহ রক্ষা এবং জলাভূমির বাস্তুতন্ত্র রক্ষা। এ ছাড়া হাওরে হঠাৎ বন্যার আগাম সতর্কতা ও সম্প্রদায়ভিত্তিক দ্রত ব্যবস্থা এবং জলজ বাস্তুতন্ত্রের জন্য স্থিতিস্থাপকতার জন্য হাওর জলাভূমির ওয়াটারবডি সংরক্ষণ করা হবে।
বর্ধিত উপকূলীয় অঞ্চল
এ অঞ্চলের হটস্পটের বিষয়ে ফ্রেমওয়ার্কে বলা হয়েছে, টেকসই জলজ সম্পদ ব্যবস্থাপনা এবং নীল অর্থনীতি, সুশাসন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু সহনীয় অবকাঠামোর উন্নয়ন, পানি সরবরাহ ও স্যানিটেশন, উপকূলীয় বাঁধ ব্যবস্থাপনা, জোয়ার-ভাটার নদী ব্যবস্থাপনা ও মিঠা পানির প্রবাহ বৃদ্ধি, পলি ব্যবস্থাপনা ও উপকূলীয় রেখা সুরক্ষা। এ ছাড়া উপকূলীয় আগাম সতর্কতা ও জরুরি সাড়া দেওয়া। কৌশলগত কার্যক্রমগুলোা হলো উপকূলীয় অঞ্চলের জন্য টেকসই সামুদ্রিক চাষ কর্মসূচি নেওয়া, সমুদ্রবন্দর এলাকায় সমন্বিত পরিবেশগত ও সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনা এবং বনায়ন কর্মসূচির মাধ্যমে প্রকৃতিভিত্তিক উপকূল সুরক্ষা দেওয়া।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চল
এই হটস্পটের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো ক্ষুদ্র পানি সঞ্চয় পরিকাঠামো নির্মাণ, টেকসই নদী ও খাল পুনরুদ্ধার, কৃষি ব্যবস্থাপনার উন্নয়ন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, পরিবেশ ও বাস্তুতন্ত্র সুরক্ষা। কর্মকৌশলগুলো হলো বন্যা ও ভূমিধ্স সুরক্ষা পরিকল্পনা, আবহাওয়া-বজ্রপাত ও ভূমিধসের আগাম সতর্কীকরণ ব্যবস্থাপনার উন্নয়ন এবং রাষ্ট্রীয় বনের পুনর্বাসন ও পুনরুদ্ধার করা। এ ছাড়া পাহাড়ি এলাকার মাটির স্বাস্থ্য মূল্যায়ন ও সংরক্ষণ পদ্ধতির গবেষণা ও বাস্তবায়ন, হঠাৎ বন্যা প্রতিরোধ ও পানি ধরে রাখার জন্য অববাহিকা ব্যবস্থাপনা এবং সাঙ্গু ও মাতামুহুরী নদী বরাবর বন্যা প্রশমন ও নদীর তীর স্থিতিশীল রাখতে সমন্বিত অবকাঠামো নির্মাণ করা হবে।
নদী ও মোহনা
এই হটস্পটের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো আন্তঃসীমা নদী ব্যবস্থাপনা, নদী ব্যবস্থাপনা এবং পরিবেশ ও বাস্তুতন্ত্র সুরক্ষা। কৌশলগুলো হলোÑ নদীগুলোর জন্য ভৌত মডেলের উন্নয়ন, মেঘনা নদী মোহনা অঞ্চলের জন্য পূর্বাভাস ব্যবস্থার উন্নয়ন, আন্তঃসীমা নদীগুলোর আর্থ-সামাজিক প্রভাব মূল্যায়ন, কাঠামোগত ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সুরক্ষা, চর ও দ্বীপের জলবায়ু সহনশীল উন্নয়ন এবং দুর্যোগ ঝুঁকি কমানো ও কৃষি সুরক্ষা দেওয়া হবে।
শহর অঞ্চল
এই হটস্পটের জন্য স্মার্ট সিটি গড়ে তোলা, স্বল্প আয়ের মানুষের জন্য আবাসন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন, জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন, শহরে বন্যার পানি নিষ্কাশন, খাল পুনরুদ্ধার, সংযোগ উন্নয়নসহ নানা কর্মকৌশল নেওয়া হবে।