× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমদানিনির্ভর চন্দনে স্বনির্ভরতার হাতছানি

মনির ফয়সাল, চট্টগ্রাম

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৭:১৮ পিএম

বন গবেষণা ইনস্টিটিউটের চট্টগ্রামের নার্সারিতে বেড়ে উঠছে শ্বেতচন্দনের চারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বন গবেষণা ইনস্টিটিউটের চট্টগ্রামের নার্সারিতে বেড়ে উঠছে শ্বেতচন্দনের চারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পৃথিবীর অন্যতম দামি গাছ চন্দন। এর কাঠ ও তেলÑ দুটোই ভিন্নমাত্রার সুগন্ধ ছড়ায়, যা ব্যবহৃত হয় অতি মূল্যবান প্রসাধনী তৈরিসহ ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানে। এক কেজি চন্দন কাঠের দাম ১৫ থেকে ২০ হাজার টাকা। বহু চেষ্টা করেও দেশে উৎপাদন করতে না পারায় এতদিন চাহিদার পুরোটাই বিদেশ থেকে আমদানি করতে হতো। অবশেষে মিলেছে সেই রহস্যের চাবিকাঠি, যা না জানার কারণে এতদিন একের পর এক চন্দনের চারা মাটিতে পুঁতেও বাঁচানো যায়নি।

‘আগে আমাদের কোনো ধারণা ছিল না কেন চন্দন গাছ ঠিকমতো বাড়ে না। আমরা শুধু চারা রোপণ করতাম, কিন্তু বাঁচিয়ে রাখতে পারতাম না।’ বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) গৌণ বনজ সম্পদ বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. মো. শাহ আলমের এই কথাতেই ফুটে ওঠে দেশে চন্দন চাষের প্রকৃত চ্যালেঞ্জ। তবে দীর্ঘ গবেষণার মাধ্যমে তিনি ও তার দল খুঁজে পেয়েছেন সমাধান। ড. শাহ আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, চন্দন গাছ একা বাঁচতে পারে না, তাকে বাঁচতে হয় অন্য গাছের সহায়তায়। চন্দনের চারা বাঁচিয়ে রাখতে হলে এর পাশে আরেকটি সহযোগী চারা বা হোস্ট প্লান্ট লাগাতে হয়। নাইট্রোজেন প্রবর্ধনকারী গাছ যেমন অড়হর, নিম বা বকুল এক্ষেত্রে ব্যবহার করতে হয়। এই গাছগুলো শিকড়ের মাধ্যমে প্রধান গাছের সাথে যোগাযোগ স্থাপন করে পুষ্টি সরবরাহ করায় চারাগুলোর বেঁচে থাকা সহজ হয়। 

এই উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ চলতি বছর গবেষণা ও সংরক্ষণ ক্যাটাগরিতে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় প্রথম পুরস্কার অর্জন করে বিএফআরআইর গৌণ বনজ সম্পদ বিভাগ। বন গবেষণা সূত্রে জানা যায়, ২০১৭-১৮ সাল থেকে পরীক্ষামূলকভাবে চন্দন চাষের কার্যক্রম শুরু হয়। বিদেশ থেকে বীজ আমদানি একটি জটিল প্রক্রিয়া হওয়ায় শুরুর দিকে বেগ পেতে হলেও বর্তমানে সম্পূর্ণ নিজস্ব সোর্স থেকেই বীজ সংগ্রহ করে চারা উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। নার্সারিতে এখন মজুদ আছে ছয় মাস থেকে এক বছর বয়সী ৫০০টিরও বেশি চারা। সরকারি পর্যায়ে মাত্র ১০ টাকায় বিতরণ করা হচ্ছে এসব মানসম্মত চারা, আর তা সংগ্রহ করতে আগ্রহী হয়ে উঠছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। 

ড. শাহ আলম জানান, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতেও এই সুগন্ধি বৃক্ষের প্রতি আগ্রহ বাড়ছে। ঢাকার পূর্বাচলের একটি রিসোর্ট থেকে শুরু করে ডিএসএন গ্রুপের মতো প্রতিষ্ঠানও এখন চন্দন বাগান গড়ে তুলেছে। 

বিএসআরএম গ্রুপের কনসালট্যান্ট ওমর ফারুক সরকারি নিয়ম মেনে চারা সংগ্রহ করে নিজের কোম্পানির কম্পাউন্ডে বাগান গড়েছেন ২০২৩ সাল থেকে। তিনি বলেন, চন্দন গাছ তো খুবই আনকমন জিনিস। ১০০টা চারা মাটিতে রোপণ করলে হয়তো ২০-৩০টা ওঠে। এটা সরাসরি লাগালে হবে না, পাশে একটা হোস্ট প্লান্ট দিতে হবে। অর্থনৈতিক সম্ভাবনার কথা বলতে গিয়ে তিনি বলেন, পরিপক্ব অবস্থায় একটি চন্দন গাছ ন্যূনতম বিক্রি হতে পারে ২০ লাখ টাকায়। এই গাছ চাষে আহামরি কোনো বিনিয়োগ লাগে না, শুধু বছরে বছরে সেবাযত্ন করতে হয়। আমাদের পরিত্যক্ত জায়গায় সবাই চন্দন গাছ লাগিয়ে রাখতে পারে। ভবিষ্যতে চন্দন কাঠ রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন তিনি। 

তবে বাস্তবতা হলো, দেশের বাজার এখনও প্রায় পুরোপুরি আমদানিনির্ভর। প্রায় ৪০ বছর ধরে চন্দন ব্যবসায় যুক্ত কাশেম কবিরাজ বলেন, চট্টগ্রামের বাজারে প্রতি মাসে ২০-৩০ মণ চন্দন কাঠ বিক্রি হয়, যার প্রায় পুরোটাই আসে মিয়ানমার ও ভারত থেকে। তাছাড়া বিভিন্ন গাছের ফাইবার বা গুঁড়োর সঙ্গে সামান্য গন্ধ মিশিয়ে বাজারে চলছে নকল চন্দনের রমরমা ব্যবসা। তবে দেশীয় উৎপাদন বাড়লে বাজারে তার প্রভাব ইতিবাচক হবে বলেই মনে করেন তিনি। 

বন গবেষণা সূত্রে জানা যায়, একটি চন্দন গাছ পরিপক্ব হতে সময় লাগে কমপক্ষে ২০ বছর। আর এই বয়সে একটি গাছ থেকে মেলে ৩০০-৩৫০ কেজি কাঠ। যার বাজারমূল্য প্রতি কেজি ১৫ হাজার টাকা পর্যন্ত। বৈশ্বিক বাজারে প্রতি বছর গড়ে প্রায় সাড়ে ৯ শতাংশ হারে বাড়ছে এই কাঠের চাহিদা। যার সিংহভাগ দখলে রেখেছে ভারত ও অস্ট্রেলিয়া। চাষের সঠিক পদ্ধতি জনসাধারণের কাছে পৌঁছে দিতে পারলে এবং সরকারি-বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় ঘটালে আমদানিনির্ভরতা কাটিয়ে বাংলাদেশও হতে পারে চন্দন রপ্তানির এক নতুন ঠিকানা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, বাংলাদেশের আবহাওয়া ও মাটি চন্দন গাছ জন্মানোর জন্য যথেষ্ট অনুকূল। কিন্তু চন্দনের চারার সঙ্গে যে আরেকটি সহযোগী গাছের চারা দিতে হয়, মানুষ এটি জানেই না। চাষের সঠিক পদ্ধতি জনগণের কাছে পৌঁছাতে পারলে চন্দন কাঠে স্বনির্ভর হয়ে রপ্তানি করাও সম্ভব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা