× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জ জেলা কারাগার

মাদকে ধূসর বন্দিজীবন

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৭:০৬ পিএম

কিশোরগঞ্জ জেলা কারাগার ১। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা কারাগার ১। ছবি: সংগৃহীত

চেহারায় সম্ভাবনার দীপ্তি। সুঠাম দেহ, পরিপাটি চলাফেরা ও আচরণে সম্ভ্রান্ত পরিবারের ছাপ। কারও পরিবার মধ্যবিত্ত, কারও উচ্চবিত্ত। কেউ পড়াশোনায় ভালো, কেউ এসেছেন শিক্ষিত ও সচ্ছল পরিবার থেকে। অথচ সর্বনাশা মাদকের থাবায় সেই সম্ভাবনাময় তরুণদের অনেকের ঠিকানা এখন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে।

কিশোরগঞ্জ জেলা কারাগারে মাদক মামলায় বন্দি এসব তরুণ-যুবকের দেখা মেলে প্রতিদিন। জেলার ১৩টি উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক সেবন, বহন কিংবা সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হয়ে তারা কারাগারে এসেছেন। তাদের কারও বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ, আবার কেউ মাদক বহনের মামলায় আসামি হয়েছেন।

কারাগার সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা কারাগারে সাধারণত ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ বন্দি থাকেন। এর মধ্যে প্রায় এক হাজারই মাদক মামলার আসামি। এই বন্দিদের বড় একটি অংশ তরুণ ও যুবক। ৩০ বছরের কম বয়সী মাদক মামলার আসামি রয়েছেন প্রায় ৫০০ জন। ফলে কারাগারের বন্দিদের একটি উল্লেখযোগ্য অংশই এখন তরুণ-যুবক, যাদের অনেকের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

তবে এর বিপরীত চিত্রও আছে। কারাগারে থাকা অবস্থায় কাউন্সেলিং, ধর্মীয় শিক্ষা ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার নজিরও রয়েছে। কারাগার সূত্র জানায়, কম বয়সী কয়েকজন মাদক-সংশ্লিষ্ট আসামিও বর্তমানে জেলা কারাগারে রয়েছে।

কিশোরগঞ্জ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাভাবিক সময়ে প্রতি তিন থেকে চার মাসে কম বয়সী দুই শতাধিক মাদক মামলার আসামি জামিনে মুক্তি পান। তাদের বেশিরভাগই পরে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করেন। তবে প্রায় ২০ শতাংশ মাদকাসক্ত পুনরায় গ্রেপ্তার হয়ে কারাগারে ফেরেন। একই সঙ্গে প্রতিদিনই মাদকসহ গ্রেপ্তার হয়ে নতুন নতুন আসামি কারাগারে ঢুকছেন। ফলে সারা বছরই কারাগারে তরুণ মাদক-সংশ্লিষ্ট আসামির সংখ্যা উল্লেখযোগ্য থাকে।

মানবাধিকার আইনজীবী লুৎফর রশীদ রানার মতে, এসব তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, তরুণদের মধ্যে মাদকাসক্তির প্রবণতা কমছে না; বরং উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে সম্প্রতি সময়ে জেলা পুলিশ জিরো টলারেন্স প্রক্রিয়ার কারণে মাদক মামলায় গ্রেপ্তার বেড়ে যাওয়ায় কারাগারে তরুণ আসামির সংখ্যাও বেড়ে গেছে। গত তিন মাসে মাদক মামলায় অন্তত ৩০০ জনকে কারাগারে পাঠানো হয়েছে বলে কারাগার সূত্র জানিয়েছে।

আদালত-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, র‌্যাব, গোয়েন্দা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে আসছেন। এসব অভিযানে প্রতিদিন গড়ে কয়েকজনকে মাদক মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। ফলে মাদক মামলার আসামিদের একটি বড় অংশই তরুণ ও যুবক।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার জাহানারা বেগম বলেন, মাদক মামলায় বন্দি সম্ভাবনাময় তরুণদের আলাদাভাবে চিহ্নিত করে মাদক থেকে দূরে রাখার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নিয়মিত মোটিভেশন ও সচেতনতামূলক আলোচনা করা হয়। এসব কার্যক্রমে অংশ নিয়ে অনেক বন্দি মাদক ছাড়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখান। জামিনে মুক্তির সময় অনেকে আর মাদক গ্রহণ না করার অঙ্গীকারও করেন।

কারাধ্যক্ষ মো. নাছির আহমেদ বলেন, করোনাকালে মাদক মামলার আসামির সংখ্যা বেড়েছিল। বর্তমানে জেলা কারাগারে প্রায় ৫০০ তরুণ ও যুবক মাদক মামলার আসামি হিসেবে বন্দি রয়েছেন। তাদের নিয়ে নিয়মিত মোটিভেশনাল সেশন, মাদকবিরোধী আলোচনা ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মাঝেমধ্যে প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা