× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাওরপাড়ে হাঁসের খামারে সচ্ছল

আয়মান মিয়া, দিরাই (সুনামগঞ্জ)

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৬:৫৭ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬ ১৭:০৮ পিএম

দিরাইয়ে বাণিজ্যিকভাবে হাঁস পালন লাভজনক হওয়ায় হাওরপাড়ে গড়ে উঠছে নতুন নতুন খামার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিরাইয়ে বাণিজ্যিকভাবে হাঁস পালন লাভজনক হওয়ায় হাওরপাড়ে গড়ে উঠছে নতুন নতুন খামার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জের দিরাইয়ে বাণিজ্যিকভাবে হাঁস পালন জনপ্রিয় হয়ে উঠেছে। লাভজনক হওয়ায় হাওরপাড়ে গড়ে উঠছে নতুন নতুন খামার। অদম্য ইচ্ছাশক্তি নিয়ে হাঁস পালন করে অভাবকে জয় করে ভাগ্য বদলাচ্ছেন খামারিরা। এসব খামারের হাঁস ও ডিম স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলায় নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে ২৩৩টি হাঁসের খামার রয়েছে। এসব খামার থেকে বছরে প্রায় সাড়ে ১০ লাখ ডিম উৎপাদন হয়, যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। সরেজমিনে উপজেলার করিমপুর ইউনিয়নের কচুয়া গ্রামে গিয়ে দেখা যায়, চাপতির হাওর ও কালনী নদীর তীরে অন্তত ৩০টি হাঁসের খামার গড়ে উঠেছে।

খামারিরা জানান, বর্ষার পাঁচ-ছয় মাস শুকনা জায়গার অভাবে বাঁশের খুঁটি, প্লাস্টিকের নেট ও জালের বেষ্টনী দিয়ে পানির ওপর অস্থায়ী খামার তৈরি করতে হয়। আবার হাওরে হাঁস ছাড়তে গেলে জলমহালের ইজারাদাররা বাধা দেন। ফলে খাদ্য খরচ বেড়ে যায়। প্রাণিসম্পদ দপ্তর থেকে ভ্যাকসিন ও পরামর্শ তেমন পাওয়া যায় না বলেও অভিযোগ তাদের। খামারি বাদল দাস, রজত দাস ও সুধীর তালুকদার জানান, তাদের ৬০০ হাঁসের মধ্যে ৪৫০টি ডিম দেয়। সব খরচ বাদে মাসে ২০-২৫ হাজার টাকা আয় হয়। খোলা জলাশয়ে পালতে পারলে লাভ আরও বাড়ত।

কচুয়া গ্রামের আরেক খামারি গৌরাঙ্গ দাস বলেন, ‘১৫ বছর ধরে হাঁস পালন করছি। এ বছর ১৭০০ হাঁসের মধ্যে ৬০০ হাঁস ডিম দিচ্ছে। ১১ টাকা দরে প্রতি মাসে ১ লাখ ৯৮ হাজার টাকার ডিম বিক্রি করি। দুই শ্রমিকের বেতন, খাদ্য, ওষুধ, সংসার ও ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ চালিয়েও লাভ থাকছে। তবে হাওরের খাল-ডোবা লিজ বাতিল করে উন্মুক্ত রাখলে খামার আরও বাড়বে।’

উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শম্ভু নাথ রায় বলেন, হাঁস পালনে বড় বাধা জলমহালের লিজ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন চন্দ্র দে বলেন, ‘হাঁস পালনের সঙ্গে মাছ চাষের কোনো সংঘাত নেই। বরং হাঁসের বিষ্ঠা মাছের খাদ্য। একসঙ্গে চাষ করলে দুটোরই উৎপাদন বাড়ে। হাঁস মাছ খায় না, শামুক-ঝিনুক খায়। নিবন্ধিত খামারিদের আমরা নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা