× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বপ্নই পুঁজি সাফল্যের

কৃষ্ণ ব্যানার্জী, সাতক্ষীরা

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১১:২৪ এএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬ ১১:২৫ এএম

স্বচ্ছ পানির নিচে ঝলমলে রঙের মাছগুলোর ছুটে চলাÑ লাল, নীল, হলুদ আর কমলার মায়াবী আলোয় যেন জলের বুকজুড়ে রঙের উৎসব। সেই উৎসবের পাশে দাঁড়িয়ে সাইফুল্লাহ গাজী আজ দেখেন নিজের বদলে যাওয়া জীবনের প্রতিচ্ছবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্বচ্ছ পানির নিচে ঝলমলে রঙের মাছগুলোর ছুটে চলাÑ লাল, নীল, হলুদ আর কমলার মায়াবী আলোয় যেন জলের বুকজুড়ে রঙের উৎসব। সেই উৎসবের পাশে দাঁড়িয়ে সাইফুল্লাহ গাজী আজ দেখেন নিজের বদলে যাওয়া জীবনের প্রতিচ্ছবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্বচ্ছ পানির নিচে ঝলমলে রঙের মাছগুলোর ছুটে চলাÑ লাল, নীল, হলুদ আর কমলার মায়াবী আলোয় যেন জলের বুকজুড়ে রঙের উৎসব। সেই উৎসবের পাশে দাঁড়িয়ে সাইফুল্লাহ গাজী আজ দেখেন নিজের বদলে যাওয়া জীবনের প্রতিচ্ছবি। অথচ এই জল, এই মাছ আর এই সমৃদ্ধির গল্পের শুরু হয়েছিল মাত্র ৬২০ টাকা দিয়ে। পকেটে সামান্য কিছু টাকা, বুকভরা স্বপ্ন আর অদম্য সাহস নিয়ে শুরু করা সেই পথচলা পেরিয়েছে অভাব, রোগবালাই, প্রাকৃতিক দুর্যোগ ও অনিশ্চয়তার অসংখ্য বাঁক। সাতক্ষীরার কলারোয়ার ব্রজবক্স গ্রামের সেই মানুষটি আজ শুধু নিজের ভাগ্যই বদলাননি, রঙিন মাছের সঙ্গে জড়িয়ে দিয়েছেন আরও অনেক মানুষের জীবিকার স্বপ্ন।

সাতক্ষীরা জেলা কলারোয়া উপজেলার ব্রজবক্স গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান সাইফুল্লাহ গাজী। নানা প্রতিকূলতা পেরিয়ে আজ তিনি একজন সফল উদ্যোক্তা। 

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল্লাহ গাজীর জীবনের মোড় ঘুরে যায় ১৯৯৭ সালে। জীবিকার সন্ধানে তিনি পাড়ি জমান ভারতের কলকাতায়। সেখানে গিয়ে রঙিন মাছ চাষের সঙ্গে পরিচয় ঘটে তার। আগ্রহ নিয়ে তিনি রঙিন মাছ চাষের পদ্ধতি ও কৌশল শেখেন। স্বপ্ন দেশে ফিরে এই মাছ চাষে নিজের ভাগ্য বদলাবেন।

কিন্তু দেশে ফেরার পর কঠিন বাস্তবতায় কোনো পুঁজি ছিল না। বাধ্য হয়ে ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি নেন। সেখানে কাজ করার সময় একটি অ্যাকুরিয়ামের দোকানে রঙিন মাছ চাষ নিয়ে কথা হয় তার। ওই কথোপকথন তার মনে নতুন করে সাহস জোগায়। সিদ্ধান্ত নেন, চাকরি নয় নিজের গ্রামেই শুরু করবেন রঙিন মাছের চাষ।

অবশেষে মাত্র ৬২০ টাকা হাতে নিয়ে গ্রামে ফিরে আসেন সাইফুল্লাহ গাজী। এই সামান্য অর্থ দিয়েই শুরু হয় তার রঙিন মাছ চাষের যাত্রা।

শুরুটা মোটেও সহজ ছিল না। কখনও অর্থের সংকট, কখনও মাছের রোগবালাই, কখনও প্রাকৃতিক দুর্যোগ, নানা প্রতিকূলতায় এগিয়ে যেতে হয়েছে তাকে। 

উদ্যোক্তা সাইফুল্লাহ গাজী বলেন, গত পাঁচ বছর ধরে কখন সূর্য উঠেছে, কখন সূর্য ডুবেছে সেটা জানতাম না। আমার একটাই চিন্তা ছিল, কীভাবে মাছ চাষে সফল হওয়া যায়।

দিন-রাত পরিশ্রম আর অধ্যবসায়ের ফলও পেতে শুরু করেন তিনি। ধীরে ধীরে বাড়তে থাকে মাছের উৎপাদন ও ব্যবসার পরিধি। নতুন নতুন পুকুরে শুরু করেন রঙিন মাছের চাষ। একসময়ের ৬২০ টাকার ছোট্ট উদ্যোগ ধীরে ধীরে পরিণত হয় বড় পরিসরের ব্যবসায়।

তার খামার ও মাছ চাষের সঙ্গে যুক্ত হয়ে জীবিকার পথ খুঁজে পেয়েছেন অনেক মানুষ। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত তার রঙিন মাছের খামারে ভিড় করেন বিভিন্ন এলাকার মানুষ। কেউ আসেন রঙিন মাছ চাষের পদ্ধতি দেখতে, কেউ আসেন তার সফলতার গল্প শুনতে, আবার কেউ নিজেরাও কীভাবে এই ব্যবসা শুরু করবেন, সেই পরামর্শ নিতে। 

সাইফুল্লাহ গাজী বলেন, বিদেশে যাওয়ার চিন্তা না করে দেশের মাটিতে থেকেই মাছ চাষ করে সফলতা অর্জন করা সম্ভব। আমি বেকার যুবকদের মাছ চাষে এগিয়ে আসার পরামর্শ দিই।

তার স্বপ্ন এখন আরও বড়। নিজের অভিজ্ঞতা ও সাফল্যকে কাজে লাগিয়ে দেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখা। মাত্র ৬২০ টাকা দিয়ে শুরু করা সাইফুল্লাহ গাজীর এই পথচলা তাই শুধু একজন মানুষের ভাগ্যবদলের গল্প নয়; এটি অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম ও আত্মবিশ্বাসের গল্প। তার খামারে প্রতিদিন মানুষের আনাগোনা এবং তার উদ্যোগে সৃষ্টি হওয়া কর্মসংস্থান যেন সেই সাফল্যেরই জীবন্ত প্রতিচ্ছবি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা