জোসনা জামান
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১১:১১ এএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অনুমোদিত প্রকল্প হিসেবে নেই; এর পরও ২ হাজার ৫৯০ কোটি টাকার একটি নতুন প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এ প্রকল্পের আওতায় সারা দেশের ৫৩ হাজার ধর্মীয় ও সামাজিক অবকাঠামো বা কবরস্থান, শ্মশান, মসজিদ, মন্দির, চার্চ, প্যাগোডা, গুরুদুয়ারা, ঈদগাহসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক স্থাপনার উন্নয়ন, সংস্কার ও সম্প্রসারণ করা হবে।
স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবিত এ প্রকল্প বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রস্তাবিত মেয়াদ ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত। তবে এখনও প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন হয়নি। বরং প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় এ প্রকল্পের বিভিন্ন খাতের ব্যয়, জনবল কাঠামো, প্রতিষ্ঠান নির্বাচন, চলমান প্রকল্পের সঙ্গে সম্ভাব্য দ্বৈততা এবং প্রকল্প শেষ হওয়ার পর অবকাঠামো রক্ষণাবেক্ষণের পরিকল্পনা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে।
প্রকল্পটি অনুমোদনের প্রক্রিয়ায় এসেছে মূলত অনুমোদনহীন নতুন প্রকল্প হিসেবে বিবেচনার মাধ্যমে। গত ২৪ আগস্ট আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভায় এটি বিবেচনার জন্য প্রস্তাব করা হয়। এরপর ৯ সেপ্টেম্বর পিইসি সভায় প্রকল্পটি পর্যালোচনা করা হয়। সভার সুপারিশ অনুযায়ী ডিপিপি সংশোধন করে আবার জমা দেওয়ার কথা রয়েছে।
জানতে চাইলে পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান মোছা. আনার কলি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রকল্পটি আগের সরকারের সময়ও ছিল। সেই প্রকল্পের ধারাবাহিকতায় নতুন করে প্রস্তাব করা হয়েছে। অনুমোদন পেলে মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশানসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করা হবে। পিইসি সভায় বিভিন্ন সুপারিশ দিয়ে প্রকল্পটি ফেরত পাঠানো হয়েছে। সংশোধিত ডিপিপি পাওয়ার পর তা পরীক্ষা করে একনেকের জন্য সুপারিশ করা হবে।’
অবকাঠামো উন্নয়নে ২,৩৬৩ কোটি
প্রকল্পটির মোট প্রস্তাবিত ব্যয় ২ হাজার ৫৯০ কোটি টাকা। এর মধ্যে ৫৩ হাজার সামাজিক অবকাঠামোর উন্নয়ন, সংস্কার ও সম্প্রসারণে ২ হাজার ৩৬২ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত অবকাঠামোর মধ্যে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক স্থাপনা রয়েছে। মসজিদ ও মন্দিরের পাশাপাশি এ তালিকায় রয়েছে কবরস্থান, শ্মশান, চার্চ, প্যাগোডা, গুরুদুয়ারা ও ঈদগাহ।
তবে ৫৩ হাজার প্রতিষ্ঠানের তালিকা কীভাবে চূড়ান্ত হবে, সেটি প্রকল্পটির একটি বড় প্রশ্ন। পিইসি সভায় প্রস্তাবিত প্রতিষ্ঠানগুলোর তালিকা এলাকাভিত্তিকভাবে সাজিয়ে ডিপিপিতে যুক্ত করতে বলা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে জনস্বার্থ ও এলাকার বাস্তব প্রয়োজনকে ভিত্তি করার নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যক্তিগত বা পারিবারিক প্রতিষ্ঠানকে প্রকল্পের আওতায় না নেওয়া এবং আগে সরকারি সহায়তা পাওয়া প্রতিষ্ঠানকে একই ধরনের কাজে নতুন করে অর্থ না দেওয়ার কথাও বলা হয়েছে। অর্থাৎ শুধু তালিকা নয়, কোন প্রতিষ্ঠান কেন প্রকল্পের আওতায় আসবে, তার যৌক্তিকতাও ডিপিপিতে দেখাতে হবে।
প্রকল্পের প্রস্তাবিত কাঠামোতে সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার সামাজিক অবকাঠামো উন্নয়নের বিষয়টি যুক্ত রয়েছে। তবে প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে কেবল তালিকার ওপর নির্ভর না করে জনস্বার্থ ও বাস্তব প্রয়োজন বিবেচনার নির্দেশ দিয়েছে পিইসি। এ কারণে ৫৩ হাজার প্রতিষ্ঠানের তালিকা বাস্তবে কীভাবে তৈরি ও যাচাই হবে, সেটি সংশোধিত ডিপিপিতে আরও পরিষ্কার করার প্রয়োজন রয়েছে।
৫৯৮ আউটসোর্সিং জনবল নিয়ে প্রশ্ন
প্রকল্পের সবচেয়ে বেশি প্রশ্ন ওঠা খাতগুলোর একটি জনবল। প্রস্তাবে ৫৯৮টি আউটসোর্সিং সেবা নেওয়ার কথা বলা হয়েছে। এ খাতে ১৩৯ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দের তথ্য রয়েছে। পিইসি সভায় প্রশ্ন তোলা হয়Ñ এত আউটসোর্সিং জনবলের প্রয়োজনীয়তা কী? একই সঙ্গে এসব জনবলের ব্যয় নির্ধারণে সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হয়েছে কি না, সেটিও জানতে চাওয়া হয়।
প্রকল্পের জনবল কাঠামো নিয়ে পাওয়া তথ্যে দেখা যায়, শুরুতে ৬৫৮টি পদ ও সেবা প্রস্তাব করা হয়েছিল। পরে অর্থ বিভাগের জনবল নির্ধারণসংক্রান্ত কমিটির পর্যালোচনায় ১০টি পদ এবং ৫৯৮টি আউটসোর্সিং সেবাÑ মোট ৬০৮ জনবলের সুপারিশ করা হয়। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর এসব পদ বা সেবা বিলুপ্ত করার শর্ত রাখার কথাও রয়েছে। ফলে প্রকল্প বাস্তবায়নের চার বছরের জন্য এত বড় জনবল কাঠামোর প্রয়োজনীয়তা এবং এর ব্যয় নিয়ে পরিকল্পনা কমিশনের প্রশ্নের বিষয়টি সংশোধিত ডিপিপিতে ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে।
পরামর্শক খাতেও আপত্তি
প্রকল্পে পরামর্শক নিয়োগের জন্যও অর্থ বরাদ্দ রাখা হয়েছিল। নকশা ও প্রকৌশল, অঙ্কন ও নকশা, অর্থ ব্যবস্থাপনা এবং অফিস ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাজে চারজন পরামর্শকের জন্য মোট ২ কোটি ২৬ লাখ টাকা প্রস্তাব করা হয়। পিইসি সভায় এ ব্যয়ের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন ওঠে। প্রকল্পে স্থানীয় পর্যায়ে অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের কাজ করবে এলজিইডি। তাই সংস্থাটির কারিগরি জনবল থাকার পরও নতুন করে পরামর্শক নিয়োগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয় এবং এর পরিপ্রেক্ষিতে পরামর্শক খাত বাদ দেওয়ার সুপারিশ করা হয়।
গাড়ি কেনা নিয়েও প্রশ্ন
পিইসিভিত্তিক তথ্যে এ প্রকল্পের প্রশাসনিক ব্যয়ে একটি জিপ কেনার জন্য ১ কোটি ১৯ লাখ টাকা বরাদ্দের প্রস্তাবের কথা বলা হয়েছে। এই বরাদ্দ বাদ দিয়ে প্রয়োজন অনুযায়ী গাড়ি ভাড়া করার ব্যবস্থা রাখার সুপারিশ করেছে পিইসি।
অফিস, বাড়িভাড়া, ভ্রমণেও বড় ব্যয়
প্রকল্পে অফিস ব্যবস্থাপনার জন্য ৪০ লাখ ৫০ হাজার টাকা, বাড়িভাড়া বাবদ ৪ কোটি ৫০ লাখ টাকা, পেট্রোল ও লুব্রিকেন্টে ২ কোটি টাকা, ভ্রমণে ৩ কোটি ৫০ লাখ টাকা, মোটরযান মেরামতে ৭৫ লাখ টাকা এবং প্রশিক্ষণে ১ কোটি ২০ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। পিইসি সভায় এসব ব্যয় যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার কথা বলা হয়েছে। অফিস ভবন ভাড়ার ব্যয় বাদ দেওয়ার বিষয়টিও বিবেচনা করতে বলা হয়েছে। অর্থাৎ প্রকল্পের ২ হাজার ৫৯০ কোটি টাকার মোট ব্যয়ের পাশাপাশি প্রশাসনিক ও ব্যবস্থাপনা খাতে কী পরিমাণ অর্থ ব্যয় হবে, সেটি আবারও পর্যালোচনা করছে পরিকল্পনা কমিশন।
একই ধরনের প্রকল্প এখনো চলছে
নতুন প্রকল্পের যৌক্তিকতা নিয়ে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলোÑ একই ধরনের আরেকটি প্রকল্প এখনো বাস্তবায়নাধীন। ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২’ নামে ১ হাজার ৪৫০ কোটি টাকার একটি প্রকল্প জুলাই ২০২২ থেকে জুন ২০২৭ মেয়াদে বাস্তবায়নাধীন। জুলাই ২০২৬ পর্যন্ত ওই প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ছিল ৪৪ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ প্রকল্পটির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে এখনো অর্ধেকের বেশি কাজ বাকি। এই অবস্থায় একই ধরনের আরেকটি বড় প্রকল্প হাতের নেওয়ার আগে চলমান প্রকল্পটির ধীরগতির কারণ এবং নতুন প্রকল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে বলেছে পরিকল্পনা কমিশন। চলমান প্রকল্পটির মূল্যায়ন প্রতিবেদন নতুন প্রকল্প প্রস্তাবের সঙ্গে যুক্ত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
কাজের দ্বৈততা এড়ানোর নির্দেশ
এলজিইডির সমাপ্ত ও বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের সঙ্গে নতুন প্রকল্পের কাজের দ্বৈততা এড়াতে বলা হয়েছে। অর্থাৎ কোনো মসজিদ, মন্দির, কবরস্থান বা অন্য সামাজিক প্রতিষ্ঠানে একই ধরনের উন্নয়নকাজ যদি ইতিমধ্যে অন্য কোনো সরকারি প্রকল্পের আওতায় হয়ে থাকে, তাহলে একই স্থাপনায় আবার অর্থ বরাদ্দ দেওয়া যাবে কি নাÑ সেটি যাচাই করতে হবে। পিইসি এ বিষয়ে সংশোধিত ডিপিপিতে প্রয়োজনীয় ব্যাখ্যা চেয়েছে।
প্রকল্প শেষে রক্ষণাবেক্ষণ হবে কীভাবে
৫৩ হাজার স্থাপনার উন্নয়ন, সংস্কার ও সম্প্রসারণের পর এগুলোর রক্ষণাবেক্ষণ কীভাবে হবে, সেটিও প্রকল্পটির একটি বড় বিষয়। পিইসি সভায় প্রকল্প শেষ হওয়ার পর এর আওতাভুক্ত সম্পদ ও নির্মিত অবকাঠামোর রক্ষণাবেক্ষণের জন্য সুনির্দিষ্ট প্রস্থান পরিকল্পনা এবং সময়বদ্ধ কর্মপরিকল্পনা ডিপিপিতে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। কারণ প্রকল্পের অর্থে অবকাঠামো নির্মাণ বা সংস্কারের পর সেটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, এলজিইডি নাকি অন্য কোনো কর্তৃপক্ষের ওপর থাকবেÑ তা আগে থেকেই নির্ধারণ করা প্রয়োজন।