বাংলাদেশ সচিবালয়। ফাইল ছবি
প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থী ও বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। অভিযোগ রয়েছে ভুয়া ও অবৈধ প্রবেশপাস, নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের অনিয়ম এবং বিভিন্ন গেট দিয়ে নিয়ম না মেনে প্রবেশের সুযোগ দেওয়ার বিষয়ে। তবে নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত সচিবালয়ে অফিস করায় নিরাপত্তা বিবেচনায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। এমন প্রেক্ষাপটে সরকার সচিবালয়ে অবৈধ ও ভুয়া পাসে প্রবেশ ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল রবিবার সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে বাংলাদেশ মোবাইল কোর্ট আইন, ২০০৯ আরও কার্যকর করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে আইনটির কয়েকটি ধারা সংশোধন ও প্রয়োগ আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বৈধ পাস ছাড়া কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেখলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গতকালও ভুয়া পাসে প্রবেশকারী কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব ড নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, জনপ্রশাসন সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. ওবায়দুর রহমান এবং পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এবং সচিবালয় নিরাপত্তা শাখার উপ-পুলিশ কমিশনাররাও বৈঠকে ছিলেন।
পাস জালিয়াতি ঠেকাতে কড়াকড়ি
সচিবালয়ের নিরাপত্তা নিয়ে সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে গুরুতর কিছু অনিয়মের তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে প্রবেশ পাস ইস্যু ও নিরাপত্তাব্যবস্থার দুর্বলতার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের একাংশের বিরুদ্ধে নিয়ম না মেনে পাস দেওয়ার অভিযোগের কথা বলা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নন-ক্যাডার কর্মকর্তাদের কেউ কেউ বেআইনিভাবে প্রবেশ পাস ইস্যু করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, সচিবালয়ের একাধিক গেট দিয়ে পুলিশ সদস্যদের সহায়তায় দর্শনার্থীরা প্রবেশের সুযোগ পাচ্ছেন। কোনো কোনো সংসদ সদস্য ছয়-সাতজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে প্রবেশ করছেন। নিরাপত্তা-সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এ ধরনের ঘটনা সচিবালয়ের স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা নষ্ট করার পাশাপাশি গুরুত্বপূর্ণ এ স্থাপনার নিরাপত্তাকেও ঝুঁকিতে ফেলছে।
ওটিপি চালুর পরও অনিয়ম
দর্শনার্থীদের প্রবেশ আরও নিয়ন্ত্রিত করতে ইতোমধ্যে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ব্যবস্থা চালু করা হয়েছে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর পাশাপাশি মাঠপর্যায়ে কঠোর নজরদারি না থাকলে শুধু ওটিপি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এ কারণে প্রবেশপথে নিয়মিত সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তাদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইন আছে, প্রয়োগ নিয়ে প্রশ্ন
বাংলাদেশ মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে অপরাধ আমলে নেওয়া ও নির্দিষ্ট ক্ষেত্রে দণ্ড দেওয়ার ক্ষমতা রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের। এটি মূলত একটি পদ্ধতিগত আইন, যার মাধ্যমে ঘটনাস্থলেই সীমিত পরিসরে বিচারিক কার্যক্রম সম্পন্ন করা হয়।
তবে সচিবালয়ের মতো সংরক্ষিত ও গুরুত্বপূর্ণ স্থাপনায় এই আইন দীর্ঘদিন কাঙ্ক্ষিতভাবে প্রয়োগ হয়নি। এবার প্রধানমন্ত্রীর নির্দেশনার পর আইনটির প্রয়োগ জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
‘হুটহাট’ প্রবেশে উদ্বেগ
সচিবালয়ে মন্ত্রী, সচিব ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়মিত যাতায়াত করেন। সংসদ সদস্য, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের নানা কাজে সচিবালয়ে প্রবেশ করতে হয়। ফলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈধ কাজের জন্য আসা মানুষের চলাচল স্বাভাবিক রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
কিন্তু সাম্প্রতিক সময়ে ২০২৪ সালের আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু ছাত্রনেতার হঠাৎ সচিবালয়ে প্রবেশ, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর দলবল নিয়ে ঢুকে পড়া এবং পাসের নিয়ম না মানার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কারও কারও ক্ষেত্রে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সহায়তায় নিয়ম ভাঙার অভিযোগও রয়েছে।
‘আগের মতো ছেড়ে দেওয়া হবে না’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এর আগে যা ঘটেছে, সে ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে অবৈধ ও ভুয়া প্রবেশপাসে দর্শনার্থীদের প্রবেশ ঠেকাতে মোবাইল কোর্ট চালু করা হচ্ছে।