× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টার্গেট বিমানবন্দর

আজিজুল ইসলাম

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ০৯:০৩ এএম

দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। ছবি: সংগৃহীত

দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। ছবি: সংগৃহীত

দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। সেই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবার বিভিন্ন দুর্বলতাকে কাজে লাগিয়ে সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। আর এর পেছনে বিরোধী দল তাদের রাজনৈতিক সমর্থক কিছু কর্মকর্তা-কর্মচারী, বিদেশি এজেন্ট, নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং কয়েকটি অনলাইন প্লাটফর্ম ও প্রবাসীভিত্তিক গ্রুপ সক্রিয় রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

সূত্রগুলোর দাবি, সাম্প্রতিক সময়ে বিমানবন্দরে যাত্রী ভোগান্তির পুরনো ও নতুন বিভিন্ন ঘটনা একত্র করে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভিডিও ভাইরাল করা হচ্ছে। বিদেশফেরত প্রবাসী ও অন্য যাত্রীদের অভিজ্ঞতাকে কেন্দ্র করে ভিডিও কনটেন্ট তৈরি, পুরনো ভিডিও পুনরায় প্রচার এবং যাত্রীদের ক্ষুব্ধ করে তোলার মাধ্যমে চেষ্টা চলছে একটি নেতিবাচক পরিবেশ তৈরির। দেশের সাধারণ মানুষ ও বিদেশিদের কাছে দেশ এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে চালানো হচ্ছে ব্যাপক অপপ্রচার। বিশেষ করে গত বৃহস্পতিবার শাহজালাল বিমানবন্দরে সংস্থাটির নির্বাহী পরিচালকের সঙ্গে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের অস্বাভাবিক আচরণ সেই প্রক্রিয়ারই অংশ বলে জানা গেছে। একটি সূত্র দাবি করেছে যে, ওমরাফেরত মেজর আখতারকে এক্ষেত্রে টেস্ট কেস হিসেবে ব্যবহার করা হয়েছে। 

তবে বিমানবন্দরে যাত্রী ভোগান্তির অভিযোগ যে পুরোপুরি ভিত্তিহীনÑ এমনটিও বলছেন না সংশ্লিষ্টরা। বরং বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যেই স্বীকার করা হয়েছে, যাত্রীর চাপের তুলনায় বিদ্যমান অবকাঠামোর সক্ষমতা কম। ফলে ইমিগ্রেশন, লাগেজ ডেলিভারি, ট্রলি ও গ্রাউন্ড হ্যান্ডলিংসহ বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সমস্যা রয়েছে। এ সুযোগেই কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালাতে পারে বলে মনে করছেন গোয়েন্দা কর্মকর্তারা।

বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিদিনের বাংলাদেশকে বলেন, একটি মহল দেশে অশান্তি ও নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তবে যেকোনো ষড়যন্ত্র সরকার কঠোরভাবে দমন করবে।

ভোগান্তির পুরনো সমস্যা, প্রচারণা নতুন

একটি গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, বিমানবন্দরে যাত্রীসেবার বিভিন্ন সমস্যা নতুন নয়। আওয়ামী লীগ সরকারের সময় এবং অন্তর্বর্তী সরকারের সময়ও এসব সমস্যা ছিল। তবে বর্তমান সরকারের সময়ে একই ধরনের ঘটনাকে সামাজিক মাধ্যমে তুলনামূলক বেশি ফলাও করে প্রচার করা হচ্ছে।

তিনি বলেন, ইমিগ্রেশনে হয়রানি, প্রবাসীদের লাগেজ কাটা, মালামাল হারানো, কনভেয়ার বেল্টে লাগেজ পেতে দেরি, ট্রলি সংকট ও কাস্টমসে হয়রানির অভিযোগÑ এসব বিষয় সামনে রেখে একটি নির্দিষ্ট বয়ান তৈরির চেষ্টা চলছে। পুরনো ভিডিওর সঙ্গে নতুন ঘটনার ভিডিও যুক্ত করে পরিস্থিতিকে আরও খারাপ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

ওই কর্মকর্তা জানান, বিমানবন্দরে কর্মরত সংশ্লিষ্ট গোয়েন্দা ইউনিট বিষয়টি সরকারের দায়িত্বশীল পর্যায়ে জানিয়েছে। তার দাবি, শাহজালালের পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর নিয়েও একই ধরনের প্রচারণা চালানোর আশঙ্কা করা হচ্ছে।

সংকটও আছে

তবে গোয়েন্দা সংস্থার এসব দাবির পাশাপাশি বিমানবন্দরের বাস্তব সক্ষমতার সীমাবদ্ধতার কথাও উঠে এসেছে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন, বছরে ৮০ লাখ যাত্রী সামলানোর সক্ষমতা থাকলেও গত বছর এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন ১ কোটি ২৭ লাখ যাত্রী। চলতি বছর যাত্রীসংখ্যা আরও বাড়তে পারে।

তিনি জানান, শাহজালালে বর্তমানে প্রায় ৩৪টি যাত্রীবাহী এয়ারলাইন্সের ১৫৯ থেকে ২০০টি ফ্লাইট ওঠানামা করে। প্রতিদিন প্রায় ৩০ থেকে ৩৫ হাজার যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেন। অথচ লাগেজ সরবরাহের জন্য রয়েছে মাত্র আটটি কনভেয়ার বেল্ট।

বিমানবন্দর কর্তৃপক্ষের এই বক্তব্যই বলছে, যাত্রী ভোগান্তির পেছনে বাস্তব অবকাঠামোগত চাপ রয়েছে। একসঙ্গে একাধিক ফ্লাইট অবতরণ করলে লাগেজ ডেলিভারি, গ্রাউন্ড সার্ভিস ও ট্রলি ব্যবস্থাপনায় তৈরি হচ্ছে চাপ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ জানান, শাহজালাল বিমানবন্দরে বর্তমানে ৩ হাজার ৯২০টি ট্রলি রয়েছে। এর মধ্যে ২০০ থেকে ৩০০টি বিভিন্ন সময়ে রক্ষণাবেক্ষণে থাকায় ব্যবহারযোগ্য থাকে প্রায় ৩ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৮০০টি। যাত্রী ভোগান্তি কমাতে আরও ৫০০টি ট্রলি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে নতুন ৩০০ ট্রলি সরবরাহ করা হয়েছে।

মেজর আখতারুজ্জামানের ঘটনা ঘিরে নতুন বিতর্ক

সাম্প্রতিক সময়ে শাহজালাল বিমানবন্দরে মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে দীর্ঘ অপেক্ষা এবং পর্যাপ্ত ট্রলি না থাকার ঘটনা নিয়ে তৈরি হয় ক্ষোভ। একই ঘটনায় ওমরাহ শেষে ফেরত আসা যাত্রীদের জমজমের পানির কন্টেইনার নিয়েও দেখা দেয় জটিলতা।

এ ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। সাধারণত ওমরা করে মক্কা-মদিনা থেকে কোনো যাত্রী অবতরণ করলে তার আচরণ হয় অনেক নমনীয় ও সহনশীল। কিন্তু ওইদিন তার আচরণ ছিল অস্বাভাবিক। 

গোয়েন্দা সূত্রের দাবি, এই ঘটনাকে কেন্দ্র করেই বিমানবন্দর নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার আরও তীব্র হয়েছে। তাদের ভাষ্য, রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে বিভিন্ন পক্ষ ঘটনাটিকে নিজেদের স্বার্থে ব্যবহারের চেষ্টা করছে।

কাজে লাগানো হচ্ছে প্রবাসী গ্রুপ ও ইনফ্লুয়েন্সারদের

বিমানবন্দর-কেন্দ্রিক অপপ্রচারে সামাজিক মাধ্যমের কিছু প্রবাসীভিত্তিক গ্রুপও যুক্ত হচ্ছে। এসব প্লাটফর্মে যাত্রীদের অভিযোগ, ভিডিও ও পুরনো বিভিন্ন ঘটনা প্রচার করা হচ্ছে।

তবে কোনো নির্দিষ্ট ফেসবুক গ্রুপ বা ব্যক্তিকে ষড়যন্ত্রের অংশ হিসেবে চিহ্নিত করার মতো স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি। ফলে এসব গ্রুপের কার্যক্রমকে গোয়েন্দা সূত্রের অভিযোগ হিসেবেই দেখা হচ্ছে।

কর্মকর্তাদের বড় পরিবর্তন হয়নি

বেবিচকের ওই সূত্রের দাবি, ৫ আগস্টের পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের শীর্ষ দুই থেকে তিনটি পদ ছাড়া বড় ধরনের পরিবর্তন হয়নি। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেও বড় ধরনের পরিবর্তন আসেনি বলে দাবি করেন তিনি।

তার মতে, দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ যদি কোনো রাজনৈতিক বা স্বার্থান্বেষী মহলের সঙ্গে যোগাযোগ রাখেন, তাহলে তাদের ব্যবহার করার সুযোগ তৈরি হতে পারে।

সরকারের ‘জিরো টলারেন্স’Ñমন্ত্রী 

বিমানবন্দর ঘিরে অস্থিতিশীলতা তৈরির অভিযোগের বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই বিমানবন্দরের সংকট তৈরি হয়েছেÑ বিষয়টি এমন নয়। আগের সরকারের কাছ থেকে পাওয়া ভঙ্গুর পরিস্থিতি সময় নিয়ে সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, সরকার স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। উদ্ভূত সমস্যাগুলো অল্প সময়ের মধ্যে সমাধান হবে বলে আশা করছেন তারা।

বিমানবন্দর-কেন্দ্রিক অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্রের বিষয়ে মন্ত্রী বলেন, সরকারের কাছে এমন তথ্য এসেছে যে, একটি বিশেষ মহল বিমানবন্দরকে কেন্দ্র করে অব্যবস্থাপনা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তবে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, তাদের ব্যাপারে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।

ফলে শাহজালাল, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর ঘিরে এখন মূল প্রশ্ন দুটিÑ একদিকে যাত্রীসেবার বাস্তব দুর্বলতা কত দ্রুত দূর করা যায়, অন্যদিকে এসব দুর্বলতাকে কেন্দ্র করে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে কি না। প্রথমটির সমাধানে অবকাঠামো ও ব্যবস্থাপনার উন্নয়ন যেমন জরুরি, তেমনি দ্বিতীয়টির ক্ষেত্রে প্রয়োজন সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত ও ব্যবস্থা। অভিযোগ আর বাস্তব সমস্যার সীমারেখা স্পষ্ট করাই এখন বিমানবন্দর ব্যবস্থাপনার জন্য বড় চ্যালেঞ্জ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা