রংপুর
মেরিনা লাভলী, রংপুর
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৬:৪১ পিএম
রংপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে গেলেও গড়ে ওঠেনি কার্যকর গণপরিবহনব্যবস্থা। ছবি পায়রা চত্বরে থেকে তোলা
রংপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে গেলেও গড়ে ওঠেনি কার্যকর গণপরিবহনব্যবস্থা। ফলে নগরীর সড়ক এখন মূলত অটোরিকশার দখলে। অতিরিক্ত অটোরিকশা, যেখানে-সেখানে যাত্রী ওঠানামা ও সড়ক-ফুটপাত দখলের কারণে প্রতিদিনই বাড়ছে যানজট।
দুবার সিটি বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হলেও অটোরিকশা শ্রমিক-মালিক সংগঠনের চাপসহ অদৃশ্য কারণে সেই বাসের চাকা ঘোরেনি নগরীর মূল সড়কে। এতে কর্মজীবী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী ও রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সচেতন ব্যক্তিরা বলছেন, নগরীর যানজট নিরসনে গণপরিবহন চালু এখন সময়ের দাবি।
রংপুর সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৮ জুন সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর থেকে দ্রুত নগরীর জনসংখ্যা বাড়তে থাকে। ২০৫ দশমিক ৭ বর্গকিলোমিটারের এই নগরীতে এখন প্রায় ১০ লাখ মানুষের বসবাস। এত বিপুলসংখ্যক মানুষের চলাচলে নগরীতে নেই সিটি বাস বা গণপরিবহনব্যবস্থা। এ জন্য নগরীতে ৫ হাজার ২৪০টি অটোরিকশা ও ৫ হাজার ১০৭টি চার্জার রিকশার লাইসেন্স দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের দাবি, নগরীতে চলাচল করছে ৪০ হাজারেরও বেশি অটোরিকশা ও চার্জার রিকশা। এ সংখ্যা সঠিক হলে লাইসেন্সপ্রাপ্ত যানবাহনের তুলনায় চলাচলকারী যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেশি। এর সঙ্গে বিভিন্ন উপজেলা থেকে আসা নিবন্ধনহীন অটোরিকশা ও রিকশা যুক্ত হয়ে যানজটের চাপ আরও বাড়াচ্ছে।
শুধু যানবাহনের সংখ্যা নয়, সড়কে চলাচলের শৃঙ্খলার অভাবও ভোগান্তির বড় কারণ। বিভিন্ন মোড় ও ব্যস্ত সড়কে অটোরিকশা দাঁড় করিয়ে রাখা, যেখানে-সেখানে যাত্রী ওঠানামা এবং ফুটপাত দখল হয়ে যাওয়ায় যান চলাচলের জায়গা সংকুচিত হচ্ছে। পথচারীদেরও অনেক ক্ষেত্রে সড়কে নেমে হাঁটতে হচ্ছে। ফলে যানবাহন ও পথচারী উভয়ের চলাচলই বাধাগ্রস্ত হচ্ছে।
নগরীর যানজট কমাতে প্রথমবার ২০১৯ সালের ২০ মে সিটি বাস সার্ভিস চালু করেন তৎকালীন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বিআরটিসির দুটি ডাবল ডেকার বাস দিয়ে একাধিক রুটে যাত্রী পরিবহনের পরিকল্পনা নেওয়া হয়। দুটি বাসের একটি সদর উপজেলার পাগলাপীর থেকে রওনা হয়ে হাজীরহাট, সিও বাজার, মেডিকেল মোড়, শাপলা চত্বর, লালবাগ, কারমাইকেল কলেজ, পার্কের মোড়, মডার্ন মোড়, পায়রাবন্দ হয়ে পীরগঞ্জ উপজেলা রুটে চলাচল করবে। অন্যটি সদরের পাগলাপীর থেকে রওনা হয়ে হাজীরহাট, সিও বাজার হয়ে নগরীর ব্যস্ততম সড়ক মেডিকেল মোড়, কাচারী বাজার, জাহাজ কোম্পানি মোড়, শাপলা চত্বর, লালবাগ, কারমাইকেল কলেজ, পার্কের মোড়, তাজহাট, সাতমাথা হয়ে কাউনিয়া উপজেলার তিস্তা সেতু পর্যন্ত চলাচল করবে। ওই বাস চলাচলে নগরীর মূল ব্যস্ততম সড়ক উপযোগী না থাকায় পরবর্তীতে নির্ধারিত রুটে চলাচলের কথা ছিল। কিন্তু পরবর্তীতে নগরীতে সিটি বাস চলাচল নিয়ে বেঁকে বসে অটোরিকশা মালিক-শ্রমিক সংগঠন। তাদের বাধার মুখে নগরীর ব্যস্ততম সড়কে আর সেই বাস চলাচল করতে পারেনি।
পরবর্তীতে ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি আবারও সিটি বাস সার্ভিস চালুর উদ্যোগ নেয় রংপুর মেট্রোপলিটন পুলিশ। তৎকালীন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান সিও বাজার এলাকায় সার্ভিসটির উদ্বোধন করেন। বিআরটিসির দুটি বাস সাতমাথা থেকে শাপলা চত্বর, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও মেডিকেল মোড় হয়ে সিও বাজার পর্যন্ত চলাচল শুরু করে। পরবর্তী সময়ে নগরীর ব্যস্ততম সড়কগুলোতে বাস চলাচলের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। ফলে রংপুর নগরীর সেই চিরচেনা যানজট দিন দিন প্রকট আকার ধারণ করছে। এতে চাকরিজীবী, ব্যবসায়ীরা সঠিক সময়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে না। অনেক শিক্ষার্থীকে যানজটে আটকে শিক্ষাপ্রতিষ্ঠানে দেরিতে পৌঁছাতে হচ্ছে। জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করা রোগীদের জীবন যানজটে পড়ে আরও সংকটাপন্ন হচ্ছে।
মাহিগঞ্জের শিক্ষক হাসেম আলীর অভিযোগ, ফুটপাত ও সড়ক দখল এবং অটোরিকশার দৌরাত্ম্যে নগরীতে চলাচল কঠিন হয়ে পড়েছে। ধাপ এলাকা, কাচারী বাজার, সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় ও শাপলা চত্বরে প্রায়ই যানজট লেগে থাকে। এতে কর্মজীবী মানুষের মূল্যবান সময় নষ্ট হচ্ছে।
রংপুর মহানগর সুজনের সভাপতি অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম বলেন, সিটি করপোরেশন প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে গেলেও গণপরিবহন চালু করা সম্ভব হয়নি। অটোরিকশার কারণে নগরীর সড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচলও কঠিন হয়ে পড়ছে। সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন বলেন, নগরীতে বর্তমানে সিটি বাস সার্ভিস নেই। পরিকল্পিতভাবে এমন বাস সার্ভিস চালু করতে হবে, যাতে তা টেকসই হয়।