অরূপ রতন, বগুড়া
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১০:৩২ এএম
শ্রেণিকক্ষে পাঠদানরত আদরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সকালের আলো ফুটতেই কৃত্রিম পায়ে ভর করে বিদ্যালয়ের পথে হাঁটেন আদরী খাতুন। তার দুই হাত স্বাভাবিক নয়। আঙুলগুলোও অসম্পূর্ণ, একটি পা কৃত্রিম। কিন্তু শ্রেণিকক্ষে ঢোকার পর এসব যেন কোনো বিষয়ই নয়। হাতে চক তুলে নেন, ব্ল্যাকবোর্ডে অক্ষর লেখেন, শিশুদের পড়ান। দায়িত্ব পালনে তার দৃঢ়তা আর আন্তরিকতার কাছে শারীরিক সীমাবদ্ধতাগুলো যেন প্রতিনিয়ত হার মানে।
বগুড়া সদর উপজেলার ধাওয়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী খাতুন। জন্ম থেকেই তার দুই হাত অন্যদের মতো পূর্ণাঙ্গ নয়। দুই হাতে তিনটি আঙুল থাকলেও অন্যগুলো অসম্পূর্ণ। একটি পা-ও কৃত্রিম। তবু এসব সীমাবদ্ধতা তার জীবনকে থামিয়ে দিতে পারেনি। মেধা, শ্রম, আত্মবিশ্বাস ও অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে একের পর এক প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে চলেছেন তিনি।
আদরীর জীবনের দর্শন খুব সহজ; যে কাজ একবারে হয় না, সেটি বারবার চেষ্টা করতে হয়। সময়ের সঙ্গে সেই চেষ্টাই তার সক্ষমতার শক্ত ভিত্তি তৈরি করেছে।
আদরী বলেন, “মানুষ ঠেকে ঠেকেই শেখে। আমি যে কাজটি পারিনি, সেটি বারবার করার চেষ্টা করেছি। প্রত্যেক মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা রয়েছে। সেই প্রতিভাকে কাজে লাগানোর পাশাপাশি মনোবল দৃঢ় রাখলেই প্রতিকূলতা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়া সম্ভব”।
ধাওয়াকোলা গ্রামের এই নারী সরকারি আজিজুল হক কলেজ থেকে এমএ পাস করেছেন। পড়াশোনা শেষ করে বিভিন্ন চাকরির জন্য আবেদন করলেও শেষ পর্যন্ত শিক্ষকতাকেই নিজের পেশা হিসেবে বেছে নেন। প্রায় ১৩ বছর ধরে শিশুদের পাঠদান করছেন আদরী। প্রতিদিনের মতো শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের পড়ান, তাদের সঙ্গে কথা বলেন, পড়াশোনার পাশাপাশি জীবনের নানা বিষয়েও উৎসাহ দেন। নিজের শারীরিক সীমাবদ্ধতাকে কখনও দায়িত্ব পালনের অজুহাত হিসেবে ব্যবহার করেননি তিনি।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কাছেও তাই আদরী শুধু একজন শিক্ষক নন, তিনি অনুপ্রেরণারও একটি নাম।
ধাওয়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা রহমান বলেন, আদরীর কাজ দেখে তারা অবাক হন। বিদ্যালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ইউটিউবে ভিডিও তৈরি করেন এবং বাগান করেন। স্বাভাবিকভাবে যে কাজগুলো করতে অনেকেই হিমশিম খান, আদরী সেসব কাজও অনায়াসে করার চেষ্টা করেন। তার কাছে প্রতিবন্ধকতা হার মেনেছে।
শুধু শিক্ষকতা নয়, সংসারের দায়িত্বও সমানভাবে সামলান আদরী। স্বামীর পেয়ারা বাগানের দেখভাল করেন। তাদের দুই ছেলে। বড় ছেলে এবার বগুড়া জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সন্তানদের মানুষ করার পাশাপাশি দীর্ঘ ১৩ বছর ধরে শিক্ষকতার দায়িত্বও নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন তিনি।
আদরীর শিক্ষার্থীরা তাকে খুব পছন্দ করে। শ্রেণিকক্ষে তার উপস্থিতি যেন শিক্ষার্থীদের সামনে জীবন্ত একটি উদাহরণ। সক্ষমতা শুধু শরীরের গড়নে নির্ধারিত হয় না; ইচ্ছাশক্তি, চেষ্টা ও আত্মবিশ্বাসও মানুষের শক্তি হয়ে উঠতে পারে।
আদরীর জীবনের গল্প কেবল একজন শিক্ষকের গল্প নয়। আদরী খাতুন দেখিয়ে চলেছেন শারীরিক সীমাবদ্ধতা মানুষের সক্ষমতার শেষ কথা নয়। চেষ্টা, আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবল থাকলে প্রতিকূলতার মধ্যেও নিজের জন্য একটি আলাদা পথ তৈরি করা সম্ভব।