চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাসে লাইটার জাহাজের সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল (বিডব্লিউটিসিসি) নির্ধারিত সিরিয়াল না মেনে প্রায় ৪০০ লাইটার জাহাজ পণ্য পরিবহন করায় এ সংকট তৈরি হয়েছে।
ফলে নির্ধারিত সময়ে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না। এতে বাড়তি খরচের মুখে পড়ছেন আমদানিকারকরা, যার প্রভাব পড়ছে পণ্যের দামে।
লাইটার জাহাজ চলাচলে শৃঙ্খলা ফেরাতে গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে বিডব্লিউটিসিসির ছাড়পত্র ছাড়া কোনো লাইটার জাহাজে পণ্য খালাস না করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে পণ্য পরিবহনে বিডব্লিউটিসিসির নির্ধারিত সিরিয়াল অনুসরণের নির্দেশ দেওয়া হয়। নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, আমদানি পণ্য নিয়ে আসা মাদার ভেসেলের অনাপত্তিপত্র (এনওসি) নিতে নৌ-বাণিজ্য দপ্তরে আবেদন করার সময় সংশ্লিষ্ট শিপিং এজেন্টকে পণ্য খালাসে নিয়োজিত লাইটার জাহাজের তালিকা দিতে হবে। পাশাপাশি নির্ধারিত সিরিয়ালের বাইরে চলাচলকারী লাইটার জাহাজগুলোকে সিরিয়াল ব্যবস্থার আওতায় আনার নির্দেশ দেওয়া হয়।
তবে বৈঠকের প্রায় ২০ দিন পরও এসব নির্দেশনা বাস্তবায়িত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, প্রায় ৪০০ লাইটার জাহাজ এখনও বিডব্লিউটিসিসির নির্ধারিত সিরিয়াল ছাড়াই বহির্নোঙর থেকে পণ্য পরিবহন করছে। এতে চাহিদা অনুযায়ী লাইটার জাহাজ পাওয়া যাচ্ছে না এবং মাদার ভেসেল থেকে পণ্য খালাসে বিলম্ব হচ্ছে। ফলে একদিকে যেমন আমদানিকারকদের বাড়তি ব্যয় গুনতে হচ্ছে, অন্যদিকে দীর্ঘসূত্রতার কারণে পণ্যের সরবরাহ ও দামের ওপরও এর প্রভাব পড়ছে।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসের অপেক্ষায় ছিল প্রায় ৫৫টি বড় জাহাজ। কিন্তু সংকট থাকায় সব জাহাজে লাইটার জাহাজ বরাদ্দ দিতে পারেনি বিডব্লিউটিসিসি।
বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের (বিএসবিওএ) সভাপতি মোহাম্মদ সারওয়ার হোসেন বলেন, এমভি বিএমসি এনডোরা নামের একটি জাহাজ ১৮ হাজার ৭০০ টন ‘বাল ক্লে’ নিয়ে গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে আসে। চাহিদা অনুযায়ী লাইটার জাহাজ পাওয়া গেলে ৪ থেকে ৫ দিনের মধ্যে ওই মাদার ভেসেলের পণ্য লাইটারিং শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনে মাত্র ১২ হাজার ২০০ টন পণ্য খালাস হয়েছে।
তিনি বলেন, শুধু ওই জাহাজ নয়, চাহিদা অনুযায়ী লাইটার জাহাজ না পাওয়ায় বহির্নোঙরে আসা অধিকাংশ মাদার ভেসেল থেকে নির্ধারিত সময়ে পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না। এতে আমদানিকারকদের পাশাপাশি শিপ হ্যান্ডলিং অপারেটররাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একটি জাহাজ এক দিন বহির্নোঙরে অবস্থান করলে একজন আমদানিকারকের ১৫ হাজার থেকে ২০ হাজার ডলার বাড়তি খরচ হয়।
তিনি আরও বলেন, পণ্য খালাসের জন্য একজন শ্রমিক জাহাজে অনবোর্ড হলে খালাস শেষ না হওয়া পর্যন্ত তাকে সেখানে থাকতে হয়। অনবোর্ড হওয়ার পর থেকেই শ্রমিকদের বেতন দিতে হয়। লাইটার জাহাজের সংকটে পণ্য খালাস বিলম্বিত হলে শ্রমিকদের বেতন-ভাতা বাবদ খরচও বেড়ে যায়।
শিপ হ্যান্ডলিং এবং বার্থ অপারেটর অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর ৩২টি জাহাজের পণ্য খালাসে ২০টি শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োজিত ছিল। এসব জাহাজে ১৫ লাখ ২৫ হাজার ৩১৫ টন পণ্য ছিল। স্বাভাবিক সময়ে বহির্নোঙরে ২ থেকে আড়াই লাখ টন পণ্য খালাস হলেও লাইটার জাহাজ সংকটে ওইদিন ৩২টি মাদার ভেসেল থেকে মাত্র ১ লাখ ৭১ হাজার টন পণ্য খালাস করা হয়। লাইটারের সংকটে ৩২টি জাহাজের মধ্যে পাঁচটিতে কাজ শুরু করা যায়নি। একটি জাহাজে পণ্য লাইটারিংয়ের জন্য শ্রমিক অনবোর্ড হলেও লাইটার জাহাজ বরাদ্দ না পাওয়ায় কাজ শুরু করা সম্ভব হয়নি। নির্ধারিত সময়ে পণ্য খালাস না হওয়ায় মাদার ভেসেলকে অতিরিক্ত সময় বহির্নোঙরে অবস্থান করতে হচ্ছে। এতে আমদানিকারকদের পরিবহন ব্যয় বাড়ছে।
লাইটার জাহাজ চলাচলে শৃঙ্খলা ফেরাতে নৌ-বাণিজ্য অধিদপ্তর একাধিক উদ্যোগ নিলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ বিষয়ে গত ১০ সেপ্টেম্বর সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন নৌ-বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী। ওই বৈঠকে তিনটি নির্দেশনা দেওয়া হয়। এগুলো হলোÑ বিডব্লিউটিসিসির ছাড়পত্র ছাড়া কোনো লাইটার জাহাজে পণ্য আনলোড করা যাবে না; পণ্য খালাসে বিডব্লিউটিসিসির নির্ধারিত সিরিয়াল অনুসরণ করতে হবে; এবং মাদার ভেসেলের এনওসি নিতে আবেদন করার সময় সংশ্লিষ্ট শিপিং এজেন্টকে পণ্য খালাসে নিয়োজিত লাইটার জাহাজের তালিকা জমা দিতে হবে। এ ছাড়া বর্তমানে বিডব্লিউটিসিসির নির্ধারিত সিরিয়াল ছাড়া চলাচলকারী লাইটার জাহাজগুলোকে সিরিয়াল ব্যবস্থার আওতায় আনার নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। নির্ধারিত সিরিয়াল না মেনে চলাচল অব্যাহত রাখলে সংশ্লিষ্ট লাইটার জাহাজের রুট পারমিট, সার্ভে রিপোর্ট ও বে-ক্রসিং পারমিশন বাতিল করার কথাও বলা হয়। একই সঙ্গে শিপিং এজেন্টরা পণ্য খালাসে নিয়োজিত লাইটার জাহাজের তালিকা না দিলে মাদার ভেসেলকে বন্দর ছাড়ার অনাপত্তিপত্র দেওয়া হবে না বলে জানানো হয়।
তবে এসব নির্দেশনার কোনোটিই গত ২০ দিনে বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। এর মধ্যে সর্বশেষ গত বৃহস্পতিবার আবার বৈঠকে বসেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক। বৈঠকে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে সব লাইটার জাহাজকে সিরিয়ালের আওতায় আনা হবে বলে তিনি জানান।
নির্দেশনা বাস্তবায়ন না হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন কয়েকজন আমদানিকারক। তাদের মতে, লাইটার জাহাজ মালিকদের পাশাপাশি বিডব্লিউটিসি ও নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তাদেরও এ বিষয়ে দায়িত্ব রয়েছে। দীর্ঘদিন ধরে কিছু লাইটার জাহাজ সিরিয়ালের বাইরে চলাচল করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
বিডব্লিউটিসিসির সাবেক কো-কনভেনার বেলায়েত হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক একের পর এক বৈঠক করলেও কোনো সমাধান হচ্ছে না। গত ১০ সেপ্টেম্বরের বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার একটিও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। প্রায় ৪০০ লাইটার জাহাজ সিরিয়াল মানছে না এবং তারা আগের মতোই পণ্য পরিবহন করছে। তিনি বলেন, বৈঠকে অনেক কথা হয়, কিন্তু বাস্তবে তার প্রয়োগ দেখি না। আদৌ শৃঙ্খলা ফিরবে কি না, আমরা সন্দিহান।