× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চর সামাইয়া যেন মাছের খনি

জুয়েল সাহা বিকাশ, ভোলা

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১০:২৬ এএম

ভোলা সদরের চর সামাইয়া ইউনিয়নের একটি খামারে মাছ আহরণের ব্যস্ততা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভোলা সদরের চর সামাইয়া ইউনিয়নের একটি খামারে মাছ আহরণের ব্যস্ততা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাত্র একটি ইউনিয়ন থেকে বছরে মাছ বিক্রি হয় প্রায় দেড়শ কোটি টাকা। শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্য। এটি ভোলার সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের ঘটনা। ওই ইউনিয়নের চাষিরা মাছ চাষের বিপ্লব ঘটিয়ে প্রমাণ করেছেন অবাস্তব বলে কিছু নেই, পরিশ্রম ও মনোবল থাকলে সবই সম্ভব।

ছোট-বড় পুকুর আর ঘেরে ভর্তি চর সামাইয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সদর উপজেলার মৎস্য বিভাগের তথ্য মতে, উপজেলার ১৩টি ইউনিয়নে ছোট-বড় মিলে সংখ্যা প্রায় ৯ হাজার। বাণিজ্যিকভাবে মাছ চাষ হয় প্রায় আড়াই হাজার পুকুর ও ঘেরে। এরমধ্যে চর সামাইয়া ইউনিয়নেই বড় পুকুর ও ঘেরের সংখ্যা ২ শতাধিকেরও বেশি। এ ছাড়া বাণিজ্যিকভাবে ছোট-বড় মিলে প্রায় ৫ শতাধিকের বেশি পুকুর ও ঘেরে মাছ চাষ হচ্ছে। এরমধ্যে সবচেয়ে বেশি হচ্ছেÑ রুই, কাতলা, পাঙাশ, তেলাপিয়া, পাবদা, কই, শিং। 

সরেজমিন চর সামাইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার মৎস্য খামারে গিয়ে দেখা গেছে, পুকুর ও ঘেরের মালিক ও শ্রমিকরা মিলে মাছের খাবার দিচ্ছেন। আবারও কোথাও মাছ ধরছেন বিক্রির জন্য। 

খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকার পাইকার ছাড়াও জেলার বাইরে বরিশাল, ঝালকাঠি ও লক্ষ্মীপুরে মাছ বিক্রি করেন তারা। জেলার বাইরের পাইকাররা ট্রাকে করে শত শত টন মাছ নিয়ে যান। অনেক পাইকার আবার নিজেরা পুকুর ও ঘের ঠিকা ও এককালীন কিনে শ্রমিক দিয়ে মাছ ধরে নিয়ে যান।

মাছের খাবার দিচ্ছেন এক ব্যক্তি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ, আব্দুল কুদ্দুস ও শিহাব হাওলাদার জানান, চর সামাইয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে পুকুর ও ঘেরে মাছ চাষ করে শত শত শিক্ষিত বেকার যুবক স্বাবলম্বী হয়েছেন। ভাগ্য বদলেছে অনেকের। এ ছাড়াও স্থায়ীভাবে কাজের সুযোগ হয়েছে হাজার হাজার শ্রমিকের। চাষিরা বিভিন্ন ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় গ্রামীণ জনউন্নয়ন সংস্থার (জিজেইউএস) বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দ্রুত সফল হচ্ছেন।

তারা আরও জানান, মাছচাষে সফল হওয়ায় এখন অনেকেই মাছচাষে উদ্ধুদ্ধ হচ্ছেন। তাদের দাবি, প্রতি বছর চর সামাইয়া ইউনিয়নের পুকুর ও ঘের থেকে দেড় থেকে দুইশ কোটি টাকার দেশীয় মাছ বিক্রি হচ্ছে। 

মাছচাষি সাহাবুদ্দিন জানান, কয়েক বছর আগে তিনি টিভি ও ইউটিউবে দেখেছেন, পুকুর ও ঘেরে দেশীয় মাছচাষ করে কোটি টাকা আয় করা সম্ভব। সেই থেকে তিনি মাছচাষে উৎসাহী হন। এ ছাড়া তার আত্মীয় ও পরিবারের লোকজন মাছচাষে তাকে আগ্রহী করেন। এরপর তিনি তিন একরের ঘের দিয়ে শুরু করেন পাঙাশ ও তেলাপিয়া মাছচাষ। একজন শ্রমিক রাখেন তার সহযোগিতার জন্য। 

তিনি আরও জানান, কয়েকমাস পর মাছ বড় হলে পাইকারদের কাছে বিক্রি শুরু করেন। সব খরচ বাদের তার প্রায় ১ লাখ টাকা লাভ হয়। এতে তিনি আরও উৎসাহিত হন। এরপর তিনটি ঘের ও দুটি পুকুরে মাছচাষ শুরু করেন। পরের বছর আরও পুকুর ও ঘের নিয়ে পাঙাশ ও তেলাপিয়ার পাশাপাশি রুই, কাতলা, কই ও শিং চাষ শুরু করেন। তখন আরও বেশি সফলতা পান। সাহাবুদ্দিনের দাবি, বর্তমানে ১০টি ঘের ও ১৫টি পুকুর থেকে বছরে প্রায় দেড় কোটি টাকার মাছ বিক্রি করেন তিনি।

আরেক চাষি মাকসুদ মাতাব্বর জানান, ১০-১২ বছর আগে ধার-দেনা ও ঋণ নিয়ে মাছচাষ শুরু করেন। বর্তমানে তিনি ৩৫টি পুকুর ও ৫টি ঘের থেকে বছরে ২ থেকে আড়াই কোটি টাকার মাছ বিক্রি করছেন। তার সফলতা দেখে অনেক শিক্ষিত বেকার যুবক এবং ব্যবসায়ী মাছচাষে আগ্রহী হচ্ছেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান ভূঁইয়া জানান, চর সামাইয়া ইউনিয়ন দেশি মাছচাষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছচাষ করে শত শত খামারি আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। অনেক বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, ওই ইউনিয়ন থেকে বছরে প্রায় দেড়শ কোটি টাকার মাছ বিক্রি হয়। যা ভোলাসহ বিভিন্ন জেলায় যায়। তাদের পক্ষ থেকে খামারিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি নতুন খামারিদেরও প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা