× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢেলে সাজানো হচ্ছে ডিএমপিকে

তানভীর হাসান

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ০৮:০৭ এএম

 ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো।

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ডিএমপির ৫০টি থানার সীমানা নতুন করে নির্ধারণ করা হচ্ছে।

পাশাপাশি জনবল বাড়ানো, থানা ও জোনে পেশাদার কর্মকর্তাদের পদায়ন এবং সাইবার ক্রাইম ইউনিটকে আরও সক্রিয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ডিএমপির শীর্ষ পর্যায়েও রদবদলের গুঞ্জন রয়েছে।

ডিএমপির এ পুনর্বিন্যাসের উদ্যোগ শুরু হয় রাজধানীর কয়েকটি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ও নানা ধরনের তৎপরতার পর। এরই মধ্যে ডিএমপির চারটি জোনের ডিসিকে সরানো হয়েছে। এক রাতেই ডিএমপির গুরুত্বপূর্ণ আরও ১১ পদে রদবদল করা হয়েছে। অফিসার অন ডিউটি (ওসি) পদেও ব্যাপক রদবদল করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটনের কোতোয়ালি থানার ওসিকে বদলি করে গুলশান থানায় পদায়ন করা হয়েছে।

এভাবে আরও অন্তত ৩০ ওসি ও অন্তত ১২ জন ডিসিকে ডিএমপিতে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ডিবির উত্তর ও দক্ষিণের জয়েন্ট কমিশনার পদেও নতুন পদায়ন হতে যাচ্ছে।

ডিএমপির এক কর্মকর্তা জানান, থানা ও জোনের ডিসি-এডিসিরা মাঠপর্যায়ে কাজ করেন এবং নেতৃত্ব দেন। তাই চৌকস এডিসিদের খুঁজে ঢাকায় আনার কাজ চলছে। দ্রুতই তাদের ঢাকায় এনে পদায়ন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অপরাধ পরিস্থিতি বিবেচনায় ডিএমপির কাঠামোগত পুনর্বিন্যাস সময়োপযোগী উদ্যোগ। থানার সীমানা নির্ধারণে জনসংখ্যা, অপরাধের ধরন ও ভৌগোলিক বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, দক্ষ ও পেশাদার কর্মকর্তাদের মাঠপর্যায়ে পদায়ন, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং ডেটাভিত্তিক পুলিশিং জোরদার করা গেলে অপরাধ নিয়ন্ত্রণ ও পুলিশের জবাবদিহিÑ দুই ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ১৯৭৬ সালে ১২টি থানা ও প্রায় ৬ হাজার সদস্য নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে এর কাঠামো অনেক বড় এবং ৫০টি থানাকে কেন্দ্র করে মহানগর পুলিশের কার্যক্রম পরিচালিত হচ্ছে। জনবল প্রায় ৩০ হাজার। নতুন থানা তৈরির অংশ হিসেবে ২০১১ সালে রাজধানীর কয়েকটি থানাকে ভেঙে নতুন আরও কয়েকটি থানা গঠন করা হয়। এর মধ্যে তৎকালীন লালবাগ থানা ভেঙে বংশাল ও চকবাজার থানা গঠন করা হলে মূল লালবাগ থানার আয়তন অনেক ছোট হয়ে যায়। তবে চকবাজার থানার সীমানা বড় হলেও লালবাগ ও চকবাজারের জনবল একই। একইভাবে কামরাঙ্গীরচরের বিশাল এলাকায় রয়েছে মাত্র একটি থানা। অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত মোহাম্মদপুর থানা এলাকাটিও অনেক বড়। অথচ এর পাশেই আদাবর থানার আয়তন তুলনামূলকভাবে কম। একইভাবে মিরপুরের শাহআলী ও রূপনগর থানাকে ডিএমপির সবচেয়ে ছোট থানা হিসেবে গণ্য করা হয়। এর আশপাশের থানাগুলোর আয়তনও এই দুই থানার সমান। এ কারণে মিরপুর, পল্লবী, কাফরুল, ভাষানটেক ও দারুস সালাম থানার অপরাধ দমনে পুলিশকে বেগ পেতে হচ্ছে। উত্তরা পূর্ব ও পশ্চিম থানার সীমানাও একই। এভাবে রাজধানীর প্রায় সব থানা এলাকার সীমানাতেই অসামঞ্জস্য রয়েছে।

ডিএমপির দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ২০১১ সালের পর নতুন থানা গঠনের সময় সেখানে দায়িত্বে থাকা ওসি নিজের সুবিধামতো সীমানা তৈরি করে ম্যাপ চূড়ান্ত করেন। এর পেছনে অসৎ উদ্দেশ্য ছিল। এ কারণে নতুন থানাগুলোর সীমানা খুবই কম। তবে জনবল ও লজিস্টিক সাপোর্ট প্রায় সব থানায় একই।

এ কারণে নতুন করে সীমানা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে কাজ শুরু করেছে ডিএমপির একটি বিশেষ টিম। তারা নতুন সীমানা নির্ধারণ করবে। এতে ছোট থানাগুলো আরও সক্রিয়ভাবে কাজ করার সুযোগ পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

থানা এলাকায় প্রায় ১১ হাজার সিসি ক্যামেরা বসানোর কাজও চলছে। থানায় বসেই মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ রয়েছে কর্মকর্তাদের। এতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে মনে করেন পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা। এর পাশাপাশি ডেটাভিত্তিক পুলিশিং ও ডিজিটাল সেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় এআইভিত্তিক ক্যামেরা এবং ভিডিও ফুটেজনির্ভর ই-প্রসিকিউশন ব্যবস্থা আরও বড় পরিসরে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 

সাইবার অপরাধ নিয়ন্ত্রণেও সাইবার ক্রাইম ইউনিটকে আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কিশোর অপরাধীদের গ্রেপ্তারের পর তাদের তথ্য সংরক্ষণে আলাদা ডেটাবেজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। তাদের মামলা, জামিন ও কর্মকাণ্ডের তথ্য সংরক্ষণের পাশাপাশি মুক্তির পর তাদের ওপর নজরদারির পরিকল্পনাও রয়েছে।

ডিএমপির এক কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পাশাপাশি দখল, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনাও বেশি সামনে এসেছে। এ ধরনের ঘটনার কিছু ভিডিও ফুটেজ রাজধানীতে অপরাধ দমনে ব্যর্থতার অভিযোগকে জোরালো করেছে। 

এসব কারণে সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে ডিএমপি কমিশনারকে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে ওই কর্মকর্তা জানান। 

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির মিডিয়া সেন্টারের ডিসি আক্তার হোসেন বলেন, বদলি-পদায়ন পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। তবে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে রাখতে নানা ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা