বর্তমান আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ হলো কিশোর গ্যাং। প্রতীকী ছবি
পাড়ার মোড়ে আড্ডা, হাতে ধারালো অস্ত্র, মোটরসাইকেলে মহড়া থেকে ছিনতাই, চাঁদাবাজি, মাদক, হামলা এমনকি হত্যার মতো গুরুতর সব অপরাধেই জড়াচ্ছে কিশোররা। ঢাকা ও ঢাকার বাইরে প্রতিটি মহানগর, জেলা-উপজেলায়ও একই অবস্থা। শিক্ষাপ্রতিষ্ঠান ঘিরেও গড়ে উঠছে কিশোর গ্যাং চক্র। কিশোর গ্যাং সারা দেশে রীতিমতো এক আতঙ্কে রূপ লাভ করেছে।
বর্তমান আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ হলো এই কিশোর গ্যাং। রাজধানী ঢাকাসহ সারা দেশে এমন ৩৮৬টি কিশোর গ্যাং চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সবকটি গ্যাংয়ের সক্রিয় সদস্য চার হাজারেরও বেশি।
আইনশৃঙ্খলা বাহিনী অনেককে চিহ্নিত করলেও বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রয়েছে সীমাবদ্ধতা। ফলে কিশোরদের আড়ালে থাকা প্রাপ্তবয়স্ক হোতারাও থাকছে ধরাছোঁয়ার বাইরে। এই গ্যাং নিয়ন্ত্রণে সরকার কঠোর উদ্যোগ গ্রহণ করেছে। আগামী তিন মাসের মধ্যে সারা দেশে কিশোর গ্যাং বিরোধী অ্যাকশন শুরু হবে বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর হিসাব অনুযায়ী, দেশে সক্রিয় ৩৮৬টি কিশোর গ্যাংয়ের সদস্য অন্তত ৪ হাজার ২৫০ জন। এর মধ্যে ঢাকা মহানগরেই রয়েছে ১৫৯টি গ্যাং, যার সদস্য ১ হাজার ৮১২। ঢাকার বাইরে ২২৭টি গ্যাংয়ে রয়েছে প্রায় ২ হাজার ৫৫০ সদস্য। চট্টগ্রাম মহানগরে ৯৮টি, সিলেটে ১৫টি, রাজশাহীতে ১৩টি, গাজীপুরে ১৩টি ও খুলনায় সাতটি গ্যাং সক্রিয়। অন্যান্য মহানগর ও জেলায় রয়েছে আরও ৮১টি।
এসব গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে স্থানীয়ভাবে ছিনতাই, হামলা, মাদক কারবার ও সেবনের অভিযোগ রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষেও জড়াচ্ছে তারা। গুরুতর অপরাধের মধ্যে হত্যাকাণ্ডেও কিশোর গ্যাংয়ের সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। স্থানীয় প্রভাব বিস্তার ও ক্ষেত্রবিশেষে রাজনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবেও ব্যবহার হচ্ছে গ্যাংগুলো।
চলতি বছরের এপ্রিলে রাজধানীর মোহাম্মদপুরে প্রতিদ্বন্দ্বী কিশোর গ্যাংয়ের সংঘর্ষে ইমন ওরফে অ্যালেক্স ইমনকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে। মামলায় ২১ জনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১২ জনকে করা হয় অজ্ঞাত আসামি । এর আগে মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী ও বেড়িবাঁধ এলাকায় ‘ব্রেভ ডেঞ্জার স্ট্রং কিং’—বিডিএসকেÑ গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, যৌন হয়রানি, মাদক সেবন ও মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তারের ঘটনাও ঘটে।
অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অনেক ক্ষেত্রে আড্ডা, মাদক সেবন, ছোটখাটো চুরি কিংবা মারামারি দিয়েই কিশোর গ্যাংয়ের অপরাধের সূচনা ঘটে। পরে সংঘবদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের হাতে আসে দেশীয় অস্ত্র, মোটরসাইকেল ও মাদক। বাড়তে থাকে আধিপত্য বিস্তারের প্রবণতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের শক্তি ও দুঃসাহস প্রদর্শনের প্রবণতাও অপরাধে উৎসাহ জোগাচ্ছে। সবচেয়ে বড় উদ্বেগের জায়গাÑ কিশোরদের বয়স, অপরাধ সম্পর্কে অপরিপক্বতা ও আইনি ব্যবস্থার কিছু সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে তাদের ব্যবহার করছে প্রাপ্তবয়স্ক অপরাধীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে বৃহস্পতিবার ‘মূল্যহীন শৈশব-কৈশোর : শিশু নিয়োগ, প্রাপ্তবয়স্কের দায়মুক্তি ও সুরক্ষার অনভিপ্রেত মূল্য’ শীর্ষক অনুষ্ঠানেও বিষয়টি উঠে আসে। স্বাধীন গবেষণাপ্রতিষ্ঠান এশিয়ান সোশিও-লিগ্যাল সেন্টার ফর এম্পিরিক্যাল অ্যান্ড ডকট্রিনাল রিসার্চ (অ্যাসেন্ড) অনুষ্ঠানটির আয়োজন করে। সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক কে এম জাহিদুল ইসলাম বলেন, কিশোরদের ‘কিশোর গ্যাং’-এ কারা সম্পৃক্ত করছে, তা নিয়ে আলোচনা জরুরি। ‘গডফাদাররা’ সব সময়ই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। একই অনুষ্ঠানে আয়ারল্যান্ডের গবেষক ক্যাথরিন নটন শিশুদের দিয়ে অপরাধ করানোর পেছনের মূল ব্যক্তিদের নাম অবিলম্বে প্রকাশের দাবি জানান।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পারিবারিকভাবে সঠিক দিকনির্দেশনা, নজরদারি ও সহায়তার অভাবে অনেক কিশোর অপরাধের চক্র থেকে বের হতে পারছে না। তাদের অসহায়ত্বকে পুঁজি করে স্বার্থান্বেষী ও অপরাধীরা গ্যাং তৈরি করে কিশোরদের নানা অপকর্মে ব্যবহার করছে।
তিনি বলেন, শুধু কিশোরদের গ্রেপ্তার করলেই সমাধান হবে না; যারা তাদের ব্যবহার ও পৃষ্ঠপোষকতা করছে, তাদেরও আনতে হবে আইনের আওতায়। পাশাপাশি কাউন্সেলিং, শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, পরিবারভিত্তিক তদারকি ও পুনর্বাসনের ব্যবস্থাও প্রয়োজন।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে সচেতনতামূলক কার্যক্রমও চলছে।
এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বলেন, শুধু সদস্যদের গ্রেপ্তার নয়, গ্যাংয়ের মূল হোতাদের শনাক্ত করে তাদের কার্যক্রম বন্ধে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে তাদের গবেষণা ও উন্নয়ন (আরএনডি) সেলও কাজ করছে।
সাম্প্রতিক দুটি ঘটনায় কিশোর গ্যাংয়ের অপরাধের ভয়াবহ চিত্র সামনে এসেছে। ১৮ সেপ্টেম্বর কুমিল্লায় ১৩ বছর বয়সী স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম নিখোঁজ হয়। পরদিন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় তদন্তে জানা যায়, টিকটক ভিডিও বানানোর প্রলোভন ও ছবি তোলার কথা বলে তাকে সেখানে ডেকে নেওয়া হয়েছিল। তদন্তে উঠে আসে, তার আইফোন ছিনিয়ে নেওয়াই ছিল খুনিদের মূল উদ্দেশ্য। এ ঘটনায় গ্রেপ্তার সাইফুল ইসলাম তুহিনসহ অন্যদের স্থানীয় ‘RZ-36’ গ্যাংয়ের সদস্য বলে উল্লেখ করা হয়েছে। তুহিন কোটবাড়ী ও বিশ্ববিদ্যালয় এলাকায় নতুন গ্যাং তৈরি এবং মোটরসাইকেল মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিল বলে জানা যায়। অন্যদিকে গত ৮ সেপ্টেম্বর উত্তরার দিয়াবাড়ীর গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. আনাস হাসান শাফিলকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ ওঠে ইমতিয়াজ ও তার সহপাঠীদের বিরুদ্ধে। এক শিক্ষার্থীর ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়া ও বিক্রির অভিযোগ তুলে তাকে বাইরে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে মারধর, মাছ ধরার ছিপ দিয়ে পেটানো এবং কান ধরে ওঠবস করিয়ে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। ঘটনাটি ভিডিও করার দুই দিন পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেওয়া হয়। ১২ সেপ্টেম্বর তুরাগ থানায় এ ঘটনায় জিডি করেন ভুক্তভোগীর মা নাদিয়া। এতে ইমতিয়াজ হোসেন আনান, মাহফুজুর রহমান আলিফ, সরোজিনী শেজা, ফায়াজ হকসহ কয়েকজনের নাম ও অজ্ঞাতদের বিরুদ্ধে অভিযোগ করা হয়। পরিবার বলছে, ভিডিও ছড়িয়ে পড়ায় আনাস অপমান ও মানসিক চাপে রয়েছে। ভবিষ্যতে আবার হামলার আশঙ্কাও রয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের স্থানীয় কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে।
তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিশোর গ্যাং উচ্ছেদ হবে Ñচিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিশোর গ্যাং উচ্ছেদ হবে। তিনি শুক্রবার তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-বিএফডিসিতে আয়োজিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
নূরুল ইসলাম মনি বলেন, কিশোররা স্কুলে যাবে, পড়ালেখা করবে, কৃত্রিম বুদ্ধিমত্তা শিখবে, দক্ষ মানুষ হবে, তারা অস্ত্র চাপাতি নিয়ে ঘুরবে না। কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।