আব্দুল মাজিদ চৌধুরী, সিলেট
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৯:২৯ পিএম
সিলেট সিটি করপোরেশন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিলেট সিটি করপোরেশনে (সিসিক) দীর্ঘ ৭ বছর ধরে লাখো বাসিন্দাকে দেওয়া হচ্ছে সাদাকালো জন্মনিবন্ধন সনদ। যেখানে জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন সাধারণ ইউনিয়ন পরিষদের নাগরিকরা অনায়াসে আধুনিক ও ডিজিটাল রঙিন সনদ পাচ্ছেন, সেখানে দেশের অন্যতম প্রধান ও ধনী একটি সিটি করপোরেশন এই সেবা দিতে ব্যর্থ হচ্ছে।
আধুনিক প্রযুক্তির এই স্বর্ণযুগে সিসিকের মতো একটি বড় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এমন চরম উদাসীনতায় তীব্র ক্ষোভ ও চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার লাখ লাখ ভুক্তভোগী নাগরিক।
অনুসন্ধানে জানা যায়, ২০১৯ সালে দেশে কেন্দ্রীয়ভাবে নতুন নিয়মে ডিজিটাল জন্মনিবন্ধন প্রক্রিয়া (বিডিআরআইএস) শুরু হওয়ার পর থেকেই সিলেটে এই অদ্ভুত বৈষম্য চলে আসছে। পূর্বে সিসিকের অধীনে ২৭টি ওয়ার্ড থাকলেও বর্তমানে সীমানা বর্ধিতকরণের পর ওয়ার্ড সংখ্যা দাঁড়িয়েছে ৪২টিতে। আর এই ৪২টি সাধারণ ওয়ার্ডের কয়েক লাখ মানুষ ডিজিটাল সনদের জন্য আবেদন করে প্রতিনিয়ত সাদাকালো প্রিন্ট হাতে পাচ্ছেন। অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ, সরকারি-বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বিদেশে উচ্চশিক্ষা কিংবা পাসপোর্টের আবেদনের জন্য রঙিন সনদের বাধ্যবাধকতা থাকায় সাধারণ মানুষকে বিপাকে পড়তে হচ্ছে। অনেকে বাধ্য হয়ে ফটোকপির দোকান থেকে নিজ দায়িত্বে রঙিন প্রিন্ট বা লেমিনেটিং করে নিচ্ছেন, যা পরবর্তীতে বিভিন্ন দপ্তরে জালিয়াতি হিসেবে গণ্য হওয়ার ঝুঁকি তৈরি করছে।
নাগরিকদের অভিযোগ, ডিজিটাল বাংলাদেশের রূপান্তর পেরিয়ে দেশ যখন স্মার্ট প্রযুক্তির দিকে ধাবিত হচ্ছে অথচ, শতকোটি টাকার বাজেট থাকা সিসিক কেন বছরের পর বছর ধরে প্রতিটি ওয়ার্ডে একটি করে কালার প্রিন্টারের ব্যবস্থা করতে পারছে না। তা যেন এক বড় রহস্য।
ভৌগোলিক, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও কেন সিসিকের নাগরিকরা ডিজিটাল যুগের এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেনÑ তা নিয়ে এখন সুশীল সমাজ ও সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। সাধারণ মানুষের দাবি, অবিলম্বে আমলাতান্ত্রিক জটিলতা ও উদাসীনতা দূর করে, অতিদ্রুত এই সমস্যার সমাধান করা হোক। ইউনিয়ন পরিষদের মতোই সিসিক এলাকাতেও প্রতিটি ওয়ার্ডে রঙিন জন্মনিবন্ধন সনদ সরবরাহ নিশ্চিত করে দীর্ঘ ৭ বছরের ভোগান্তির অবসান ঘটানো যেন এখন সময়ের দাবি।
এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে সিসিকের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাকারিয়া আহমদ রহিম বলেন, দেশের সবকিছুতে ডিজিটালের ছোঁয়া লাগলেও সিসিক যেন এখনও অ্যানালগ সিস্টেমেই পড়ে রয়েছে। যেখানে গ্রামের একটি সাধারণ ইউনিয়নে রঙিন সনদ দেওয়া হয়, সেখানে সিলেট সিটি করপোরেশনের মতো জায়গায় কালার সনদ দেওয়া হয় না। এর থেকে আফসোসের বিষয় আর কী হতে পারে।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, রঙিন সনদ দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। যদি কারও বিশেষ প্রয়োজন হয়, আমরা তাকে সফট কপি দিয়েও সহযোগিতা করি। তবে আমরা রঙিন সনদ দেওয়ার বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।