× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বনাঞ্চলের বুকে পিচঢালা পথরেখা

ফুয়াদ মোহাম্মদ সবুজ, মহেশখালী (কক্সবাজার)

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৯:২৬ পিএম

কালারমারছড়া ও জালেয়ারমার ঘাট পাহাড়ি সড়ক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কালারমারছড়া ও জালেয়ারমার ঘাট পাহাড়ি সড়ক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আইনি জটিলতা ও আদালতের স্থগিতাদেশ পেরিয়ে ফের শুরু হয়েছে কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া-জেএম ঘাট সংযোগ সড়কের নির্মাণকাজ। স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের সম্ভাবনা তৈরি হলেও সংরক্ষিত বনাঞ্চলের ভেতর দিয়ে সড়ক নির্মাণ ঘিরে পরিবেশগত ক্ষতির আশঙ্কা ও বন বিভাগের আপত্তি নতুন করে সামনে এসেছে। উন্নয়ন বনাম পরিবেশ সংরক্ষণের এই দ্বন্দ্বের মধ্যেই আদালতের শর্ত মেনে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে এলজিইডি।

স্থানীয় সরকার প্রকৌশলীর দাপ্তরিক সূত্রে জানা গেছে, পুরো সড়কের ৪ দশমিক ৬৬ কিলোমিটার অংশে প্রায় দুই কিলোমিটার বক্স ও এল-ড্রেন এবং ১৫টি শক্তিশালী আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে, যা বর্ষাকালে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির পানি দ্রুত সাগরে নামিয়ে দেবে। রাতে নিরাপদে চলাচলে স্থাপন করা হচ্ছে ৮০টি উন্নতমানের সৌরবিদ্যুৎ চালিত স্ট্রিট লাইট। এ ছাড়া পাহাড় ও খালের পাশের ঢাল রক্ষা করতে রিটেইনিং ওয়াল ও পরিবেশবান্ধব ভেটিভার বা বিন্না ঘাস রোপণ করা হচ্ছে।

জানা যায়, স্বাধীনতা-উত্তর পাঁচ দশকেরও বেশি সময় ধরে অবহেলিত কালারমারছড়া ও জেএম ঘাট অঞ্চলের মানুষের কাছে এই সড়ক যেন বহু প্রতীক্ষিত স্বপ্নের বাস্তবায়ন। 

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, আমাদের তিনটি প্রজন্ম কাঁচা আর ইটের সোলিংয়ের ভাঙাচোরা রাস্তায় বর্ষাকালে হাঁটুসমান কাদা মেখে চলাচল করেছে। বর্ষায় রোগী নিয়ে উপজেলা সদরে যাওয়া যে কী নরক যন্ত্রণা, তা আমরা ছাড়া কেউ বুঝবে না। তবে স্থানীয়দের একাংশের আশঙ্কা, নতুন সড়কে যানবাহনের গতি বাড়বে এবং বেপরোয়া চালনার দুর্ঘটনাও ঘটতে পারে। 

মহেশখালী সংরক্ষিত বন বিভাগের প্রধান কর্মকর্তা (রেঞ্জার) হুমায়ুন কবীর বলেন, প্রস্তাবিত ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির প্রায় ৩ দশমিক ৭০ কিলোমিটার অংশই মহেশখালী সংরক্ষিত বনাঞ্চলের (পাহাড় মৌজা) বুক চিরে গেছে। সংরক্ষিত বনের ভেতরে কোনো রকম স্থায়ী অবকাঠামো বা পাকা সড়ক নির্মাণ জাতীয় বন নীতি ও প্রচলিত বন আইনের সম্পূর্ণ পরিপন্থী। বনের মধ্য দিয়ে সড়ক নির্মিত হলে বনভূমির ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হবে, অবৈধ দখলদারিত্ব বাড়বে। 

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এই সড়ক নির্মাণের তীব্র বিরোধিতা করে শক্ত অবস্থান নিয়েছে। বেলা-ই প্রথম এই বেআইনি সড়ক নির্মাণের বিরুদ্ধে উচ্চ আদালতে আইনি লড়াই শুরু করে। 

বাপার মহেশখালী শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক জানান, সংরক্ষিত বনের মধ্য দিয়ে ১৮ ফুট চওড়া পাকা রাস্তা তৈরি হলে বনের অস্তিত্বই সংকটে পড়বে। তিনি বলেন, জাতীয় উন্নয়ন প্রয়োজন হলেও তা একটি পুরো দ্বীপের ইকোলজিক্যাল ব্যালান্স বা পরিবেশগত ভারসাম্য ধ্বংস করে হতে পারে না। 

পরিবেশবিদ অলিউর রহমান রুশাই বলেন, আমরা যোগাযোগের বিরোধী নই, তবে একটি সংরক্ষিত পাহাড়ি বনের মধ্য দিয়ে ভারী যানবাহন চলাচলের উপযোগী রাস্তা করা মানে সেই বনকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। সর্বোচ্চ আদালত যে শর্ত দিয়েছেন, তা শতভাগ মেনে পাহাড় না কেটে যদি বিকল্প পথ বা পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ করা যেত, তবে পরিবেশ ও মানবকল্যাণÑ দুই কূলই রক্ষা পেত।

এলজিইডির প্রকৌশলীদের দাবি, এটি নতুন কোনো পাহাড় বা বন কেটে তৈরি করা সম্পূর্ণ নতুন রাস্তা নয়। স্বাধীনতার পর থেকেই এই পথটি বিদ্যমান ছিল এবং এর বহু অংশ আগেই ইটের সোলিং করা হয়েছিল। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কর্মকর্তা বনি আমিন জনি বলেন, স্থানীয় হাজার হাজার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দুর্যোগকালীন দ্রুত যোগাযোগের স্বার্থে সড়কটির উন্নয়ন কাজ বন্ধ রাখা সমীচীন নয়। বনাঞ্চলের সর্বনিম্ন ক্ষতি নিশ্চিত করে এবং বিশেষ প্রযুক্তি ব্যবহারে সুরক্ষামূলক দেওয়াল ও ড্রেন নির্মাণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রেখে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা