ঝিনাইদহ জেলা কারাগার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার তিনগুণের বেশি বন্দি থাকায় আবাসন, খাবার, চিকিৎসা, স্যানিটেশন ও নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি চাপ তৈরি হয়েছে।
একই সঙ্গে নির্ধারিত জায়গার তুলনায় অতিরিক্ত বন্দি থাকায় স্বাভাবিক জীবনযাপনেও ভোগান্তিতে পড়ছেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলা কারাগারে ৩৮২ জন বন্দি রাখার ব্যবস্থা থাকলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সেখানে বন্দি ছিলেন এক হাজার ২১০ জন। সম্প্রতি জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের কারণে বন্দির সংখ্যা দিন দিন বাড়ছে।
অতিরিক্ত বন্দির চাপে কারাগারের প্রতিটি ওয়ার্ড ও সেলে জায়গার সংকট তৈরি হয়েছে। রাতে ঘুমানোর জায়গা নিয়েও অনেক সময় সমস্যায় পড়তে হচ্ছে বন্দিদের।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কারারক্ষী জানান, অতিরিক্ত বন্দির চাপ শুধু আবাসন ব্যবস্থায় নয়, কারাগারের সামগ্রিক ব্যবস্থাপনাতেও প্রভাব ফেলছে। প্রতিদিন বিপুলসংখ্যক বন্দির খাবার প্রস্তুত, পানি সরবরাহ, চিকিৎসা, গোসল ও স্যানিটেশন নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে।
কারাগারে কোনো অ্যাম্বুলেন্স নেই দাবি করে তারা জানান, জরুরি চিকিৎসার প্রয়োজন হলে সেখানে কোনো চিকিৎসক না থাকায় বন্দিদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে।
বন্দিদের স্বজনদের অভিযোগ, জায়গার সংকটের কারণে কারাগারে বন্দিদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। কারা ক্যান্টিনে নির্ধারিত দামের কয়েকগুণ বেশি দামে খাবার ও পণ্য বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শামসুজ্জামান তুহিন বলেন, কোনো ব্যক্তি অপরাধী হিসেবে চূড়ান্তভাবে দণ্ডিত না হওয়া পর্যন্ত তিনি বিচারাধীন বন্দি। ফলে বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করা গেলে কারাগারে বন্দির চাপ কিছুটা কমানো সম্ভব।
তিনি বলেন, জামিনযোগ্য ও ছোটখাটো মামলার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি ড. আনোয়ারুজ্জামান আজাদ বলেন, তাৎক্ষণিকভাবে বন্দিদের মৌলিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদে কারাগারের ধারণক্ষমতা বাড়ানো জরুরি। নতুন ভবন নির্মাণ, পর্যাপ্ত চিকিৎসা সুবিধা, স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে পরিস্থিতির উন্নয়ন সম্ভব।
তবে কারা কর্তৃপক্ষের দাবি, অতিরিক্ত বন্দি থাকলেও এখন পর্যন্ত কারাগারে তাদের রাখার ক্ষেত্রে বড় কোনো সমস্যা হচ্ছে না।
এ প্রসঙ্গে ঝিনাইদহ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, হঠাৎ করেই কিছু বন্দির চাপ বেড়েছে। বন্দিদের অধিকাংশ মাদক বিরোধী অভিযানে আটকের সাজাপ্রাপ্ত আসামি। এখন পর্যন্ত আমাদের কারাগারে যে জায়গা রয়েছে, তাতে করে অতিরিক্ত বন্দি রাখতে সমস্যা হচ্ছে না। আগে বন্দিরা যেমন বরাদ্দ পেত, এখনও তেমনটাই পাচ্ছে।
কারা ক্যান্টিনে খাবারের মূল্য বেশি নেওয়া হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,“কারাগারের ক্যান্টিন সরাসরি কারাকর্তৃপক্ষ পরিচালনা করে। প্রত্যেকটা পণ্যের দাম বাইরে দেওয়া আছে। আমরা সে অনুযায়ী দাম নিই। এখানে বেশি টাকা নেওয়ার কোনো সুযোগ নেই।”