× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১১ বাহিনীর দাপটে অস্থির সুন্দরবন

আজিজুল ইসলাম

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ০৮:৫১ এএম

সুন্দরবন। ফাইল ছবি

সুন্দরবন। ফাইল ছবি

সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিলেন ছয় জন জেলে। ২০২৬ সালের ৭ মার্চ তাদের ধরে নিয়ে যায় ‘নানা ভাই বাহিনী’। মুক্তিপণ আদায়ের জন্য আটকে রেখে নির্যাতন করতে থাকে। জেলে পরিবারের এক সদস্য কোস্ট গার্ডের জরুরি নম্বর ১৬১১১-এ ফোন করে জানান, তার ভাই ১০ দিন ধরে দস্যুদের হাতে জিম্মি। খবর পেয়ে ১৭ মার্চ সুন্দরবনের কালীর খাল এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। বাহিনীর সদস্যরা পালিয়ে যায়, উদ্ধার করা হয় ছয় জেলেকে। 

এর আগে গত ২ জানুয়ারি গোলকানন রিসোর্টের মালিক ও দুই পর্যটককে নৌকায় সুন্দরবনের কানুর খাল এলাকায় যাওয়ার সময় অপহরণ করে মাসুম মৃধার বাহিনী। মুক্তিপণ দাবি করে তাদের কাছে। পরে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জিম্মিদের উদ্ধার করা হয়। আটক করা হয় মাসুম মৃধা ও তার সহযোগী ইফাজ ফকিরকে। 

সুন্দরবনে এমন জিম্মিদশার ঘটনা নতুন বা বিচ্ছিন্ন নয়। পর্যটকরা এর সৌন্দর্য দেখতে গিয়ে বিপদে পড়ছেন, মুক্তিপণ দিচ্ছেন। আবার কেউ রুটি-রুজির সন্ধানে মাছ বা কাঁকড়া ধরতে গিয়ে দস্যুদের হাতে বন্দি হচ্ছেন, বনজ সম্পদ আহরণ করতে গিয়ে জিম্মি হচ্ছেন। কারও জীবন ফিরছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কিংবা সমঝোতায়। আর যাদের অপহরণের খবর সংবাদমাধ্যমে আসে না, যাদের পরিবার মুক্তিপণের ভয়ে মুখ খোলে না, তাদের কতজন জিম্মি থাকেন কিংবা কীভাবে ফিরে আসেনÑ তার পূর্ণাঙ্গ হিসাব নেই।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোস্ট গার্ডের অভিযান, আত্মসমর্পণ এবং সংবাদমাধ্যমে প্রকাশিত ঘটনাগুলোতে সুন্দরবনে দস্যুদের তৎপরতার একাধিক চিত্র উঠে এসেছে। কোস্ট গার্ডের দেওয়া হিসাব অনুযায়ী ১২ ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত পাঁচ মাসের বিভিন্ন অভিযানে ৪২ জন বনদস্যু আটকের পাশাপাশি জিম্মি থাকা ৪১ জনকে উদ্ধার করা হয়। একই সময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি কয়েকটি বাহিনীর সদস্য আত্মসমর্পণ করেন। তবে এসব অভিযানের পরও সেপ্টেম্বরের শেষ দিকে নতুন করে জেলে অপহরণের খবর এসেছে।

অভিযান চলে, তবু থামছে না অপহরণ

চলতি বছরের ১৭ মার্চ নানা ভাই বাহিনীর হাতে জিম্মি ছয় জেলেকে উদ্ধারের পর ৩১ মার্চ সুন্দরবনের খড়কুড়িয়া খাল এলাকা থেকে আরও এক জেলেকে উদ্ধার করে কোস্ট গার্ড। তার নাম মজিবর গাজী (৫০)। তিনি খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। জোনাব বাহিনীর সদস্যরা তাকে জিম্মি করে রেখেছিল বলে কোস্ট গার্ড জানায়। অভিযানের সময় বাহিনীর সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ২২ মে পৃথক দুটি অভিযানে দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা ২১ জেলেকে উদ্ধার করা হয়। এর মধ্যে দয়াল বাহিনীর কাছ থেকে ১০ জন এবং বড় জাহাঙ্গীর বাহিনীর কাছ থেকে ১১ জনকে উদ্ধার করা হয়। দ্বিতীয় অভিযানের সময় দস্যুরা কোস্ট গার্ডের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় বাহিনীটি। পরে দস্যুরা বনের ভেতরে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ ও একটি ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

জুলাই মাসেও জিম্মির ঘটনা ঘটে। ১৯ জুলাই সুন্দরবনের কুকুমারি খালে কাঁকড়া ধরতে গিয়ে আলিম ওরফে দয়াল বাহিনীর হাতে জিম্মি হন রিপন গাজী (৪৫)। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে। পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বেগে ছিলেন। তবে ওই সময় বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ঘটনার বিষয়ে তাদের কাছে কোনো খবর আসেনি। ফলে রিপনের পরবর্তী অবস্থা সম্পর্কে সরবরাহ করা তথ্যে নিশ্চিত কিছু পাওয়া যায়নি। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আবারও অপহরণের খবর আসে। ২৫ ও ২৬ সেপ্টেম্বর দুই দিনে পূর্ব সুন্দরবনের বিভিন্ন এলাকায় ২১ জেলেকে অপহরণের অভিযোগ ওঠে। এ ঘটনায় মজনু ও করিম-শরীফ বাহিনী জড়িত বলে জানা যায়।

সুন্দরবনে ১১ সক্রিয় বাহিনীর তথ্য

কোস্ট গার্ডের একটি সূত্র প্রতিদিনের বাংলাদেশকে জানায়, গোয়েন্দা নজরদারি ও অভিযানের ভিত্তিতে সুন্দরবনে ১১টি সক্রিয় দস্যু বাহিনীর তৎপরতার তথ্য পাওয়া গেছে। বাহিনীগুলো হলোÑ করিম শরীফ, কাজল মুন্না, দয়াল, ছাত্তার, মামা ভাগ্নে বা সুলতান, মিঠু, বাম্বা, মজিদ, মজনু, মঞ্জু এবং ভাই ভাই বাহিনী। এসব বাহিনীতে শতাধিক সক্রিয় সদস্য রয়েছে।

কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী গত দুই বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও গোয়েন্দা তৎপরতায় নয়টি দস্যু চক্র নিষ্ক্রিয় করা হয়েছে। এসব বাহিনীর বিরুদ্ধে জেলে, বাওয়ালি, বনজীবী ও পর্যটকদের অপহরণ করে মুক্তিপণ আদায়, নৌযানে ডাকাতি এবং অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। নতুন কয়েকটি বাহিনী সংগঠিত হওয়ার তথ্যও পেয়েছে কোস্ট গার্ড। সেগুলোর বিষয়ে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।

আটক ও আত্মসমর্পণকারীদের নাম-ঠিকানা

কোস্ট গার্ডের দেওয়া তথ্য অনুযায়ী ১২ ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত ৪২ জন বনদস্যু আটকের কথা বলা হয়েছে। তাদের মধ্যে রয়েছেনÑ বাগেরহাটের রামপালের বাদশা শেখ (২৫), নড়াইলের নড়াগাতীর বাসিন্দা মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর (৫৬), বাগেরহাটের মোংলার, আলামিন হোসেন (৪০), সাতক্ষীরার তালা উপজেলার তৈবুর রহমান (২৪), খুলনার কয়রার মনিরুজ্জামান মামুন (২০), খুলনার পাইকগাছার জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমত (৩৬) যিনি নানা ভাই বাহিনীর সদস্য।

খুলনার পাইকগাছা ও ডুমুরিয়া এলাকার বাসিন্দাদের মধ্যে রয়েছেনÑ শফিকুল ইসলাম (৫৩), সাইফুল্লাহ মোড়ল (৩৯), এখলাছুর রহমান (৩৮), রবিউল ইসলাম (৩৫), মফিজুল ইসলাম (৩৫) ও আজিম উদ্দিন গাজী (৩৭)। সাতক্ষীরার শ্যামনগর ও বাগেরহাটের রামপাল এলাকার বাসিন্দাদের মধ্যে আব্দুর রহমান শেখ (৩৬), মিন্টু গাজী (৩৯), আজিজুল গাজী (৩৫), শাহজাহান মালী (৩৫), আজিজুর রহমান (৪৫)।

এ ছাড়া জুলাইয়ে ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্য ২৭ সদস্য জন, এর আগে ছোট সুমন বাহিনীর সাতজন এবং বড় জাহাঙ্গীর বাহিনীর তিনজন সদস্য আত্মসমর্পণ করেন। সেপ্টেম্বরের ১ তারিখে র‍্যাবের কাছে চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ করে। 

জিম্মিদের অধিকাংশই জেলে

ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জিম্মিদশা থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া গেছে জেলেদের। উদ্ধার হওয়া ব্যক্তিদের নাম, বয়স ও এলাকার তথ্য পাওয়া গেলেও তাদের সবার পেশা বা গ্রামের নাম উল্লেখ নেই। ১৭ মার্চ উদ্ধার হওয়া ছয়জনের বিষয়ে কোস্ট গার্ড জানায়, তারা মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে ৭ মার্চ অপহৃত হন। ১০ দিন ধরে জিম্মি থাকার পর তাদের উদ্ধার করা হয়। তাদের একজনের স্বজনের ফোন পাওয়ার পর অভিযান চালানো হয়েছিল। দস্যুরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

২২ মে উদ্ধার হওয়া ২১ জেলের মধ্যে দয়াল বাহিনীর হাতে জিম্মি ছিলেন ১০ জন। একই দিনে বড় জাহাঙ্গীর বাহিনীর কাছ থেকে উদ্ধার হন ১১ জন।

এদিকে গত শনিবার রাতে সুন্দরবনের ভাঙ্গা, আমবাড়িয়া ও নারিকেলবাড়িয়া এলাকা থেকে ১৫ জেলেকে তুলে নিয়ে গেছে জলদস্যুরা। এর মধ্যে ১০ জেলের নাম জানা গেছে। তারা হলেনÑ আরিফ (২৫), সগীর (৩৪), মিঠু (৩০) ও ফেরদৌস (২৮)। তাদের বাড়ি খুলনায়। অন্যরা হলেনÑ ইব্রাহিম (৩৫), ইমরান (২৫), মোস্তাফিজুর (৩৫), আলামিন (২৮), হানিফ (৩৮) ও মারুফ (৪৯)। তাদের বাড়ি বরগুনার পাথরঘাটা ও তালতলী এলাকায়। অপর পাঁচজনের নাম জানা যায়নি।

মুক্তিপণের জন্য নির্যাতন, আতঙ্কে পরিবার

সুন্দরবনে জিম্মিদশার ঘটনাগুলোতে বারবার মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। মার্চে নানা ভাই বাহিনীর হাতে জিম্মি ছয় জেলের ঘটনায় কোস্ট গার্ডের বক্তব্যে বলা হয়, তাদের আটকে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করা হচ্ছিল। পরিবারের সদস্যের ফোনের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। মে মাসে দয়াল ও বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি ২১ জেলেকে উদ্ধারের ঘটনাতেও মুক্তিপণ দাবির কথা জানায় কোস্ট গার্ড। প্রথম অভিযানে দয়াল বাহিনীর সদস্যরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। দ্বিতীয় অভিযানে বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা কোস্ট গার্ডের দিকে গুলি ছোড়ে। পাল্টা গুলির পর তারা বনের ভেতরে সরে যায়। দুই অভিযানের পর ২১ জেলেকে উদ্ধার করা হয়।

জুলাইয়ে রিপন গাজী জিম্মি হওয়ার পর তার পরিবারের সদস্যরা যোগাযোগ করতে না পেরে উদ্বেগে ছিলেন। তার ঘটনায় স্থানীয় বনজীবীদের বক্তব্যে জীবিকার সংকটের বিষয়টিও উঠে আসে। সরকারি নিষেধাজ্ঞা চলাকালে বনে প্রবেশ বন্ধ থাকলেও জীবিকার তাগিদে কিছু জেলে ঝুঁকি নিয়ে বনে যান বলে স্থানীয়দের ভাষ্য। এই সুযোগে দস্যুরা তাদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেÑ এমন অভিযোগও রয়েছে। 

জিম্মিদশার সব ঘটনা সংবাদমাধ্যমে আসে না। বিশেষ করে মুক্তিপণের দাবিতে আটকে রাখা ব্যক্তিদের পরিবারের কেউ কেউ অনেক সময় নিরাপত্তার ভয়ে তথ্য প্রকাশে অনীহা দেখান। ফলে প্রকাশিত ঘটনাগুলো দিয়ে সুন্দরবনে অপহরণ ও জিম্মির প্রকৃত চিত্র পাওয়া কঠিন। শরণখোলা এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে-মহাজন বলেন, জেলে অপহরণের ঘটনায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃত জেলেদের উদ্ধার ও দস্যু দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ দাবি করেছেন মৎস্যজীবীরা।

জব্দ অস্ত্র, গোলাবারুদ ও নৌযান

কোস্ট গার্ডের দেওয়া অভিযানের হিসাব অনুযায়ী ১২ ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত ৪৯টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গোলা, ৩১৬ রাউন্ড তাজা কার্তুজ, ১০৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৯৪ রাউন্ড এয়ারগান গোলা এবং দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। 

অভিযান অব্যাহত, জানাচ্ছে কোস্ট গার্ড

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সুন্দরবনে দস্যুতা দমনে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। এসব অভিযানে দস্যুদের আটক, জিম্মিদের উদ্ধার এবং অস্ত্র-গোলাবারুদ জব্দ করা হয়েছে। একই সঙ্গে কয়েকটি বাহিনীর সদস্য আত্মসমর্পণ করেছেন।

কোস্ট গার্ডের ভাষ্য, অভিযানের ফলে দস্যু বাহিনীগুলো চাপে পড়েছে। তবে নতুন কয়েকটি বাহিনী সংগঠিত হওয়ার তথ্যও পাওয়া গেছে। এ কারণে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। দস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে বাহিনীটি।

বিশেষজ্ঞের পর্যবেক্ষণ

এ ব্যাপারে দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘অপহৃত জেলেদের দ্রুত মুক্ত করতে হবে। দস্যু দমনে যৌথ অভিযানও চালাতে হবে।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল‍্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, ‘সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, সুন্দরবনভিত্তিক কর্মজীবী এবং পর্যটকদের জীবনের নিরপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এজন্য এসব অপরাধীদের কঠোর হাতে দমন করে তাদের আইনের আওতায় আনতে হবে। সেই সঙ্গে তাদের সংশোধনের সুযোগ দিয়ে কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে হবে। তাহলে এসব অপরাধ কমে আসবে বলে আশা প্রকাশ করেন ড. তৌহিদুল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা