× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনবল সংকটের সঙ্গে স্বাস্থ্যঝুঁকিও

তোফাজ্জল হোসেন কামাল

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ০৭:৪৮ এএম

জোড়াতালি দিয়ে সেবা কার্যক্রম চালাতে গিয়ে জাতীয় জরুরি সেবার কর্মীরা অতিরিক্ত কাজের চাপে অন্ধ ও বধির হওয়ার স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জোড়াতালি দিয়ে সেবা কার্যক্রম চালাতে গিয়ে জাতীয় জরুরি সেবার কর্মীরা অতিরিক্ত কাজের চাপে অন্ধ ও বধির হওয়ার স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

চালুর পর থেকে সাড়ে আট বছর ধরেই ব্যাপক জনবল সংকটে ধুঁকছে জাতীয় জরুরি সেবা ৯৯৯। প্রয়োজনীয় জনবলের এক-তৃতীয়াংশ কর্মী দিয়ে চলছে এই জরুরি সেবা। তা-ও আবার ধার করে আনা। আধুনিকায়নও ঘটেনি এর কার্যক্রমের প্রক্রিয়ায়। ফলে জোড়াতালি দিয়ে সেবা কার্যক্রম চালাতে গিয়ে এর কর্মীরা অতিরিক্ত কাজের চাপে অন্ধ ও বধির হওয়ার স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন।

বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন কর্মীদের স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনতে কর্মঘণ্টা বেঁধে দিতে। কিন্তু সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ সদর দপ্তর থেকে সম্প্রতি জাতীয় জরুরি সেবার সাংগঠনিক কাঠামোতে জনবল বাড়িয়ে সেবার মান বাড়ানো ছাড়াও কয়েকটি প্রস্তাবসহ একটি পত্র দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় এসব প্রস্তাব বিবেচনা করে দেখছে। 

এ ছাড়া কলের চাপ সামলানোর পাশাপাশি সেবার পরিধি বাড়াতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর আরও একটি নতুন সেন্টার নির্মাণ করা হচ্ছে রাজধানীর পূর্বাচলে। এর নির্মাণকাজ শিগগিরই শুরু হবে। আগামী বছরের জুন মাসে এ সেন্টার উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে।

জরুরি পরিস্থিতিতে যেকোনো স্থান থেকে টোল-ফ্রি নম্বর ৯৯৯-এ কল করে সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা নেওয়া যাবেÑ এমন উদ্দেশ্যে ২০১৭ সালের ১২ ডিসেম্বর চালু করা হয়েছিল জাতীয় জরুরি সেবা ৯৯৯। এই সেবার শুরু থেকেই এখানে কল করতে কোনো টাকাপয়সা লাগে না।

দেখা দিয়েছে স্বাস্থ্যঝুঁকি

জাতীয় জরুরি সেবার ১০০টি লাইনে তিন শিফটে তিন শতাধিক কর্মী সেবা দেন। কল নেওয়ার জন্য ৮০ জন কল অপারেটর নিযুক্ত থাকেন। পাশাপাশি ১৬ জন ডেসপ্যাচার তদারকি করে দেখেন যে ফোনকল অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে কি না। চারজন সুপারভাইজার পুরো অপারেশন পর্যবেক্ষণ করেন। ১০০টি কলস্টেশনে প্রতিদিন প্রায় ২৫ হাজার কল রিসিভ করায় কর্মীদের ওপর মারাত্মক শারীরিক ক্লান্তি ও অতিরিক্ত কাজের চাপ পড়ে।

উল্লেখ্য, এই সেবাকর্মীদের সারাক্ষণ কানে হেডফোন লাগিয়ে অনবরত ফোনকল রিসিভ করতে হয়। ফলে অনেক কর্মী কানে কম শোনার সমস্যায় ভুগছেন। পাশাপাশি একটানা মনিটরের সামনে কাজ করায় তাদের চোখেও নানা সমস্যা দেখা দিচ্ছে। রিসিভ করা অথচ অপ্রয়োজনীয় কলের একটি বড় অংশজুড়ে থাকে অপ্রাসঙ্গিক কথাবার্তা, গালাগাল, কটুকথা ও অহেতুক হয়রানি। নিয়মিত এ ধরনের অশ্রাব্য ভাষা শোনার কারণে কর্মীদের তীব্র মানসিক চাপ তৈরি হয় এবং মানসিক সমস্যাও দেখা দেয়। এমন মানসিক চাপ ও প্রতিকূল পরিবেশের কারণে অনেক কর্মীই এখানে দায়িত্ব পালন করতে চান না। তদবির করে অন্য কোথাও বদলি হয়ে যান।

চার শিফট চালুর সুপারিশ

এমন প্রেক্ষাপটে সেন্ট্রাল পুলিশ হাসপাতালের (সিপিএইচ) তিনজন নাক-কান-গলা ও চক্ষু বিশেষজ্ঞ ২০২৪ সালের অক্টোবরে ৯৯৯-এর সদস্যদের স্বাস্থ্যঝুঁকি পর্যালোচনার ভিত্তিতে বিশেষ সুপারিশ করেন। সুপারিশে কর্মীদের শারীরিক ও মানসিক ক্ষতি কমাতে দৈনন্দিন শিফট বা কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৬ ঘণ্টা করার পাশাপাশি মোট চারটি শিফট চালুর পরামর্শ দেওয়া হয়। কিন্তু পর্যাপ্ত লোকবল না থাকায় এবং জেলা পর্যায় থেকে সংযুক্তিতে কর্মী এনে চালাতে হওয়ায় বিশেষজ্ঞদের এ প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব হয়নি। প্রসঙ্গত, বর্তমানে ১০০টি কলস্টেশনে চার শিফটের জন্য প্রয়োজনীয় ৫৪৯ জন অনুমোদিত জনবলের বিপরীতে ঘাটতিই রয়েছে ৩৫১ জনের।

পুলিশ সদর দপ্তর ও জরুরি সেবা সূত্র জানাচ্ছে, বর্তমানে তিনটি শিফটের প্রতিটিতে ১০০ জন করে দায়িত্ব পালন করছেন। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মর্নিং শিফট, দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ইভনিং শিফট ও রাত ১০টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত নাইট শিফট চলে। পুরুষ কর্মীদের পাশাপাশি ৮৪ জন নারী কর্মীও এখানে কাজ করেন সকাল ও সান্ধ্যকালীন শিফটে। এই তিনটি শিফট কার্যকর রাখতে ফায়ার সার্ভিসের আটজনসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৪৮১ জন ও সিভিল সার্ভিসের ১৩ জন মিলে মোট ৪৯৪ জন কাজ করে থাকেন। এর মধ্যে অনুমোদিত জনবল মাত্র ১৯৮ জন। বাকিদের বিভিন্ন জেলা ও পুলিশের বিভিন্ন ইউনিট থেকে এনে এখানে সংযুক্ত করা হয়েছে। অনুমোদিত জনবলের বেতন-ভাতা পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া হয়। সংযুক্তরা বেতন-ভাতা পেয়ে আসছেন যেখানে কাগজে-কলমে কর্মরত আছেন, সেখান থেকে। 

বিভিন্ন ইউনিটের কার্যক্রম ব্যাহত হচ্ছে

জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নীতিমালা ২০২০ অনুসারে বাংলাদেশ পুলিশের অন্যূন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা এই সেবার প্রধান হবেন। তিনি সরকারের নিয়ন্ত্রণে পুলিশ অধিদপ্তরের তত্ত্বাবধানে জাতীয় জরুরি সেবার কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু এ সেবার শুরু থেকেই একজন অ্যাডিশনাল ডিআইজি এ কার্যক্রমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশের বিভিন্ন ইউনিট থেকে ধার করে আনা জনবল দিয়ে এ সেবার কাজ চালু রাখায় সংশ্লিষ্ট ইউনিটগুলোতেও জনবল ঘাটতি দেখা দিয়েছে। এমনকি এ সেবা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও আসবাবপত্রও নেওয়া হয়েছে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে ধার করে। প্রয়োজনীয় বাজেট না থাকায় বিভিন্ন ইউনিটের জন্য বরাদ্দ করা অর্থ থেকেও এ সেবার কাজে ব্যয় করা হচ্ছে। কর্মীদের জন্য চা-নাশতার ব্যবস্থা করা হচ্ছে আইজিপির কাছ থেকে পাওয়া বিশেষ বরাদ্দের অর্থ থেকে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো পত্রে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সাংগঠনিক কাঠামোতে ৩৫১টি পদ সৃজনসহ ২৩টি যানবাহন ও কিছু সরঞ্জামের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে। জনবল ঘাটতি সামাল দেওয়ার জন্য গৃহীত পদক্ষেপ যে বিভিন্ন ইউনিটের কার্যক্রম ব্যাহত করছে, তা-ও জানানো হয়েছে। বলা হয়েছে, অন্য ইউনিট থেকে সংযুক্ত সদস্যদের কল্যাণ নিশ্চিত করা যাচ্ছে না। বরং কমান্ড কন্ট্রোলে সমস্যা দেখা দিচ্ছে।

৫০০ ওয়ার্ক স্টেশন প্রয়োজন

পত্রে জানানো হয়েছে, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান আইডব্লিউএমের পরিচালিত ফিজিবিলিটি স্টাডি থেকে জানা গেছে যে দেশের জনসংখ্যার অনুপাতে কলসংখ্যা বিবেচনায় ৯৯৯-এর অন্তত ৫০০টি ওয়ার্ক স্টেশন প্রয়োজন এবং সে অনুপাতে জনবলও বাড়ানো উচিত। চিঠিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নাক-কান-গলা, চক্ষু এবং অর্থোপেডিক বিশেষজ্ঞ দল তাদের এক রিপোর্টে দীর্ঘ সময় চেয়ারে বসে হেডফোন ব্যবহার এবং কম্পিউটার মনিটর ব্যবহারের কারণে শ্রবণ, দৃষ্টিশক্তি এবং মেরুদণ্ডের সমস্যার মতো স্বাস্থ্যঝুঁকির বিষয়ে প্রতিবেদন দিয়েছে এবং ডিউটি শিফট ছয় ঘণ্টায় সীমিত করার সুপারিশও করেছে। এ সুপারিশ থেকে জনবল বাড়ানোর যৌক্তিকতা উঠে এসেছে। প্রাপ্ত কলের বিপরীতে বিদ্যমান মাত্র ১০০ ওয়ার্ক স্টেশন অপ্রতুল হওয়ায় কল ওয়েটিং টাইম প্রায় দুই মিনিট পর্যন্ত দাঁড়াচ্ছে। এতে সেবাপ্রার্থীরা বিরক্ত হচ্ছেন। ক্ষতির ঝুঁকিও বাড়ছে। গত ১ আগস্ট ৯৯৯-এর জরুরি সেবাপ্রাপ্তিতে দীর্ঘসূত্রতার অভিযোগে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল হয়। রিটকারী সেবা প্রদানের রেসপন্স টাইম ৫-১০ মিনিটের মধ্যে নামিয়ে আনার দাবি জানান। এ ছাড়া তিনি ডেসপ্যাচ সিস্টেম, জিপিএস টেকনোলজি এবং ডুয়েল ডেসপ্যাচ সিস্টেমের আবেদন করেন। প্রসঙ্গত, জনবল বাড়ানো ছাড়া এসব বিষয় বাস্তবায়ন আদৌ সম্ভব নয়।

পত্রে বলা হয়, জনবলের ঘাটতি থাকায় নিয়োজিত সদস্যরা সঠিক সময়ে ছুটি ও বিশ্রাম নিতে পারছেন না। দীর্ঘতর কর্মঘণ্টা তাদের কর্মস্পৃহা কমিয়ে ফেলছে। ফলে জরুরি জাতীয় সেবার মতো ইউনিটের কাঙ্ক্ষিত সেবাব্রতী কোমলতা ধরে রাখা কষ্টকর হয়ে পড়ছে। 

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানাচ্ছেন, জাতীয় জরুরি সেবা নাম দিয়ে বছরের পর বছর কার্যক্রম চালানো হলেও এটাকে পুলিশের আলাদা ইউনিট হিসেবে আজও গড়ে তোলা হয়নি। ফলে এই সেবা প্রধানের কোনো আর্থিক ক্ষমতা-ক্রয়ক্ষমতা নেই। ইউনিট হিসেবে গড়ে না ওঠায় আলাদা কোনো বরাদ্দও পাওয়া যায় না। যার কারণে এখানকার কর্মীরা আর্থিক সংকটেও ভুগছেন। সংশ্লিষ্টদের মতে, মিনিমাম খরচে ম্যাক্সিমাম আউটপুট দিচ্ছে ৯৯৯। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে স্বতন্ত্র ইউনিট হিসেবে ৯৯৯-কে গড়ে তোলা দরকার। সক্ষমতা বাড়াতে প্রযুক্তির আধুনিকায়নও দরকার। 

যা বলছেন সংশ্লিষ্টরা

এসব প্রসঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রধান এবং পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) মহিউল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘জনবল সংকটের কারণে কাজের চাপ বাড়ছে। এই চাপ সামলাতে গিয়ে কর্মীরা একদিকে হিমশিম খাচ্ছেন, অন্যদিকে তাদের নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে।’ তিনি জানান, এদের সংখ্যা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে জনবল কম থাকায় এবং যে পরিমাণ কল রিসিভ করতে হয়, তাতে করে তাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হচ্ছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, জরুরি সেবা ৯৯৯ কেবল একটি ফোন নম্বর নয়, এটি মানুষের জীবনরক্ষার অন্যতম ভরসা। তাই এই সেবাকে কার্যকর রাখতে অপ্রয়োজনীয় ও ভুয়া কল থেকে বিরত থাকা এবং জনসচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।

৯৯৯-এর কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা ও মানসিক চাপ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের প্রসঙ্গ উল্লেখ করে মহিউল ইসলাম জানান, ‘আমরা গত ৭ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী কর্মীদের জন্য একটি প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি। প্রতিটি দলে ১৫ থেকে ২০ জন করে কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ৯৯৯-এর প্রধান আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ কর্মীদের কর্মক্ষেত্রের মানসিক চাপ সামলাতে, আক্রমণাত্মক ও মশকরা বা তামাশা করতে আসা (প্রাঙ্ক) কলকারীদের সঙ্গে আরও কার্যকর আচরণ করতে শেখাবে। নিজেদের মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা শেষ পর্যন্ত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবার মান ও কার্যকারিতা বাড়াতে অবদান রাখবে।’ 

নতুন অবকাঠামোগত পরিকল্পনা

৯৯৯ সেবার নতুন অবকাঠামোগত পরিকল্পনা, অর্থ মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ ও কৌশলগত দরপত্র ব্যবস্থাপনা, প্রশাসনিক পুনর্গঠন এবং পর্যায়ক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংযোজনের রূপরেখা ধরেই কাজ এগিয়ে যাচ্ছে। এই রূপরেখা অনুসারে জাতীয় জরুরি সেবার গ্রহণক্ষমতা বাড়াতে পূর্বাচলে নতুন ১০০টি ওয়ার্ক স্টেশন (কলস্টেশন) স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এই নতুন সম্প্রসারিত শাখাটি পূর্বাচল ৩০০ ফিট রাস্তার শেষ মাথায় অবস্থিত পুলিশের নির্ধারিত ২০ তলাবিশিষ্ট ভবনে স্থাপন করা হবে। চলতি বছরের আগস্ট মাসের শুরুতে এ প্রকল্পের জন্য প্রয়োজনীয় বরাদ্দপ্রাপ্তির পর দরপত্র প্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রকল্পটির সার্বিক কাজ আগামী জুন মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দরপত্র প্রক্রিয়া শুরু করা হয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যেই শেষ হবে।

সূত্র জানায়, ভবন নির্ধারণের পর কারিগরি প্রযুক্তি ও ওয়ার্ক স্টেশন স্থাপনের মাধ্যমে আগামী জুন মাসের মধ্যে সম্পূর্ণ অবকাঠামো প্রস্তুত করে কলসেন্টারটি চালু করা হবে। নতুন স্টেশন প্রকল্পের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ৫২ কোটি টাকার বাজেট বরাদ্দ পাওয়া গেছে।

পূর্বাচলে নির্মিতব্য নতুন ১০০টি ওয়ার্ক স্টেশনের জন্য সম্পূর্ণ আলাদা সেটআপ ও প্রযুক্তিগত কাঠামোর প্রয়োজন হবে। নতুন এ ওয়ার্ক স্টেশনগুলোর জন্য সম্পূর্ণ পৃথক জনবল প্রস্তাব শিগগিরই পাঠানো হবে।

পূর্বাচলে নতুন ১০০টি ওয়ার্ক স্টেশন চালুর পরবর্তী ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি সংযোজনের পরিকল্পনা রয়েছে। এই প্রযুক্তি ৯৯৯-এ আসা বিপুল পরিমাণ অজরুরি ও প্রাঙ্ক কল স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে। এআই সফটওয়্যারটি প্রাঙ্ক ও অজরুরি কলগুলোকে সরাসরি মানব অপারেটরদের কাছে পৌঁছতে দেবে না। এর ফলে অপারেটরদের ওপর থেকে কাজের চাপ ও মানসিক উদ্বেগ কমবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য মানব জনবলই মূল দায়িত্বে থাকবে।

এ প্রসঙ্গে অ্যাডিশনাল ডিআইজি মহিউল ইসলাম জানিয়েছেন, পূর্বাচলের কলসেন্টার আগামী বছর জুনের মধ্যে ইনস্টল করা যাবে। এর ফলে ২০০টি কলস্টেশন হলে ১৬০ জন কলটেকার থাকবে এবং কলের চাপটা আগের চেয়ে কমে আসবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা