প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
দলের নাম ব্যবহার করে দখল, চাঁদাবাজি, সন্ত্রাস, ভাঙচুর, কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি সরকার ও দলীয় নেতৃত্ব। মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবারই পদত্যাগ করেছেন মিষ্টি। তার আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়। এর একদিন আগে ঢাকা মহানগর উত্তর বিএনপি, উত্তর যুবদল ও পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত এবং বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। দেশের অন্যান্য স্থানে সংঘটিত অপরাধগুলোকেও খুব গুরুত্বের সঙ্গে দেখছে সরকার ও দল।
দলীয় সূত্র বলছে, শুধু রাড্ডা নয়, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দখল, চাঁদাবাজি, সংঘর্ষ ও অপরাধমূলক কর্মকাণ্ডে দলীয় নেতাকর্মীদের সংযুক্ত থাকার অভিযোগগুলো কঠোরভাবে যাচাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে পদ-পদবি বা রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গুরুতর অপরাধের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুতই বিভিন্ন অপকর্মে জড়িত আরও নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাড্ডাকাণ্ডে এমপির পদত্যাগ
রাজধানী ঢাকার মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে গত ২৪ সেপ্টেম্বর রাতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও ভাঙার সরঞ্জাম নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করেন। নিরাপত্তাকর্মীদের জিম্মি করে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা, নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী লুটের পর ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধাপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। পরে সেখানে একটি সমবায় সমিতির সাইনবোর্ড টাঙানো হয়। এ ঘটনায় করা মামলায় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর নাম এসেছে। যাদের কয়েকজন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। মিষ্টি অবশ্য এ ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দল ও সরকার।
গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদমাধ্যমকে জানান, বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে গতকাল দুপুরে পদত্যাগপত্র নিয়ে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে যান ফেরদৌস আহমেদ মিষ্টি। সেখানে তিনি স্পিকারের হাতে পদত্যাগপত্র তুলে দেন।
স্পিকার বরাবর দেওয়া পদত্যাগপত্রে ফেরদৌসী আহমেদ মিষ্টি লিখেছেন, ‘আমি নিম্ন স্বাক্ষরকারী ফেরদৌসী আহমেদ, ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য (সংরক্ষিত মহিলা আসন-২৩) পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। অতএব বিনীত প্রার্থনা এই যে আমার পদত্যাগপত্রটি গ্রহণ করে পদত্যাগ কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।’
গতকাল জাতীয় সংসদ ভবনে ১৫ মিনিটের মতো অবস্থান করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। পদত্যাগ করে বেরিয়ে যাওয়ার সময়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘স্পিকার ডেকেছিলেন, এজন্য দেখা করেছি।’ সংসদে প্রবেশের সময় তার হাতে একটা ফাইল ছিল। তবে সংসদ থেকে খালি হাতে বের হন মিষ্টি। পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না সে প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, ‘তদন্ত হোক। বিএনপির সিদ্ধান্ত যেটা হবে তা হবে।’
এ ব্যাপারে গতকাল দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মিরপুরের রাড্ডায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘দলীয় ব্যবস্থা হবে দলের পক্ষ থেকে। এটা আইনের বাইরে সাংগঠনিক ব্যবস্থা। আর আইনি ব্যবস্থা হচ্ছে, অভিযোগের তদন্তে যদি সে অভিযুক্ত বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়, প্রাথমিকভাবে তার বিরুদ্ধে চার্জশিট হবে। যদি চার্জশিটেড হয়, তাহলে তাকে আদালতের এখতিয়ারে যেতে হবে, আইনের আওতায় আসবে।’
এদিকে বিকালে এক জরুরি সংবাদ সম্মেলনে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথা জানান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তার পদত্যাগ কার্যকর হয়েছে।’ পদত্যাগের গেজেট হলে নির্বাচন কমিশনে পাঠানো হবে বলেও জানান স্পিকার।
তিনি বলেন, ‘সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি আমার অফিসে এসে লিখিতভাবে পত্র দিয়ে গিয়েছেন। আমরা এটি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেব। আজ (গতকাল) থেকেই এই পদত্যাগ কার্যকর হবে।’ স্পিকারের সংবাদ সম্মেলনের পরপরই জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টির সদস্যপদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৬ সালে বিএনপির মনোনয়নে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তার আসন সংরক্ষিত মহিলা আসন-২৩। এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ২০০২ সালে তার স্বামী সাইদুর রহমান নিউটন নিহত হওয়ার পর মিষ্টি ওই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। ২০১৯ সালের সিটি নির্বাচনেও তিনি ৮ নম্বর ওয়ার্ডে বিএনপি-সমর্থিত প্রার্থী ছিলেন।
মিষ্টি প্রয়াত বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর বোন। তার স্বামী সাইদুর রহমান নিউটনও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ঢাকা সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। নিউটন নিহত হওয়ার পর মিষ্টি ওই ওয়ার্ডের কাউন্সিলর হন। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে পড়ার সময় তিনি ছাত্রদলের সঙ্গে যুক্ত হন এবং কলেজ ছাত্র সংসদের এজিএস নির্বাচিত হন।
শূন্য আসন থাকছে বিএনপিরই, ৯০ দিনের মধ্যে উপনির্বাচনÑইসি
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য হওয়ায় আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে। তবে আসনটি যে রাজনৈতিক দল বা জোটের জন্য বরাদ্দ ছিল, উপনির্বাচনের পরও সেই দল বা জোটই আসনটি পাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। অর্থাৎ বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর এই আসনে বিএনপি জোটই প্রার্থী দিতে পারবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি মাছউদ সাংবাদিকদের বলেন, যে দল বা জোটের জন্য আসনটি বরাদ্দ, শূন্য হওয়ার পরও সেই দল বা জোটই আসনটি পাবে। ফলে শূন্য হওয়া আসনটি বিএনপি জোটের কাছেই থাকছে। তফসিল ঘোষণার পর বিএনপি মনোনীত প্রার্থীই এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি বলেন, সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়কে জানানো হয়েছে। শূন্য আসনের জন্য তফসিল ঘোষণা করা হবে। একাধিক প্রার্থী থাকলে ভোট হবে; একক প্রার্থী হলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
ইউপি নির্বাচনের তারিখ এখনও চূড়ান্ত নয়
এদিকে, ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে হবে, তা এখনও চূড়ান্ত করেনি ইসি। স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় নির্বাচনের সময়সূচি ও বিভিন্ন বিষয়ে মতামত ও প্রস্তাব এসেছে। তবে কমিশন এখনও কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে ইউএনডিপির তিন সদস্যের প্রতিনিধিদল। বৈঠকে নির্বাচনী প্রক্রিয়ায় অপতথ্য, গুজব ও বিদ্বেষমূলক বক্তব্য মোকাবিলার উপায় নিয়ে আলোচনা হয়।
আরও ব্যবস্থা
রাড্ডা ঘটনার কয়েক দিন পর বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো ঢাকার তিনটি গুরুত্বপূর্ণ কমিটি বিলুপ্ত করে। তা ছাড়া বহিষ্কার করা হয় বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকর্মীকে। বিলুপ্ত কমিটিগুলো হলোÑ ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি, ঢাকা মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল। বিএনপির বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কারণ হিসেবে সাংগঠনিক বিষয় উল্লেখ করা হলেও রাড্ডা ঘটনার সঙ্গে সরাসরি সম্পর্কের কথা বলা হয়নি। যুবদল ও ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে বিলুপ্ত করা হয়েছে বলে পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদিন বিএনপির তিন নেতাÑ শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুক্কুকে বহিষ্কার করা হয়। ছাত্রদলের পাঁচ নেতাকেও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের দুই নেতা এবং শ্রমিক দলের চার নেতার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এভাবে এক দিনে দল ও অঙ্গসংগঠনের ১৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কারসহ শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায় থেকে সাম্প্রতিক সময়ে একাধিকবার বলা হয়েছে, ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে কেউ দলের নাম ব্যবহার করে অপরাধ করতে পারবেন না। দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, অভিযোগ যাচাই করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। গুরুতর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও দলের নামে দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বলেছেন। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দখলদার, চাঁদাবাজ, অস্ত্রধারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
অভিযোগের তালিকা বড়
দলীয় শুদ্ধি অভিযানের পরিসর অবশ্য সাম্প্রতিক কয়েক দিনের মধ্যে সীমাবদ্ধ নয়। বিএনপির কেন্দ্রীয় দপ্তরের তথ্য বলছে, ৫ আগস্টের পর থেকে একপর্যায়ে ১ হাজার ২৩ জন নেতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৫২৩ জনকে কারণ দর্শানোর নোটিস, ৪৩৭ জনকে বহিষ্কার, ২৪ জনের পদ স্থগিত, ৩৫ জনকে সতর্ক এবং চারজনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের নোটিস দেওয়া হয়। সাম্প্রতিক সময়েও বিভিন্ন ঘটনায় নতুন করে অভিযোগ ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে দলটিতে এখন দুটি সমান্তরাল প্রক্রিয়া চলমান রয়েছে। একদিকে মাঠপর্যায়ের অভিযোগ যাচাই, অন্যদিকে অভিযোগ প্রমাণিত হলে দ্রুত সাংগঠনিক ও প্রয়োজনে আইনি ব্যবস্থা।
মিরপুরেই একাধিক ঘটনা
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনার মধ্যেই মিরপুরে ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও সরকারি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবারের ওই ঘটনায় তিনটি সিটি করপোরেশনের গাড়িতে আগুন এবং পুলিশ ও সাংবাদিকদের গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে। এর পরপরই ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। দলীয় কয়েকজন নেতা মনে করছেন, এতে স্পষ্ট হচ্ছে, রাজধানীর বিভিন্ন এলাকায় রাজনৈতিক পরিচয়ে সংঘটিত সহিংসতা ও দখল-নিয়ন্ত্রণের অভিযোগ এখন দলীয় নেতৃত্বের নজরে রয়েছে। তবে প্রতিটি ঘটনায় কারা সরাসরি জড়িত এবং রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে তাদের সম্পর্ক কতটা তা তদন্ত ও প্রমাণের ভিত্তিতেই নির্ধারণ করার কথা বলা হচ্ছে।
সামনে আরও ব্যবস্থা
রাড্ডার ঘটনায় বিএনপি নেত্রী মিষ্টির পদত্যাগ, তিনটি কমিটি বিলুপ্ত এবং ১৪ নেতাকর্মীর বহিষ্কারের ঘটনার পর দলের ভেতরে আলোচনা হচ্ছেÑ এগুলো কি বিচ্ছিন্ন কিছু সাংগঠনিক সিদ্ধান্ত, নাকি আরও বড় পরিসরে শুদ্ধি কার্যক্রমের সূচনা? দলীয় নেতাদের বক্তব্যে দ্বিতীয়টির ইঙ্গিতই বেশি। অভিযোগ যাচাইয়ের পর ব্যবস্থা নেওয়ার কথা প্রকাশ্যে বলা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে অভিযোগ জমা পড়ছে এবং সাম্প্রতিক কয়েকটি ঘটনায় তদন্তও চলছে। তবে নতুন করে কার কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো তালিকা প্রকাশ করেনি।
তবে রাজনৈতিক ও সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি অভিযোগগুলোর ক্ষেত্রে তদন্ত শেষ করে প্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়াই মূল বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, দলীয় ব্যবস্থা ও আইনি ব্যবস্থা পৃথক; তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী বিষয়টি আদালতের এখতিয়ারে যাবে।
ঢাকার বাইরে নানা অভিযোগ ও ব্যবস্থা গ্রহণ
ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলায়ও বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল, হামলা, অপহরণ, ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। কোনো কোনো ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে ব্যবস্থা নিয়েছে, আবার কোথাও সরকারি জমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি অভিযোগের পর বিএনপির পক্ষ থেকেও বহিষ্কার, পদ স্থগিত, কারণ দর্শানোর নোটিস ও তদন্ত কমিটি গঠনের মতো সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘটনা ঘটেছে।
সম্প্রতি বরিশালের গৌরনদীতে ব্যবসায়ী এসএম জামিল হাসান মিঠুর কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে স্থানীয় বিএনপির তিন নেতা এসএম জাকির হোসেন, ফরহাদ শরীফ ও নাজমুল হাসান মিঠুর বিরুদ্ধে। তাদেরকে দলীয় পদসহ বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়। বরিশাল নগরেও বিএনপি-সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে ব্যবসাপ্রতিষ্ঠান, জমি ও দোকান দখল এবং চাঁদাবাজির অভিযোগ সামনে আসে। মহানগর যুবদলের সাবেক নেতা জামাল হোসেন নোমানের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকার ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগেই দলীয় পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। গাজীপুরেও পোশাক কারখানা ঘিরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি-সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা ঘটে। গাছা এলাকায় ফারুক খান ও আবদুল্লাহর বিরুদ্ধে একটি পোশাক কারখানা থেকে চাঁদা দাবি এবং কারখানার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। তাদের গ্রেপ্তার করা হয় এবং আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাদের বিরুদ্ধেও দলীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গাজীপুর মহানগর ও টঙ্গীতেও বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় দলটি। রাকিব উদ্দিন সরকার পাপ্পু, আবদুল হালিম মোল্লা, জিয়াউল হাসান স্বপন ও সিরাজুল ইসলাম সাথীকে দল থেকে বহিষ্কার করা হয়।
খুলনায়ও বিএনপি সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে মাহবুব হাসান পিয়ারু ও কেএম জিয়াউস সাদাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে খুলনা মহানগর বিএনপি তাদের বহিষ্কার করে এবং ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে। পৃথক আরেক ঘটনায় খালিশপুরের বিএনপি নেতা গোলাম মোস্তফা ভুট্টোর বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আদালত তাকে কারাগারে পাঠান। নোয়াখালীতেও দখল ও চাঁদাবাজির অভিযোগে নুরুল আমিন, আবদুল কাদের জসিম ও তানভির হায়দার তান্নার বিরুদ্ধে দখল, চাঁদাবাজি এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। জেলা বিএনপি ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে এবং অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করে তিনজনকেই দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেয়।
চট্টগ্রামেও দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নাম এসেছে। এসকে খোদা টোটনের বিরুদ্ধে দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে। আবার ফয়’স লেক এলাকায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ওয়াকিল হোসেন ওরফে বগার বিরুদ্ধে অভিযোগ ওঠে। ২০২৬ সালের জুনে সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়। চট্টগ্রামের পাহাড়তলীতে মামুন আলী ওরফে ‘কিং আলী’র বিরুদ্ধেও একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অর্থ লুট এবং এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে। পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে বলা হয়, ওই সময় মামুন দলের কোনো পদে ছিলেন না এবং দলের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জে চেম্বার অব কমার্স কার্যালয় দখল এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগে মিলন ইসলাম, রেজাউর রহমান ও তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে দলীয়ভাবে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। অর্থাৎ এই ঘটনায় তাৎক্ষণিক বহিষ্কারের পরিবর্তে প্রথমে দলীয় তদন্ত ও ব্যাখ্যা চাওয়ার পথ নেওয়া হয়। কুমিল্লায়ও বিএনপি নেতা রেজাউল কাইয়ুমের বিরুদ্ধে শাসনগাছা বাস টার্মিনালসহ পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগ ওঠে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও পরে বিএনপি নেতাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বগুড়ার শাজাহানপুরে বাজারের নির্ধারিত এলাকার বাইরে কৃষিপণ্য থেকে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা শাহাদৎ হোসেনসহ কয়েকজনকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জোটের ক্ষমতাগ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যেও সংঘটিত নানা অপরাধ সরকারকে অস্বস্তিতে ফেলছে। দল হিসেবে বিএনপিও বিব্রত হয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলোর প্রেক্ষিতে প্রতিটি ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। ঢাকাসহ দেশব্যাপী সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার ও দলের নীতিনির্ধারক পর্যায়ে তা অব্যাহত রাখার ইঙ্গিতও দেওয়া হয়েছে।