× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গবাদিপশুর দেহে কাজ করছে না অ্যান্টিবায়োটিক

ফারুক আহমাদ আরিফ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১১:০৪ এএম

গবাদিপশুর দেহে কাজ করছে না অ্যান্টিবায়োটিক। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গবাদিপশুর দেহে কাজ করছে না অ্যান্টিবায়োটিক। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জীবন রক্ষাকারী ওষুধই এখন আর কাজ করছে না গবাদিপশু ও হাঁস-মুরগির দেহে। সামান্য অসুখ কিংবা নিয়ম না মেনে যত্রতত্র অ্যান্টিবায়োটিক প্রয়োগের কারণে জীবাণুগুলো এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে, অনেক চিকিৎসাতেই এখন আর সুফল মিলছে না। খামারের গণ্ডি পেরিয়ে এই নীরব ঘাতক এখন সরাসরি হানা দিচ্ছে আমাদের খাবারের প্লেটে। প্রাণিজ উৎস থেকে ভয়াবহ সব অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু (সুপারবাগ) এসে ঢুকছে মানুষের শরীরে। চিকিৎসাশাস্ত্রের ভাষায় যাকে বলা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর)। 

গবাদিপশুর চিকিৎসায় ওষুধের এই অকার্যকারিতা এখন জনস্বাস্থ্যের জন্য এক বড় অশনিসংকেত হয়ে দাঁড়িয়েছে।

মাঠপর্যায়ের চিত্রও এই ভয়াবহতার সাক্ষ্য দিচ্ছে। সম্প্রতি শরীয়তপুরের ডামুড্যার পূর্ব ডামুড্যা গ্রামের মনির হোসেনের ছয় মাস বয়সী একটি গরুর বাছুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ও পাতলা পায়খানায় ভুগে মারা যায়। বাছুরটির চিকিৎসা করেছিলেন দীর্ঘ ১৮ বছর ধরে গবাদিপশুর চিকিৎসায় যুক্ত থাকা স্থানীয় গ্রাম্য চিকিৎসক লুৎফর রহমান। তিনি বলেন, ‘এলএসডিতে আক্রান্ত হওয়ার আগেই সাধারণত টিকা দিতে হয়। বাছুরটিকে পাতলা পায়খানার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হলেও তা কোনো কাজ করেনি।’

কৃষকেরা বলছেন, মাঠে চরানো গরু-ছাগল এখন এলএসডি, তড়কা বা নিউমোনিয়ার মতো রোগে বেশি আক্রান্ত হচ্ছে। আর এসব রোগের চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ক্রমশ সীমিত হয়ে আসছে। নিবন্ধিত ভেটেরিনারি সার্জনের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহারকেই এর মূল কারণ হিসেবে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

ডামুড্যা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মানসুরুল হক বলেন, ‘যখন সাধারণ ওষুধে কাজ হয় না, তখন বাধ্য হয়ে উচ্চমাত্রার বা দীর্ঘমেয়াদি অ্যান্টিবায়োটিক দিতে হয়। এর ফলে এই ওষুধের অবশিষ্টাংশ প্রাণিদেহে ও পরিবেশে রয়ে যায়, যা খুবই ক্ষতিকর। রেজিস্ট্যান্স বা ওষুধের অকার্যকারিতার এই বিষয়টি আমাদের খাদ্যনিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত।’

গবেষণায় ভয়াবহ চিত্র

চিকিৎসকদের ভাষায়, ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকের মতো জীবাণুগুলো যখন ওষুধের বিরুদ্ধে নিজেদের প্রতিরোধক্ষমতা গড়ে তোলে এবং ওষুধ তাদের আর ধ্বংস করতে পারে না, তখন সেই অবস্থাকে এএমআর বলা হয়।

প্রাণিসম্পদ অধিদপ্তরের এপিডেমিওলজি সেলের উপপরিচালক ডা. মো. আনোয়ারুল ইসলাম জানান, ভাইরাসজনিত রোগে অ্যান্টিবায়োটিক কাজ না করলেও তা অবাধে ব্যবহার করা হচ্ছে। ২০২৪-২৫ সালে চারটি জেলার ৭২টি ব্রয়লার, লেয়ার ও সোনালি মুরগির খামারের ওপর অধিদপ্তরের এক গবেষণায় দেখা যায়, ই-কোলাই, সালমোনেলা, এন্টারোকক্কাস ও ক্যাম্পাইলোব্যাকটরের মতো ব্যাকটেরিয়াগুলো ওষুধ প্রতিরোধী হয়ে উঠেছে। এর মধ্যে ই- কোলাই ব্যাকটেরিয়াটি ১৯টি অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে ৯৮ শতাংশ পর্যন্ত প্রতিরোধক্ষমতা অর্জন করেছে।

চলতি বছর মাঠপর্যায় থেকে সংগ্রহ করা ব্রয়লার মুরগির মাংস ও ডিমের ১৩৯টি নমুনা প্রাণিসম্পদ অধিদপ্তরের ল্যাবে পরীক্ষা করা হয়। ফলাফলে দেখা যায়, মাংসের নমুনায় দুটি অ্যান্টিবায়োটিকের (অক্সিটেট্রাসাইক্লিন ও এনরোফ্লক্সাসিন) উপস্থিতি নির্ধারিত মাত্রার চেয়ে বেশি। তবে পরীক্ষাকৃত ডিমে কোনো অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ পাওয়া যায়নি। অন্যদিকে, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) গবেষণায় দেখা গেছে, দেশের ব্রয়লার, লেয়ার, গরু, ছাগল ও ভেড়া থেকে পাওয়া জীবাণুর মধ্যে ৭১ শতাংশই একাধিক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী।

মানবদেহে ছড়াচ্ছে ঝুঁকি

গবাদিপশু ও হাঁস-মুরগির দেহে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষতিকর প্রভাব নিয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) গবেষক অধ্যাপক ডা. জাকির হোসেন বলেন, ‘অতিরিক্ত ওষুধ প্রয়োগের ফলে পশুর শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া তৈরি হয়। মানুষ যখন বাজার থেকে এই সংক্রমিত মাংস কিনে আনে এবং অস্বাস্থ্যকর উপায়ে কাটাকাটি বা সঠিক তাপে রান্না না করে খায়, তখন সেই শক্তিশালী প্রতিরোধী জীবাণু মানুষের দেহেও প্রবেশ করে। এভাবে প্রাণিজ সম্পদ থেকে উদ্ভূত এএমআর সরাসরি মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।’

বিশ্বব্যাপী উদ্বেগ ও অর্থনৈতিক ক্ষতি

গত ৩ জুন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে ব্যবহৃত অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের প্রায় ৭৫ শতাংশই গবাদিপশু পালনে ব্যবহার করা হয়। এখনই পদক্ষেপ না নিলে আগামী ১৫ বছরে এই ব্যবহার আরও বাড়বে এবং মানবদেহে অতিপ্রয়োজনীয় ওষুধের কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাবে। সংস্থাটির মতে, ২০৪০ সালের মধ্যে এই সংকট মোকাবিলা না করলে গবাদিপশু খাতে ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৩১ হাজার ৮০০ কোটি ডলারে। অথচ অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে খরচ হবে মাত্র ৫ হাজার ৩০০ কোটি ডলার।

‘ফ্লেমিং ফান্ড কান্ট্রি গ্রান্ট টু বাংলাদেশ’ প্রকল্পের প্রাক্তন টেকনিক্যাল লিড ড. মো. নূরে আলম সিদ্দিকী জানান, যুক্তরাজ্য সরকারের সহায়তায় দেশে এএমআর নজরদারি বাড়াতে স্বাস্থ্য, প্রাণিসম্পদ ও মৎস্য অধিদপ্তরের অধীনে ২০টি ল্যাবরেটরির সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, ‘অযথা ও কোর্স শেষ না করে অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে ওষুধগুলো কার্যকারিতা হারাচ্ছে। দেশে ড্রাগ অ্যান্ড কসমেটিকস আইন অনুযায়ী চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করলে ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। এর কঠোর প্রয়োগ করা হলে যথেচ্ছ ব্যবহার কমে আসবে।’

বিশেষজ্ঞরা বলছেন, প্রাণিসম্পদ খাতে অ্যান্টিবায়োটিকের যাচ্ছেতাই ব্যবহার কমানো, সঠিক রোগ নির্ণয় করে ওষুধ প্রয়োগ এবং নিয়মিত ল্যাবভিত্তিক নজরদারি জোরদার করার বিকল্প নেই। মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য ও পরিবেশকে একই সুতোয় গেঁথে ‘ওয়ান হেলথ’ পদ্ধতির মাধ্যমেই এই মহাবিপদ মোকাবিলা করা সম্ভব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা