কিশোরগঞ্জের অষ্টগ্রামের বাঙালপাড়া থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড় পর্যন্ত মেঘনা নদীর ওপর নির্মাণাধীন এক কিলোমিটার দীর্ঘ সেতু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মেঘনার বুকজুড়ে দাঁড়িয়ে আছে অসম্পূর্ণ কয়েকটি পিলার। কোথাও পড়ে আছে নির্মাণসামগ্রী, কোথাও পড়ে রয়েছে যন্ত্রপাতি। কিন্তু নেই শ্রমিকের কর্মচাঞ্চল্য, নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন।
পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে সেতুর নির্মাণকাজ। অথচ এই সেতুকে ঘিরেই কয়েক বছর ধরে স্বপ্ন দেখছিলেন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের মানুষ।
কিশোরগঞ্জের অষ্টগ্রামের বাঙালপাড়া থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড় পর্যন্ত মেঘনা নদীর ওপর নির্মাণাধীন এক কিলোমিটার দীর্ঘ সেতুটির প্রকল্প ব্যয় প্রায় ১৭৭ কোটি টাকা।
চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ২৫ অক্টোবরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। বরং প্রকল্পের প্রায় ৪০ শতাংশ কাজ শেষ হওয়ার পর নির্মাণকাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন প্রায় ৩৫ কোটি টাকা বিল উত্তোলন করেছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কাজ বন্ধ হওয়ার পর প্রতিষ্ঠানটির লোকজন নির্মাণস্থল ছেড়ে চলে গেছেন। এমনকি প্রকল্পের নির্মাণকাজের দায়িত্বে থাকা প্রকৌশলীও চাকরি ছেড়েছেন।
দীর্ঘদিন নির্মাণকাজ বন্ধ থাকায় একদিকে যেমন প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, অন্যদিকে নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। দ্রুত কাজ শুরু না হলে সেতুটি ঘিরে হাওরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিন বছরেও শেষ হয়নি সেতুর কাজ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের নোয়াগাঁও থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের দুর্গাপুর পর্যন্ত মেঘনা নদীর ওপর এক হাজার মিটার দীর্ঘ সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
২০২৩ সালের ১৪ মে অষ্টগ্রামের বাঙালপাড়া ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিশোরগঞ্জ-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের তৎকালীন সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম যৌথভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এরপর শুরু হয় নির্মাণকাজ। মেঘনার বুকের ওপর একের পর এক পিলার উঠতে থাকে। নদীর তীর হয়ে ওঠে কর্মচঞ্চল নির্মাণ এলাকা।
চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ২৫ অক্টোবরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়নি। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রকল্পের প্রায় ৪০ শতাংশ কাজ হয়েছে।
শুরুতে স্বপ্ন, এখন হতাশা
সেতুর নির্মাণকাজ শুরু হওয়ার পর অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনসহ হাওরাঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক আশাবাদ তৈরি হয়।
দীর্ঘদিনের নৌপথনির্ভর জীবনযাত্রার পরিবর্তন ঘটিয়ে সড়কপথে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে- এমন প্রত্যাশা ছিল স্থানীয়দের।
অনেকের প্রত্যাশা ছিল, সেতুটি শুধু মেঘনার দুই প্রান্তকে যুক্ত করবে না, এর মাধ্যমে হাওরাঞ্চলের অর্থনীতিতেও গতি আসবে। নির্মাণকাজ শুরুর পর নদীর পানির মধ্যে পিলার দৃশ্যমান হতে থাকায় সেই প্রত্যাশা আরও বাড়ে।
কিন্তু ধীরে ধীরে নির্মাণকাজের গতি কমতে থাকে। একপর্যায়ে শ্রমিক ও নির্মাণসামগ্রীর আনাগোনা কমে যায়। পরে পুরোপুরি বন্ধ হয়ে যায় কাজ।
নির্মাণস্থল এখন অনেকটা পরিত্যক্ত
কাজ বন্ধ হওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নির্মাণস্থল ছেড়ে চলে গেছেন। ফলে সেতু নির্মাণ এলাকা এখন অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
মেঘনার তীর ও আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি। নদীর মধ্যে দাঁড়িয়ে থাকা অসম্পূর্ণ পিলারগুলো জানান দিচ্ছে, সেতুটির নির্মাণকাজ এখনও অনেকটাই বাকি।
স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান বলেন, “এই ব্রিজের সঙ্গে আমাদের অনেক স্বপ্ন জড়িত। কাজ শুরু হওয়ার পর থেকেই অপেক্ষায় আছি, কখন এটি চালু হবে। ব্রিজটি হলে সারা বছর শহরের সঙ্গে সড়কপথে যোগাযোগ থাকবে।”
তিনি বলেন, “হাওরের ধান শহরে নিয়ে গিয়ে ভালো দামে বিক্রি করা যাবে। মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে, শিক্ষার সুযোগও বাড়বে। কিন্তু পাঁচ মাস ধরে কাজ বন্ধ থাকায় আমাদের সেই স্বপ্নও স্থবির হয়ে পড়েছে।”
আরেক স্থানীয় বাসিন্দা উসমান মিয়া বলেন, “তিন বছর আগে ব্রিজের কাজ শুরু হয়েছে। এখানে আমার অনেক জায়গা গেছে। ব্রিজটি আমাদের অনেক দিনের স্বপ্ন।’
তিনি বলেন, “আমার বয়স হয়েছে, হয়তো বেশিদিন বাঁচব না। কিন্তু আমার পরবর্তী প্রজন্ম যেন সারা বছর সড়কপথে শহরের সঙ্গে যোগাযোগ করতে পারে, এমন আশা ছিল। ব্রিজটি হলে শুধু আমার নয়, হাওরের সব মানুষের উপকার হবে। কিন্তু এখন কাজ বন্ধ করে ঠিকাদারের লোকজন চলে গেছে।”
নদীপাড়ের বাসিন্দাদের প্রত্যাশা
অষ্টগ্রামসহ হাওরাঞ্চলের মানুষের জীবিকার বড় অংশ কৃষিনির্ভর। বিশেষ করে ধান উৎপাদন এ অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ। বর্তমানে কৃষিপণ্য পরিবহনে নৌপথের ওপর নির্ভর করতে হয়। এতে সময় ও পরিবহন ব্যয় দুটোই বাড়ে।
স্থানীয় কৃষক নূরু মিয়া বলেন, “ধান কাটার মৌসুমে আমাদের সবচেয়ে বড় সমস্যা পণ্য পরিবহন। ব্রিজ হলে সড়ক দিয়ে দ্রুত ধান বাজারে নেওয়া যাবে। এতে সময় ও খরচ দুটোই কমবে।”
তিনি আরও বলেন, “ব্রিজের কাজ বন্ধ দেখে আমরা হতাশ। সরকার দ্রুত কাজ শেষ করলে কৃষকদের অনেক উপকার হবে।”
হাওরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রেও যোগাযোগব্যবস্থা বড় সমস্যা। বর্ষায় অনেক এলাকায় নৌপথ ছাড়া বিকল্প যোগাযোগ থাকে না। জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে।
পল্লী চিকিৎসক কামরুল ইসলাম বলেন, “কেউ গুরুতর অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়া খুব কঠিন হয়ে পড়ে। সেতুটি হলে অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহনে রোগী নেওয়া সহজ হবে। এ কারণে আমরা দ্রুত ব্রিজটি শেষ করার দাবি জানাই।”
সেতুটিকে ঘিরে শিক্ষার্থীদেরও প্রত্যাশা রয়েছে। স্থানীয় অভিভাবক আলাল মিয়া বলেন, “যোগাযোগের সমস্যার কারণে অনেক সময় ছেলেমেয়েদের দূরের স্কুল-কলেজে পাঠাতে অভিভাবকদের চিন্তা করতে হয়। ব্রিজ হলে সড়ক যোগাযোগ সহজ হবে।”
ব্যবসা-বাণিজ্যেও আসতে পারে গতি
সেতুটি নির্মাণ হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনের সঙ্গে নাসিরনগর হয়ে দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ তৈরি হবে।
এতে পণ্য পরিবহন সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় বাজারগুলোর সঙ্গে বড় বাজারের সংযোগ বাড়বে। পরিবহনব্যবস্থা সহজ হলে নতুন ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে।
ব্যবসায়ী দুলাল হোসেন বলেন, “এখন পণ্য পরিবহনে অনেক ঝামেলা। সেতুটি চালু হলে বাইরে থেকে পণ্য আনা এবং এখানকার পণ্য বাইরে পাঠানো সহজ হবে।”
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীও নেই
সেতুটির নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী জাহাঙ্গীর আলম বুলবুলও প্রায় দেড় মাস আগে চাকরি ছেড়েছেন।
তিনি বলেন, “আমি প্রায় দেড় মাস আগে চাকরি ছেড়ে অন্যত্র চলে গেছি। বর্তমানে প্রকল্পের কাজ কেন বন্ধ রয়েছে, সে বিষয়ে আমি কিছু বলতে পারব না। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গেও আমার কোনো যোগাযোগ নেই।”
ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন গুরুত্বপূর্ণ প্রকৌশলীও প্রকল্প থেকে সরে যাওয়ায় নির্মাণকাজের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
১৭৭ কোটি টাকার প্রকল্পে বিল ৩৫ কোটি
এলজিইডি সূত্রে জানা গেছে, সেতুটি নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছিল প্রায় ১৭৭ কোটি টাকা। এর মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন এ পর্যন্ত প্রায় ৩৫ কোটি টাকা বিল উত্তোলন করেছে। কাজ হয়েছে প্রায় ৪০ শতাংশ। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় প্রকল্পটি এখন জটিলতার মুখে পড়েছে।
এলজিইডির অষ্টগ্রাম উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক বলেন, “১৭৭ কোটি টাকার প্রকল্পের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান এ পর্যন্ত ৩৫ কোটি টাকা বিল উত্তোলন করেছে।”
তিনি বলেন, “তমা কনস্ট্রাকশন চুক্তিভঙ্গ করে কাজ অসম্পূর্ণ রেখেই চলে গেছে। সরকারের পতনের পর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আত্মগোপনে থাকায় প্রকল্পের কাজ ধীরগতিতে চলছিল। তবে গত পাঁচ মাস ধরে কাজ পুরোপুরি বন্ধ।”
তিনি আরও বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি রেখেই চলে গেছেন।”
নতুন দরপত্রের প্রক্রিয়া শুরু
কাজ বন্ধ হয়ে যাওয়ায় অসম্পূর্ণ সেতুর নির্মাণকাজ শেষ করতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এলজিইডির কর্মকর্তারা।
মোজাম্মেল হক বলেন, “অসম্পূর্ণ কাজ শেষ করার জন্য নতুন করে দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনিক অনুমোদন সম্পন্ন করে দ্রুত সেতুটির নির্মাণকাজ পুনরায় শুরু করা হবে।”
প্রায় ১৭৭ কোটি টাকার এই সেতু নির্মাণ শেষ হলে হাওরাঞ্চলের মানুষের সড়ক যোগাযোগে বড় পরিবর্তন আসবে বলে প্রত্যাশা স্থানীয়দের।
এখন তাদের অপেক্ষা- কবে আবার মেঘনার বুকে থেমে থাকা নির্মাণকাজ শুরু হবে এবং কবে বাস্তবে রূপ নেবে দীর্ঘদিনের সেই স্বপ্ন।