× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলপিজি সংকট নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ

দীপক দেব

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৯ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজারে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে সিলিন্ডারপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। বিইআরসি থেকে ১২ কেজির সিলিন্ডারের দাম ১,৫৮৫ টাকা নির্ধারণ করা হলেও সরবরাহ সংকটের অজুহাতে বর্তমানে তা কিনতে হচ্ছে দুই হাজার টাকা দিয়ে। এলপিজি সরবরাহের এমন অচলাবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে বাসাবাড়ির রান্নাবান্নায় এলপিজির ওপর নির্ভরশীল পরিবারগুলোকে সংসারের অন্য সব খাতের খরচ সংকুচিত করে সে টাকা তুলে দিতে হচ্ছে খুচরা বাজারের সিন্ডিকেটের হাতে।

এদিকে আমদানিকারকরা বলছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম নির্ধারণ না করার পাশাপাশি ডিলার-ডিস্ট্রিবিউটরদের তৈরি করা কৃত্রিম সংকটের কারণে এ পরিস্থিতি দেখা দিয়েছে। অন্যদিকে ডিলার ও খুচরা সরবরাহকারীরা বলছেন, এর জন্য দায়ী এলজিপির অপ্রতুল প্রাপ্যতা। এ অবস্থায় পর্যবেক্ষকরা বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিইআরসিকে নতুন করে এলপিজির মূল্য নির্ধারণ করার তাগিদ দিয়েছেন। কারণ বর্তমানে বেঁধে দেওয়া মূল্যে অনেক আমদানিকারকই এলপিজি আনতে চাইছেন না। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে ভবিষ্যতে আমদানিকারকের সংখ্যা আরও কমে আসবে এবং পরিস্থিতিও জটিল হবে। 

পরিস্থিতি পর্যালোচনায় আমদানিকারকদের সঙ্গে গতকাল জরুরি বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দেশে এলপিজি আমদানির সাম্প্রতিক পরিমাণ, মজুদ ও সরবরাহ পরিস্থিতি, বাজারদর এবং আনুষঙ্গিক বিষয় পর্যালোচনার জন্য এ সভা করা হয়। সেখানে অংশগ্রহণকারীদের আলোচনায় উঠে আসে যে, আমদানি পর্যাপ্ত হওয়ার পরও মধ্যস্বত্বভোগীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াচ্ছে। আলোচকরা আন্তর্জাতিক পরিস্থিতি ও বিইআরসির পক্ষ থেকে বেঁধে দেওয়া মূল্যের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। 

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই এলপিজির মূল্যকে কেন্দ্র করে একধরনের সংকট দেখা যাচ্ছে। তবে খোঁজ নিয়ে দেখা গেছে, বর্তমানে দেশে চাহিদার বিবেচনায় পর্যাপ্ত পরিমাণ এলপিজি মজুদ রয়েছে। তারপরও বাজারে সংকট দেখা দেওয়ায় গতকাল দুপুরে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এলপিজি আমদানিকারকদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন। এ বৈঠকের আগে বিশেষ করে বাংলাদেশ ব্যাংক ও এনবিআরসহ সংশ্লিষ্ট বিভিন্ন মাধ্যম থেকে আমদানি সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয় এবং তা উপস্থাপনও করা হয়। আমদানিকারকরা এ বৈঠকে বিশ্বপরিস্থিতির কথা উল্লেখ করে নানা দাবিদাওয়া তুলে ধরেন। তবে পাশাপাশি দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে মন্ত্রীকে আশ্বস্তও করেন এবং পাশাপাশি বিইআরসির সঙ্গে সমন্বয়হীনতার কথা জানান। বৈঠকে মন্ত্রী বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে আমদানিকারকদের চাহিদা পূরণের আশ্বাস দিয়েছেন। 

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশে বছরে প্রায় ১৭ থেকে ১৮ লাখ টন এলপিজির চাহিদা রয়েছে এবং দেশের প্রায় এক কোটি গ্রাহক এই জ্বালানির ওপর নির্ভরশীল। মোট ব্যবহারের প্রায় ৮০ শতাংশই ব্যয় হয় বাসাবাড়ির রান্নার কাজে। এর বাইরে শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানে ১২ শতাংশ, যানবাহনে ৫ শতাংশ ও অন্যান্য তিন শতাংশ ব্যবহার হয়। অন্যদিকে এ খাতের চাহিদার প্রায় ৯৮.৬৭ শতাংশ সরবরাহ করে বেসরকারি খাত, আর সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে মাত্র ১.৩৩ শতাংশ। এনবিআরের সূত্র থেকে পাওয়া তথ্য অনুসারে চলতি বছরের আগস্টে ১,৫৭,৭৬০ টন এবং ২২ সেপ্টেম্বর পর্যন্ত ১,১৮,৭৪২ টন এলপিজি আমদানি করা হয়েছে। 

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, বাজারে পর্যাপ্ত পরিমাণে এলপিজি সরবরাহ রয়েছে। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও সংকট দেখা দেওয়ার পেছনে মধ্যস্বত্বভোগী গোষ্ঠী ভূমিকা থাকে বলে জানান তিনি। গ্রাহক পর্যায়ে এলপিজি সরবরাহে যেন ঘাটতি না হয় এবং অসদুদ্দেশ্যে কেউ যেন মজুদদারি করে জনদুর্ভোগ সৃষ্টি না করে, সে ব্যাপারে তিনি সবাইকে সতর্ক থাকতে বলেন।

মেঘনা ফ্রেশ এলপিজি লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার আবু সাঈদ রেজা পরিস্থিতি তুলে ধরতে গিয়ে বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কার্গোর অপ্রাপ্যতা। আগে একটি পথ বন্ধ থাকলেও অন্য পথ খোলা থাকত। কিন্তু এখন লোহিত সাগর ও হরমুজ প্রণালীÑ দুটি পথই মারাত্মকভাবে ব্যাহত। ফলে কোনো বড় এলপিজি কার্গো আসতে পারছে না। বিকল্প পথে ওমান, মালয়েশিয়া কিংবা নরওয়ে থেকে ছোট আকারে কিছু সরবরাহ পেলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল ও অনিয়মিত।’ 

আমদানিকারকরা জানাচ্ছেন, আন্তর্জাতিক বাজারে দাম এবং পরিবহন খরচ আকাশচুম্বী হলেও বিইআরসির মাসিক মূল্যসূত্রে তা পুরোপুরি প্রতিফলিত হচ্ছে না। ফলে বাড়তি খরচে অতিরিক্ত কার্গো এনে লোকসান গুনতে তাদের অনেকেই রাজি নন। এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সদস্য প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে, অনেক আমদানিকারক চুক্তিতে যত কার্গো আছে, তার চেয়ে কম সংখ্যক কার্গো পাচ্ছেন। তাছাড়া বিশ্ববাজারে কার্গো প্রিমিয়াম বিইআরসির নির্ধারিত ১৬০ ডলার থেকে বেড়ে বর্তমানে ২৬০ থেকে ৪০০ ডলারে ঠেকেছে। বাড়তি খরচ জোগানো সম্ভব না হওয়ায় অনেক কোম্পানিই লোকসান এড়াতে আমদানি কমিয়ে দিয়েছে বা সাময়িকভাবে বন্ধ রেখেছে।

গত বছরের ডিসেম্বরেও বেসরকারি খাতের আমদানি কম হওয়ায় একই ধরনের সংকট দেখা দিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে সরকার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) সরাসরি এলপিজি আমদানির অনুমোদন দেয়। তবে সেখানেও আশাব্যঞ্জক সাড়া পাওয়া যায়নি। ‘স্পিড মার্কেটিং’ নামে একটি প্রতিষ্ঠান সরাসরি ক্রয় প্রক্রিয়ায় পাঁচ হাজার টন এলপিজি সরবরাহের চুক্তি পেলেও সেই কার্গো কবে নাগাদ দেশে পৌঁছাবে তা এখনও অনিশ্চিত।

ইস্ট-কোস্ট গ্রুপের চেয়ারম্যান ও ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালক আজম জে চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মধ্যপ্রাচ্য থেকে আমদানি কমে যাওয়ায় এবং আমেরিকা নির্ভরতা বেড়ে যাওয়ায় জ্বালানির আন্তর্জাতিক দাম ও পরিবহন খরচ বহুগুণ বেড়েছে। দেশে পর্যাপ্ত সংরক্ষণাগার ও গভীর সমুদ্র টার্মিনাল না থাকায় সাধারণ ভোক্তারা বাজারমূল্যের এই আকস্মিক ওঠানামার সুফল পান না। এ ছাড়া সরবরাহ সংকটের আশঙ্কায় স্থানীয় ডিলার ও পরিবেশকরা কৃত্রিম আতঙ্ক সৃষ্টি করে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে।’ 

সাত কোম্পানির হাতে চলে যাচ্ছে এলপিজি আমদানি

দেশে এলপিজি আমদানিতে অনুমোদিত কোম্পানি ২৩টি। তবে ২০২৪-২৫ অর্থবছরে ১৭টি প্রতিষ্ঠান আমদানি করেছে। ওই বছর মোট ১৭ লাখ ৬ হাজার ২০০ টন এলপিজি আমদানি করে প্রতিষ্ঠানগুলো। তবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গত তিন মাসের (জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর) তথ্য অনুযায়ী এই সংখ্যা নেমে এসেছে ১০টিতে। এনবিআরের হিসাব অনুযায়ী জুলাই মাসে ১২টি ও আগস্ট মাসে ১৩টি প্রতিষ্ঠান এলপিজি আমদানি করলেও চলতি সেপ্টেম্বর মাসে তা ১০টিতে নেমে এসেছে। বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে এই সংখ্যা আরও কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামীতে এই সংখ্যা সাতে নেমে আসতে পারে বলে ধারণা দিয়েছে আরেকটি সূত্র। পর্যবেক্ষকরা বলছেন, এখনই সঠিক পদক্ষেপ না নিলে পুরো পরিস্থিতি কয়েকটি প্রতিষ্ঠানের হাতে চলে যাবে। 

এ বিষয়ে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ‘কয়েকটি কোম্পানির শিডিউল অনুযায়ী আমদানি কার্গো না পৌঁছানোয় সেপ্টেম্বর মাসে এলপিজি বাজারে সাময়িক ঘাটতি তৈরি হয়েছে। বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে বিইআরসি শিগগিরই এলপিজি আমদানিকারকদের সঙ্গে বৈঠক করবে।’ 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা