× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিজিটাল ভূমি জরিপ প্রকল্পে ব্যয় বাড়ছে ২৮ শতাংশ

জোসনা জামান

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৮ এএম

গ্রাফিক্স:  প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ডলারের দাম বৃদ্ধির ধাক্কা লেগেছে উন্নয়ন প্রকল্পে। এ ছাড়া নতুন খাত অন্তর্ভুক্তি, কোন খাতের খরচ বেড়ে যাওয়া ও কমাসহ নানা কারণে ব্যয় বাড়ছে ‘ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন’ প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ৩টি সিটি করপোরেশন, ১টি পৌরসভা এবং ২টি গ্রামীণ উপজেলায়। এ ক্ষেত্রে সর্বশেষ সংশোধিত খরচ থেকে ১১০ কোটি ৯৩ লাখ টাকা বেড়ে এখন মোট ব্যয় দাঁড়াচ্ছে ৫০৫ কোটি ৩১ লাখ টাকায়। শতকরা হিসেবে ব্যয় বৃদ্ধির হার ২৮ দশমিক ১৩ শতাংশ। সেই সঙ্গে আড়াই বছর বাড়ছে প্রকল্পের মেয়াদও। ফলে সাড়ে ৩ বছরের প্রকল্পটি বাস্তবায়নে সময় লাগবে সাড়ে ১০ বছর। দ্বিতীয় সংশোধনীর এ প্রস্তাবটি আজ মঙ্গলবার উঠছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। খবর সংশ্লিষ্ট সূত্রের।

সূত্র জানায়, প্রকল্পটি হাতে নেওয়ার পর থেকে প্রায় সাড়ে ৮ বছর পেরিয়ে গেলেও গত জুন মাস পর্যন্ত ক্রমপুঞ্জিত আর্থিক ব্যয় হয়েছে ২২৭ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার টাকা। আর্থিক অগ্রগতি দাঁড়িয়েছে ৫৮ শতাংশ এবং বাস্তব অগ্রগতি ৬৪ শতাংশ।

পরিকল্পনা সচিব এসএম শাকিল আকতার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ডিজিটাল ভূমি জরিপের এটিসহ মোট ১৫টি প্রকল্প উপস্থাপন করা হবে একনেক বৈঠকে। এগুলোর মধ্যে গত একনেক বৈঠক থেকে ফেরত আসা ৬টি প্রকল্প রয়েছে। মোট প্রকল্পের মধ্যে আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের পাঁচটি, কৃষি-পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের পাঁচটি, ভৌত অবকাঠামো বিভাগের তিনটি এবং শিল্প ও শক্তি বিভাগের প্রকল্প থাকছে দুটি। এদিকে আরও ১৫টি উন্নয়ন প্রকল্প একনেকের অবগতির জন্য উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এগুলোর প্রতিটির ব্যয় ৫০ কোটি টাকার নিচে হওয়ায় ইতোমধ্যেই অনুমোদন করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এখন শুধু প্রথা অনুযায়ী অবহিত করা হবে। 

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়নের জন্য জাইকার সঙ্গে ঋণ চুক্তির সময় ডলারের বিনিময় হার ছিল ৭৮ টাকা ৪০ পয়সা। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১২২ টাকায়। এতে বৈদেশিক ঋণ অংশের টাকার পরিমাণ ৪১ কোটি ২ লাখ ৯২ হাজার বৃদ্ধি পেয়েছে। ফলে প্রকল্পটি সংশোধন করার প্রস্তাব দেওয়া হয়েছে। আরও যেসব কারণে সংশোধন করা হচ্ছে সেগুলো হলোÑ প্রকল্পের বিভিন্ন আইটেমের ব্যয় হ্রাস এবং বৃদ্ধি ঘটেছে। যেমনÑ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির কারণে বিভিন্ন খাতের ২২টি অংশে ৯ কোটি ৬৬ লাখ টাকা খরচ কমেছে। অপরদিকে ৪৪টি অঙ্গে ১২০ কোটি ৫৯ কোটি টাকা ব্যয় বৃদ্ধি করা হয়েছে। ফলে অনুমোদিত মোট প্রাক্কলিত ব্যয়ের তুলনায় ১১০ কোটি ৯ লাখ ২৫ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। আরও আছে, নতুন অংশে অন্তর্ভুক্তি হিসেবে ২য় সংশোধনীতে কর্মচারী নিয়োগ অংশে ১৬ কোটি ১৯ লাখ টাকা, বিশেষ সুবিধা অংশে ১৩ কোটি ৯৮ লাখ টাকার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া ভ্রমণ ব্যয় কোড পরিবর্তন করে অভ্যন্তরীণ ভ্রমণ ব্যয় কোড সমন্বয় করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, জনবহুল বাংলাদেশে ভূমি একটি গুরুত্বপূর্ণ সম্পদ। বর্তমান ভূমি রেকর্ড ব্যবস্থাপনা পদ্ধতি প্রথাগত হওয়ায় নানাবিধ সমস্যা রয়েছে। ভূমি ব্যবস্থাপনা ও পদ্ধতিতে জনসাধারণকে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হলে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভূমি প্রশাসনকে গতিশীল, টেকসই ও জনকল্যাণমুখী করে গড়ে তোলা প্রয়োজন। এজন্য ভূমি মন্ত্রণালয়ের আওতায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এ প্রকল্পটি হাতে নিয়েছিল। বর্তমানে প্রাক্কলিত ব্যয় ৩৯৪ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার টাকা থেকে নতুন করে ১১০ কোটি ৯৩ লাখ ২৫ হাজার টাকা বৃদ্ধি করে মোট ব্যয় ৫০৫ কোটি ৩১ লাখ ৭৮ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকারি তহবিলের ১৫৮ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার এবং জাইকার ঋণ থেকে ৩৪৬ কোটি ৪৩ লাখ ৭০ হাজার টাকা খরচ করা হবে। 

সাড়ে ৩ বছরের প্রকল্প যাচ্ছে সাড়ে ১০ বছরে 

প্রকল্পটি মূল অনুমোদিত মেয়াদ ছিল ২০১৮ সালের জুলাই হতে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত, সাড়ে ৩ বছর। প্রথম সংশোধনীর মাধ্যমে সাড়ে তিন বছর বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত করা হয়। এর মাঝে একবার ব্যয় বাড়ানো ছাড়াই শুধু মেয়াদ এক বছর বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত করা হয়েছিল। এবার আড়াই বছর বাড়িয়ে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। ফলে সাড়ে ৩ বছরের প্রকল্পটি বাস্তবায়নে সময় লাগবে সাড়ে ১০ বছর। 

প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রম 

প্রকল্পটির আওতায় প্রধান কার্যক্রমগুলো হলোÑ ৬টি লোকেশনের ৬৩৪টি মৌজায় ডিজিটাল সার্ভে সম্পন্ন করা, অস্থায়ী কন্ট্রোল পয়েন্ট স্থাপনের সংখ্যা ৮৮ হাজার ৮৩৪টি সম্পন্ন করা এবং ড্রোন ও এয়ারক্রাফট ব্যবহার করে এরিয়াল ফটোগ্রাফির মাধ্যমে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে। এ ছাড়া অ্যাপস ডেভেলপ করা, জাতীয় ডাটা সেন্টারে ডিএলএমএস স্থাপনের মাধ্যমে ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট পরিচালনা করা। সিএস/আরএস ম্যাপ এবং খতিয়ান স্ক্যান করে ডিজিটাইজেশন ও ডাটাবেজ নির্মাণ করা হবে। 

যেখানে বাস্তবায়িত হচ্ছে 

প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, ঢাকা জেলার ধামরাই উপজেলা (পৌরসভাসহ), মানিকগঞ্জ পৌরসভা, চট্টগ্রাম সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন এবং কুষ্টিয়া সদর উপজেলা (পৌরসভাসহ)। 

পরিকল্পনা কমিশনের মতামত 

প্রকল্পটির সংশোধনী প্রস্তাবের উপর পরিকল্পনা কমিশনের মতামত দিতে গিয়ে পরিকল্পনা কমিশনের কৃষি পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) মো. মাহমুদুল হোসাইন খান বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ডিজিটাল সার্ভে, ম্যাপ ও খতিয়ান ডিজিটাইজেশনের মাধ্যমে ভূমি মালিকগণের মালিকানার অধিকার নিশ্চিতকরণ সম্ভব হবে। এ ছাড়া ভূমি বিরোধ হ্রাস এবং ভূমি ব্যবস্থাপনায় সর্বাধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে নিরবচ্ছিন্ন ও স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার মাধ্যমে জনগণের সেবার মান উন্নত করা সম্ভব হবে। এসব কারণে প্রকল্পটির সংশোধনী প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা