গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
আদালতপাড়ায় একটি প্রতারক চক্র ভুয়া নথি তৈরি, বিচারপতির স্বাক্ষর জালিয়াতি, মামলার নম্বর বা থানার নাম পাল্টে ফেলা, এমনকি রায় ঘোষণার আগেই জাল সার্টিফায়েড কপি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটাচ্ছে। এটি এখন নিত্যদিনের ঘটনা। অর্থের বিনিময়ে দাগি আসামি কিংবা ভুয়া চিকিৎসকরাও অনায়াসে পার পেয়ে যাচ্ছেন। নিম্ন আদালত থেকে শুরু করে দেশের সর্বোচ্চ আদালতে বিচারিক রায় ও জামিনাদেশ জালিয়াতির এমন সব রোমহর্ষক ঘটনা প্রকাশ্যে আসায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন আইনবোদ্ধারা। তাদের মতে, এখনই এসব বন্ধে কঠোর ব্যবস্থা না নিলে দেশের বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের যেটুকু আস্থা অবশিষ্ট আছে, তা-ও ধসে পড়বে।
আদালতপাড়া সূত্রে জানা যায়, এই জালিয়াতি কোনো একক ব্যক্তির কাজ নয়; বরং এর পেছনে সক্রিয় রয়েছে একটি শক্তিশালী চক্র। সিআইডির তদন্তেও এমন একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়া গেছে, যারা দীর্ঘদিন ধরে ভুয়া ও জাল আদেশ তৈরি করে আসছে। অনেক ক্ষেত্রে আদালত বসেনি বা শুনানি হয়নিÑ এমন মামলারও ভুয়া জামিন আদেশ তৈরি করে কারাগারে পাঠিয়ে আসামিদের মুক্ত করার প্রমাণ পাওয়া গেছে।
ভুয়া চিকিৎসকের জাল জামিন
গত বছরের মে মাসে রংপুরে ভুয়া ডিগ্রি ব্যবহার করে রোগী দেখার অভিযোগে মোতালেব হোসেন রিপন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। সুপ্রিম কোর্ট বারের সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমানের সহায়তায় ভুয়া এজাহার ও নথি তৈরি করে উচ্চ আদালত থেকে জামিন নেন তিনি। রংপুরের নিম্ন আদালতে নথিপত্র যাওয়ার পর জালিয়াতি ধরা পড়ে এবং উচ্চ আদালত ওই আইনজীবীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়েরের নির্দেশ দেন। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই অভিনব প্রতারক চক্রকে শনাক্ত করে।
মেডিকেল সনদ গায়েব করে জামিন
গত ১ আগস্ট রাজশাহীর তানোরে জমি নিয়ে বিরোধের জেরে নূরসাত আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। রাজশাহী মেডিকেল কলেজে তার ১০ দিন চিকিৎসা চলে। হত্যাচেষ্টা মামলার এই ঘটনায় পুলিশ মূল আসামিদের বাঁচাতে গুরুতর আঘাতের চিকিৎসাসনদ আদালতে উপস্থাপন করেনি। বরং তানোর থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সেখানকার স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়া একটি ‘সামান্য ইনজুরি’-এর ভুয়া সনদ দেখিয়ে মূল আসামিরা গত ১৬ সেপ্টেম্বর জামিন পেয়ে যান।
নাবালক সাজিয়ে জামিন
গাইবান্ধায় চার প্রাপ্তবয়স্ক আসামিকে শিশু সাজিয়ে ভুয়া জন্মসনদ তৈরি করে জামিন নেওয়ার ঘটনা ঘটেছে। এই জালিয়াতিতে গাইবান্ধা জেলা বারের আইনজীবী শেফাউল ইসলাম, কোর্ট জিআরও ও মুহুরি জড়িত ছিলেন। অর্থের বিনিময়ে তারা আদালতের নথিপত্র গায়েব এবং আদেশ কাটাকাটি করেন বলে অভিযোগ ওঠে। গত ২ সেপ্টেম্বর গাইবান্ধা শিশু আদালত-২ তাদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন।
‘কুকি-চিন’ মামলার জামিন জালিয়াতি
কুকি-চিনের ২০ হাজার পোশাক জব্দের এক স্পর্শকাতর মামলায় তথ্য গোপন করে প্রথমে হাইকোর্ট থেকে জামিন নেন এক আসামি। দুই বিচারপতির স্বাক্ষরের পর সেই জামিন আদেশ পাল্টে মামলার নম্বর ও থানার নাম নতুন করে বসানো হয়। এই ভুয়া আদেশের ভিত্তিতেই কারাগার থেকে বেরিয়ে যান ‘রিংভো অ্যাপারেলস’-এর আসামি সাহেদুল ইসলাম। এই জালিয়াতির ঘটনায় ৪ মে জাকির হোসেন নামে এক বেঞ্চ অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিচারপতির নামে ভুয়া রায়
সুপ্রিম কোর্টের সিভিল শাখার কর্মচারী আল আমিন বিচারপতির নামে ভুয়া সার্টিফায়েড কপি দিয়ে দুই গ্রামবাসীর কাছ থেকে ১৮ লাখ টাকা হাতিয়ে নেন। ওই কপিতে দেখানো হয়, হাইকোর্টে তাদের পক্ষে রায় হয়েছে। অথচ মামলাটির কোনো রায়ই হয়নি, এমনকি সেটি তখনও শুনানির অপেক্ষায় ছিল। গত ৯ জুলাই জালিয়াতির অভিযোগে আল আমিনকে আটক করা হয়।
বছরের শুরুতে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, দুর্নীতি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে। কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এত কড়াকড়ির পরও প্রতারণা থামেনি, বরং উচ্চ আদালত থেকে শুরু করে নিম্ন আদালতÑ সর্বত্রই জালিয়াতির ঘটনা অহরহ ঘটছে।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী বিচার বিভাগের দুর্নীতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘নিম্ন আদালতের পেশকার ও উচ্চ আদালতের বেঞ্চ অফিসারদের বিরুদ্ধে অনেক আগে থেকেই ফাইল ওঠানামা করা বা মামলার তারিখ আগে-পিছে করার অভিযোগ রয়েছে। আইনজীবী, বিচারক এমনকি বিচারপতিরাও নানা দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। এটা পেশাগত সততা ও নৈতিকতাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আরও গভীর কোনো অপরাধ চক্র লুকিয়ে আছে কি না, তা খুঁজে বের করতে হবে।’
সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আদালতের আদেশ জাল করার সঙ্গে কর্মকর্তা বা কর্মচারীরা সাধারণত জড়িত থাকেন না। একধরনের জালিয়াত ও প্রতারক চক্র কোর্টের আইনজীবী ও কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে এসব করে। এমন কিছু ধরা পড়লে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে সুবিধাভোগী ব্যক্তিদের ইচ্ছাতেই এসব জালিয়াতির ঘটনা ঘটে।’
সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুবউদ্দিন খোকন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘হাইকোর্টসহ দেশের সব আদালতে জামিন সংক্রান্ত প্রতারণা মারাত্মক আকার ধারণ করেছে। প্রধান বিচারপতিকে এসব বন্ধের দায়িত্ব নিতে হবে। অন্যান্য বিচারপতিকেও ভূমিকা পালন করতে হবে। প্রধান বিচারপতি উদ্যোগ নিলে আমরা বারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব। যারা এই জালিয়াতির সঙ্গে জড়িত, তাদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ প্রয়োজন।’