× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন অনুমোদন: বৈদেশিক ঋণে অনিশ্চয়তা

জোসনা জামান

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৭ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশে প্রথম ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। যদিও প্রকল্প প্রস্তাবে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণের উল্লেখ থাকলেও সেটির কোনো নিশ্চয়তা দিতে পারেনি রেলপথ মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। এ অবস্থায় ঋণের উৎসের বিষয়ে এক ধরনের অনিশ্চয়তা নিয়েই অনুমোদন দেওয়া হয়েছে ‘নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর ইলেকট্রিক ট্রেন’ চালুর একটি প্রকল্প। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা। এর মধ্যে ৯৪২ কোটি ৯ লাখ সরকারি তহবিল থেকে এবং ২ হাজার ৮৮০ কোটি ৪২ লাখ টাকা বৈদেশিক ঋণ থেকে আসবে বলে ধরা হয়েছে। যদিও ইআরডি ঋণপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে পারেনি। গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ তথ্য জানায় সংস্থাটি। বৈঠকের নথিপত্র পর্যালোচনা করেও এসব তথ্য মিলেছে। এসব নথি প্রতিদিনের বাংলাদেশের কাছেও রয়েছে। 

এ প্রসঙ্গে ইআরডির সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আজম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘অর্থায়ন নিশ্চিত করে প্রকল্প অনুমোদন দিলে ভালো হতো। তখন বাস্তবায়নকাজ দ্রুত শুরু করা যেত। এখন ঋণ পাওয়া অনিশ্চিত না হলেও বিলম্বিত হতে পারে বলে মনে হচ্ছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারিগরি সহায়তা যেহেতু এডিবি দেবে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানটির কাছ থেকেই ঋণ নেওয়ার একটি বাধ্যবাধকতা তৈরি হয়। এসব বিষয় ইআরডিকে পরিষ্কার করা দরকার।’ 

একনেক বৈঠকে এ প্রসঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, ‘এ প্রকল্পে এখনও বৈদেশিক অর্থায়ন নিশ্চিত করা সম্ভব হয়নি। কারণ এডিবির পরামর্শ অনুযায়ী প্রকল্পটির নকশা পরিবর্তন হবে, আরও যাচাই-বাছাই করা হবে। এখানে ২১টি ওভারপাস-আন্ডারপাস রয়েছে। নকশায় পরিবর্তন এলে এটির প্রাক্কলিত ব্যয়েও পরিবর্তন হতে পারে। এডিবির নিজস্ব টেকনিক্যাল টিম ও অ্যাডভাইজারের পরামর্শ অনুযায়ী প্রকল্পের নকশা ও বিভিন্ন অঙ্গসমূহ যাচাই-বাছাই করা হবে। এর আগে অর্থায়ন নিশ্চিত করা সম্ভব নয়। অর্থায়ন নিশ্চিতের আগে প্রকল্প অনুমোদনের বিষয়ে নির্দেশনা প্রয়োজন।’

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মতামত অনুযায়ী এডিবির নকশা পরিবর্তনের প্রস্তাব বিবেচনায় নিয়ে প্রকল্পটি অনুমোদন করা প্রয়োজন। তবে অর্থায়ন নিশ্চিত না হলে এ ধরনের প্রকল্প এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব কি না তা যাচাই করতে হবে।’

একনেক বৈঠকের সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এখানে পরামর্শক ব্যয় প্রায় ১৫০ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। সেটির সংস্থান প্রকল্পের ঋণের অংশ থেকে করা হবে। এছাড়া প্রায় ১১ কোটি টাকা প্রি-ইন্সপেকশন বাবদ বরাদ্দ রাখা হয়েছে, যার ৮ কোটি টাকাই বৈদেশিক মুদ্রায়। প্রি-ইন্সপেকশন কারা করবে, তাদের সক্ষমতা আছে কি না বা এর যৌক্তিকতা আছে কি না, তা ঠিক করা প্রয়োজন।’

রেলপথ মন্ত্রণালয় সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ‘প্রকল্পটি বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই নতুন এবং এটির মাধ্যমে রেলওয়ে ব্যবস্থাপনায় প্রযুক্তিগতভাবে মৌলিক পরিবর্তনের সূচনা হবে। এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ইলেকট্রিক ট্রেনের যুগে প্রবেশ করবে। এটি ঢাকা-নারায়ণগঞ্জে ৫২ কিলোমিটারব্যাপী পরীক্ষামূলক প্রথম ট্রেন। এ ধরনের প্রযুক্তি বাংলাদেশে প্রথমবারের মতো ব্যবহৃত হবে। তাই প্রি-শিপমেন্ট ইন্সস্পেকশনের জন্য কিছুটা বেশি অর্থের সংস্থান রাখা হয়েছে। নতুন প্রযুক্তির বিষয়ে সংশ্লিষ্টদের প্রশিক্ষণেরও প্রয়োজন রয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের সঙ্গে ইতোমধ্যে এডিবির আলোচনা হয়েছে। নকশা পরিবর্তনের বিষয়ে তাদের কিছু পর্যবেক্ষণ আছে। প্রয়োজনীয়তার নিরিখে নকশায় পরিবর্তন আনা হবে। এর সঙ্গে প্রকল্প প্রস্তাব অনুমোদনের কোনো সংশ্লিষ্টতা নেই। নির্বাচনী ইশতেহারে বর্তমান সরকারের উন্নয়ন দর্শন বিবেচনায় ট্রেনের বিভিন্ন যাত্রাপথে ইলেকট্রিক ট্র্যাকশন বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছে। তাই প্রকল্পটি অনুমোদন করা প্রয়োজন।’ তিনি বলেন, ‘ইলেকট্রিক ট্রেন সম্পূর্ণরূপে পরিবেশবান্ধব এবং এতে কার্বন নির্গমণের হার শূন্য। প্রকল্পের মাধ্যমে ৪০ শতাংশ এনার্জি সাশ্রয় হবে।’ 

বৈঠকে প্রধানমন্ত্রী জানতে চান, ‘একই ট্র্যাকে যেখানে ডিজেল লোকোমোটিভ চলছে, সেটি সরিয়ে নতুন ট্র্যাক স্থাপন করা হবে কি?’ এ প্রশ্নের উত্তরে রেলপথ মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘অন্য একটি প্রকল্পের মাধ্যমে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডুয়েলগেজের ডাবল লাইন নির্মাণ করা হচ্ছে এবং ৭০ ভাগ কাজ প্রায় শেষ। এই ট্র্যাকেই ইলেকট্রিক ট্রেন চলবে। মেট্রোরেলে যেখানে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে খরচ হয় সাড়ে ৪ টাকা, সেখানে এ ট্রেনে খরচ হবে মাত্র ২ টাকা। এ হিসাবে এটি অত্যন্ত সাশ্রয়ী।’ তিনি বলেন, ‘প্রকল্পে ১৬ সেট কোচ রাখার জন্য একটি সাবস্টেশন স্থাপন করা হবে। এজন্য মাত্র ১২ একর ভূমি অধিগ্রহণের প্রয়োজন পড়বে।’ 

এ পর্যায়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানতে চান, প্রি-শিপমেন্টে কারা অংশ নেবেন। জবাবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ‘এখানে থার্ড পার্টিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। কারিগরি জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে প্রি-শিপমেন্ট ইন্সপেকশন করলে কোনো অসুবিধা নেই।’

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘রেলের প্রকল্পগুলো বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি। প্রকল্পটি ২০৩০-এর মধ্যে বাস্তবায়ন করা প্রয়োজন। এডিবির সঙ্গে নেগোসিয়েশন দ্রুত সম্পন্ন করতে হবে। যেসব কারিগরি প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগ নেগোসিয়েশন করে, সেগুলোর ক্ষেত্রে একটা টেকনিক্যাল টিম গঠন করা প্রয়োজন।’

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, ‘পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন সভায় কোন প্রক্রিয়ায় প্রি-শিপমেন্ট ইন্সপেকশনের জন্য ফার্ম নিয়োগ করা হবে, তা অনুসন্ধান করা হয়েছে। ২০২৫ সালের ক্রম পরিকল্পনা নীতিমালার প্রক্রিয়া অনুসরণ করে ফার্ম নিয়োগ করা হচ্ছে।’ 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, ‘ঢাকার কাছের জেলাগুলো থেকে প্রতিদিন লাখ লাখ মানুষ জীবিকার প্রয়োজনে ঢাকা শহরে যাতায়াত করছে। দ্রুতগামী ইলেকট্রিক ট্রেন স্থাপন করা হলে এসব এলাকার লোকজনের স্থায়ীভাবে ঢাকায় বসবাসের প্রয়োজন হবে না।’ তিনি জানতে চান, বৈদ্যুতিক ট্রেন চালু হলে রেলওয়ের গড় গতির সঙ্গে কী ধরনের পার্থক্য হবে। তখন রেলপথ সচিব বলেন, ‘রেলওয়ের বিদ্যমান ট্র্যাকগুলো হচ্ছে মিটারগেজ। এসব ট্রেনের গড় গতি প্রতি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার। কিন্তু ইলেকট্রিক রেলের গতি ঘণ্টাপ্রতি ১৬০ কিলোমিটার।’ 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নারায়ণগঞ্জে যে বোটলনেক সৃষ্টি হয়েছে, সে সমস্যার সমধান না হলে এই প্রকল্প বাস্তবায়নে সমস্যা হবে। সমস্যাটির দ্রুত সমাধান প্রয়োজন। ডুয়েলগেজ স্থাপিত হলে মিটারগেজের ট্রেনগুলোকে ডুয়েলগেজে রূপান্তর করতে হবে।’

অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, ‘প্রকল্পের গুরুত্ব বিবেচনায় অর্থায়ন প্রাপ্তিসাপেক্ষে এর কার্যক্রম শুরু করা যেতে পারে।’ মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, ‘ডিজেল ট্রেনে ট্র্যাক সাপোর্ট করে না, ফলে দ্রুত যাওয়া সম্ভব হয় না। ইলেকট্রিক ট্রেনে বিদ্যমান ট্র্যাক সাপোর্ট করবে কি নাÑ এটি নিশ্চিত করতে হবে।’

এ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বিক দিক বিবেচনায় নিয়ে প্রকল্পটি অনুমোদনের সুপারিশ করেন। রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রকল্পটি চলতি বছর থেকে ২০৩১ সালের জুনের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে। প্রকল্পের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছেÑ ৫২ দশমিক ৩২ কিমি রেলপথে ওভারহেড ক্যাটেনারি সিস্টেম নির্মাণ এবং ১৬ সেট (প্রতি সেটে ৫টি কোচ) ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) সংগ্রহ করা। এছাড়া এ প্রকল্পের আওতায় ইএমইউ মেরামত কারখানাও নির্মাণ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা