× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোয়েন্দা রিপোর্টেই গলদ

তানভীর হাসান

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২১ এএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৬ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

সামাজিক মাধ্যমে সরকার ও পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে একটি অডিও ছড়িয়ে পড়ে গত ১৬ সেপ্টেম্বর রাতে। ভয়েস রেকর্ডটিতে পদায়নে ঘুষ লেনদেন, পুলিশের সক্ষমতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার বিষয়েও কথা বলতে শোনা যায় একজন ওসিকে। এ রেকর্ড ফাঁস হওয়ার পর গত ১৭ সেপ্টেম্বর ডিএমপি কমিশনারের সই করা এক অফিস আদেশে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানকে প্রত্যাহার করে সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। তদন্তের জন্য গঠন করা হয় তিন সদস্যের কমিটি। জিজ্ঞাসাবাদে রাকিবুল জানান, পুলিশের অনেক কর্মকর্তার সঙ্গে এখনও হারুন অর রশিদ এবং বিপ্লব কুমার সরকারদের যোগাযোগ রয়েছে। 

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যান্টনমেন্ট থানার এই সাবেক ওসি রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

এমন প্রেক্ষাপটে সাবেক এই ওসি কীভাবে এমন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছেন, তা নিয়ে কথা উঠেছে। এর আগে আওয়ামী লীগের মিছিলে সহায়তার অভিযোগে ক্লোজ করা হয় গুলশানের ওসি দাউদ হোসেনকে। চাঞ্চল্যকর এই দুটি ঘটনার রেশ না কাটতেই আওয়ামী লীগ নেতার বাসায় ভূরিভোজ থেকে ক্লোজড হয়েছেন নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম। 

এ পরিস্থিতিতে পুলিশ কর্মকর্তাদের পদায়নের বিষয়ে খোঁজ নিয়ে সংশ্লিষ্ট মহল জানতে পেরেছে যে, অন্তত ১২টি জেলায় এখনও সুবিধাভোগীরা এসপির চেয়ারে বসে আছেন। বিভিন্ন থানার ওসিদের বিরুদ্ধেও সাবেক সরকারের সময় নানা ধরনের সুযোগ-সুবিধা নেওয়ার ঘটনাও জানা গেছে।

নিয়ম অনুযায়ী ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক (ডিসি), সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসপি) এবং অফিসার ইনচার্জ (ওসি) পদায়নের আগে তাদের অতীত কর্মকাল, পেশাগত দক্ষতা ও শৃঙ্খলাজনিত রেকর্ড, দায়িত্ব পালনের স্থানকালÑ এসব তথ্য যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর কথা। কিন্তু বাস্তবে এসব যাচাই-বাছাইয়ের পরও কোনো কোনো কর্মকর্তার পদায়নের পর তাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, গোয়েন্দা সংস্থার প্রতিবেদন তৈরির প্রক্রিয়াতেই গলদ আছে কি না। অভিযোগ রয়েছে, মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারীরাই অনেক সময় অনৈতিক সুবিধা নিয়ে তথ্য হেরফের করছেনÑ যার মূল্য দিতে হচ্ছে পুলিশের নীতিনির্ধারণী পর্যায়কে। 

এমন পরিস্থিতিতে নতুন করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি ২০০৫ সালে নিয়োগপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টরদের যাচাইয়ের পর ওসি পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এসপি পদায়নের ক্ষেত্রে ২৫, ২৭ ও ২৮ ব্যাচের কর্মকর্তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে। 

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া এএইচএম শাহাদাত হোসাইন বলেন, ‘পুলিশের যেকোনো গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যাচাইয়ের একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া রয়েছে। যেটি অনুসরণ করা হয়। এছাড়াও সব পুলিশ সদস্যের নামের পাশে এসিআর থাকে। সেটা দেখার পরই তার পদায়ন করা হয়। সেখানে কারো তথ্য গোপন করার সুযোগ নেই। তবে পদায়নের আগে তার বিষয়ে ইউনিট প্রধানরাও খোঁজ নিয়ে থাকেন। সেখানে যদি তথ্য সংগ্রহকারী কর্মকর্তা তথ্য গোপন করে প্রতিবেদন দেন, তাহলে নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।’

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল খুলনা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে খুলনা জেলার এসপি করার কথা জানানো হয়েছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই ১২ আগস্ট তাকে খুলনা থেকে সরিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়। এই পদায়ন নিয়ে সে সময় রাজনৈতিক মহল ও সামাজিক মাধ্যমে প্রশ্ন ওঠে যে, এমন গুরুত্বপূর্ণ পদে একজন কর্মকর্তাকে পদায়নের আগে যে ধরনের তথ্য-উপাত্ত সরকারের হাতে থাকার কথা, তা পূর্ণাঙ্গভাবে সংগ্রহ ও মূল্যায়ন করা হয়েছিলো কি না। গত এক সপ্তাহে রাজধানীর ৩টি জোনের ডিসিকে নতুন করে পদায়ন করা হয়েছে। তাদের বিরুদ্ধেও সাবেক সরকারের সময় নানা ধরনের সযোগ নেওয়ার পাশাপাশি বর্তমান সময়েও আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ ওঠে। ওই কর্মকর্তা এতদিন গুলশান, উত্তরা ও মিরপুরের মতো গুরুত্বপূর্ণ থানায় দায়িত্ব পালন করে আসছিলেন। সরিয়ে দেওয়া হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানকেও। কয়েকটি জেলার এসপি পদায়ন নিয়েও অভিযোগ ওঠে। আর্থিক লেনদেনের মাধ্যমে জুলাই হত্যা মামলার আসামিকেও এসপি হিসেবে পদায়নের ঘটনা ঘটে। এ নিয়ে লেনদেনের কথোপকথনও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এ প্রসঙ্গে পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পদায়নের ক্ষেত্রে শুধু বর্তমান পদ বা পদমর্যাদা দেখলেই হয় না। তার দীর্ঘ কর্মজীবনের গুরুত্বপূর্ণ পোস্টিং, মাঠপর্যায়ের অভিজ্ঞতা, বিশেষায়িত ইউনিটে দায়িত্ব, শৃঙ্খলা ও প্রশাসনিক রেকর্ডÑ সব মিলিয়ে সামগ্রিক মূল্যায়নের প্রয়োজন পড়ে। বিশেষ করে জেলা এসপি পদটি পুলিশের মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব। একটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, থানাগুলোর কার্যক্রম, অপরাধ দমন, রাজনৈতিক ও সামাজিকভাবে সংবেদনশীল পরিস্থিতি মোকাবিলা এবং অধস্তন কর্মকর্তাদের পরিচালনায় এসপির বড় ভূমিকা থাকে। এই পদে কাউকে বসানোর আগে তার পেশাগত অতীত সম্পর্কে পর্যাপ্ত তথ্য থাকা গুরুত্বপূর্ণ।

পুলিশের সংস্কার কমিশনও বলেছিল ‘ফিটলিস্টে’র কথা : ২০২৫ সালের জানুয়ারি পুলিশ সংস্কার কমিশন তাদের প্রতিবেদনে জেলা এসপি ও থানার ওসি পদে পদায়নের জন্য ‘ফিটলিস্ট’ বা বাছাই তালিকা করার সুপারিশ করেছিল। নিয়মিত বিরতিতে ওই তালিকা হালনাগাদ করে সেখান থেকে পদায়নের কথাও বলা হয়। বিশেষায়িত পুলিশ ইউনিটের কর্মকর্তাদের সংশ্লিষ্ট বিশেষায়িত কাজে অগ্রাধিকার দিয়ে পদায়ন করার ওপর গুরুত্বারোপ করা হয়েছিল। বাস্তবে এ সুপারিশ অকার্যকর অবস্থাতেই পড়ে আছে।

গোয়েন্দা তথ্য সংগ্রহ নিয়ে প্রশ্ন

প্রশ্ন উঠছে গোয়েন্দা তথ্য যাচাইয়ের ধরন নিয়েও। পুলিশ সংস্কার কমিশন চাকরির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ যাচাই-বাছাইয়ের প্রয়োজনীয়তা বাতিলের সুপারিশ করেছিল। একই সঙ্গে কমিশন বলেছিল, চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও সনদ যাচাইয়ের দায়িত্ব নিয়োগকারী কর্তৃপক্ষের; পুলিশ ভেরিফিকেশনের কাজের পরিধিও নির্দিষ্ট করা প্রয়োজন। এসপি পদায়নের ক্ষেত্রে বিষয়টি অবশ্য চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনের মতো নয়। এটি একজন কর্মরত কর্মকর্তার পেশাগত উপযুক্ততা যাচাইয়ের বিষয়। তাই এখানে রাজনৈতিক পরিচয়ের বদলে পেশাগত রেকর্ড, সততা, দক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্বের সক্ষমতা, পূর্ববর্তী দায়িত্ব পালনের ইতিহাস এবং কোনো গুরুতর অভিযোগ বা বিতর্ক থাকলে তার নথিভুক্ত অবস্থাÑ এসব তথ্যের গুরুত্ব বেশি। 

পুলিশের এসপি পদমর্যাদার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, একজন এসপির তথ্য সংগ্রহ করে থাকে একজন এএসআই অথবা এসআই। নিচের সারির ওই কর্মকর্তার ধারণাই থাকে না, কার সম্পর্কে তিনি তথ্য সংগ্রহ করছেন, তার সক্ষমতা ও অভিজ্ঞতাই বা কেমন। শুধু রাজনৈতিক ট্যাগ লাগিয়ে প্রতিবেদন পাঠানো হচ্ছে। আবার লেনদেনের মাধ্যমে তথ্য হেরফের করার ঘটনাও ঘটছে।

জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সংস্কার শুধু ইউনিফর্ম বা কাঠামোগত পরিবর্তনের বিষয় নয়; এটি শাসনব্যবস্থা ও নাগরিক আস্থার সঙ্গে সম্পর্কিত। পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রশাসনিক অনুমোদন ও অর্থায়নের জটিলতা থাকার কারণে এটা সম্ভব হচ্ছে না। তবে যে পর্যন্ত এই সংকট না কাটবে, সে পর্যন্ত গোয়েন্দা তথ্য আরও কঠোরভাবে যাচাই-বাছাই করা দরকার। প্রয়োজনে অন্য একটি সংস্থা দিয়ে তা ক্রসচেক করা যেতে পারে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা