× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে রিসোর্টের ভীড়ে মানসম্মত হাতেগোণা

রায়হানুল ইসলাম আকন্দ, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৯ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫১ পিএম

গাজীপুরের ভবানীপুর এলাকার গ্রীণটেক রিসোর্ট কনভেনশন সেন্টার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের ভবানীপুর এলাকার গ্রীণটেক রিসোর্ট কনভেনশন সেন্টার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীর অতি কাছে হওয়ায় একসময় প্রাকৃতিক সৌন্দর্য আর শালবনের টানে ছুটির দিনে মানুষের ঢল নামত গাজীপুরে। সেই চাহিদাকে ঘিরে গত দেড় দশকে জেলায় ছোট-বড় ৭৮টি রিসোর্ট গড়ে উঠেছে। তবে সংখ্যায় বাড়লেও মানসম্মত রিসোর্টের সংখ্যা হাতেগোনা, মাত্র ১০ থেকে ১৫টি বলে সংশ্লিষ্টদের দাবি।

অন্যদিকে সরকারি ব্যবস্থাপনায় থাকা ভাওয়াল জাতীয় উদ্যান, রাজেন্দ্রপুর ন্যাশনাল পার্ক ও সাফারি পার্কেও কমেছে সুযোগ-সুবিধা ও দর্শনার্থীর আগ্রহ। এর সঙ্গে যুক্ত হয়েছে বনভূমি দখল, পরিবেশগত ক্ষতি, অপরিকল্পিত স্থাপনা ও ব্যবস্থাপনার দুর্বলতার অভিযোগ। ফলে বিপুল পর্যটন সম্ভাবনার গাজীপুরে রিসোর্ট বাড়লেও প্রশ্ন উঠছে প্রকৃতি ও পর্যটনের সমন্বয় কতটা হচ্ছে।

সরেজমিনে ভাওয়াল জাতীয় উদ্যানে গিয়ে দেখা যায়, বিশাল এ উদ্যানের ব্যবস্থাপনার জন্য জনবল রয়েছে মাত্র ১৪ জন। ৬টি প্রবেশদ্বার থাকলেও বর্তমানে সেখানে স্বচল রয়েছে মাত্র একটি। উদ্যানের ভেতরে শিশুদের জন্য থাকা পার্কটির অবস্থাও বেশ নাজুক। বিভিন্ন জায়গায় লতাপাতা ও জঙ্গল। অধিকাংশ রাইড ভাঙা ও ব্যবহার অনুপযোগী। উদ্যানের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বিশ্রামাগার থাকলেও বেশির ভাগই ব্যবহার অনুপযোগী। বসার উপযুক্ত স্থান নেই, ময়লা আবর্জনায় ঢেকে আছে। অধিকাংশই শ্যাওলাযুক্ত জঙ্গল ও লতাপাতায় ঢেকে গেছে।

সরকারি ব্যবস্থাপনায় পর্যটন সুবিধা কমে যাওয়ার সুযোগে আশপাশে গড়ে ওঠা বেসরকারি রিসোর্ট ও পিকনিক স্পটগুলো দর্শনার্থীদের আকর্ষণ করছে। এতে একদিকে ভাওয়াল জাতীয় উদ্যান তার পুরোনো ঐতিহ্য হারাচ্ছে, অন্যদিকে সরকারও হারাচ্ছে রাজস্ব।

গাজীপুর সাফারি পার্কের দর্শণার্থীদের সাথে কথা বলে জানা গেছে, এখানে বিরল প্রজাতির প্রাণি সংকট দেখা দিয়েছে। বিলুপ্তির পর নতুন করে ওইসব প্রাণি সরবরাহ নেই। প্রাণি আবাসগুলোও জরাজীর্ণ হয়ে পড়েছে। যে পরিমানে দর্শণার্থী আগে বিচরণ করতো এখন সে পরিমাণে নেই। সাফারি পার্কের প্রতি মানুষের আগ্রহ ক্রমশ: কমছে।

গাজীপুরের ভবানীপুর বাজার এলাকার বাসিন্দা সোলেমান ফারুক বলেন, রাজেন্দ্রপুর ন্যাশনাল পার্কটি সরকারি হওয়ায় পর্যাপ্ত সংষ্কার চোখে পড়ে না। এর বিস্তৃতি বিশাল। কিন্তু থাকা-খাওয়া ও অবকাশ যাপনের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং নিরাপত্তায় দর্শণার্থীরা অভাববোধ করেন। ফলে সাধারণ দর্শণার্থীরা এখানে ঘোরাফেরা করতে আসলেও রাত্রিযাপনের আশা করে না।

তিনি দাবী করেন, ন্যাশনাল পার্কে বাস উপযোগী এবং নিরাপত্তা বাড়াতে পারলে প্রাকৃতিক পরিবেষ্টিত এ উদ্যানটি থেকে সরকরারের রেকর্ড পরিমাণ রাজস্ব আয় হবে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব নাটক-সিনেমার শুটিং সব মিলিয়ে জমজমাট থাকত পুরো এলাকা। 

ভাওয়াল জাতীয় উদ্যানের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, উদ্যানের নিরাপত্তা নিয়ে সমস্যা রয়েছে। রাজেন্দ্রপুর থেকে মাস্টারবাড়ী পর্যন্ত বিভিন্ন এলাকায় দিনের পাশাপাশি রাতেও অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে তিনি জানান।

গাজীপুরের ভবানীপুর এলাকায় এক যুগের বেশি সময় আগে গড়ে উঠেছে গ্রীণটেক কনভেনশন সেন্টার। অবকাশ যাপনের জন্য আবাসিক ব্যবস্থা ছাড়াও দৃষ্টি নন্দন কটেজ, সবুজ বনানীর ভেতর পায়ে হাঁটার আঁকাবাঁকা পাকা রাস্তা, একাধিক ইনডোর স্পেস, সুইমিং পুল নির্মাণ করা হয়। 

রিসোর্ট ঘুরে দেখা গেছে, এর চারপাশে রয়েছে ভাওয়ালের সবুজ বনানী। পাখ-পাখালির কিচিরমিচির শব্দ। নিন্ম মধ্যবিত্ত শ্রেণীর জন্য সহায়ক মুল্য পরিশোধে রিসোর্টটি ব্যবহারের উপযোগী।

রিসোর্টের কর্মকর্তা চঞ্চল মাহমুদ বলেন, প্রকৃতির স্বাদ ও সৌন্দর্য উপভোগের জন্য এই রিসোর্টটি অনেকের মন কাড়বে। 

রিসোর্টে সপরিবারে ঘুরতে এনআরবি ব্যাংকের কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, সীমানার ভেতরে যে জায়গা রয়েছে তা ঘুরে দেখতে বেশি সময় লাগবে না। তবে চারপাশে প্রাকৃতিক পরিবেশের কারণে এখানে সময় কাটাতে যে কারও মন চাইবে। তিনি দাবী করেন, গাজীপুরের বেশ কিছু রিসোর্ট রয়েছে যেগুলোতে শুধু থাকা খাওয়া ও সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে। কিন্তু শিশুদের জন্য পর্যাপ্ত রাইড নেই।

অপর দর্শণার্থী রপ্তানীমুখী পোশাক কারখানার কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, রিসোর্টগুলো বাণিজ্যিক ভিত্তিতে গড়ে তোলা হলেও বেশি বাণিজ্যিকীকরণ করা হয়েছে। বেশিরভাগ রিসোর্টগুলোতে শিশুদের খেলাধুলার জন্য রাইড নেই।

গাজীপুরের শ্রীপুর উপজেলার গ্রীণভিউ গলফ রিসোর্টের কর্মকর্তা রুবেল বলেন, তাঁর প্রতিষ্ঠানটি সকল বয়সী মানুষের জন্য ঘোরাফেরার উপযুক্ত জায়গা। পর্যাপ্ত রাইডের পাশাপাশি সুইমিং পুল, মিনি শিশু পার্ক, পৃথক প্রোগ্রামের জন্য পৃথক ভেন্যু, কটেজসহ নানা সুবিধা রয়েছে।

রিসোর্টের দর্শণার্থী মোন্তাজ উদ্দিন বলেন, এখানকার সুবিধা অন্যসব রিসোর্টের তুলনায় বেশি থাকলেও এগুলো ব্যবহারের রেইট উচ্চ মুল্যের। বিশেষ করে এ রিসোর্টে প্রবেশে জন্য উচ্চ আর্থিক মুল্য দিতে হয়, যা সাধারণের জন্য সম্ভব হয় না।

অপরদিকে পরিবেশ অধিদপ্তরের তদন্ত অনুযায়ী ভাওয়াল রিসোর্ট ও হোটেল এক্স গাজীপুরে বনের জমি দখল এবং পরিবেশের ক্ষতি করে ব্যবসা পরিচালনা করে আসছিল। বনের জমি দখল এবং কোনো প্রকার পরিবেশগত ছাড়পত্র না থাকার অপরাধে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। ভাওয়াল রিসোর্টের মালিকের বিরুদ্ধে পরবর্তীতে জমি উদ্ধারে দেওয়ানি মামলাও দায়ের করা হয়।

গাজীপুরের শ্রীপুরে গ্রীন প্যারাডাইস রিসোর্ট এবং আহামদিয়া এগ্রো ফার্ম কর্তৃপক্ষের বিরুদ্ধে সরকারের প্রায় ২১ বিঘা খাস জমি জবরদখলের অভিযোগ রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ হয়।

দখলের এসব খবরের পাশাপাশি গাজীপুর সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় প্রশাসনের অভিযানে বিভিন্ন রিসোর্ট ও হ্যাচারির দখলে থাকা প্রায় ৭ একর বনভূমি দখলমুক্ত করা হয়। গাজীপুর সদর উপজেলাতেই বনভূমি উদ্ধার পরিমাণ সিংহ ভাগ।

এর বাইরে সরকারি সম্পত্তি ও বনের জমি দখল করে রিসোর্ট ও বাগানবাড়ি বানানোর অভিযোগে ইতিপূর্বে দুর্নীতি দমন কমিশন (দুদক) বেশ কয়েকজন রিসোর্ট মালিককে তলব করে আইনি জবাবদিহিতার আওতায় এনেছে।

ট্যুরিস্ট পুলিশ গাজীপুর জোনের ইনচার্জ পরিদর্শক কামাল উদ্দিন জানান, জেলায় ছোটবড় মিলিয়ে মোট ৭৮টি রিসোর্ট রয়েছে। সারাহ রিসোর্ট, গ্রীণভিউ গলফ রিসোর্ট, ড্রিম স্কয়ার রিসোর্ট, সোহাগ পল্লী রিসোর্ট, রাজেন্দ্র ইকো রিসোর্ট, সবুজ পাতা রিসোর্ট, নন্দন পার্ক, ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা উল্লেখযোগ্য।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও  ফরেস্টি এন্ড এনভায়রনমেন্ট ফেকাল্টির  ডীন অধ্যাপক ড. আবিয়ার রহমান বলেন, আমাদের দেশে যেটা সমস্যা হয় সরকার রেভিনিও কালেকশন করেন ঠিকই, কিন্ত মেনেজম্যান্ট ঠিকমত হয় না। এটার জন্য সরকার বা বন বিভাগের উচিত ইকো ট্যুরিজম নিয়ে যারা কাজ করে, রিসোর্ট মালিক, স্টুডেন্ট এবং স্থানীয় জনপ্রতিনিধিদের যুক্ত করে আলোচনা করে ব্যবস্থা নেওয়া।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা