মেরিনা লাভলী, রংপুর
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১২ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৩ পিএম
ভারি বৃষ্টিপাতে জলাবদ্ধতায় চরম দূর্ভোগে পড়েন নগরবাসী। ছবিটি নগরীর টাউনহল চত্বর এলাকা থেকে তোলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সামান্য বৃষ্টিতেই রংপুর নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলি-গলিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
কোথাও কোথাও জমে থাকা পানির কারণে সড়কে খানাখন্দ তৈরি হয়ে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও।
নগরীর জলাবদ্ধতা নিরসনে এখনো ড্রেনেজ সিস্টেমের মাস্টার প্লান না থাকাকে অন্যতম কারণ হিসেবে দেখছে রংপুর সিটি কর্পোরেশন।

তবে সমস্যা সমাধানে মাস্টার প্লান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক।
২০১২ সালের ২৮ জুন রংপুর সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হয়। ২০৫ দশমিক ৭ বর্গকিলোমিটার আয়তনের এই নগরীতে প্রায় ১০ লাখ মানুষের বসবাস।
প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে গেলেও ড্রেনেজ ব্যবস্থার জন্য কোনো মাস্টার প্লান তৈরি হয়নি। ফলে নগরীর বিভিন্ন এলাকার পানি কার্যকরভাবে নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না।
নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর পাশাপাশি পাড়া-মহল্লার সড়কেও প্রায়ই পানি জমে থাকছে।
স্কুল-কলেজ ও অফিসগামী মানুষকে অনেক সময় জুতা-স্যান্ডেল হাতে নিয়ে জলাবদ্ধ স্থান পার হতে হচ্ছে।
সড়কে চলাচলকারী যানবাহনের পানির ছিটায় পথচারীদের পোশাক নষ্ট হচ্ছে। পাশাপাশি ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় ব্যবসায়ীরাও।
পায়রা চত্বরের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও শমসের আলীর দাবি, সামান্য বৃষ্টিতেই দোকানের সামনে পানি জমে যায়। সেই পানির কারণে কোনো ক্রেতা দোকানে আসতে পারে না। ফলে বৃষ্টি হলেই ব্যবসার চরম ক্ষতি।
বেশিরভাগ সময় রাস্তায় জমে থাকা পানি অন্যের মাধ্যমে টাকা দিয়ে ড্রেনে সেচে ফেলা হয়। এর কিছুক্ষণ পর আবারও বৃষ্টি হলে ব্যবসা প্রায় বন্ধ হয়ে যায় বলেও দাবি তাদের।
খামার মোড়ের মনিরুজ্জামান বলেন, নগরীর প্রধান সড়কগুলোতে ড্রেন থাকলেও সেগুলো রাস্তার তুলনায় অনেক উঁচু। তাই বৃষ্টির পানি সেসব ড্রেন দিয়ে অপসারিত না হওয়ায় পানি জমে রাস্তায় থাকছে। ফলে রাস্তার ক্ষতির পাশাপাশি সড়কে চলাচলকারী নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
সিটি কর্পোরেশনের উচিত দ্রুত এসব জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
আবহাওয়া অফিস এলাকার আজহারুল ইসলাম বলেন, নগরীতে পাড়া-মহল্লার থাকা ড্রেনগুলো ময়লা-আবর্জনা দিয়ে বন্ধ থাকে। এতে করে বৃষ্টি আসলে রাস্তার পানি ড্রেন দিয়ে প্রবাহিত হতে পারে না। তাই বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়।
সুন্দর নগরী গড়তে সচেতনতা অনেক বেশি প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, নগরীতে থাকা বিদ্যমান ড্রেনগুলো সংস্কার, আবর্জনা পরিষ্কার করতে হবে। সেই সঙ্গে নগরবাসীকে সচেতন হয়ে ড্রেনে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে।
সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, ৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর সিটি কর্পোরেশনে ৪০০ কিলোমিটারেরও বেশি ড্রেন রয়েছে। তবে প্রতিষ্ঠার পর তিন মেয়র দায়িত্ব পালন করলেও ড্রেনেজ সিস্টেম নিয়ে কোনো মাস্টার প্লান তৈরি হয়নি।
নগরীর দুটি প্রধান খাল- শ্যামাসুন্দরী ও কেডি খালও দীর্ঘদিন সংস্কার হয়নি। ফলে ড্রেনের পানি খাল হয়ে ঠিকমতো প্রবাহিত হতে পারছে না বলেও জানিয়েছে সিটি কর্পোরেশন।
২০২০ সালের ২৭ সেপ্টেম্বর ১১ ঘণ্টায় রংপুর নগরীতে ৪৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়। পানি শ্যামাসুন্দরী খাল দিয়ে অবাধে প্রবাহিত হতে না পারায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়।
ওই সময় স্পিডবোটে করে কিছু এলাকা থেকে মানুষকে উদ্ধার করা হয়। পরের বছর ৩ অক্টোবর ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাতে আবারও তীব্র জলাবদ্ধতা দেখা দেয়।
রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন বলেন, ড্রেনেজ সিস্টেম একটি হাইলি টেকনিক্যাল ইস্যু। ড্রেনেজ সিস্টেমের মাস্টার প্লানে নগরীর সবগুলো ড্রেনকে সংযুক্ত করে সেই পানি খালের মাধ্যমে প্রবাহিত করতে হবে। বিগত সময়ে সিটি কর্পোরেশন এই মাস্টার প্লান তৈরি করতে পারেনি।
তিনি বলেন, “আমি দায়িত্ব পাওয়ার পর ড্রেনেজ সিস্টেমের উন্নয়নে মাস্টার প্লান তৈরির উদ্যোগ নিয়েছি। এটি একটি বড় কর্মযজ্ঞ, যা রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে আমরা যেন স্বল্প সময়ে মাস্টার প্লান তৈরি করতে কিছু কাজ বাস্তবায়ন করতে পারি, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”
এটি বাস্তবায়ন হলে নগরীতে জলাবদ্ধতা কমে যাবে, ভোগান্তি সহনীয় পর্যায়ে আসবে বলেও উল্লেখ করেন প্রশাসক।
মাহফুজ-উন-নবী ডন আরও বলেন, নগরবাসীকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষায় সারা বছর আমাদের একটি পরিচ্ছন্নতাকর্মীর দল ড্রেনের কাঁদা, ময়লা অপসারণের জন্য কাজ করে যাচ্ছে। এতে করে ড্রেনগুলো সচল থাকছে। অনেক এলাকার জলাবদ্ধতার সমস্যা সমাধান হয়েছে।
এছাড়া নগরীর যে কোনো প্রান্ত থেকে জলাবদ্ধতা নিয়ে কেউ অভিযোগ দিলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে দাবি করে তিনি বলেন, “একটি পরিচ্ছন্ন, জলাবদ্ধতামুক্ত নগরী গড়তে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।”