× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চালুর পথে এসপিএম প্রকল্প

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৯ এএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৪ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

অপারেটর নিয়োগ জটিলতায় আড়াই বছরের বেশি সময় ঝুলে থাকার পর অবশেষে গতি ফিরেছে সাগর থেকে পাইপলাইনে তেল সরবরাহ প্রকল্পে। প্রকল্পটির রক্ষণাবেক্ষণ ও পরিচালনার (অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স) জন্য ইন্দোনেশিয়ার পিটি পারতামিনা ট্রান্স কন্টিনেন্টালের সঙ্গে চুক্তির প্রস্তাবে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে। এর মধ্য দিয়ে অপারেটর নিয়োগের অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গভাবে চালুর পথে রয়েছে প্রকল্পটি। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসে প্রকল্পটি চালু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসির উপমহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড অপারেশন্স) জামান নাহীদ রায়হান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অপারেটর নিয়োগ নিয়ে দীর্ঘদিনের জটিলতা এখন শেষের দিকে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ইন্দোনেশিয়ার পিটি পারতামিনা ট্রান্স কন্টিনেন্টালকে অপারেটর হিসেবে নির্বাচিত করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে পাঁচ বছরের জন্য কাজ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি হওয়ার কথা রয়েছে।

প্রকল্পটি কবে চালু হতে পারে জানতে চাইলে তিনি বলেন, চুক্তি স্বাক্ষরের পর প্রতিষ্ঠানটি অপারেশনাল কার্যক্রম শুরুর জন্য যন্ত্রপাতি নিয়োজিত করতে চার মাস সময় পাবে। আশা করা হচ্ছে, চার মাস পরই প্রকল্পটি চালু হবে।

প্রকল্পটি চালু হলে গভীর সমুদ্র থেকে লাইটার জাহাজে করে তেল পরিবহনের প্রচলিত পদ্ধতির ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে খালাসের সময় ও জ্বালানি তেল পরিবহনের ব্যয় কমবে। দ্রুত ও নিরাপদে আমদানি করা অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় দেশের প্রধান তেল পরিশোধনাগার ও ডিপোগুলোতে পৌঁছানোর সুযোগ তৈরি হবে। এতে খালাস ও পরিবহন ব্যয় কমে বছরে প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয় হবে বলে আশা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

গতানুগতিক পদ্ধতি সময়সাপেক্ষ, ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল হওয়ায় গভীর সমুদ্র থেকে সরাসরি পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের জন্য ২০১৫ সালে সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্প হাতে নেয় ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। শুরুতে তিন বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকলেও পরে দুই দফায় সময় বাড়ানো হয়। তৃতীয় সংশোধনী অনুযায়ী প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ শেষ হয় ২০২৩ সালের ৩০ জুন। এরপর চতুর্থ দফায় আরও এক বছর মেয়াদ বাড়ানো হয়। চতুর্থ দফায় বাড়ানো মেয়াদ শেষ হওয়ার আগেই ২০২৪ সালের মার্চে প্রকল্পটির কমিশনিংয়ের কাজ শেষ হয়। কিন্তু এরপর আড়াই বছরের বেশি সময় পার হলেও প্রকল্পটি চালু করতে পারেনি বিপিসি। পরিচালনার জন্য অপারেটর নিয়োগ দিতে না পারায় কমিশনিংয়ের পরও এতদিন প্রকল্পটি অব্যবহৃত পড়ে ছিল।

প্রকল্প নিরীক্ষায় বলা হয়েছিল, গতানুগতিক পদ্ধতিতে ১ লাখ ২০ হাজার টন জ্বালানি তেল বহির্নোঙর থেকে খালাস করতে যেখানে ১১ দিন সময় লাগে, সেখানে প্রকল্পটি চালু হলে একই পরিমাণ জ্বালানি তেল পাইপলাইনে খালাস করতে সময় লাগবে মাত্র ৪৮ ঘণ্টা। এতে তেল পরিবহনে বছরে ৮০০ কোটি টাকা সাশ্রয় হবে। কিন্তু অপারেটর নিয়োগ দিতে না পারায় কমিশনিংয়ের পর দীর্ঘ আড়াই বছরেও প্রকল্পটি চালু করা সম্ভব হয়নি। তবে এ সময়ে অপারেটর নিয়োগের জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানিয়েছে পেট্রোলিয়াম করপোরেশন।

বিপিসি সূত্রে জানা যায়, ২০২৪ সালের মার্চে প্রকল্পের নির্মাণকাজ শেষ হওয়ার পর নির্মাণ ঠিকাদার প্রতিষ্ঠান সিপিপিইসিকে প্রকল্পের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ঠিকাদার হিসেবে নিয়োগ দেওয়ার কথা ছিল। এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনাও এগিয়ে গিয়েছিল। কিন্তু ২০২৪ সালের জুলাইয়ের অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই আলোচনা থেমে যায়। এরপর অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া শুরু করে।

সেই অনুযায়ী, ২০২৫ সালের ৩০ এপ্রিল অপারেটর নিয়োগের জন্য [ওপেন স্টেজ টু এনভেলপ টেন্ডারিং মেথড (ওএসটিইটিএম)] পদ্ধতিতে আন্তর্জাতিক দরপত্র প্রকাশ করে বিপিসি। ‘অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স (কিউঅ্যান্ডএম) সার্ভিসেস অ্যান্ড মেরিন সার্ভিস ফর দ্য বিপিসি ইন্সটলেশন সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন সিস্টেম’ শিরোনামে আহ্বান করা দরপত্রে শর্ত ছিল, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বার্ষিক টার্নওভার কমপক্ষে ২৫ মিলিয়ন ডলার হতে হবে। জয়েন্ট ভেঞ্চারে অংশীদার থাকতে হবে দুজন। তবে পদ্ধতিগত ত্রুটির কারণে পূর্ণ প্রতিযোগিতা নিশ্চিত না হওয়ায় গত নভেম্বরে ওই দরপত্র বাতিল করা হয়। পরে ডিসেম্বরে পরামর্শক সংস্থা আইএলএফ কনসাল্টিংয়ের সহযোগিতায় দরপত্র দলিল প্রস্তুত করে আবারও দরপত্র আহ্বান করা হয়। দুই দফা মেয়াদ বৃদ্ধির পর গত ১৭ ফেব্রুয়ারি দরপত্র উন্মুক্ত করা হয়। এতে তিনটি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ইন্দোনেশিয়ার পিটি পারতামিনা ট্রান্স কন্টিনেন্টালকে নির্বাচিত করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার প্রতিষ্ঠানটিকে ১ হাজার ৯৪৬ কোটি ২২ লাখ টাকার চুক্তির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। পিটি পারতামিনা ট্রান্স কন্টিনেন্টাল পাঁচ বছরের জন্য এ কাজ পেয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা