× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারুণ্যের সম্ভাবনা কাজে লাগছে না

জোসনা জামান

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৮ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠই কর্মক্ষম, প্রাণবন্ত তরুণÑ কোনো একটি দেশ বা জাতির ভাগ্যে এমন সুযোগ বারবার আসে না। কেননা এমন সময়ে এই অমিত সম্ভাবনাময় শক্তিকে কাজে লাগিয়ে সরকার ও নীতিনির্ধারকদের পক্ষে সম্ভব দেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাওয়া, সম্ভব বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে সমাজের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে গতিশীল করে তোলা। নির্ভরশীল ও কর্মক্ষম নয় এমন মানুষ কম থাকে বলে সমাজকে এ সময় কর্মোদ্দীপনাময়ও করে তোলা সম্ভব হয়। কিন্তু বাংলাদেশ? এ দেশে এই সুযোগ হেলায় ফুরাচ্ছে। কার্যকর উদ্যোগ সীমিত থাকায় তরুণ প্রজন্ম উল্টো বোঝা হয়ে উঠছে, তারুণ্যের অপচয় ঘটছে। এমন কোনো পরিকল্পনা শুরু করা যায়নি, যার ফলে তারা তাদের প্রাণশক্তির সর্বোচ্চ বিকাশ ও প্রকাশ ঘটাতে পারবে। বাংলাদেশে ১৯৮২ সালে শুরু হয়েছিল জনমিতি সুবিধার এই সুযোগ। যা শেষ হবে আগামী ২০৪২ সালে। এখনও যদি এ ক্ষেত্রে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া যায়, তা হলে ধরে নিতে হবে, দেশে তারুণ্যের সম্ভাবনার বিপুল অপচয়ই ঘটবে।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) তৈরি করা ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কে’ এসব তথ্য তুলে ধরে নানা পরিকল্পনার কথা বলা হয়েছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী ২০৪২ সালের পর থেকেই বাংলাদেশে কমতে থাকবে তরুণ জনসংখ্যা, বাড়তে থাকবে বয়স্ক মানুষ। ইতোমধ্যেই কমতে শুরু করেছে জন্মের হার। ফলে আশঙ্কা বাড়ছে ভবিষ্যৎ নিয়ে।

ফ্রেমওয়ার্কটি তৈরির দায়িত্বপ্রাপ্ত জিইডির সদস্য ড. মঞ্জুর হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বাংলাদেশ একটি নির্ণায়ক জনতাত্ত্বিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। কয়েক দশক ধরে ক্রমাগত প্রজনন হার কমছে। ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী মোট প্রজনন হার (টিএফআর) প্রায় ২ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে। শিশু মৃত্যুহার তীব্র্রভাবে কমে যাওয়ায় ঐতিহাসিকভাবে অনুকূল একটি বয়স কাঠামো তৈরি হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের তথ্য অনুযায়ী, দেশের ১৬ কোটি ৯৮ লাখ মানুষের ৬২ শতাংশই কর্মক্ষম বয়সের (১৫-৫৯ বছর)। এই বিন্যাসটি জনতাত্ত্বিক লভ্যাংশ তৈরি করেÑ যার অর্থ হলো, নির্ভরশীলদের তুলনায় উৎপাদনশীল কর্মীর ক্রমবর্ধমান অনুপাতের মাধ্যমে চালিত মাথাপিছু আয় বৃদ্ধির গতি ত্বরান্বিত করা। কিন্তু এই সুযোগের সময়কাল সীমিত এবং বাংলাদেশ ইতোমধ্যেই তার জনতাত্ত্বিক সুযোগের প্রায় ৮০ শতাংশের মতো অতিক্রম করে ফেলেছে।’

ফ্রেমওয়ার্কে জিইডি বলছে, ১৯৮২ সাল থেকে বাংলাদেশে জনমিতি সুবিধার সুযোগ শুরু হয়। কারণ জন্মহার কমে আসার ফলে তখন উৎপাদনশীলতার চেয়ে দ্রুতগতিতে শিশু নিভর্রশীলতা কমে যায়। এই সুযোগ একটি দেশ পায় সাধারণত ৬০ বছর। এ হিসাবে আগামী ২০৪২ সালে শেষ হয়ে যাচ্ছে জনমিতি সুবিধার সময়কাল। সর্বোচ্চ সাপোর্ট রেশিও অনুযায়ী আনুমানিক ২০৪২ সালের পর দীর্ঘ পতন ঘটবে তরুণ জনসংখ্যার। জিপিপি প্রবৃদ্ধিতে প্রথম লভ্যাংশের অবদান হচ্ছে লভ্যাংশ প্রদানের পর্যায়ে প্রতি বছর সর্বোচ্চ প্লাস শূন্য দশমিক ৭৪ শতাংশীয় পয়েন্ট, যা ২০৪২ সালের পর প্রতি বছর প্রবৃদ্ধিতে সর্বোচ্চ মাইনাস শূন্য দশমিক ৫৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত কমবে। চলতি ২০২৬ সালের অবস্থান সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশ তারুণ্যের এই সুযোগের ৭৩ শতাংশের বেশি অতিক্রম করেছে। নীতিগত পদক্ষেপের জন্য অবশিষ্ট প্রায় ১৬ বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুলনামূলকভাবে চীনের প্রথম লভ্যাংশ বছরে ১ দশমিক ৪ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত অবদান রেখেছে, যা বাংলাদেশের শূন্য দশমিক ৭৪ শতাংশের প্রায় দ্বিগুণ। এটি জনতাত্ত্বিক কাঠামোকে উৎপাদনশীল কর্মসংস্থানে রূপান্তরে বাংলাদেশের দুর্বল পারফরম্যান্সকে প্রতিফলিত করে। এই ব্যবধানটিই ২০২৬-২০৩০ পরিকল্পনা মেয়াদের প্রধান নীতিগত চ্যালেঞ্জ।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এখন থেকে কার্যকর প্রস্তুতির বিকল্প নেই। বর্তমানে তারুণ্যের যে আধিক্য চলছে সেটিকে কাজে লাগাতে হবে সুপরিকল্পিতভাবে। কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি এই জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে হবে। এদিকে একটি নির্দিষ্ট সময় পরে বয়স্ক মানুষের চাপ বাড়বে। অর্থাৎ তখন কম মানুষের ওপর বেশি মানুষের নির্ভরতার কাল আসবে। বৃদ্ধ ও শিশুরা তখনকার স্বল্প তরুণের ওপর নির্ভরশীল হবে। ফলে এখন থেকেই সরকারের বিনিয়োগ ও পরিকল্পনায় এসব বিষয়কে অগ্রাধিকার দিতে হবে। বয়স্কদের সেবা, স্বাস্থ্য সুরক্ষা বাড়াতে হবে। পাশাপাশি তাদের মেধা ও অভিজ্ঞতাকে সমাজ উন্নয়নে কাজে লাগাতে কর্মসূচি নিতে হবে। সর্বজনীন পেনশন কার্যক্রমে যাতে সাধারণ মানুষরাও অংশ নিতে পারেন সেই পরিবেশ তৈরি করতে হবে। সরকারিভাবে বৃদ্ধাশ্রম তৈরিসহ নানা সুযোগ-সুবিধা সৃষ্টি করতে হবে।’ 

ফ্রেমওয়ার্কে বলা হয়েছে, ২০১১ এবং ২০২২ সালের জনশুমারির মধ্যে বয়সের কাঠামোতে পরিবর্তনের মাধ্যমে জনসংখ্যাতাত্ত্বিক সুযোগের সংকোচন সবচেয়ে স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। ০-১৪ বছর বয়সী শিশুদের হার ২০১১ সালের ৩৪ দশমিক ৬ শতাংশ থেকে ২০২২ সালে ২৮ দশমিক ৬ শতাংশে তীব্রভাবে কমেছে, যা ৬ শতাংশীয় পয়েন্টের পতন এবং এটি ক্রমাগত প্রজনন কমার প্রতিফলন। একই সময়ে ১৫-৫৯ বছর বয়সী কর্মক্ষম জনসংখ্যা ৫৭ দশমিক ৯ শতাংশ থেকে ৬২ দশমিক ১ শতাংশে প্রসারিত হয়েছে, যা ৮৩ দশমিক ৪ মিলিয়ন থেকে বেড়েছে ১০২ দশমিক ৬ মিলিয়ন হয়েছে। এই সম্প্রসারণ জনসংখ্যাতাত্ত্বিক লভ্যাংশ সুযোগের বাস্তব প্রয়োগকে প্রতিফলিত করে। যেখানে নির্ভরশীলদের তুলনায় উৎপাদনশীল মানুষের সংংখ্যা বেশি। 

এদিকে সম্প্রসারণশীল জনসংখ্যাতাত্ত্বিক সুযোগটি ইতোমধ্যেই সংকুচিত হতে শুরু করেছে। ৬০ বছর বা তার বেশি বয়সী জনসংখ্যা ২০১১ সালের পর থেকে ২০২২ সাল পর্যন্ত বেড়েছে। প্রকৃত অর্থে প্রবীণ জনসংখ্যা মাত্র এগারো বছরে ৪২ শতাংশ বেড়েছে। এই সংখ্যা ১০ দশমিক ৮ মিলিয়ন থেকে ১৫ দশমিক ৪ মিলিয়নে পৌঁছেছে। বর্তমান সরকারের এই পরিকল্পনা মেয়াদের মধ্যেই বাংলাদেশ আরও একটি বার্ধক্যগ্রস্ত সমাজের দিকে এগিয়ে যাবে (৬৫+ বয়সী জনসংখ্যা ৭ শতাংশ বা তার বেশি)।

ফ্রেমওয়ার্কে আরও বলা হয়েছে, সামগ্রিকভাবে এই পরিবর্তনগুলো দেখায় যে, বাংলাদেশ একটি নির্ণাায়ক পর্যায়ে প্রবেশ করছে। জনসংখ্যার বার্ধক্য আরও ত্বরান্বিত হওয়ার আগেই অনুকূল বয়স কাঠামোকে কর্মসংস্থান, সঞ্চয়, উৎপাদনশীলতা এবং মানব পুঁজিকে উৎপাদনশীল কাজে রূপান্তরিত করার জন্য আগামী দশকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এই প্রবণতাগুলো ক্রমবর্ধমান রাজস্ব, স্বাস্থ্য এবং পরিচর্যা-সংক্রান্ত চাপের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে পেনশন, স্বাস্থ্য খাতে অর্থায়ন, দীর্ঘমেয়াদি পরিচর্যা এবং অবৈতনিক পরিচর্যা কাজের ক্ষেত্রে এ চাপ বাড়বে।

জিইডি বলেছে, বিগত পাঁচ দশকে বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বেড়েছে, যা ১৯৭৪ সালে ৭১ দশমিক ৫ মিলিয়ন থেকে ২০২২ সালে ১৬৯ দশমিক ৮ মিলিয়ন এবং ২০২৫ সালে আনুমানিক ১৭৬ মিলিয়নে পৌঁছেছে। পূর্বাভাস অনুযায়ী অদূর ভবিষ্যতে জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকলেও এর গতি ধীরে ধীরে কমতে থাকবে। বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ (বিডিএইচএস) টিআরভিত্তিক পূর্বাভাস অনুযায়ী ২০২৫ সালে জনসংখ্যা ১৭ কোটি ৭১ লাখ থেকে বেড়ে ২০৩০ সালে ১৮ কোটি ৭৬ লাখ হবে। এই কয়েক বছরে প্রায় ১ কোটি ৫ লাখ মানুষ যুক্ত করবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এসভিআরএসভিত্তিক পূর্বাভাসটি ধারাবাহিকভাবে কিছুটা কম। এটি হলোÑ ২০২৫ সালে ১৭ কোটি ৬০ লাখ থেকে বেড়ে ২০৩০ সালের মধ্যে ১৮ কোটি ৫২ লাখ হবে। উভয় পূর্বাভাসই নিশ্চিত করে যে, জনসংখ্যা বৃদ্ধির গতি কমলেও বাংলাদেশ ২০২৮ সালের আগেই ১৮ কোটির গণ্ডি অতিক্রম করবে, যা আবাসন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার ওপর অব্যাহত চাপ সৃষ্টি করতে পারে। এই প্রবণতাগুলো বাংলাদেশের জনতাত্ত্বিক রূপান্তরের শেষ পর্যায় অতিক্রম করার প্রতিফলন। বাংলাদেশ ইতোমধ্যে চিরায়ত জনতাত্ত্বিক রূপান্তরের তিনটি পর্যায় অতিক্রম করে এখন তৃতীয় পর্যায়ে রয়েছে। যার বৈশিষ্ট্য হলো হ্রাসমান জন্মহার, নিম্ন মৃত্যুহার এবং মন্থর জনসংখ্যা বৃদ্ধি। ২০২১ সালে জনসংখ্যা বৃদ্ধির হার কমে ১ দশমিক ২২ শতাংশে দাঁড়িয়েছিল এবং আগামী এক দশকের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি স্থিতিশীল হবে। এর মাধ্যমে জনতাত্ত্বিক রূপান্তর চতুর্থ পর্যায়ে প্রবেশ করবে।

আন্তর্জাতিক দৃষ্টান্ত থেকে যা শিখতে পারে বাংলাদেশ

ফ্রেমওয়ার্কে বলা হয়েছে, আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। এক্ষেত্রে পরিকল্পিত জনসংখ্যাতাত্ত্বিক লভ্যাংশের সবচেয়ে জোরালো প্রমাণ হলো পূর্ব এশিয়া। প্রথম লভ্যাংশ পর্বে (১৯৬০-এর দশক-১৯৯০-এর দশক), চীনের জিডিপি প্রবৃদ্ধিতে জনসংখ্যাতাত্ত্বিক পরিবর্তন বার্ষিক ১ দশমিক ৪ শতাংশ অবদান রেখেছিল। এই পরিসংখ্যানটিই বাংলাদেশের জন্য বিভিন্ন সময় মানদণ্ড হিসেবে উদ্ধৃত হয়। ১৯৫০ থেকে ২০০৮ সালের মধ্যে দক্ষিণ কোরিয়ার মাথাপিছু জিডিপি প্রায় ২ দশমিক ২ শতাংশ এবং থাইল্যান্ডের ৯৭০ শতাংশ বেড়েছিল। ১২টি এশীয় অর্থনীতির ওপর করা একটি বিশ্লেষণ নিশ্চিত করে যে, যেসব দেশে নিট ভোক্তা থেকে নিট উৎপাদকে রূপান্তরিত হওয়ার বয়স কম এবং উৎপাদনশীলতার সময়কাল দীর্ঘতর, সেসব দেশই বৃহত্তর প্রথম লভ্যাংশ অর্জন করে। এই বিশ্লেষণটি প্রকাশ পায় এশিয়ান ডেভেলপমেন্ট রিভিউ-২০২১-এ। পূর্ব এশিয়াতে দ্বিতীয় লভ্যাংশের বাস্তব প্রয়োগ দেখা যায় জাপান, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানে। এসব দেশ উচ্চ পারিবারিক সঞ্চয়ে হার, গভীর পুঁজি বাজার এবং জন্মহার হ্রাসের সঙ্গে সঙ্গে শিশুপ্রতি টেকসই মানব পুঁজি বিনিয়োগের মাধ্যমে বড় ধরনের দ্বিতীয় লভ্যাংশ অর্জন করেছে। তাইওয়ানের জন্য অনুমান অনুযায়ী শুধু এই ব্যবস্থাগুলোর ফলেই মূলধন-উৎপাদন অনুপাত তিনগুণ বেড়েছে। বাংলাদেশ এখনই এই প্রাতিষ্ঠানিক কাঠামোটি অনুকরণ করতে পারে। 

আগামী পাঁচ বছরের উদ্যোগ

বাংলাদেশের জন্য ২০২৭-২০৩১ অর্থবছরের জন্য পারস্পরিকভাবে শক্তিশালী কয়েকটি কৌশলগত অগ্রাধিকার প্রস্তাব করা হয়েছে। এগুলো হলোÑ পুনরুদ্ধার ও স্থিতিশীলতা (১ বছর), পুনঃস্থাপন (১-৩ বছর) এবং পুনর্গঠন ও ত্বরান্বিতকরণ (৩-৫ বছর)। কৌশলগত অগ্রাধিকারগুলো হলোÑ পরিবার পরিকল্পনা কর্মসূচিতে সেবার মান ও ধারাবাহিকতাকে অগ্রাধিকার, যেসব বিভাগে সন্তান জন্মদানের ইচ্ছার ক্ষেত্রে সবচেয়ে বেশি বাধা রয়েছে, বিশেষ করে সিলেট ও মডমনসিংহে, সেখানে বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া; জেলা পর্যায়ের প্রজনন সূচকের ভিত্তিতে ভিন্ন ভিন্ন সম্পদ বরাদ্দ দেওয়া এবং প্রজনন হার সামঞ্জস্য (কাঙ্ক্ষিত ও অনাকাঙ্ক্ষিত মোট প্রজনন হার) নিশ্চিত করার জন্য পর্যবেক্ষণ কাঠামো শক্তিশালী করা। এ ছাড়া গর্ভনিরোধক ব্যবহার বন্ধ বা কমানো, সুবিধাবঞ্চিত জেলাগুলোতে নারীদের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় বিনিয়োগ জোরদার এবং বিবাহের ন্যূনতম আইনি বয়স ১৮ বছর বাধ্যতামূলকভাবে কার্যকর করতে হবে। 

এ ছাড়াও অগ্রাধিকারসমূহের মধ্যে রয়েছেÑ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় ছাত্রীদের ধরে রাখার হার বাড়ানো, ২০৩০ সালের মধ্যে জিডিপিতে বেসরকারি বিনিয়োগ ২৩ শতাংশ থেকে ৩০ শতাংশে উন্নীত করা এবং বার্ষিক ১০ শতাংশ হারে রপ্তানি প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। আরও আছে জিডিপির ৩-৬ শতাংশ পর্যন্ত সামাজিক খাতে ব্যয় বাড়ানো; ব্যাংকিং খাতের সংস্কার, প্রবিধান সরলীকরণ, ইনভেস্টকে শক্তিশালী করা; বিনিয়োগকারী সুরক্ষা আইন তৈরি, বিদ্যমান বাণিজ্য নীতি সংস্কার, রপ্তানিবিরোধী পক্ষপাত দূর করা। পাশাপাশি পোশাক শিল্পের বাইরে ওষুধ শিল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নীল অর্থনীতি এবং কৃষি-প্রক্রিয়াজাতকরণে বৈচিত্র্যকরণ, সরকারি বিনিয়োগে শিক্ষা ও স্বাস্থ্যকে অগ্রাধিকার, ২০-৪৯ বছর বয়সী ব্যক্তিদের লক্ষ্য করে জেলা পর্যায়ে কর্মসংস্থান বাড়ানো হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা