ফেনীর দাগনভূঞায় ৯ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
সেতু আছে, নেই সংযোগ সড়ক। ফলে ফেনীর দাগনভূঞায় ৯ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু কাজে আসছে না।
নির্মাণ প্রকল্পের মেয়াদ কয়েক বছর আগে শেষ হলেও এখনও তৈরি হয়নি সংযোগ সড়ক।
এতে একদিকে সেতুর অবকাঠামো ‘নষ্ট’ হচ্ছে, অন্যদিকে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দাগনভূঞা উপজেলার মাতুভূঞা-বেকের বাজার সড়ক ও ছোট ফেনী নদীর ওপর ৬০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর মূল কাজ শেষ করলেও সংযোগ সড়কসহ প্রায় ৩০ শতাংশ কাজ বাকি রয়েছে। ফলে যানবাহন তো দূরের কথা, সড়ক ও সেতুর উচ্চতার বড় ব্যবধানের কারণে সাধারণ মানুষের পক্ষে সেতুটি ব্যবহার করাও সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় স্থানীয় মানুষের দুর্ভোগ কমাতে সেতুতে ওঠার জন্য দুই পাশে দুটি লোহার সিঁড়ি স্থাপন করা হয়েছে।
উদ্যোগটি নিয়েছেন ‘আমরাই জুলাই যোদ্ধা’ ফেনী জেলা শাখার সেক্রেটারি ও দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন।
তিনি জানান, আশ্রাফপুর-মোমারিজপুর সংযোগ সড়ক নির্মাণের কাজ টেন্ডার প্রক্রিয়ায় যেতে দীর্ঘ সময় লাগবে। তাই স্থানীয় স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে ২৩ ফুট উঁচু ও আড়াই ফুট চওড়া লোহার সিঁড়ি দুটি স্থাপন করা হয়েছে।
তিনি দাবি করেন, এতে ব্যয় হয়েছে এক লাখ টাকা। এ অর্থের সহায়তা করেছেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
মোমারিজপুর গ্রামের ফাতেমা খাতুন ও রহিমা বেগম জানান, সেতু নির্মাণের সময় নদীতে বাঁধ দেওয়ায় বন্যার পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারেনি। এতে তাদের ঘরবাড়ি, টিউবওয়েল ও বাথরুমের কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়েছে।
এলজিইডির ফেনী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ জামিল বলেন, সংযোগ সড়কের জায়গা অধিগ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে চাহিদাপত্র দেওয়া হয়েছে। জমি অধিগ্রহণের জটিলতা দ্রুত কাটবে বলে আশা করছেন তিনি।
ফেনীর জেলা প্রশাসক (ডিসি) মাহবুবউল করিম বলেন, সংযোগ সড়কের অভাবে সেতুটি ব্যবহার উপযোগী করা যাচ্ছে না। জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ দিয়ে সেতুটি চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।