কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
দেশের সংসদীয় ইতিহাসে ফ্লোর ক্রসিং, নৈতিক স্খলন কিংবা বেফাঁস মন্তব্যের কারণে রাজনৈতিক দল থেকে বহিষ্কারের ফলে বেশ কয়েকজন নির্বাচিত প্রতিনিধিরই সংসদ সদস্য পদ শূন্য হওয়ার রেকর্ড রয়েছে। সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে স্পিকারকে চিঠি দিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশন (ইসি) যেকোনো সময় শুনানি করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে। কিন্তু রহস্যজনক কারণে স্পিকারকে দেওয়া চিঠি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠানো হচ্ছে না। সংসদের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, জামায়াতের পক্ষ থেকে তাকে বহিষ্কারের চিঠি দিলেও সংসদ সচিবালয় অনেকটা নীরব ভূমিকা দেখাচ্ছে।
সংসদ ভবন সংলগ্ন সংসদ সদস্য ভবনে গাজী নজরুল ইসলামের ফ্লাটে তার অসম বয়সী স্ত্রীর আত্মহত্যার পর আবারও বিষয়টি সামনে এসেছে। গত মঙ্গলবার সাংবাদিকরা স্পিকারকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘কাউকে দল থেকে বহিষ্কার করা হলেই সংসদ সদস্য পদ যায় না।’ জামায়াতের পক্ষ থেকে দেওয়া চিঠি নির্বাচন কমিশনে কেন পাঠানো হচ্ছে নাÑএমন প্রশ্নের জবাবে স্পিকার পুলিশি ব্যবস্থা কী নেওয়া হচ্ছে, তা দেখার জন্য অপেক্ষা করছেন বলে জানান।
এদিকে গত সোমবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ সাংবাদিকদের পরিষ্কার বলেছেন, ‘সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদ সচিবালয়ের চিঠি পেলে সে অনুযায়ী কমিশন ব্যবস্থা নেবে। সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যাপারে স্পিকারের কাছ থেকে আমরা এখন পর্যন্ত কোনো চিঠি পাইনি। তবে জামায়াতে ইসলামী তাদের দলীয় প্যাডে বেশ কিছুদিন আগেই আমাদের জানিয়েছে যে, তাকে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু জামায়াতের চিঠির পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।’ তিনি বলেন, ‘এটা সংসদ সচিবালয় থেকে আমাদের জানানোর বিধান রয়েছে।’
অতীতে বিভিন্ন সময় দল থেকে বহিষ্কার হওয়ার পর মেজর (অব.) আখতারুজ্জামান, কাজী সিরাজুল ইসলাম, আব্দুল লতিফ সিদ্দিকী, হাসিবুর রহমান স্বপন এবং আলাউদ্দিন আহমেদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ইসিকে চিঠি দেওয়া হয়। চিঠি পাওয়ার পর শুনানি করে মেজর (অব.) আখতারুজ্জামান, হাসিবুর রহমান স্বপন এবং আলাউদ্দিন আহমেদের সদস্য পদ বাতিল করা হয়। শুনানি শুরু হওয়ার প্রাক্কালে আব্দুল লতিফ সিদ্দিকী নিজেই পদত্যাগ করেন। কিন্তু এবার রহস্যজনক কারণে জাতীয় সংসদ সচিবালয় থেকে এখনও কমিশনকে কিছু জানানো হয়নি।
সংবিধানে যা আছে
সংবিধানের অনুচ্ছেদ নং ৭০-এ বলা হয়েছে, ‘কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি (ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন; (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে। তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না।’ এ ক্ষেত্রে দলের বিরুদ্ধে ভোট দিলে কিংবা দল ছাড়লে সংসদ সদস্য পদ থাকবে না, তা সংবিধানে স্পষ্ট বলা হয়েছে। কিন্তু দল যদি কোনো ব্যক্তিকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বহিষ্কার করে, সে ক্ষেত্রে কী হবেÑ তা সংবিধানে স্পষ্ট করে উল্লেখ করা নেই। তবে সংবিধানের ৬৬ অনুচ্ছেদে বলা আছে, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে কোনো সংসদ সদস্যের আসন শূন্য হইবে কি না, সে সম্পর্কে কোনো বিতর্ক দেখা দিলে শুনানি ও নিষ্পত্তির জন্য প্রশ্নটি নির্বাচন কমিশনের নিকট প্রেরিত হইবে এবং অনুরূপ ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে।'
অতীতের বিভিন্ন উদাহরণ
এর আগে বিএনপি থেকে বহিষ্কৃত সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের সদস্য পদ সংক্রান্ত শুনানিতে নির্বাচন কমিশন বলেছিল, দল থেকে বহিষ্কার হওয়ার পর বিষয়টি ৭০ অনুচ্ছেদের আওতায়ই পড়ে। কমিশন এ ব্যাখ্যার আলোকে তার সদস্য পদ শূন্য ঘোষণা করেছিল। বলা হয়েছিল, দল যদি আনুষ্ঠানিকভাবে কোনো সদস্যকে বহিষ্কার করে এবং তার মনোনয়ন প্রত্যাহার বা বাতিল করে, তবে তার আসন শূন্য হওয়াই স্বাভাবিক আইনগত প্রক্রিয়া।
সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের সদস্য পদ শূন্য ঘোষণার আগে ফ্লোর ক্রসিংয়ের জন্য বিএনপি দলীয় সংসদ সদস্য ডা. আলাউদ্দিন আহমেদ ও হাসিবুর রহমান স্বপনের সদস্য পদ বাতিল করা হয়। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে নির্বাচিত হয়েছিলেন ডা. আলাউদ্দিন আহমেদ ও হাসিবুর রহমান স্বপন। পরে শেখ হাসিনার মন্ত্রিসভায় যোগ দিয়ে ডা. আলাউদ্দিন আহমেদ প্রতিমন্ত্রী এবং হাসিবুর রহমান স্বপন উপমন্ত্রী হয়েছিলেন। বিএনপি তাদের দল থেকে বহিষ্কার করে স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানায়। শুনানি শেষে ওই দুটি আসন শূন্য ঘোষণা করে এবং নির্বাচন কমিশন উপনির্বাচনের আয়োজন করে। একই ঘটনা ঘটে ফরিদপুরের সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলামের ক্ষেত্রেও।
আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী উচ্চ আদালতের আশ্রয় নিয়েও তার সদস্য পদ টেকাতে পারেননি। ২০১৫ সালে তার বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্কের ঝড় বয়ে যায়। বিদেশে থাকা অবস্থায়ই তাকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয় এবং দল থেকে বহিষ্কার করে তার সংসদ সদস্য পদ খারিজ করার জন্য স্পিকারের কাছে চিঠি দেওয়া হয়। লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ থাকবে কি নাÑ তা নিয়ে কমিশনে শুনানির জন্য চিঠি দেন তৎকালীন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। লতিফ সিদ্দিকী ইসির শুনানির বৈধতা নিয়ে আদালতে রিট করেন। কিন্তু আদালত তা খারিজ করে দেন। রিট খারিজ হওয়া পরে নির্দিষ্ট তারিখে লতিফ সিদ্দিকী কমিশনে উপস্থিত হন এবং ইসিকে বলেন, ‘শুনানির প্রয়োজন নেই।’ এরপর তিনি পদত্যাগ করে স্পিকারকে চিঠি দেন।
কী হবে গাজী নজরুলের
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়েও প্রশ্ন উঠেছে। গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করার কারণ হিসেবে জামায়াতে ইসলামী ‘নৈতিক স্খলন’-এর কথা উল্লেখ করেছে। কিন্তু কোনো কোনো আইন বিশেষজ্ঞ বলছেন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, এমপি পদে থাকার অযোগ্যতা হিসেবে নৈতিক স্খলনের জন্য ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে হবে। অর্থাৎ দল কর্তৃক উল্লেখিত কারণ গাজী নজরুলের সংসদ সদস্য থাকার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না।
আইন বিশেষজ্ঞদের মতে, শুধু রাজনৈতিক দল থেকে বহিষ্কার হওয়ার কারণে কোনো সংসদ সদস্যের পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না। কোনো ভিডিও ভাইরাল হওয়া, নৈতিক বিতর্ক সৃষ্টি হওয়া বা সামাজিক মাধ্যমে সমালোচনার কারণে সংসদ সদস্য পদ বাতিলের কোনো বিধান সংবিধানে নেই। তবে নির্বাচন কমিশনের আগেকার শুনানি ও রায়কে রেফারেন্স হিসেবে উল্লেখ করে কমিশন বিনা শুনানিতেই তার সদস্য পদ শূন্য ঘোষণা করতে পারে।
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার পর গাজী নজরুল ইসলাম বর্তমানে গ্রেপ্তার হয়ে রিমান্ডে রয়েছেন। জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম পুলিশি সেই ব্যবস্থা দেখার জন্য অপেক্ষা করছেন। তিনি বলেছেন, শাস্তি হলে এমনিতেই তার সদস্য পদ শূন্য হবে। তবে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সংসদের শীর্ষ নেতৃত্বের কেউ কেউ ইচ্ছাকৃতভাবে গাজী নজরুল ইসলামকে ‘ফেভার’ করছেন।