রাজিব রায়হান, জাবি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩২ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০১ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলোর ডাইনিং ও ক্যান্টিন এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলোর ডাইনিং ও ক্যান্টিন এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। খাবারের পুষ্টিমান, পরিচ্ছন্নতা ও মান নিয়ন্ত্রণে কার্যকর তদারকির ঘাটতিও রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। বর্তমানে প্রায় ১২ হাজার শিক্ষার্থীর জন্য ক্যাম্পাসে রয়েছে ২১টি আবাসিক হল। শিক্ষার্থীদের খাবারের চাহিদা মেটাতে প্রতিটি হলে একটি করে ডাইনিং ও ক্যান্টিনের পাশাপাশি চালু রয়েছে একটি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া।
সরেজমিন দেখা গেছে, আবাসিক হলগুলোর ডাইনিংয়ে পরিবেশিত খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ রয়েছে। পুষ্টিমান নিশ্চিত করার জন্য নির্দিষ্ট নীতিমালা বা নিয়মিত তদারকির ব্যবস্থা নেই বলে অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের দৈনন্দিন শারীরিক চাহিদার তুলনায় দুপুর ও রাতের খাবারে আমিষ বা প্রোটিনের পরিমাণও অপ্রতুল বলে অভিযোগ তাদের।
ডাইনিং পরিচালকদের দাবি, বিশ্ববিদ্যালয় থেকে কোনো আর্থিক ভর্তুকি দেওয়া হয় না। ফলে বিদ্যমান বাজেটে এর চেয়ে উন্নত মানের খাবার সরবরাহ করা তাদের পক্ষে সম্ভব নয়।
আবাসিক হলগুলোর ক্যান্টিনের পরিস্থিতিও প্রায় একই। শিক্ষার্থীদের অভিযোগ, অতিরিক্ত তেলযুক্ত ও নিম্নমানের খাবার অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ও পরিবেশন করা হচ্ছে। খাবারে মানবদেহের জন্য ক্ষতিকর টেস্টিং সল্ট ব্যবহারের অভিযোগও রয়েছে। হল প্রশাসনের কার্যকর তদারকি বা কঠোর পদক্ষেপ না থাকায় ক্যান্টিন মালিকরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলেও শিক্ষার্থীদের অভিযোগ।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতেও খাবারের মান ও পরিবেশ নিয়ে অভিযোগ রয়েছে। খাবারের গুণগত মান বজায় না থাকলেও দাম অনিয়ন্ত্রিতভাবে বাড়ানো হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। পর্যাপ্ত আলো ও পরিচ্ছন্নতার অভাবে ক্যাফেটেরিয়ার রান্নাঘরগুলো স্যাঁতসেঁতে ও নোংরা হয়ে থাকে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন সময়ে পরিবেশিত খাবারে মাছি, পোকামাকড়, প্লাস্টিক ও ধাতব বস্তুর অবশিষ্টাংশ পাওয়া গেছে। এসব অভিযোগের পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি বা স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে অস্বাস্থ্যকর খাবার গ্রহণের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান বলেন, গত বছর মে মাসে ক্যাফেটেরিয়ার শিঙাড়ার মধ্যে একটি বিষাক্ত পোকা পাওয়া যায়। এরপর তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেন। তবে কোনো কার্যকর পদক্ষেপ বা তদন্ত হয়নি।
ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আব্দুল মুত্তালিব বলেন, মাসখানেক আগে শুক্রবারে শহীদ সালাম বরকত হলের ক্যান্টিনে খাবার খাওয়ার সময় তিনি পোলাওয়ের মধ্যে একটি বড় সাদা পোকা দেখতে পান। বিষয়টি ক্যান্টিন মালিককে জানালে তিনি বলেন, ‘আর হবে না ভাই’।
গত ১০ সেপ্টেম্বর সকালে ক্যাফেটেরিয়ায় নাস্তা করতে গিয়ে খিচুড়ির মধ্যে একটি বড় পোকা দেখতে পান তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ইমন সরদার। পরে তিনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে খাবার পরিবর্তন করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে এরপর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
শিক্ষার্থীদের অভিযোগ, হলের ডাইনিং-ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ায় এ ধরনের ঘটনা নিয়মিতই ঘটছে। কখনও শিক্ষার্থীরা প্রতিবাদ করছেন, আবার কেউ বিষয়টি মেনে নিচ্ছেন। তবে এতে পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন আসেনি।
প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক খো. লুৎফুল এলাহী বলেন, ৩০ টাকা মূল্যের একটি কুপনে শিক্ষার্থীদের জন্য পুষ্টিগুণসম্মত খাবার নিশ্চিত করা কঠিন। এর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ভর্তুকি না থাকার বিষয়টিও তিনি উল্লেখ করেন। তবে হল প্রভোস্টরা সক্রিয় থাকলে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব বলে তিনি মনে করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীÑ উভয়কেই এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি।
কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারের বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে ক্যাফেটেরিয়ার খাবারে পোকামাকড়, মাছিসহ বিভিন্ন জিনিস পাওয়ার বিষয়টি তারা দেখেছেন। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সেখানে কর্মরত ব্যক্তিদের একাধিকবার সতর্ক করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের জরিমানা বা শাস্তি দেওয়া হয়নি বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়টি আবাসিক হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী সবার খাবারের জন্য ডাইনিং, ক্যান্টিন, বিভিন্ন দোকানপাট ও লাউঞ্জ রয়েছে। এসব স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাবারের মান নিশ্চিত করতে একজন ফুড অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর এবং তার কয়েকজন সহযোগী প্রয়োজন। তারা বিশ্ববিদ্যালয়ের সব সেক্টরের খাবার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কাজ করবেন। প্রয়োজনে জরিমানা ও শাস্তির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুপারিশ করবেন বলেও জানান তিনি।
স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত প্রধান মেডিকেল অফিসার ডা. মো. শামসুল আলম খান বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি দিন দিন বাড়ছে। খাবারে পোকামাকড় গেলে প্রধানত ডায়রিয়া হওয়ার আশঙ্কা থাকে এবং তা তীব্র আকার ধারণ করতে পারে। এ ছাড়া অতিরিক্ত তেল-মসলা ও টেস্টিং সল্টযুক্ত খাবার দীর্ঘমেয়াদে হার্ট, লিভার ও কিডনির সমস্যার কারণ হতে পারে বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা ইতঃপূর্বে একাধিকবার তাদের নজরে এসেছে। তারা সব সময় সতর্ক করার চেষ্টা করেছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।