× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান

ফসিহ উদ্দীন মাহতাব

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৯ এএম

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে ব্যস্ত সময় পার করছেন। ছবি: পিএমও

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে ব্যস্ত সময় পার করছেন। ছবি: পিএমও

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে ব্যস্ত সময় পার করছেন। ২১ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে পৌঁছানোর পর একের পর এক কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা, রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ, জলবায়ু ও উন্নয়ন ইস্যুতে বৈঠকÑ সব মিলিয়ে তার নিউইয়র্ক সফরের সূচি ব্যস্ততায় ঠাসা। এরই মধ্যে রোহিঙ্গা সংকটবিষয়ক এক উচ্চপর্যায়ের পার্শ্ব-অনুষ্ঠানে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় তার আনুষ্ঠানিক কর্মসূচি। জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসের দেওয়া প্রাতরাশে যোগ দিয়ে দিনের সূচনা করেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এরপর জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের উদ্বোধনী কার্যক্রমে অংশ নেন তিনি। দিনের বিভিন্ন সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান এবং ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে আলোচনা এবং রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

দিনের শেষভাগে ছিল আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন। জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান। লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা অংশ নেন।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ডিপ্লোম্যাট সেন্টারে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, প্রথম দিনে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন তারেক রহমান। এসব কর্মসূচির মধ্য দিয়ে সরকারের ‘৩৬০ ডিগ্রি’ কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলের প্রতিফলন ঘটেছে। 

এরদোয়ানের সঙ্গে বৈঠক

মঙ্গলবারের কর্মসূচিতে বিশেষ গুরুত্ব পায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক। জাতিসংঘ সদর দপ্তরের কাছাকাছি তুর্কি হাউসে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে দুই নেতা মতবিনিময় করেন। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বহুমাত্রিক করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ এবং অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার বিষয়ে দুই পক্ষের আগ্রহ রয়েছে।

রোহিঙ্গা সংকট নিয়ে জোরালো আলোচনা

নিউইয়র্ক সফরের শুরুতেই রোহিঙ্গা সংকটকে আলোচনার অন্যতম কেন্দ্রে রেখেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালিহের সঙ্গে বৈঠকে দীর্ঘদিনের এই সংকটের স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। 

হাইকমিশনারের সঙ্গে বৈঠকটি হয় প্রধানমন্ত্রীর অবস্থানস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে। বৈঠকে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। কিন্তু সংকটের স্থায়ী সমাধানের জন্য তাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই।

বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলা হয়। বারহাম সালিহ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন এবং সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।

এদিকে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন তারেক রহমান। মঙ্গলবার একই হোটেলে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ সহযোগিতা চান তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনকভাবে নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান।

বিশ্বব্যাংক ও প্রতিবেশী দেশের নেতাদের সঙ্গে বৈঠক

জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করা এবং ভবিষ্যতে অংশীদারত্বের ক্ষেত্র বাড়ানোর সম্ভাবনা নিয়ে দুই পক্ষের আলোচনা হয়েছে।

এর আগে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ. হুসেইন মোহাম্মদ লতিফের সঙ্গেও তার বৈঠক হয়। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ এবং পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয় উঠে আসে।

হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিস-আইমের সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। মঙ্গলবার স্থানীয় সময় সকালে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থলে উচ্চপর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, সাশ্রয়ী ভ্যাকসিন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক জানান, বৈঠকে উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও তাদের প্রশিক্ষণ, প্রশিক্ষিত এসব স্বাস্থ্যকর্মীকে আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বিত ‘ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম’ গড়ে তোলার পরিকল্পনা নিয়েও ফলপ্রসূ মতবিনিময় হয়।

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠক

আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৮টায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এর মধ্যে ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) এবং রোটারি ইন্টারন্যাশনালসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে।

বৈঠকে বাংলাদেশে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। একই সঙ্গে বৈশ্বিক পর্যায়ে দাতব্য ও মানবিক সহযোগিতার পরিধি আরও বাড়ানো এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।

সময় স্বল্পতায় দুটি কর্মসূচিতে অংশ নিতে পারেননি প্রধানমন্ত্রী

মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ডিপ্লোম্যাট সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, যুক্তরাষ্ট্রে চার দিনের সরকারি সফরের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী। সকাল ৮টা থেকে শুরু হওয়া তার এই ব্যস্ততা অব্যাহত ছিল রাত ৮টা পর্যন্ত। পূর্বনির্ধারিত ১২টি কর্মসূচির মধ্যে সময় স্বল্পতার কারণে দুটি বাদে বাকি ১০টি কর্মসূচিতেই তিনি সশরীরে অংশ নিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা ড. খলিলুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

আলাপচারিতার একটি ছবি শেয়ার করে পোস্টে তিনি লেখেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত কুশল বিনিময়। জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া ভাষণের পর সংক্ষিপ্তভাবে কুশল বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা