× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশু শ্রমিকদের আইনি সুরক্ষা উপেক্ষিত

মাসুদুল হাসান

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৭ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানী ও আশপাশের বিভিন্ন কর্মস্থলে ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হয়ে অল্প বয়সেই স্থায়ী অঙ্গহানির শিকার হচ্ছে শিশুরা। দারিদ্র্যের কারণে কাজে যুক্ত হওয়া এসব শিশুর অনেকেই কর্মস্থলে দুর্ঘটনার শিকার হলেও আইনি সুরক্ষা ও কার্যকর নজরদারিতে ঘাটতি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ না হওয়া এবং অনানুষ্ঠানিক খাতে তদারকির সীমাবদ্ধতার কারণে পরিস্থিতির উন্নতি হচ্ছে না।

১৩ বছর বয়সী সাব্বিরের বাম চোখ নষ্ট হয়ে গেছে চোখের মনিতে আগুনের ফুলকি লাগায়। নিম্নবিত্ত পরিবারের এই শিশুটি রাজধানীর আগারগাঁওয়ের চক্ষু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অভাবের তাড়নায় তেজগাঁওয়ের একটি গ্যারেজে ওয়েল্ডিংয়ের মতো ঝুঁকিপূর্ণ কাজে সহকারী হিসেবে কাজ করতে গিয়ে দৃষ্টিশক্তি হারিয়েছে সে। ১০ বছরের বিল্লাল রাজধানীতে লেগুনায় চালকের সহকারী হিসেবে কাজ করত। চলন্ত টেম্পু থেকে পড়ে গিয়ে বাম হাতের কনুইয়ে মারাত্মক আঘাত পায়। এতে হাতটি অকেজো হয়ে গেছে। ১২ বছরের মিশুক টঙ্গীর একটি রেস্তোরাঁয় গ্লাস বয়ের কাজ করত। গ্যাসের সিলিন্ডার পড়ে তার ডান পায়ের পাতা থেতলে যায়। এখন পা সেরে উঠলেও হাঁটাচলায় কষ্ট হয়। 

ওপরের তিন ঘটনায় ভুক্তভোগীরা কর্মস্থলের নিয়োগকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে সামান্য অর্থ পেয়েছে। তবে অল্প বয়সেই স্থায়ী শারীরিক অঙ্গহানির শিকার হয়েছে তারা।

শহরের বাসাবাড়িতেও ৭ থেকে ১৪ বছর বয়সী শিশুদের গৃহপরিচারিকার কাজে নিয়োজিত করার ঘটনা সাধারণভাবে দেখা যায়। বিভিন্ন সময় এসব শিশু নির্যাতন, অঙ্গহানিÑ এমনকি হত্যার শিকার হওয়ার মতো ঘটনাও ঘটছে। সংশ্লিষ্টদের মতে, এসব ঘটনা প্রতিরোধে বিদ্যমান আইনের প্রয়োগ কার্যকর নয়।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, কোনো পেশা বা কারখানায় কাজের জন্য ন্যূনতম বয়স ১৪ বছর। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে কেবল এমন হালকা কাজের অনুমতি দেওয়া হয়েছে, যা তাদের স্বাস্থ্য ও বিকাশের জন্য ক্ষতিকর নয় এবং তাদের শিক্ষাকে বিঘ্নিত করে না। ১৮ বছরের কম বয়সী কাউকে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা নিষিদ্ধ।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে শিশুশ্রম একটি গভীর ও বহুমাত্রিক সামাজিক সমস্যা। অর্থনীতি, দারিদ্র্য ও শিক্ষার অভাবের কারণে এ সমস্যা আরও জটিল হয়েছে। আইন থাকলেও এর কার্যকর প্রয়োগে নানা চ্যালেঞ্জ রয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপ অনুযায়ী, দেশে প্রায় ৩৬ লাখ শিশুশ্রমিক রয়েছে। এর মধ্যে প্রায় ১০ লাখ ৭০ হাজার শিশু অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। তথ্য অনুযায়ী, শিশুশ্রমের প্রায় ৭০ শতাংশ কৃষিক্ষেত্রে। এরপর ২০ শতাংশ সেবা ও ১০ শতাংশ শিল্প খাতে কাজ করছে। তবে অনানুষ্ঠানিক খাত যেমন হোটেল, গ্যারেজ, রিকশা-ভ্যান চালনা, গৃহকর্ম ও জাহাজ ভাঙা শিল্পÑ এ শিশুদের উপস্থিতি অনেক বেশি। এসব খাতে আইনি তদারকি প্রায় নেই বললেই চলে।

অর্থনীতিবিদরা বলছেন, শিশুশ্রমের মূল কারণ দারিদ্র্য। একটি পরিবার যখন মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়, তখন তারা বাধ্য হয়ে শিশুদের উপার্জনের পথে ঠেলে দেয়। শিক্ষার উচ্চ ব্যয়, অভিভাবকদের সচেতনতার অভাব এবং প্রাপ্তবয়স্কদের বেকারত্বও শিশুদের শ্রমে যুক্ত হওয়ার অন্যতম কারণ। অনেক সময় কম মজুরিতে শিশুশ্রমিক পাওয়া যায় বলে নিয়োগকারীরাও তাদের কাজে উৎসাহিত হন।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০১৩) অনুযায়ী, ১৪ বছরের কম বয়সী শিশুদের কোনো পেশা বা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া নিষিদ্ধ। ১২ থেকে ১৭ বছর বয়সী কিশোররা ঝুঁকিমুক্ত ও হালকা কাজ করতে পারে; তবে শর্ত হলো, সপ্তাহে ৪২ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। শিশু আইন, ২০১৩ শিশুদের শোষণ থেকে রক্ষা এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। এর আগে সরকার ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। ২০২৫ সালের মধ্যে চূড়ান্তভাবে সব ধরনের শিশুশ্রম নিরসনের উদ্যোগও নেওয়া হয়েছিল। তবে এসব লক্ষ্য বাস্তবায়ন করা যায়নি।

সংশ্লিষ্টরা বলছেন, আইন প্রণয়ন হলেও এর প্রয়োগে ব্যাপক দুর্বলতা রয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মনিটরিং ও পরিদর্শন কার্যক্রম পর্যাপ্ত না হওয়ায় অনেক ক্ষেত্রেই আইনের লঙ্ঘন হচ্ছে। অধিকাংশ শিশুশ্রমিক অনানুষ্ঠানিক খাতে কাজ করায় সেখানে আইনি প্রয়োগ ও নজরদারি করাও কঠিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক রুমানা হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শিশুদের সুরক্ষায় বিভিন্ন আইন থাকলেও সেগুলোর প্রয়োগে বাংলাদেশ পিছিয়ে। আইন যথাযথভাবে প্রয়োগ হলে আইন ভঙ্গকারীদের কাছে শাস্তির একটি বার্তা যেত। বিচারহীনতার কারণেও শিশুশ্রমিক নিয়োগ হচ্ছে। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে বিদ্যমান আইন কতটা যথাযথ ও যুক্তিসঙ্গত, সেটিও পর্যালোচনা করা প্রয়োজন। সংশোধনের প্রয়োজন হলে তা করা উচিতও।

তিনি আরও বলেন, অনেক সময় এই আইন বাস্তবায়নকারী সংস্থা কারা, সেটিই স্পষ্টভাবে জানা যায় না। এ বিষয়ে কাজ করা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। অভিভাবকরাও এসব বিষয়ে সচেতন নন। অনেক সময় নামমাত্র ক্ষতিপূরণ দিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমঝোতা করা হয়। দারিদ্র্যসীমার নিচে থাকা এসব ভুক্তভোগী পরিবারের সদস্যরা অনেক সময় জানেন না কীভাবে ন্যায়বিচার পাবেন, সমাধান চাইবেন বা কার কাছে যাবেন।

নব্বইয়ের দশকের গার্মেন্টস কারখানার শিশুশ্রমের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দাতাদের চাপে এখন এ খাতে আর শিশুশ্রমিক নিয়োগ হয় না। যেখানে চাপ নেই, সেখানে সরকারকে শিশুশ্রমিক, বিশেষ করে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমিক নিয়োগ মনিটর করতে হবে। একই সঙ্গে বিদ্যমান শ্রম আইন ও শিশুশ্রম আইনেও সমন্বয় করা প্রয়োজন।

একই বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সাঈদ আহমেদ রাজা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শিশুশ্রমের বিষয়টি একটি জটিল বিষয়। অনেক ক্ষেত্রে হালকা ধরনের শিশুশ্রম হতে পারে, তবে শোষণ যেন না হয়। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে শিশুদের শ্রমকে একেবারে বাদ দেওয়া সম্ভব নয়। তবে শিশুদের শোষণ করা যাবে না।

তিনি বলেন, রেস্তোরাঁয় শিশুরা যে হালকা কাজ করে, বাসাবাড়িতেও প্রায় একই ধরনের হালকা কাজ করে। শিশুশ্রম সব জায়গার জন্য উন্মুক্ত নয়। তবে ভারী কলকারখানায় শিশুদের শ্রমে নিয়োজিত করা শোষণের পর্যায়ে পড়ে। এটি শ্রম অধিদপ্তরের নজরদারির সমস্যার সঙ্গে সম্পর্কিত।

তিনি আরও বলেন, ধোলাইখালের লেদ কারখানার অত্যন্ত বিপজ্জনক পরিবেশে শিশুরা কাজ করছে। তদারকির সীমাবদ্ধতার কারণে এসব কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না। ভারী কারখানায় শিশুশ্রম রোধে জরিমানার পরিমাণের চেয়ে সরকারের তদারকি বেশি প্রয়োজন। আইন হালকা ও ভারীÑ দুই ধরনের শ্রমের বিষয়ই বিবেচনা করে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা