জোসনা জামান
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৬ এএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
একসময় ঢাকার মসলিন ছিল বিশ্বজুড়ে বাংলাদেশের ঐতিহ্যের একটি পণ্য। হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের নেওয়া প্রকল্প এখনও মূলত গবেষণা পর্যায়েই রয়েছে। দুই বছর পেরিয়ে প্রকল্পের আর্থিক অগ্রগতি দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১৮ শতাংশ। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে তাই বাস্তবায়ন ত্বরান্বিত করার তাগিদ দিয়েছে প্রকল্পের স্টিয়ারিং কমিটি।
‘বাংলাদেশের সোনালি ঐতিহ্য মসলিনের সুতা তৈরির প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধার (২য় পর্যায়)’ নামের প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ৫০ লাখ টাকা। ২০২৪ এর জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত এর মেয়াদ। বাংলাদেশ তাঁত বোর্ড প্রকল্পটি গ্রহণ করছে। গত ১০ সেপ্টেম্বর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভায় বাস্তবায়নের ধীরগতি নিয়ে আলোচনা হয়।
প্রকল্প সূত্রে জানা যায়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্পটির জন্য ৪ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে গত আগস্ট পর্যন্ত ব্যয় হয়েছে ৬১ লাখ টাকা। আর প্রকল্প শুরুর পর থেকে আগস্ট পর্যন্ত মোট ব্যয় হয়েছে ৬ কোটি ১৩ লাখ ৮৪ হাজার টাকা। এতে ক্রমপুঞ্জীভূত আর্থিক অগ্রগতি দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১৮ শতাংশ।
প্রকল্পের আওতায় মোট আটটি বিষয়ে গবেষণার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ফুটি কার্পাস তুলার জাত উন্নয়নে তিনটি এবং মসলিনের বস্ত্রপ্রযুক্তি নিয়ে পাঁচটি গবেষণা রয়েছে। ফুটি কার্পাসের ফলন বাড়ানো, বলের আকার ও সংখ্যা বৃদ্ধি, বীজের পরিমাণ কমানো এবং গাছের উচ্চতা গ্রহণযোগ্য পর্যায়ে রাখার পাশাপাশি উন্নত জাত তৈরির বিষয়েও গবেষণা চলছে।
এ গবেষণার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ফুটি কার্পাস তুলার চাষ করা হয়েছে। তুলা উন্নয়ন বোর্ডের ১০ বিঘা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ বিঘা, ময়মনসিংহ সদরে ৮ দশমিক ৪০ বিঘা, বাংলাদেশ তাঁত বোর্ডের ৪ দশমিক ৭০ বিঘা এবং গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুর উপজেলায় ২ দশমিক ৫ বিঘা জমিতে চাষ হচ্ছে।
মসলিনের বস্ত্রপ্রযুক্তি নিয়েও পাঁচটি গবেষণা চলছে। এর মধ্যে সুতার কাউন্ট উন্নয়ন, উন্নত মানের সুতা তৈরির কৌশল, প্রি-উইভিং প্রক্রিয়া, মসলিন কাপড় উৎপাদন এবং পোস্ট-উইভিং প্রক্রিয়ার উন্নয়ন রয়েছে। কুমিল্লার চান্দিনা উপজেলায় সুতার কাউন্ট ও মানসম্পন্ন সুতা তৈরির কৌশল নিয়ে দুটি গবেষণার কাজও শুরু হয়েছে।
প্রকল্পের ‘ঢাকাই মসলিন হাউস’-এ সুতা ও মসলিন তৈরির কাজ চলছে। বেসরকারি উদ্যোক্তাদের মসলিন তৈরির প্রযুক্তি হস্তান্তরও করা হয়েছে। মসলিন হাউসের ভবন, রাস্তা ও সীমানা প্রাচীরের মেরামতসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ হয়েছে। মেইন গেট, অভ্যন্তরীণ ড্রেন ও অন্যান্য স্থাপনার নির্মাণও শেষ হয়েছে। গবেষণা ও অফিসের প্রয়োজনীয় সরঞ্জাম, আসবাব, বই-জার্নাল এবং কম্পিউটার সামগ্রী কেনার কাজও শেষ করা হয়েছে।
তবে প্রকল্পের মেয়াদ শেষ হতে এখন সময় সীমিত। স্টিয়ারিং কমিটির সভায় ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে কর্মপরিকল্পনা অনুযায়ী প্রকল্পের সব কাজ শেষ করার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য গবেষণা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা, নিয়মিত সভা করা এবং অগ্রগতি পর্যবেক্ষণ জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। গবেষণার অগ্রগতি তিন মাস পর পর মন্ত্রণালয়ে পাঠানোর পাশাপাশি মাসভিত্তিক অগ্রগতি ই-পিএমআইএস সফটওয়্যারে হালনাগাদ করতে বলা হয়েছে।
সভায় ফুটি কার্পাস তুলার জাত উন্নয়ন নিয়ে আরও একটি শেয়ারিং কর্মশালা আয়োজনের নির্দেশ দেওয়া হয়। প্রকল্পের ডিপিপি সংশোধনের প্রস্তাবও দ্রুত মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি শ্রমিক মজুরি বৃদ্ধির বিষয়ে পরিকল্পনা কমিশনের অনুমোদিত প্রস্তাব সংশোধিত ডিপিপিতে যুক্ত করার কথা বলা হয়েছে।
সভাপতির বক্তব্যে বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী কর্মপরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার ওপর জোর দেন। তার মতে, গবেষণার মাধ্যমে ফুটি কার্পাসের উৎপাদন বাড়ানো, উৎপাদন ব্যয় কমানো ও গুণগত মান উন্নয়নের পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক বাজারের উপযোগী বৈচিত্র্যময় মসলিন তৈরির দিকে নজর দিতে হবে।
মসলিনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগের সাফল্য শেষ পর্যন্ত গবেষণার ফলকে বাস্তব উৎপাদনে রূপ দেওয়ার ওপর নির্ভর করছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে গবেষণা, প্রযুক্তি হস্তান্তর ও অবকাঠামোগত কাজ সমন্বিতভাবে শেষ করাই এখন প্রকল্পটির প্রধান চ্যালেঞ্জ।