× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যাডার কর্মকর্তাদের বদলির ক্ষমতা হারাল বেতার

ফসিহ উদ্দীন মাহতাব

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৬ এএম

লোগো: সংগৃহীত

লোগো: সংগৃহীত

বাংলাদেশ বেতারে কর্মরত প্রথম শ্রেণির কর্মকর্তাদের বদলি ও পদায়নের ক্ষমতা নিজেদের হাতে আর রাখছে না বেতার কর্তৃপক্ষ। এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তার বদলি ও পদায়নের সব আদেশ জারি করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বেতারে বদলি-পদায়ন নিয়ে অনিয়ম ও ‘বাণিজ্যের’ অভিযোগের মধ্যেই মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ বেতারে কর্মরত প্রথম শ্রেণির কর্মকর্তাদের বদলি/পদায়ন সংক্রান্ত সকল আদেশ মন্ত্রণালয় থেকে জারি করা হবে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ বেতারে বদলি ও পদায়ন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। পছন্দের কর্মস্থলে থাকা, ঢাকার বাইরে না যাওয়া কিংবা কাঙ্ক্ষিত জায়গায় বদলি হওয়ার ক্ষেত্রে তদবিরের পাশাপাশি আর্থিক লেনদেনেরও অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বেতারের মহাপরিচালক ও অতিরিক্ত পরিচালকের (প্রশাসন ও অর্থ) নাম ঘিরে বদলি-পদায়ন সংক্রান্ত নানা অভিযোগ ওঠার পর মন্ত্রণালয় থেকে তদন্ত শুরু হয়। এরই মধ্যে বেতারের বদলি-পদায়নের ক্ষমতা মন্ত্রণালয় নিজেদের হাতে নিল।

একই শহরে বছরের পর বছর আর নয়

বাংলাদেশ বেতারের সাংগঠনিক কাঠামো ও কর্মস্থলের বিন্যাস বদলি-পদায়ন নিয়ে প্রশ্ন তৈরির অন্যতম কারণ বলে মনে করেন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা। ঢাকায় বাংলাদেশ বেতারের সদর দপ্তরের পাশাপাশি অনুষ্ঠান, বার্তা ও প্রকৌশল শাখার বিভিন্ন ইউনিট এবং ঢাকা বেতার কেন্দ্র আগারগাঁওয়ের একই কমপ্লেক্সে অবস্থিত। ফলে ঢাকায় কর্মরত কোনো কর্মকর্তাকে এক ইউনিট থেকে অন্য ইউনিটে বদলি করা হলেও অনেক ক্ষেত্রে তার কর্মস্থল কার্যত একই ভৌগোলিক এলাকার মধ্যে থেকে যায়। এভাবে কোনো কোনো কর্মকর্তা ১০, ১৫ এমনকি ২০ বছর পর্যন্ত ঢাকায় থাকার সুযোগ পাচ্ছেন।

ঢাকার বাইরে বদলি ঠেকাতেও তদবিরের অভিযোগ

শুধু ঢাকা নয়, বাংলাদেশ বেতারের বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রেও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ রয়েছে। কোনো কোনো কর্মকর্তা নিজেদের সুবিধামতো ১০ থেকে ১২ বছর পর্যন্ত একই আঞ্চলিক কেন্দ্র বা এলাকায় অবস্থান করছেন। এক্ষেত্রে ব্যক্তিগত তদবির, প্রভাবশালী মহলের সুপারিশ ও প্রশাসনিক যোগাযোগের পাশাপাশি আর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে। বিভিন্ন সরকারের সময়ে নিজেদের অবস্থান ও যোগাযোগের ধরন বদলে পছন্দের কর্মস্থলে দীর্ঘদিন থাকার চেষ্টা করেনÑ এমন অভিযোগও করেছেন কয়েকজন কর্মকর্তা।

বদলি-পদায়নের ক্ষমতা এখন মন্ত্রণালয়ের হাতে

সম্প্রতি মন্ত্রণালয়ের আদেশের পর বদলি-পদায়নের পুরো প্রক্রিয়াই নতুন বাস্তবতায় পড়েছে। বেতারের প্রথম শ্রেণির কর্মকর্তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রস্তাব, প্রয়োজনীয়তা ও প্রশাসনিক বিবেচনা কীভাবে মন্ত্রণালয়ে যাবে, সে বিষয়ে অফিস আদেশে বিস্তারিত কোনো প্রক্রিয়া উল্লেখ করা হয়নি। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চূড়ান্ত বদলি ও পদায়নের আদেশ জারি করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ফলে বেতারের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের সরাসরি বদলি-পদায়নের আদেশ জারির ক্ষমতা আর থাকছে না। এই সিদ্ধান্তের ফলে বদলি-পদায়ন প্রক্রিয়ায় একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ তৈরি হলো। এখন দেখার বিষয়, মন্ত্রণালয় এই ক্ষমতা কীভাবে ব্যবহার করে এবং দীর্ঘদিন একই কর্মস্থলে থাকা কর্মকর্তাদের বিষয়ে কোনো নীতিগত পর্যালোচনা করা হয় কি না।

শুধু ক্ষমতার পরিবর্তন, নাকি অভিযোগেরও তদন্ত

বেতারে বদলি নিয়ে ওঠা অভিযোগের মূল প্রশ্ন কেবল কে বদলির আদেশ দেবে, তা নয়। বড় প্রশ্ন হলোÑ বদলি-পদায়নের পুরো প্রক্রিয়াটি কতটা স্বচ্ছ, নিয়মভিত্তিক ও নথিনির্ভর। মন্ত্রণালয়ের হাতে বদলির ক্ষমতা চলে যাওয়ায় সিদ্ধান্ত গ্রহণের একটি স্তরে পরিবর্তন এসেছে। কিন্তু অভিযোগগুলোর সত্যতা যাচাই না হলে এবং দীর্ঘদিন একই কর্মস্থলে থাকা কর্মকর্তাদের বদলি-পদায়নের ইতিহাস পর্যালোচনা না করলে সমস্যার মূল কারণ অমীমাংসিতই থেকে যেতে পারে। বিশেষ করে কোনো কর্মকর্তা কেন ১০, ১৫ বা ২০ বছর ঢাকায় থাকলেন, তার বদলির আদেশগুলো কীভাবে হয়েছে, কার সুপারিশ ছিল, নিয়মের কোনো ব্যতিক্রম অনুমোদিত হয়েছিল কি নাÑ এসব প্রশ্নের উত্তর খুঁজে দেখা প্রয়োজন। একইভাবে কোনো কর্মকর্তা দীর্ঘদিন আঞ্চলিক কেন্দ্রে থাকার ক্ষেত্রে প্রশাসনিক প্রয়োজন ছিল কি না, তার বদলি কখনও প্রস্তাবিত হয়েছিল কি না, প্রস্তাবিত হলে কেন তা কার্যকর হয়নিÑ এসব তথ্যও যাচাই করা যেতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা