× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝটিকা মিছিল নিয়ে চাপে ডিসি-ওসিরা

নুর মোহাম্মদ মিঠু, ঢাকা ও ফরহাদ সুমন, চট্টগ্রাম

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৯ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ঝটিকা মিছিল হচ্ছে হঠাৎ, কয়েক মিনিটেই শেষ। কিন্তু এসব মিছিল ঠেকাতে ব্যর্থতার দায় গিয়ে পড়ছে থানার এএসআই-এসআই থেকে শুরু করে জোন ও থানায় দায়িত্বে থাকা ডিসি-ওসির ওপর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানা ও জোনের কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার সিদ্ধান্তে তৈরি হয়েছে ‘চেয়ার যায়’ আতঙ্ক। মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের অভিযোগ, কখন, কোথায় এবং কারা মিছিল করবেÑ এমন সুনির্দিষ্ট আগাম তথ্য অনেক ক্ষেত্রেই তাদের কাছে থাকে না। ফলে আগাম অবস্থান নেওয়ার বদলে ঘটনা ঘটার পর অকুস্থলে ছুটতে হচ্ছে। সম্প্রতি গুলশানের ডিসি-ওসি প্রত্যাহারের পর এই উদ্বেগ আরও বেড়েছে। ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন মেট্রোপলিটন এলাকায় অনেক কর্মকর্তা এখন অন্য ইউনিটে বদলির পথ খুঁজছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং মাঠপর্যায়ের গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর ডিসি ও ওসিকে প্রত্যাহারের ঘটনায় মাঠপুলিশের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে উদ্বেগ বেড়েছে।

তথ্য ছাড়া আগাম প্রতিরোধ কঠিন

পুলিশের একটি অংশের মতে, ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ড এক বিষয় নয়। তবে উভয় ক্ষেত্রেই সময়োপযোগী ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ। কোনো এলাকায় কর্মসূচি হতে পারেÑ এমন সাধারণ তথ্য থাকলেও ঠিক কখন, কোন সড়কে এবং কারা অংশ নেবে, তা জানা না থাকলে আগাম পুলিশ মোতায়েন, চেকপোস্ট কিংবা নজরদারি বাড়ানো কঠিন।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ককটেল বিস্ফোরণ বা ঝটিকা মিছিলের মতো ঘটনা ঘটতে কয়েক মিনিটই যথেষ্ট। সুনির্দিষ্ট তথ্য ছাড়া পুরো শহরে আগাম অবস্থান নেওয়া সম্ভব নয়। বিশেষ করে জুমার নামাজের সময় বিপুল মানুষের ভিড়ে সন্দেহভাজনদের আলাদা করাও কঠিন। ১৮ সেপ্টেম্বরের ঘটনাগুলো বিচ্ছিন্ন নাকি সমন্বিত, তা তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

সব বকুনি এসআই-এএসআইদের

চট্টগ্রাম মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, একটি টহল দল নির্দিষ্ট এলাকায় দায়িত্ব পালন করে। এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার সময় কোনো স্থানে হঠাৎ মিছিল হলে ঘটনাস্থলে পৌঁছতেও সময় লাগে। কিন্তু শেষ পর্যন্ত ঊর্ধ্বতনদের বকুনি শুনতে হয় মাঠের এসআই-এএসআইদের। তাদের প্রশ্ন, থানা এলাকায় মিছিল হবেÑ এমন আগাম তথ্য থানা সিটিএসবির কাছেই যদি না থাকে, তাহলে শুধু টহল পুলিশকে কেন দায় নিতে হবে?

ডিএমপি, আরএমপি, জিএমপি, বিএমপি ও সিএমপিসহ বিভিন্ন মেট্রোপলিটন এলাকার মাঠকর্মকর্তাদের মধ্যেও একই ধরনের অসন্তোষ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

সূত্রের দাবি, ঝটিকা মিছিলের কৌশলও বদলেছে। মিছিলের কিছুক্ষণ আগে কর্মীরা কয়েক ভাগে বিভক্ত হয়ে আশপাশের ভাসমান দোকান বা জনসমাগমস্থলে অবস্থান নেয়। পুলিশের টহলের গতিবিধি বুঝে নিজেদের মধ্যে যোগাযোগ করে। পরিস্থিতি অনুকূলে থাকলে পাঁচ থেকে সাত মিনিটের মিছিল করে দ্রুত সরে যায় তারা। ফলে প্রচলিত নজরদারি ব্যবস্থায় আগাম শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।

চট্টগ্রামেও ধারাবাহিক ঝটিকা মিছিল

চলতি বছরের ১৫ আগস্টকে কেন্দ্র করে চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও সন্দ্বীপের বিভিন্ন এলাকায় রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল ও ঝটিকা মিছিলের খবর পাওয়া যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে। ২৭ আগস্ট আনোয়ারার কালাবিবির দীঘি এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক এক নেতার নেতৃত্বে ঝটিকা মিছিলের খবর আসে। ২৮ আগস্ট নগরীর অনন্যা আবাসিক এলাকা ও অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে সকাল ৭টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি ঝটিকা মিছিল হয়। ১১ সেপ্টেম্বর হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ১২ সেপ্টেম্বর কর্ণফুলী এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে আরেকটি মিছিল হয়। এর ৩৪ সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ১৮ সেপ্টেম্বর নগরীর পাঁচলাইশে পিডিবি অফিস এলাকায় ঝটিকা মিছিল বের করা হয়। একই রাতে কোতোয়ালি থানার রেডিসন ব্লু-কাজীর দেউড়ি এলাকাতেও মিছিলের খবর আসে। ওই সময় রেডিসন ব্লুতে একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন কোতোয়ালি থানার ওসি জায়েদ। ১৯ সেপ্টেম্বর কাজীর দেউড়িতে ফের মিছিলের খবর পাওয়া যায়। একই রাতে নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে পুলিশ ঘটনাটিকে গুজব বলে দাবি করেছে।

গুলশানের পর বাড়ে চাপ

১১ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকশ নেতাকর্মী জড়ো হয়ে মিছিল করেন। ঘটনাটি গোয়েন্দা তৎপরতা নিয়ে নতুন করে প্রশ্ন তোলে। পুলিশের দাবি, ওই মিছিলের আগাম সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে ছিল না। এরপর ১৬ সেপ্টেম্বর গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ ও গুলশান থানার ওসি দাউদ হোসেনকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এ ঘটনার পর মাঠ পুলিশের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে উদ্বেগ আরও বাড়ে।

দায়িত্বশীল সূত্রগুলো বলছে, ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থ হলে বদলি, বরখাস্তসহ প্রশাসনিক ব্যবস্থার ঝুঁকিতে পড়ছেন কর্মকর্তারা। এ কারণে কেউ কেউ ডিবি, সিটিএসবি, এসবি ও এপিবিএনে বদলির সুযোগ খুঁজছেন বলেও সূত্রের দাবি। শুধু তা-ই নয়; থানা বা ফাঁড়ি থেকে অন্য স্টেশনে বদলির আদেশ হলেও অনেকে থানা-ফাঁড়ির দায়িত্বে থাকতে চাইছেন না বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। হঠাৎ সংগঠিত হয়ে দ্রুত স্থান ত্যাগের কৌশলের কারণে এসব মিছিল মোকাবিলায় মাঠপুলিশ ও গোয়েন্দা ইউনিটÑ উভয়ের জন্যই পরিস্থিতি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

গোয়েন্দা ব্যবস্থায় সমন্বয়ের প্রশ্ন

বিশ্লেষকদের মতে, শুধু মাঠপর্যায়ের পুলিশকে দায়ী করলে সমস্যার সমাধান হবে না। মাঠ গোয়েন্দা ইউনিট থেকে সদর দপ্তর এবং সেখান থেকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য পৌঁছানোর পুরো ব্যবস্থায় সমন্বয় ও সক্ষমতা বাড়ানো জরুরি। সাধারণত মাঠপর্যায়ের গোয়েন্দা ইউনিটগুলো সম্ভাব্য কর্মসূচি বা ঝুঁকির বিষয়ে তথ্য লিখিত প্রতিবেদন ও বার্তার মাধ্যমে ঊর্ধ্বতন পর্যায়ে পাঠায়। পরে সেই তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, নজরদারি, চেকপোস্ট কিংবা টহল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এই শৃঙ্খলের কোনো পর্যায়ে তথ্য দেরিতে পৌঁছলে বা সুনির্দিষ্টতা না থাকলে আগাম প্রতিরোধের সুযোগ কমে যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, মাঠপর্যায়ে পুলিশ ও গোয়েন্দারা সক্রিয় রয়েছেন। গোয়েন্দারা মাঠ থেকে তথ্য সংগ্রহ করছেন। তবে যারা মিছিল সংগঠিত করছে, তারাও কৌশলী। ফলে নির্দিষ্ট স্থান সম্পর্কে আগাম তথ্য পাওয়া সব সময় সম্ভব হয় না।

রাজনৈতিক কর্মসূচির আগাম তথ্য না পাওয়া নিয়ে ডিএমপিসহ কয়েকটি মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য জানতে চাওয়া হলেও তারা মন্তব্য করতে রাজি হননি। সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের এআইজি এএইচএম শাহাদাত হোসাইন বলেন, নিষিদ্ধ ঘোষিত যেকোনো দলের অপতৎপরতা রুখতে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি অব্যাহত রয়েছে। কোনো ঘটনায় গোয়েন্দা তথ্যে ঘাটতি ছিল কি না, তা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদর দপ্তরের একজন ডিআইজি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ঝটিকা মিছিল ঠেকাতে মাঠপর্যায়ের পুলিশকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। তবে কোনো ঘটনার আগাম তথ্যই যদি সংশ্লিষ্ট থানা বা ইউনিটের কাছে না থাকে, তাহলে শুধু ওসি-ডিসিকে ব্যর্থতার জন্য দায়ী করার পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ, যাচাই ও মাঠপর্যায়ে সময়মতো পৌঁছানোর প্রক্রিয়ায় কোনো ঘাটতি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। কারণ সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোনো ঝটিকা মিছিলের সময়, স্থান ও অংশগ্রহণকারীদের আগে থেকে শনাক্ত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া মাঠপুলিশের জন্য কঠিন।

ডিসেম্বর ঘিরে গোয়েন্দা নজরদারি

গোয়েন্দা সূত্রের দাবি, ডিসেম্বর সামনে রেখে আওয়ামী লীগ মাঠপর্যায়ের নেতাকর্মীদের নতুন করে সক্রিয় করার চেষ্টা করছে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর সাংগঠনিক অস্তিত্ব জানান দিতে ঝটিকা মিছিলকে কৌশল হিসেবে নেওয়া হয়েছে বলে তাদের ধারণা। পলাতক জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে মাঠপর্যায়ের কর্মীদের যোগাযোগ বাড়ছে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্দেশনা আদান-প্রদান করা হচ্ছে বলেও সূত্রের দাবি। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের একটি আলোচিত ভিডিওতে ডিসেম্বরে প্রস্তুত থাকার নির্দেশনার বিষয়টিও গোয়েন্দা প্রতিবেদনে এসেছে বলে জানা গেছে। তবে সাম্প্রতিক ঝটিকা মিছিলগুলোর সঙ্গে বড় ধরনের নাশকতার সুনির্দিষ্ট পরিকল্পনা কিংবা ১৮ সেপ্টেম্বরের বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনার সঙ্গে ডিসেম্বরকেন্দ্রিক রাজনৈতিক তৎপরতার সরাসরি যোগসূত্র পুলিশ এখনও নিশ্চিত করেনি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা