আজিজুল ইসলাম
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৫ এএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
স্বর্ণ চোরাচালানের অন্ধকার জগৎটি যেন এক অদৃশ্য মাকড়সার জালের মতো ঘিরে রেখেছে বাংলাদেশ বিমানকে। রাষ্ট্রীয় পতাকাবাহী এই বাহনে আকাশপথে সোনা পাচারের ঘটনা নতুন নয়, তবে এর সঙ্গে খোদ বিমানের কর্মকর্তা-কর্মচারীদের জড়িত থাকার ভয়াবহ চিত্র যখন সামনে আসে, তখন তা মানুষের আস্থার ভিতকেই নাড়িয়ে দেয়। পাইলট থেকে শুরু করে কেবিন ক্রু, ফ্লাইট স্টুয়ার্ড থেকে টেকনিক্যাল হেলপারÑ যেন সব স্তরের কর্মীরাই কোনো-না কোনোভাবে জড়িয়ে পড়ছেন এই চোরাকারবারে।
গত পাঁচ বছরে অন্তত ১৯০৬ কেজি স্বর্ণ জব্দ হয়েছে। এ থেকে প্রতীয়মান হয় এই পাচারের ব্যাপ্তি কতটা বিশাল। অথচ শাস্তি? সেখানেও রয়েছে এক প্রহসন। সোনার বার পাচার করে ধরা পড়ার পর অনেক কর্মীকে কেবলই ‘তিরস্কার’ কিংবা ‘বেতন বৃদ্ধি বন্ধের’ মতো লঘু শাস্তি দেওয়া হয়েছে। আর এভাবেই একটি শক্তিশালী সিন্ডিকেট বারবার নাম ও কৌশল পাল্টে টিকিয়ে রেখেছে তাদের সাম্রাজ্য।
পাইলট থেকে ক্রু, জড়িত ২৭২ জন
বাংলাদেশ বিমানে সোয়া দুই শতাধিক পাইলট ও সাত শতাধিক ক্রু রয়েছেন। তবে গোয়েন্দা সংস্থা ও বাংলাদেশ বিমানের বিভিন্ন সময়ের নথি বিশ্লেষণ করে এক উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে। জানা গেছে, বিমানের অন্তত ২৭২ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এই দীর্ঘ তালিকায় আছেন অন্তত ৫ জন পাইলট, ৪ জন কো-পাইলট, ২৫ জন কেবিন ক্রু, ১৫ জন ফ্লাইট স্টুয়ার্ড, ৩ জন ফ্লাইট পার্সার ও ৫ জন চিফ পার্সার। এদের মধ্যে কেউ কেউ অবসরে গেছেন, কেউ বিদেশে আত্মগোপন করেছেন, আবার কেউবা নামমাত্র বিভাগীয় শাস্তি শেষে দাপটের সঙ্গেই চাকরিতে বহাল তবিয়তে ফিরে এসেছেন।
বিমানের কর্মীদের এই সংশ্লিষ্টতার ইতিহাস বেশ পুরনো। ২০১৪ সালে বিজি-০৪৬ ফ্লাইটের স্টুয়ার্ড মাজাহারুল ইসলাম রাসেল প্রায় দুই কেজি স্বর্ণসহ আটক হন। তার আটকের পর বেরিয়ে আসে রাঘববোয়ালদের নাম। গ্রেপ্তার হন তৎকালীন চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং ও পাইলট ক্যাপ্টেন আবু মোহাম্মদ আসলাম শহীদ, ফ্লাইট সার্ভিস বিভাগের উপমহাব্যবস্থাপক এমদাদ হোসেন এবং শিডিউলিং ম্যানেজার তোজ্জামেল হোসেন। ওই একই ঘটনার সূত্র ধরে বিমানের ডেপুটি চিফ অব ট্রেনিং ও ফার্স্ট অফিসার ক্যাপ্টেন শামীম নজরুল ইসলামের নামও সামনে আসে এবং পরে তিনি পদত্যাগ করেন।
এরপর ২০১৫ সালে দুবাই থেকে আসা বিজি-০৪৮ ফ্লাইট থেকে ৬২ কেজির বেশি স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিমানের মেকানিক ও টেকনিক্যাল কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ মেলে।
সাম্প্রতিক ঘটনা ও শাস্তির প্রহসন
চোরাচালানের এই ধারা সাম্প্রতিক সময়েও অব্যাহত রয়েছে। গত ৫ সেপ্টেম্বর ১৪ কেজির বেশি স্বর্ণসহ বিমানের টেকনিক্যাল হেলপার সজিবকে আটক করা হয়। এর আগে স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিমানের চার নারী কেবিন ক্রুর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার তথ্যও পাওয়া গেছে।
তবে এই ‘বিভাগীয় ব্যবস্থা’ কতটা কার্যকর, তা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে। বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী (চাকরি) প্রবিধানমালা, ১৯৭৯ অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ার পরও অনেককে নামমাত্র শাস্তি দিয়ে চাকরিতে ফেরানো হয়েছে। যেমনÑ ফ্লাইট সার্ভিস উপবিভাগের ফ্লাইট স্টুয়ার্ডেস সাদিয়া খানমকে কেবল ‘তিরস্কার’ দণ্ড দিয়ে তার বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। আরেক ফ্লাইট স্টুয়ার্ডেস মার্জিনা আক্তার এলিনকে দুটি বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধের শাস্তি দেওয়া হয়েছে। ফ্লাইট পার্সার হোসেন আরাকে বেতন বৃদ্ধি বন্ধের পাশাপাশি পদাবনতি এবং রুদাবা সুলতানাকে সরাসরি পদাবনতি দেওয়া হয়েছে। অর্থাৎ স্বর্ণ চোরাচালানের মতো গুরুতর অপরাধ প্রমাণ হলেও সবার চাকরি যাচ্ছে না, বরং তিরস্কারের মতো হাস্যকর শাস্তি দিয়ে তাদের আবারও সেই আকাশপথের দায়িত্বেই পাঠানো হচ্ছে।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত এই চার নারী ক্রুর সঙ্গে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো সাড়া দেননি।
সিন্ডিকেট ভাঙে না, শুধু কৌশল পাল্টায়
নাম প্রকাশ না করার শর্তে বিমানের এক ক্রু এই চোরাচালানের ভেতরের ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘পরিস্থিতির শিকার হয়ে কেউ কেউ এ ধরনের কাজে জড়িয়ে পড়েন, আবার কেউ লোভে পড়ে যুক্ত হন। তবে স্বর্ণ চোরাচালানের সিন্ডিকেটের শিকড় অনেক গভীরে। একবার কেউ জড়ালে সহজে বের হতে পারেন না। কেউ বিপদে পড়লে তাকে উদ্ধার করতেও সিন্ডিকেট কাজ করে।’ তার ভাষায়, ‘সিন্ডিকেট কখনও ভাঙে না। তবে তারা বেশভূষা ও কৌশল পাল্টায়Ñ এমনকি নামও পাল্টায়।’ বিমানবন্দর থেকে দেশের ভেতরে স্বর্ণ পৌঁছে দেওয়ার কাজেও দুই পাশে সিন্ডিকেটের লোকজন সক্রিয় থাকে বলে জানান তিনি। বিমানবন্দর থেকে যাত্রীদের বহনকারী দুই গাড়িচালকও একই ধরনের অভিযোগ করে জানান, সাদা পোশাকের কিছু ব্যক্তি তাদের গাড়িতে নিয়মিত যাতায়াত করতেন এবং পরে তারা বুঝতে পারেন যে, এই চক্রটি স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত।
উদ্ধার ১৯০৬ কেজি, ৬৪৭ মামলা নিষ্পত্তি
দেশে স্বর্ণ চোরাচালানের ব্যাপকতা বোঝা যায় জব্দের পরিসংখ্যান দেখলেই। ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত গত পাঁচ বছরে অন্তত ১৯০৬ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। এর মধ্যে বড় চালানগুলোর কয়েকটি এসেছে বাংলাদেশ বিমানের ফ্লাইটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২৪ কেজি ও ১০৫ কেজি এবং চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ১০৬ কেজি স্বর্ণ উদ্ধারের বড় ঘটনাগুলো এরই প্রমাণ।
বিমানবন্দর থানা পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সাড়ে ১০ বছরে স্বর্ণ চোরাচালান-সংক্রান্ত ৬৯৭টি মামলা হয়েছে। এর মধ্যে ৬৪৭টি নিষ্পত্তি হয়েছে এবং ৫০টি তদন্তাধীন। তবে এই ‘নিষ্পত্তি’ হওয়া মানেই যে আসামির সাজা হয়েছে, তা নয়। অনেক পরিত্যক্ত চালানের প্রকৃত মালিক বা মূল হোতাকে কখনোই খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিমানের স্বর্ণ চোরাচালানের ঘটনায় শাস্তি পাওয়া কয়েক কর্মীকে পুনরায় কাজে ফেরানোর বিষয়টি সরকারের নজরে এসেছে এবং এ নিয়ে কাজ চলছে।’ বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জিএম মহিউদ্দিন আহমেদ দাবি করেন, চোরাচালানে জড়িতদের বিষয়ে বিমান কর্তৃপক্ষ অত্যন্ত কঠোর। অন্যদিকে বাংলাদেশ বিমান কেবিন ক্রু ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম আক্তার লোটাস বলেন, ‘অপরাধীরা যে পেশারই হোক, দেশের বিদ্যমান আইনে তাদের শাস্তির আওতায় আসতে হবে।’