× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তথ্যের মান বাড়াতে বদলাচ্ছে পরিসংখ্যানের খোলনলচে

ফসিহ উদ্দীন মাহতাব

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩২ এএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৬ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশের সরকারি পরিসংখ্যান ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য, প্রযুক্তি-নির্ভর ও ব্যবহারবান্ধব করতে জিডিপি ও ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) তথ্যপ্রণয়ন পদ্ধতি পর্যালোচনা, শুমারি ও জরিপে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, মাঠপর্যায়ের কাজ রিয়েল টাইমে পর্যবেক্ষণ, গবেষকদের মাইক্রোডেটায় প্রবেশাধিকার এবং দীর্ঘমেয়াদি তথ্য সংরক্ষণে সমন্বিত ডেটা ওয়্যারহাউস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গেছে, জিডিপির তথ্য ও পদ্ধতি পর্যালোচনায় গঠিত বিশেষজ্ঞ কমিটি একটি খসড়া প্রতিবেদন তৈরি করেছে। পাশাপাশি মূল্যস্ফীতি পরিমাপের গুরুত্বপূর্ণ সূচক সিপিআইয়ের তথ্য সংগ্রহ, বাজারের নমুনা ও প্রক্রিয়াকরণ পদ্ধতি পর্যালোচনা করা হচ্ছে। শুমারি ও জরিপে কম্পিউটার-সহায়িত ব্যক্তিগত সাক্ষাৎকার পদ্ধতি (সিএপিআই), নেটওয়ার্ক অপারেশনস সেন্টার (এনওসি) থেকে মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ এবং মাইক্রোডেটা অ্যানালাইসিস ল্যাব (এমএএল) চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

জিডিপির হিসাব যাচাইয়ে বিশেষজ্ঞদের মতামত

জিডিপি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সামগ্রিক চিত্র তুলে ধরে। তাই এর হিসাবের পদ্ধতি, তথ্যের উৎস ও হিসাবের ভিত্তি পর্যালোচনা গুরুত্বপূর্ণ। জিডিপির তথ্য ও পদ্ধতি পর্যালোচনায় গঠিত বিশেষজ্ঞ কমিটি ইতোমধ্যে খসড়া প্রতিবেদন তৈরি করেছে। গত ১৪ আগস্ট বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অর্থনীতিবিদদের নিয়ে ওই খসড়া প্রতিবেদন বিষয়ে কর্মশালা হয়। কর্মশালার মতামত ও সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিপিআইয়ে নমুনা থেকে বাজার —সবই পর্যালোচনায় : মানুষের জীবনযাত্রার ব্যয়ের পরিবর্তন বোঝার অন্যতম প্রধান সূচক সিপিআই। এতে কোন পণ্য ও সেবা অন্তর্ভুক্ত হবে, কোন বাজার থেকে মূল্য সংগ্রহ করা হবে, বাজারের নমুনা কীভাবে নির্বাচন করা হবে এবং সংগৃহীত তথ্য কীভাবে প্রক্রিয়াজাত হবে— এসব বিষয় গুরুত্বপূর্ণ।

সিপিআইয়ের তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও বাজারের নমুনাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনায় বিশিষ্ট পরিসংখ্যানবিদ ও অর্থনীতিবিদদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং পরিকল্পনা প্রতিমন্ত্রীর উপস্থিতিতে পাঁচটি সভা হয়েছে। নমুনার আকার ও বাজার নির্বাচনসহ কারিগরি বিষয় পর্যালোচনায় একটি কমিটিও কাজ করছে। এতে পরিসংখ্যান বিভাগের শিক্ষক, বিআইডিএস, সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) ও অন্যান্য বিশেষজ্ঞ রয়েছেন।

কাগজের ফরম থেকে সিএপিআই, মাঠের তথ্য নজরে এনওসি 

বিবিএসের শুমারি ও জরিপে তথ্য সংগ্রহের পদ্ধতিতেও পরিবর্তন এসেছে। কাগজের প্রশ্নপত্রের বদলে কম্পিউটার-সহায়িত ব্যক্তিগত সাক্ষাৎকার বা সিএপিআইয়ের মাধ্যমে সরাসরি ডিজিটাল পদ্ধতিতে তথ্য ধারণ করা হচ্ছে। শুধু তথ্য সংগ্রহ নয়, মাঠপর্যায়ের কার্যক্রমও প্রযুক্তির মাধ্যমে নজরদারির আওতায় আনা হয়েছে। নেটওয়ার্ক অপারেশনস সেন্টারের ড্যাশবোর্ডে বিভিন্ন শুমারি ও জরিপের অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ফলে কোনো এলাকায় কাজের গতি কমে গেলে, মাঠপর্যায়ে সমস্যা তৈরি হলে বা তথ্য সংগ্রহে অসঙ্গতি দেখা দিলে তা কেন্দ্রীয়ভাবে নজরে আনার সুযোগ তৈরি হয়েছে।

গবেষকদের জন্য খুলছে মাইক্রোডেটার দরজা

সরকারি পরিসংখ্যানের ব্যবহার যেন শুধু প্রকাশিত প্রতিবেদনের সংখ্যায় সীমাবদ্ধ না থাকে, সেজন্য মাইক্রোডেটা অ্যানালাইসিস ল্যাব স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে অনুমোদিত গবেষক ও ব্যবহারকারীরা বিবিএসের বিভিন্ন শুমারি ও জরিপের মাইক্রোডেটা নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন।

একই তথ্যের ওপর বিভিন্ন গবেষক ভিন্ন প্রশ্ন নিয়ে বিশ্লেষণ করতে পারেন। এতে সরকারি তথ্যের পুনর্ব্যবহার বাড়ার পাশাপাশি নীতি গবেষণা ও একাডেমিক গবেষণার পরিধিও বাড়তে পারে।

এক প্লাটফর্মে শুমারি-জরিপের তথ্য

মাইক্রোডেটা প্রকাশ, ব্যবহার, প্রবেশাধিকার ও নিরাপত্তার জন্য ‘ডেটা ও মাইক্রোডেটা প্রকাশ ও প্রবেশাধিকার নীতিমালা, ২০২৬’-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। তথ্য ব্যবহারের সুযোগ বাড়ানোর পাশাপাশি ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন শুমারি ও জরিপের তথ্য একই প্লাটফর্মে সংরক্ষণ ও পুনর্ব্যবহারের জন্য সমন্বিত পরিসংখ্যান তথ্যভান্ডার বা আইএসডিডব্লিউ স্থাপনের মাস্টারপ্ল্যান সম্পন্ন হয়েছে। বিচ্ছিন্নভাবে সংরক্ষিত তথ্য এক জায়গায় এলে পুরনো ও নতুন তথ্যের তুলনা এবং দীর্ঘমেয়াদি প্রবণতা বিশ্লেষণের সুযোগ বাড়বে।

চালের দামে বিবিএস-খাদ্য অধিদপ্তরের সমন্বয়

মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারদর গুরুত্বপূর্ণ। বিশেষ করে চালের দাম মানুষের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত। এ কারণে চালের মূল্য সংগ্রহ ও তথ্য যাচাইয়ে খাদ্য অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে কাজ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। 

নতুন ভিত্তিবছরে জিডিপি রিবেসিং

২০২৫-২৬ অর্থবছরকে ভিত্তিবছর ধরে জিডিপি রিবেসিংয়ের জন্য প্রয়োজনীয় জরিপের কাজও শুরু হয়েছে। সময়ের সঙ্গে অর্থনীতির কাঠামো বদলায়— নতুন খাত যুক্ত হয়, কোনো খাতের গুরুত্ব বাড়ে, আবার কোনো খাতের গুরুত্ব কমে। নতুন ভিত্তিবছরের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ তাই জিডিপির হিসাবকে সময়োপযোগী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নৌযান ও পর্যটনেও নতুন তথ্য

তথ্য ব্যবস্থাপনার এই পরিবর্তন শুধু জিডিপি বা মূল্যস্ফীতিতে সীমাবদ্ধ নেই। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তথ্যভান্ডার তৈরিতে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬’ এবং দেশের সব যান্ত্রিক নৌযানের তথ্যভান্ডারের জন্য ‘নৌযান শুমারি ২০২৬’-এর কাজ শুরু হয়েছে। একই সঙ্গে পর্যটন খাতের অর্থনৈতিক অবদান নিরূপণে দেশি ও বিদেশি পর্যটকদের ওপর জরিপ শুরু হয়েছে। পর্যটকদের ব্যয়, চলাচল ও অবস্থানসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করা হবে।

পুরো প্রক্রিয়াটিকে আরও শক্তিশালী করার লক্ষ্য

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত ছাড়া কার্যকর নীতি প্রণয়ন সম্ভব নয়। তাই তথ্য প্রকাশের পাশাপাশি কীভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে, তার মান কীভাবে যাচাই হচ্ছে এবং গবেষক ও নীতিনির্ধারকরা কীভাবে তা ব্যবহার করতে পারবেন— পুরো প্রক্রিয়াটিকে শক্তিশালী করাই এখন গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জিডিপি ও সিপিআইয়ের পদ্ধতি পর্যালোচনার পাশাপাশি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, রিয়েল টাইম মনিটরিং, মাইক্রোডেটা ব্যবহারের সুযোগ এবং সমন্বিত ডেটা ওয়্যারহাউস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য শুধু দ্রুত তথ্য পাওয়া নয়; তথ্যের গুণগত মান, যাচাইযোগ্যতা, নিরাপত্তা ও ব্যবহারযোগ্যতা বাড়ানো।

সচিবের ভাষ্য অনুযায়ী, একটি তথ্য তৈরি হওয়ার পর সেটি কীভাবে যাচাই হবে, কোথায় সংরক্ষিত থাকবে এবং প্রয়োজনের সময় গবেষক ও নীতিনির্ধারকেরা কীভাবে ব্যবহার করতে পারবেন— পরিসংখ্যান ব্যবস্থার প্রতিটি ধাপকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. শামীমুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিবিএসের শুমারি ও জরিপের তথ্য যেন আরও দ্রুত, নির্ভুল ও ব্যবহারযোগ্যভাবে সংগ্রহ করা যায়, সেজন্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।

তিনি বলেন, কম্পিউটার অ্যাসিসটেড পারসোনাল ইন্টারভিউইং (সিএপিআই)-এর মাধ্যমে তথ্য সংগ্রহ এবং নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি) ড্যাশবোর্ডে কার্যক্রম মনিটরিংয়ের ফলে মাঠপর্যায়ের কাজ তদারকি সহজ হচ্ছে। একই সঙ্গে মাইক্রোডেটা অ্যানালাইসিস ল্যাবের মাধ্যমে গবেষকদের জন্য তথ্য ব্যবহারের সুযোগ বাড়ানো হয়েছে। ভবিষ্যতে তথ্যের গুণগত মান, নিরাপত্তা ও ব্যবহারযোগ্যতা— এই তিনটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে কাজ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা