জোসনা জামান
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৮ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:২০ এএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
উত্তরের প্রবেশদ্বার খ্যাত বগুড়া জেলাকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দীর্ঘদিনের। এই স্বপ্ন বাস্তবায়নে একটি দীর্ঘমেয়াদি ‘কৌশলগত পরিকল্পনা’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে নগর উন্নয়ন অধিদপ্তর। কিন্তু শহরকে সুশৃঙ্খল করার এই পরিকল্পনার নথিতেই লুকিয়ে আছে চরম আর্থিক বিশৃঙ্খলার চিত্র। একটি গতানুগতিক উন্নয়ন ছক তৈরির জন্য কোনো কোনো পরামর্শকের মাসিক বেতন প্রস্তাব করা হয়েছে চার লাখ টাকা! শুধু পরামর্শক খাতই নয়Ñ ট্রাফিক জরিপ, পরিবেশগত মূল্যায়ন, গাড়ি ভাড়া থেকে শুরু করে সেমিনার আয়োজনের নামেও দেখানো হয়েছে অস্বাভাবিক ও আকাশছোঁয়া খরচের খতিয়ান।
উন্নয়নের রূপরেখা তৈরির আগেই সরকারি অর্থের এমন হিসাব রীতিমতো তোপের মুখে পড়েছে। এসব প্রস্তাবিত ব্যয়কে পুরোপুরি ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে তা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার কড়া সুপারিশ দিতে যাচ্ছে পরিকল্পনা কমিশন। আজ মঙ্গলবার কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় প্রস্তাবটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ হওয়ার কথা রয়েছে। ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠেয় এ সভাতেই মাত্রাতিরিক্ত ব্যয়ের প্রস্তাব নিয়ে কঠোর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে বাস্তবায়নকারী সংস্থা নগর উন্নয়ন অধিদপ্তর।
পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ‘বগুড়া জেলার কৌশলগত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক এই প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি ১১ লাখ ৫৯ হাজার টাকা। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে অর্থের প্রকৃত উপযোগিতা নিশ্চিত হচ্ছে কি না, তা গভীরভাবে যাচাই করা হবে। একই সঙ্গে এই বিপুল বিনিয়োগ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে কি না এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে তা কতটা সামঞ্জস্যপূর্ণ, পিইসি সভায় তা-ও কঠোরভাবে খতিয়ে দেখা হবে।
পরামর্শক ও জরিপের নামে অস্বাভাবিক বরাদ্দ
নগর উন্নয়ন অধিদপ্তরের তৈরি করা প্রকল্প প্রস্তাবনাটি বিশ্লেষণ করে দেখা যায়, ব্যক্তিগত পরামর্শক (কনসালট্যান্সি) খাতেই ৪ কোটি ২৬ লাখ টাকার বিশাল প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সাতটি সুনির্দিষ্ট খাতের বিশেষজ্ঞদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪ কোটি ১৩ লাখ টাকা। এই সাতটি খাত হলোÑ স্থানিক পরিকল্পনা ও উন্নয়ন কৌশল, পরিবহন পরিকল্পনা, শিল্প উন্নয়ন, কৃষি ও কৃষি-অর্থনীতি, পানিসম্পদ ও পরিবেশ ব্যবস্থাপনা, জিআইএস/আরএস (রিমোট সেন্সিং) বিশেষজ্ঞ এবং নগর পরিকল্পনা ও ভূমি ব্যবহার বিশেষজ্ঞ।
প্রস্তাবনায় এসব পদে একজন পরামর্শকের মাসিক বেতন সর্বনিম্ন দেড় লাখ থেকে সর্বোচ্চ চার লাখ টাকা পর্যন্ত প্রস্তাব করা হয়েছে, যা বর্তমান বাজারদরের তুলনায় অনেক বেশি ও অস্বাভাবিক বলে মনে করছে কমিশন।
শুধু পরামর্শকের বেতনই নয়, প্রকল্পের অন্যান্য কারিগরি অঙ্গের ব্যয় নিয়েও ঘোর আপত্তি উঠেছে। ট্রাফিক ও ট্রান্সপোর্ট সার্ভে (পরিবহন জরিপ) খাতে ২ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা এবং ভূ-প্রাকৃতিক, হাইড্রোলজিক্যাল, পরিবেশগত ও দুর্যোগ মূল্যায়ন খাতে ৬ কোটি ৫ লাখ ৭২ হাজার টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। আজকের পিইসি সভায় এই দুটি বড় খাতের ব্যয় পুনঃপরীক্ষা করে যৌক্তিকভাবে কমানোর তাগিদ দেওয়া হবে বলে কমিশন সূত্র নিশ্চিত করেছে।
সবখানেই খরচের আধিক্য
প্রকল্পটির প্রশাসনিক ও আনুষঙ্গিক খরচের তালিকাও বেশ দীর্ঘ ও ব্যয়বহুল। প্রকল্প চলাকালে যাতায়াতের জন্য একটি গাড়ি ৩৩ মাস ভাড়ায় ব্যবহারের প্রস্তাব করা হয়েছে, যার জন্য ব্যয় ধরা হয়েছে ৫৬ লাখ ১০ হাজার টাকা। অর্থাৎ প্রতি মাসে শুধু একটি গাড়ি ভাড়াতেই সরকারের খরচ হবে ১ লাখ ৭০ হাজার টাকা! কমিশন এটিকে কমিয়ে প্রতি মাসে ১ লাখ ৪০ হাজার টাকা করার প্রস্তাব দেবে। এছাড়া প্রকল্পের অফিস ভাড়াবাবদ ৩০ মাসের জন্য ১২ লাখ টাকার প্রস্তাব করা হয়েছে, যার প্রয়োজনীয়তা নিয়েও সভায় প্রশ্ন তোলা হবে।
এর বাইরেও সেমিনার ও কনফারেন্সের জন্য ৪৯ লাখ টাকা, মনিহারি সামগ্রী কেনার জন্য ১৫ লাখ টাকা এবং কম্পিউটার সামগ্রীর জন্য ২০ লাখ টাকার প্রস্তাবিত ব্যয়কে অযৌক্তিক মনে করছে কমিশন। এগুলো যৌক্তিকভাবে হ্রাসের বিষয়ে সভায় আলোচনা হবে। পাশাপাশি আউটসোর্সিং ও অতিরিক্ত দায়িত্বের মাধ্যমে ৮টি পদের বিপরীতে ১৩ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের যে সংস্থান রাখা হয়েছে, তা অর্থ বিভাগের জনবল কমিটির সুপারিশ অনুযায়ী নির্ধারণের নির্দেশ দেওয়া হবে।
হিসাবে গরমিল, নথিতে নেই সিল-স্বাক্ষর
প্রকল্প প্রস্তাবে আর্থিক অসঙ্গতির পাশাপাশি রয়েছে চরম প্রশাসনিক গাফিলতি। প্রকল্পের বছরভিত্তিক প্রাক্কলিত ব্যয়ের ছকে যোগফলে গরমিল পাওয়া গেছে, যা সংশোধন করতে হবে। অঙ্গভিত্তিক ব্যয় বিভাজনে প্রাক্কলিত ব্যয়ের শতকরা হার উল্লেখ নেই। এমনকি প্রকল্প দলিলে বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধির স্বাক্ষরযুক্ত সিল পর্যন্ত নেই। প্রকল্পের পটভূমি ও লক্ষ্য অস্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে, যা আজকের সভায় সংশোধনের নির্দেশ দেওয়া হবে।
কর্মকর্তাদের ভাষ্য ও জবাবদিহির তাগিদ
প্রকল্পে এমন অস্বাভাবিক ব্যয়ের বিষয়ে জানতে চাইলে নগর উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (ভৌত পরিকল্পনাÑ অতিরিক্ত দায়িত্ব) জাহাঙ্গীর আলী কোনো মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘পিইসি সভায় এসব নিয়ে আলোচনা হবে। যিনি প্রকল্প প্রস্তাব তৈরি করেছেন, তিনিই ওই সভায় উপস্থিত থাকবেন এবং সব প্রশ্নের উত্তর দেবেন।’ উল্টো তিনি সাংবাদিকদের কাছে জানতে চান, পিইসি সভার আগেই এমন তথ্য কীভাবে গণমাধ্যমের কাছে এলো।
অন্যদিকে পরিকল্পনা বিভাগের সাবেক সচিব মামুন-আল-রশীদ এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এ ধরনের কৌশলগত পরিকল্পনা প্রণয়নের কাজ একেবারে নতুন কিছু নয়। সম্পূর্ণ গতানুগতিক একটি কাজের জন্য এত বিপুল পরিমাণ টাকা ব্যয় করে কেন পরামর্শক নিয়োগ দিতে হবে, সেটিই এখন বড় প্রশ্ন। এক্ষেত্রে সত্যিই যদি অতিরিক্ত ব্যয় ধরা হয়ে থাকে, তবে তা কঠোরভাবে যাচাই-বাছাই করা উচিত এবং এর পেছনের কারণ সম্পর্কে প্রশ্ন তুলে সংশ্লিষ্টদের অবশ্যই জবাবদিহির আওতায় আনা দরকার।’
কেন এই মহাপরিকল্পনা
সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত অনুমোদন পেলে প্রকল্পটি চলতি বছর থেকে শুরু হয়ে ২০২৯ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নগর উন্নয়ন অধিদপ্তর। বগুড়া জেলা সদরসহ শিবগঞ্জ, মোকামতলা, আদমদীঘি, দুপচাঁচিয়া, কাহালু, শাজাহানপুর, গাবতলী, নন্দীগ্রাম, সোনাতলা, সারিয়াকান্দি, শেরপুর ও ধুনটÑ এই ১৩টি উপজেলা এই প্রকল্পের আওতাভুক্ত।
প্রকল্প প্রস্তাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় উল্লেখ করেছে, ভৌগোলিক অবস্থান, উন্নত যোগাযোগব্যবস্থা এবং বহুমুখী অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে বগুড়া উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। কৃষি, কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে কেন্দ্র করে এ জেলার অর্থনীতি বিকশিত হয়েছে। সাম্প্রতিক সময়ে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ এবং পার্শ্ববর্তী এলাকাগুলো এর অন্তর্ভুক্তির ফলে নগরায়ণ সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে দ্রুত নগরায়ণ ও অপরিকল্পিত ভূমি ব্যবহারের ফলে এই অঞ্চলে আশঙ্কাজনক হারে কৃষিজমি হ্রাস পাচ্ছে। পাশাপাশি জলাশয় ভরাট, প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থার অবক্ষয়, জলাবদ্ধতা, যানজট ও পরিবেশ দূষণ চরম আকার ধারণ করেছে।
এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যৎ নগর সম্প্রসারণকে মাথায় রেখেই স্ট্রাকচার প্ল্যান, আরবান ও রুরাল এরিয়া প্ল্যান এবং অ্যাকশন প্ল্যান তৈরি করা হবে। জিআইএস-ভিত্তিক ডেটাবেজ তৈরির মাধ্যমে কৃষিজমি ও জলাশয় রক্ষার সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে। তবে জেলার দীর্ঘমেয়াদি উন্নয়নের এই চমৎকার রূপরেখা যেন পরামর্শক আর জরিপের নামে অযৌক্তিক ব্যয়ের ভারে শুরুতেই মুখ থুবড়ে না পড়ে, আজকের পিইসি সভায় সেটিই নিশ্চিত করতে চায় পরিকল্পনা কমিশন।